এসএ টোয়েন্টির ব্যস্ততায় আফগানিস্তান সিরিজে নেই ৪ ক্যারিবিয়ান

এসএ টোয়েন্টির ব্যস্ততায় আফগানিস্তান সিরিজে নেই ৪ ক্যারিবিয়ান দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপসহ ৪ ক্রিকেটার। প্রিটোরিয়ার ক্যাপিটালসের হয়ে এসএ টোয়েন্টিতে ব্যস্ত হোপের সঙ্গে একই দলে আছেন রোস্টন চেইস ও শেরফেন রাদারফোর্ড। অন্যদিকে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলছেন স্পিনার আকিল হোসেন। টুর্নামেন্টের সূচির কারণে এই চারজনকে ছাড়াই সিরিজ খেলতে হবে ক্যারিবিয়ানদের। এছাড়া আফগানিস্তান সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলের আরও তিন গুরুত্বপূর্ণ সদস্য রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারকে। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের কাজের চাপ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তবে এতে করে সম্ভাব্য বিশ্বকাপ দলের বেশির ভাগ সদস্যই এই সিরিজে থাকছেন না। শেই হোপের অনুপস্থিতিতে আফগানিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। এর আগে ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার এভিন লুইস, যিনি সর্বশেষ গত জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। চোট কাটিয়ে ফিরেছেন পেসার শামার জোসেফ, যার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল গত আগস্টে। তবে আরেক পেসার আলজারি জোসেফ এখনও চোটের কারণে মাঠের বাইরে। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে একমাত্র নতুন মুখ ২৫ বছর বয়সী ব্যাটসম্যান কুয়েন্টিন স্যাম্পসন। গত সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন তিনি। অভিষেক আসরেই ৯ ম্যাচে ২৪১ রান করেন ১৫১.৫৭ স্ট্রাইক রেটে। দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে ১৯, ২১ ও ২২ জানুয়ারি। এই সিরিজ খেলতেই বিপিএল ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি ও আজমাতউল্লাহ ওমরজাই। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারির শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন বিশ্বকাপে ক্যারিবিয়ানদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, আগামী ৭ ফেব্রুয়ারি। আফগানিস্তান সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, র‌্যামন সিমন্ডস ও শামার স্প্রিঙ্গার।

সিলেটের বোলিং তোপে ১১৪ রানে অলআউট রংপুর

সিলেটের বোলিং তোপে ১১৪ রানে অলআউট রংপুর বিপিএলের ২৩তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। সিলেটের বোলিং তোপে ব্যাটিংটা ভালো হয়নি রংপুরের। টস হেরে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ১১৪ রানে। জিততে সিলেটকে করতে হবে ১১৫ রান। ব্যাট করতে নেমে রংপুর যেভাবে উইকেট হারাচ্ছিল তাতে একটা সময় মনে হচ্ছিল ১০০ এর নিচেই থামবে তাদের ইনিংস। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে তাদের দলীয় সংগ্রহ ১০০ পেরোয়। মাহমুদউল্লাহ ২৩ বলে ৪টি চারে করেন ২৯ রান। তার আগে খুশদীল শাহ ৩টি চার ও ১ ছক্কায় করেন ৩০ রান। এছাড়া লিটন দাস ১২ বলে ৪টি চারে ২২ ও ইফতিখার আহমেদ ১ চারে করেন ১৭ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। বল হাতে সিলেটের নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। শহিদুল ইসলাম ৪ ওভারে ৩৬ রানে নেন ৩টি উইকেট। আর মঈন আলী ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ৩.১ ওভারে ২৪ রান খরচায় অপর উইকেটটি নেন সালমান ইরশাদ।

