পাঁচ বছর পর শীর্ষে কোহলি

পাঁচ বছর পর শীর্ষে কোহলি ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। টানা পাঁচ ম্যাচে অন্তত পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার সুফল পেলেন ভারতের এই তারকা ব্যাটার। প্রায় পাঁচ বছর পর আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন কোহলি। গতকাল আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, পুরুষদের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে তিনে নেমে গেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তার জায়গা দখল করেছেন বিরাট কোহলি। আর তিন নম্বর থেকে দুইয়ে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। সবশেষ ২০২১ সালে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি। এরপর দীর্ঘ সময় শীর্ষস্থান দখলে রাখেন পাকিস্তানের বাবর আজম। ২০২২ সালে এক পর্যায়ে সেরা দশ থেকেও ছিটকে যান কোহলি। তবে ২০২৩ সাল থেকে শুরু হয় তার দুর্দান্ত প্রত্যাবর্তন। ২০২৫ সালের শেষ দিকে দুই নম্বরে ওঠার পর এবার রোহিত শর্মাকে টপকে আবারও এক নম্বরে জায়গা করে নিলেন তিনি। কোহলি ছাড়া ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন নেই। ভারতের কেএল রাহুল ও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা এক ধাপ করে এগিয়েছেন। রাহুল বর্তমানে ১১তম এবং নিসাঙ্কা রয়েছেন ১৪তম স্থানে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৩৩ নম্বরে। আর নাজমুল হোসেন শান্ত রয়েছেন ৪১তম স্থানে, যিনি শীর্ষ ৫০-এর মধ্যে থাকা আরেক বাংলাদেশি ব্যাটার। এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ বোলার ও অলরাউন্ডারদের তালিকায় কোনো পরিবর্তন আসেনি। বোলারদের মধ্যে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক আফগান তারকা আজমাতুল্লাহ ওমরজাই।
পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির আপত্তিকর মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। পাশাপাশি বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের সহায়তা চাওয়া হয়। এর আগে, গতকাল বিকেলে বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতি বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘তারা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি।’ এ ছাড়া কয়েকদিন আগে তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। একের পর এক এমন আপত্তিকর মন্তব্যের কারণে নাজমুল ইসলামকে আজ দুপুর একটায় বিপিএলের ম্যাচের আগে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। গতকাল রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহাম্মদ মিঠুন বলেন, গত কিছুদিন ধরে আপনারা দেখছেন একজন বোর্ড পরিচালক যেভাবে প্লেয়ারদের নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনো এভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা উনার পদত্যাগ চাচ্ছি। উনি যদি আজ বিপিএলের প্রথম ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। এসব ঘটনায় গতকাল রাতেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্যের দায় বিসিবি বহন করবে না এবং ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক কিছু মন্তব্য অনুচিত, আপত্তিকর এবং খেলোয়াড়দের জন্য কষ্টদায়ক হতে পারে। এ ধরনের বক্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিসিবি মনে করে, এ সব মন্তব্য বোর্ডের মূলনীতি ও পেশাদারিত্বের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবি কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যে, কোনো ব্যক্তি যদি ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ করেন কিংবা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করেন, তবে তার বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে বোর্ড বুঝিয়ে দিয়েছে যে, পরিচালকের পদে থাকলেও কাউকেই জবাবদিহিতার ঊর্ধ্বে রাখা হবে না। বোর্ড তার বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করেছে যে, ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের মূল কেন্দ্রবিন্দু। অতীতে এবং বর্তমানে যারা দেশের জন্য অবদান রেখেছেন, তাদের প্রতি বিসিবির পূর্ণ সম্মান ও সমর্থন রয়েছে। খেলোয়াড়দের মর্যাদা ও কল্যাণ রক্ষায় বিসিবি সবসময় অটল থাকবে এবং ক্রিকেটের প্রতিটি স্তরে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা হবে।
বছরে তিনটির বেশি বিদেশি লিগ খেলতে পারবেন না রশিদ-নবীরা