১৬ লাখ মার্কিন ডলার পাচ্ছেন প্যাট কামিন্সরা

১৬ লাখ মার্কিন ডলার পাচ্ছেন প্যাট কামিন্সরা  ঐতিহ্যের অ্যাশেজে ইংল্যান্ডকে ৪–১ ব্যবধানে হারানো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য অপেক্ষা করছে মোটা অঙ্কের বোনাস। ঘরের মাঠে এই সিরিজে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়লেও দ্রুতই ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আর্থিক পুরস্কার দিচ্ছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের নেতৃত্বে সিরিজে ১১ দিনেই ৩–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। ২০১৭ সাল থেকে অ্যাশেজের ‘ছাইদানি’ নিজেদের কাছে রেখেছে অজিরা। ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, এই সাফল্যের পুরস্কার হিসেবে ‘ব্যাগি গ্রিনস’রা মোট ১৬ লাখ মার্কিন ডলার বোনাস ভাগ করে নেবেন। সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অজি পেসার মাইকেল নেসার ও অভিষিক্ত ব্যাটার জেক ওয়েদারাল্ডও ব্যক্তিগতভাবে বড় অঙ্কের অর্থ পেতে যাচ্ছেন। নেসার পুরো সিরিজে ১৫ উইকেট নেন ১৯.৯৩ ইকোনমিতে, আর ওয়েদারাল্ড নিজের প্রথম অ্যাশেজেই নজর কাড়েন দারুণ ব্যাটিংয়ে। এই দুই ক্রিকেটারের রাজ্য দলের চুক্তির আয় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ন্যূনতম কেন্দ্রীয় চুক্তির সঙ্গে সমন্বয় করা হবে। যার পরিমাণ প্রায় ৩ লাখ ৫০ হাজার ডলার। রাজ্য চুক্তিতে সর্বোচ্চ ২ লাখ ৫ হাজার ডলার পাওয়া যায়। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পয়েন্টভিত্তিক বেতন কাঠামোর শর্ত পূরণ করায় নেসার ও ওয়েদারাল্ড আরও প্রায় ১ লাখ ৪৮ হাজার ডলার অতিরিক্ত আয় করতে পারেন। ওয়েদারাল্ড সিরিজ শেষ করেন ২০১ রান নিয়ে, গড় ছিল ২২.৩৩। অবশ্য শেষ তিনটি টেস্টে ভুগতে দেখা গেছে তাকে। গ্যাবায় নিজের প্রথম টেস্টে ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। অ্যাশেজে দাপুটে জয়ের সুবাদে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। টপকে গেছে নিউজিল্যান্ডকে। অন্যদিকে ইংল্যান্ড নেমে গেছে সপ্তম স্থানে। তবে সিরিজের এই সাফল্যের মাঝেই বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্ন ও পার্থ টেস্ট সময়ের আগেই শেষ হয়ে যাওয়ায় সংস্থাটির আয় কমেছে ২ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি। এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ভবিষ্যতে উইকেট প্রস্তুতির দিকে আরও সতর্ক থাকার ইঙ্গিত দেন। গ্রিনবার্গ বলেছিলেন, ‘সংক্ষিপ্ত টেস্ট ব্যবসার জন্য ভালো নয়। এর চেয়ে স্পষ্ট করে বলার কিছু নেই। ব্যাট ও বলের মধ্যে আরও ভারসাম্য থাকা দরকার।’