বছরে তিনটির বেশি বিদেশি লিগ খেলতে পারবেন না রশিদ-নবীরা আফগান ক্রিকেটারদের দেশের বাইরে লিগে অংশগ্রহণ নিয়ে নতুন নীতি গ্রহণ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন নীতি অনুযায়ী- ইচ্ছেমতো সব লিগে খেলার অনুমতি আর দেওয়া হবে না রশিদ খান, মোহাম্মাদ নবীদেরকে। বছরে তিনটির বেশি বিদেশের লিগে খেলতে পারবেন না তারা। কাবুলে এসিবির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসিবির বিবৃতিতে বলা হয়, নানা দিক ভাবনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটারদের ফিটনেসের সুরক্ষা ও মানসিকভাবে ভালো থাকার ব্যাপারটিকে প্রাধান্য দিয়ে বিদেশি লিগের ব্যাপারে নতুন নীতি অনুমোদন করেছে বোর্ড। ক্রিকেটাররা এখন থেকে আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং আর মাত্র তিনটি আন্তর্জাতিক লিগে খেলতে পারবেন। ক্রিকেটারদের ওয়ার্কলোড সামলানো এবং জাতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স নিশিচত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রাশিদ খানের ওপর। টি-টোয়েন্টি ক্রিকেটের সফলতম বোলার আইপিএলে খেলছেন গুজরাট টাইটান্সে। চলতি এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের অধিনায়ক তিনি। এই ফ্র্যাঞ্চাইজিরই অন্যান্য লিগের দল এমআই এমিরেটস ও এমআই নিউ ইয়র্কে তিনি খেলে থাকেন। এছাড়া অন্যান্য প্রায় সব লিগেই তিনি খেলেন বা খেলেছেন নানা সময়ে। এছাড়াও মোহাম্মাদ নবী, নুর আহমাদ, আজমাতউল্লাহ ওমারজাই, রাহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রাহমান, এএম গাজানফার, নাভিন উল হাক, ফাজালহাক ফারুকিদের দেখা যায় বিভিন্ন লিগে। আফগান বোর্ডের সভাপতি এখন মিরওয়াইস আশরাফ, যিনি রাশিদ-নাবিদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন দীর্ঘদিন। ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার ক্ষেত্রে নানারকম বাধ্যবাধ্যকতা আছে অন্য কিছু দেশের বোর্ডেরও। ভারতের ক্রিকেটাররা দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পান না। পাকিস্তানের ক্রিকেটারদের বছরে দুটি বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়।
প্রস্তুতি ম্যাচে ডাচদের পাত্তাই দিলো না টাইগ্রেসরা

প্রস্তুতি ম্যাচে ডাচদের পাত্তাই দিলো না টাইগ্রেসরা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসী এক জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার নেপালের কীর্তিপুরে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচে ব্যাটে নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারির অনবদ্য জুটি এবং বল হাতে রাবেয়া খানের দুর্দান্ত স্পিনে পাত্তাই পায়নি ডাচ নারীরা। এই জয় মূল আসরের আগে টাইগ্রেসদের মানসিকভাবে বেশ চনমনে রাখবে। যদিও টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও অভিষিক্ত জুয়াইরিয়া ফেরদৌস (২)। তবে চাপ সামলে হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে ১০১ বলে গড়েন ১৩৯ রানের অনবদ্য এক জুটি। মাত্র ৫১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যোতি, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কার মার। অন্যদিকে ৫৮ বলে ৫৯ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন সোবহানা। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা। ১৫২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে নেদারল্যান্ডস। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন লেগ স্পিনার রাবেয়া খান। পেস অলরাউন্ডার রিতু মনিও ছিলেন দারুণ কার্যকর, তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়ে ডাচদের আটকে রাখেন ১২৫ রানে। নেদারল্যান্ডসের পক্ষে স্টেয়ার ক্যালিস সর্বোচ্চ ৩১ ও ফিবি মোল্কেনবোর ২৮ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে নামার আগে আগামী শুক্রবার দুপুরে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের মূল আসরের মিশন।
শেষ বলে রাজার ছক্কায় রয়্যালসের নাটকীয় জয়