বার্সাকে ‘গার্ড অব অনার’ দিতে অস্বীকৃতি, সমালোচনার মুখে এমবাপ্পে

বার্সাকে ‘গার্ড অব অনার’ দিতে অস্বীকৃতি, সমালোচনার মুখে এমবাপ্পে স্প্যানিশ সুপার কাপের ফাইনালকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কিলিয়ান এমবাপে। দলের প্রধান তারকাকে ফাইনালের জন্য বিশেষভাবে স্পেন থেকে উড়িয়ে আনা হয়। গুঞ্জন ছিল, ব্যথানাশক ইনজেকশন নিয়েই হলেও শুরুর একাদশে দেখা যেতে পারে ফরাসি এই সুপারস্টারকে। তবে প্রত্যাশার সেই দৃশ্য দেখা যায়নি। এল ক্লাসিকো ফাইনালে এমবাপে নামেন ম্যাচের শেষ দিকে, বদলি হিসেবে। মাঠে নেমেও দলের ভাগ্য বদলাতে পারেননি তিনি। ফাইনাল হারের পর এখন বির্তকিত এক কাণ্ড ঘটিয়ে উল্টো সমালোচনার মুখে পড়েছেন এমবাপে। স্প্যানিশ সাংবাদিক আলফ্রেদো মার্তিনেজের জানিয়েছেন, সুপার কাপ ফাইনালে হারের পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ না দিতে নির্দেশ দেন কিলিয়ান এমবাপে। কাতালান চ্যানেল এস্পোর্তো-থ্রি- এর ভিডিওতেও এমনটাই দেখা যায়। ফাইনালে রেফারির শেষ বাঁশি বাজার পর রিয়াল মাদ্রিদের তারকারা সরাসরি বেঞ্চের দিকে চলে যান। তখন কোচ জাবি আলোনসোই তাদের জানান, বাধ্যতামূলক নয় এমন ‘গার্ড অব অনার’ বা স্পেনে যাকে ‘পাসিয়ো’ বলা হয়, সেটি দেওয়ার কথা। সেই সময় বার্সেলোনার খেলোয়াড়রা বিজয়ী পদক নিতে এগিয়ে যাচ্ছিলেন। তবে মার্তিনেজের মতে, এমবাপেই সতীর্থদের ডাগআউটের দিকে নিয়ে যান। ক্যামেরায় ধরা পড়ে, ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করছেন এবং গার্ড অব অনারে অংশ নিতে আগ্রহ দেখানো রাউল আসেনসিওর দিকে তাকিয়ে অবিশ্বাসের ভঙ্গিতে অন্য এক সতীর্থের সঙ্গে কিছু বলছেন। এই ঘটনার জেরে সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি জনপ্রিয় অ্যাকাউন্ট এমবাপেকে ‘সর লুসার ’ বা ‘হার মেনে নিতে না পারা’ খেলোয়াড় বলে আখ্যা দেয় এবং সেই ভিডিও ক্লিপ শেয়ার করে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদনে এমবাপের এমন আচারণকে ‘অখেলোয়াড়সুলভ’ লিখেছে। অনেক বার্সা সমর্থকদের কাছেও এই ঘটনা দৃষ্টিকটু মনে হয়েছে। রোমাঞ্চকর ফাইনালে ৭৬ মিনিটে গঞ্জালো গার্সিয়ার বদলি নামেন এমবাপে। ২-৩ গোলে পিছিয়ে থাকা দলকে উদ্ধার করতে এসে শেষ মুহূর্তে সতীর্থকে দিয়ে একটি গোল করানোর খুব কাছে ছিলেন। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করে চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে ফাইনাল হারের একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

ওয়াসিম-শান্তের ব্যাটে রাজশাহীর সহজ জয়

ওয়াসিম-শান্তের ব্যাটে রাজশাহীর সহজ জয় বিপিএলের সপ্তম ম্যাচে অনায়াস জয় পেয়েছে রাজশাহী ওয়োরিয়র্স। রবিবার (১১ জানুয়ারি, ২০২৬) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য রাজশাহী ১৯.১ ওভারে পৌঁছে যায়। জয় এসেছে উদ্বোধনী ব্যাটসম্যান মুহাম্মদ ওয়াসিম ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে। রান তাড়া শুরু করে মাত্র ১৩ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী, তানজিদ হাসান তামিম আউট হন। এরপর ওয়াসিম ও শান্ত ১৪২ রানের দৃঢ় জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান। শান্ত ৪২ বল খেলে ৬টি চার ও ৪ ছক্কায় ৭৬ রান করে আউট হন। অপরদিকে ওয়াসিম ৫৯ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৮৭ রানে দলের জয় নিশ্চিত করেন। রংপুরের হয়ে আকিভ জাভেদ দুই উইকেট নেন, চার ওভারে খরচ করেন ৪৩ রান। মোস্তাফিজুর রহমান এক উইকেট নেন, ৪ ওভারে ৩৪ রান খরচ করেন। ম্যাচসেরা নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত। রংপুরের ব্যাটিংয়ে হৃতিক হৃদয় ৫৬ বল খেলে ৮টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৯৭ রান করেন। মাত্র ৩ রানের ব্যবধানে তিনি নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি হাতছাড়া করেন। শেষ দিকে খুশদীলও ঝড় তোলেন, ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রান যোগ করেন। লিটন দাস ১১ ও ইফতিখার আহমেদ ৮ রান করেন। এর ফলে রংপুরের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৭৮ রান। রাজশাহীর হয়ে বল হাতে তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, জিমি নিসাম ও সন্দিপ লামিচানে একটি করে উইকেট নেন। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রংপুর তৃতীয় স্থানে অবস্থান করছে।