শেষ বলে রাজার ছক্কায় রয়্যালসের নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে পার্ল রয়্যালস। ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ বলে জয়ের জন্য পার্লের প্রয়োজন ছিল ২ রান। এক রান হলে ম্যাচ গড়াত সুপার ওভারে। চাপের মুহূর্তে ফিল্ডারদের সামনে এনে সিঙ্গেল নেওয়ার সুযোগ বন্ধ করে দেয় ডারবান। ঝুঁকি নিতে বাধ্য হয়ে শেষ বলে ছক্কা হাঁকান জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তার সেই ছক্কায় জয় নিশ্চিত করার পাশাপাশি এসএ টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ে পার্ল রয়্যালস। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক এইডেন মার্করামের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে ডারবান সুপার জায়ান্টস। জবাবে ৬ উইকেট হাতে রেখেই ১৮৭ রানের লক্ষ্য টপকে যায় পার্ল রয়্যালস। পার্লের জয়ে বড় ভূমিকা রাখেন ড্যান লরেন্স ও রুবিন হারম্যান। লরেন্স করেন ৬৩ রান, আর হারম্যান অপরাজিত থাকেন ৬৫ রানে। ১৯তম ওভারে ১৩ রান তোলার পর শেষ ওভারে পার্লের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। তৃতীয় ও চতুর্থ বল ডট যাওয়ায় সমীকরণ জটিল হয়ে পড়ে। শেষ দুই বলে দরকার হয় ৩ রান, এরপর এক রান নিলে আসে সেই নাটকীয় শেষ মুহূর্ত। শেষ ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে উল্লাসে মাতেন সিকান্দার রাজা। ১৩ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার। ডারবানের হয়ে দুটি উইকেট শিকার করেন ইথান বশ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে এনেছে পার্ল রয়্যালস। পার্ল ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রিটোরিয়া ক্যাপিটালস। অন্যদিকে ডারবান সুপার জায়ান্টসের অবস্থান বেশ কঠিন। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে তারা রয়েছে পঞ্চম স্থানে।
চ্যাম্পিয়ন্স লিগ জিতে সাড়ে ২০ হাজার কোটি টাকা পেলো পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ জিতে সাড়ে ২০ হাজার কোটি টাকা পেলো পিএসজি ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে সর্বোচ্চ পুরস্কার অর্থ পেয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন হিসেবে তারা আয় করেছে ১৪৪.৪ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ মিলিয়ন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় প্রায় ২০ হাজার ৬৪৯ কোটি টাকা। নতুন ও সম্প্রসারিত ফরম্যাটে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে অতিরিক্ত ৪০০ মিলিয়ন ইউরো বিতরণ করেছে উয়েফা। মঙ্গলবার প্রকাশিত উয়েফার ২০২৪-২৫ মৌসুমের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়। আগামী মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফার বার্ষিক কংগ্রেসের আগেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রানার্সআপ ইন্টার মিলান পুরস্কার অর্থের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা পেয়েছে ১৩৬.৬ মিলিয়ন ইউরো (প্রায় ১৯ হাজার ৫৩৮ কোটি টাকা)। নতুন ফরম্যাটে ৩৬টি দল অংশ নেয়, যেখানে প্রতিটি দল লিগ পর্বে আটটি করে ম্যাচ খেলে। মোট ২.৪৭ বিলিয়ন ইউরো পুরস্কার অর্থ এই দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবার সাতটি ক্লাব অন্তত ১০০ মিলিয়ন ইউরো করে আয় করেছে, যেখানে আগের মৌসুমে (৩২ দল ও গ্রুপ পর্বের ফরম্যাটে) এই সংখ্যা ছিল পাঁচটি। তখন মোট পুরস্কার তহবিল ছিল ২.০৮ বিলিয়ন ইউরো। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে অ্যাস্টন ভিলা একমাত্র ক্লাব যারা ১০০ মিলিয়ন ইউরোর কম পেয়েছে। তাদের প্রাপ্তি ছিল ৮৩.৭ মিলিয়ন ইউরো। দীর্ঘ ৪১ বছর পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরা এবং তুলনামূলক কম উয়েফা র্যাঙ্কিং এর অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে। রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে পেয়েছে ১০২ মিলিয়ন ইউরোরও কম, যা ২০২৪ সালে শিরোপা জয়ের সময়ের তুলনায় প্রায় ৩৭ মিলিয়ন ইউরো কম। তবে উয়েফা সুপার কাপ জিতে তারা অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো আয় করে। সেই ম্যাচে পরাজিত আতালান্তা পেয়েছে ৪ মিলিয়ন ইউরো। ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ থেকে যে পরিমাণ অর্থ পেয়েছে, তা প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য চারটি ইতালিয়ান ক্লাবের প্রত্যেকটির আয়ের অন্তত দ্বিগুণ। ইংল্যান্ডের চারটি ক্লাবের মধ্যে সর্বনিম্ন আয় করেছে ম্যানচেস্টার সিটি। ২০২২-২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি ফেব্রুয়ারিতে নকআউট প্লে-অফে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেওয়ার পর পেয়েছে ৭৬ মিলিয়ন ইউরো। সবচেয়ে কম অর্থ পেয়েছে স্লোভাকিয়ার চ্যাম্পিয়ন স্লোভান ব্রাতিস্লাভা। তারা আটটি লিগ ম্যাচের সবগুলোতেই হেরে ২২ মিলিয়ন ইউরোরও কম আয় করেছে। চ্যাম্পিয়ন্স লিগ ও দ্বিতীয় স্তরের ইউরোপা লিগের আর্থিক ব্যবধানও স্পষ্ট হয়েছে। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম পেয়েছে মাত্র ৪১ মিলিয়ন ইউরো। রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ৩৬ মিলিয়ন ইউরো, তবে চলতি মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন না করায় তারা এবার উয়েফা থেকে কোনো অর্থই পাবে না। তৃতীয় স্তরের কনফারেন্স লিগ জিতে চেলসি পেয়েছে ২১.৮ মিলিয়ন ইউরো। বর্তমানে তারা আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে।
বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। বুধবার সকাল দশটার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। সেখানে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এই ট্রফি। আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে। তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না। বাংলাদেশে ট্রফির সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে গত ৩ জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা এর ষষ্ঠ আসর। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের সূচনা করা হয়। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম তিনটি দেশ- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আগের যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপে থাকবে আরও বেশি দল (৪৮টি), আরও বেশি ম্যাচ (১০৪) এবং ব্যাপক উৎসব আয়োজন। ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ভ্রমণ করবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে, যা ফুটবলপ্রেমীদের জন্য জীবনে একবার দেখার মতো এক অনন্য সুযোগ তৈরি করবে।
সুপার কাপ হারের পর আলোনসোর বিদায়, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

সুপার কাপ হারের পর আলোনসোর বিদায়, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া এল ক্