ফাইনালের আগে এমবাপেকে নিয়ে সতর্ক রিয়াল কোচ

ফাইনালের আগে এমবাপেকে নিয়ে সতর্ক রিয়াল কোচ স্প্যানিশ সুপার কাপ ফাইনালকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই। হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে কিলিয়ান এমবাপের ফিটনেস নিয়ে অতিরিক্ত কোনো ঝুঁকি নিতে নারাজ রিয়াল কোচ জাবি আলোনসো। গত বৃহস্পতিবার সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে পারেননি চোটের কারণেই। তবে শুক্রবার দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছেন এল ক্লাসিকোর স্কোয়াডের অংশ নিসেবে। ডিসেম্বরের শেষ দিকে হাঁটুর চোটে পড়েন এমবাপে। যে চোট থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগার কথা ছিল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৯ গোল করেছেন তিনি। মৌসুমে মাদ্রিদের শীর্ষ গোলদাতাকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে খেলানো হতে পারে কিনা, এমন প্রশ্নে আলোনসো জানান, ক্লাব কোনো তাড়াহুড়া করবে না। সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘এটা এমন একটি সিদ্ধান্ত, যেটা কোচিং স্টাফ, খেলোয়াড় এবং চিকিৎসকদের মধ্যে আলোচনা করে নিতে হবে। আমাদের ঝুঁকির মাত্রা বুঝতে হবে, আমরা কোন অবস্থায় আছি, কী জন্য খেলছি। তারপর সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় কামিকাজে (বেপরোয়া) হই না। এটা হবে নিয়ন্ত্রিত ঝুঁকি।”আলোনসো জানান, রিয়াল বেতিসের বিপক্ষে গত সপ্তাহান্তের লা লিগা ম্যাচ এবং আতলেতিকোর বিপক্ষে ডার্বি মিস করার পর এমবাপে এখন অনেকটাই ভালো বোধ করছেন আগের চেয়ে। আলোনসো বলেন, ‘সে এখন অনেক ভালো আছে। আতলেতিকোর বিপক্ষে ম্যাচে সে পুরোপুরি প্রস্তুত ছিল না, তাই আমরা তার প্রত্যাবর্তন ত্বরান্বিত করিনি।’তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনায় ছিল ফাইনালে উঠতে পারলে এবং সে কেমন অনুভব করছে তা দেখে, তখন তাকে এখানে আনার বিষয়টি বিবেচনা করব। আজ সে যখন অনুশীলন করবে, তখন আমরা সব তথ্য পাব এবং বুঝতে পারব সে শুরুর একাদশে খেলতে পারবে কি না, নাকি সীমিত সময়ের জন্য নামবে।’ সুপার কাপ জিততে পারলে গত জুনে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে আলোনসোর প্রথম শিরোপা। যা তার ওপর থাকা চাপও অনেকটাই কমাবে।

রোজেনিয়রের স্বপ্নময় শুরু, চার্লটনকে ৫-১ ব্যবধানে হারালো চেলসি

রোজেনিয়রের স্বপ্নময় শুরু, চার্লটনকে ৫-১ ব্যবধানে হারালো চেলসি চেলসির কোচ হয়েই প্রথম অ্যাসাইনমেন্টে লিয়াম রোজেনিয়র শুরুটা করলেন দারুণ এক জয় দিয়ে। চার্লটন অ্যাথলেটিককে ৫-১ গোলে হারিয়ে নতুন কোচের অধীনে দারুণ শুরু করেছে ব্লুজরা। দ্য ভ্যালি স্টেডিয়ামে বিরতির আগমুহূর্তে দুর্দান্ত এক ভলিতে গোলের সূচনা করেন জোরেল হাতো। সেই ব্যবধানে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাড়িয়ে দেন তোসিন আদারাবিওয়ো। চার্লটনের হয়ে মাইলস লিবার্ন এক সময় ব্যবধান কমালেও শেষ পর্যন্ত মার্ক গিউ, পেদ্রো নেটো ও এনজো ফার্নান্দেজের গোল চেলসির বড় জয় নিশ্চিত করে। ম্যাচের শুরু থেকেই উত্তাল ছিল দ্য ভ্যালি। লন্ডনের প্রতিবেশী ক্লাবকে চাপে ফেলতে মুখিয়ে ছিলো গ্যালারির চার্লটন সমর্থকরা। তবে ম্যাচ শুরুর পরপরই গ্যালারিতে এক চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতি পড়ে, যা কিছুটা হলেও স্টেডিয়ামের উত্তেজনা কমিয়ে দেয়। এই বিরতি শেষে দ্রুতই নিজেদের ছন্দ খুঁজে নেয় চেলসি। প্রথমার্ধে ৭৭ শতাংশ বল দখলে রেখে ছয়টি শট লক্ষ্যে রাখে। তবে চার্লটনের গোলকিপার উইল ম্যানিয়ন দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি। চার্লটনের বক্সের সামনে বাউন্স করা বলের ওপর ঝাঁপিয়ে পড়ে নিখুঁত ভলিতে গোল করেন হাতো। বিরতির পরপরই ম্যাচের ৫০ মিনিটে স্বাগতিকদের দুর্ভোগ বাড়ায় চেলসি। ফাকুন্দো বুয়োনানোট্টের নেওয়া প্রান্তিক ফ্রি-কিক দুর্দান্ত গতিতে নিকট পোস্টে পৌঁছালে তোসিন আদারাবিওয়ো হেডে বল জালে পাঠান। দুই গোল হজমের পর চার্লটন দমে যায়নি। কর্নার থেকে লয়েড জোন্সের হেড ফিলিপ ইয়োরগেনসেন ঠেকালেও ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে গোল করেন মাইলস লিবার্ন। তাতে স্বাগতিক সমর্থকদের মনে স্বপ্ন জাগে প্রত্যাবর্তনের। গোল করেও মাত্র পাঁচ মিনিট পর আবারও গোল হজম করে বিপদে পড়ে চার্লটন। ৬২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর শট থেকে আসা রিবাউন্ডে সুযোগ নিয়ে মার্ক গিউ তৃতীয় গোলটি করেন। এই গোলের হজম করে ভেঙে পড়ে চার্লটনের প্রতিরোধ। এস্তেভাওকে মাঠে নামানোর পর ডান প্রান্তে একের পর এক সুযোগ তৈরি করে চেলসি। ম্যানিয়ন এস্তেভাও ও এনজো ফার্নান্দেজের শট ঠেকালেও লিয়াম ডেলাপ সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচ যখন শেষের পথে, দ্য ভ্যালি স্টেডিয়ামে হালকা কুয়াশা ভর করতে শুরু করে। ঠিক সেই সময়ই নৈপুণ্যের ছোঁয়ায় ব্যবধান বাড়ান পেদ্রো নেটো লয়েড জোন্সকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে নিকট কোনায় নিচু শটে জাল কাঁপান। এরপর এস্তেভাওকে বক্সে ফেলে দেওয়ায় গোলরক্ষক উইল ম্যানিয়নের বিরুদ্ধে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট থেকে ঠাণ্ডা মাথায় গোল করে এনজো ফার্নান্দেজ চেলসির বড় ৫–১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো ভারতীয় বোর্ড

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো ভারতীয় বোর্ড দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে নেই এক মাসও। অংশ নিতে যাওয়া দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তবে বাংলাদেশ দল রয়েছে আসন্ন আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায়। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিন এই ব্যাপারে কোনো মন্তব্য না করলেও অবশেষে নীরবতা ভেঙেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল বিসিসিআইয়ের বৈঠক হয় মুম্বাইয়ে। বৈঠক শেষে বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে আইসিসির কাছে বাংলাদেশের অনুরোধ নিয়ে। দেবাজিৎ বলেন, ‘এই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটবিষয়ক আলোচনার জন্য ছিল। (বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না) এটি আমাদের আলোচনার বিষয় নয়।’

ডাম্বুলায় বৃষ্টির দাপটে পরিত্যক্ত পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

ডাম্বুলায় বৃষ্টির দাপটে পরিত্যক্ত পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ শ্রীলঙ্কা ও পাকিস্তানের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। শুক্রবার ডাম্বুলায় অনবরত বৃষ্টিতে টসও হতে পারেনি। টানা বৃষ্টির কারণে একাধিকবার সময় নির্ধারণ করেও খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে দুই দলেরই এখন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দিকে মনোযোগ। এর আগে, বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডাম্বুলার এই রাঙ্গিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়ে ১–০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ওই ম্যাচে ১২৯ রানের লক্ষ্য তাড়া করে ২০ বল হাতে রেখেই ছয় উইকেটে জয় তুলে নেয় সফরকারীরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী রোববার একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২২ বছরের খরা কাটিয়ে সেমিফাইনালে মরক্কো

২২ বছরের খরা কাটিয়ে সেমিফাইনালে মরক্কো দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। রাবাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক মরক্কো। দুই অর্ধে দুটি গোল দীর্ঘ ২২ বছর পর সেমিফাইনালে পা রেখেছে মরক্কো। একটি করে গোল করে ব্রাহিম দিয়াজ ও ইসমাইল সাইবারি মরক্কোর হয়ে জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচে ক্যামেরুন খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। সবশেষ ২০০৪ নেশনস কাপের সেমিতে খেলেছিল দলটি। ২৬তম মিনিটে কর্নার থেকে আইয়ুব এল কাবির ফ্লিকে বল পেয়ে কাছ থেকে বল জালে পাঠান ব্রাহিম দিয়াজ। উরুতে লেগে বল জালে প্রবেশ করলে টুর্নামেন্টে এটি ছিল তার পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে সেট পিস থেকেই আসে ইসমাইল সাইবারির গোল। ফ্রি-কিক থেকে আসা বল পেয়ে নিচু বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনল খেলা মরক্কোর সমর্থকরা নেশনস কাপের সেমির গ্যালারিতেও উন্মাতাল পরিবেশের স্মৃতি ফিরিয়ে আনে। সেই চিরচেনা আবহে ওয়ালিদ রেগরাগুইয়ের দল পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ধরে রাখে। এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি করল রেগরাগুইয়ের শিষ্যরা। এখন আর মাত্র দুই জয় দূরে মরক্কো। ১৯৭৬ সালের পর প্রথম মহাদেশীয় শিরোপা জয়ের হাতছানি।এটি মরক্কোর এটি টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। যা শুরু হয়েছিল ২০২৩ আফকনের শেষ ষোলোতে বিদায় নেওয়ার পর থেকে। আগামী বুধবার একই মাঠে সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে শনিবারের কোয়ার্টার ফাইনালে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী।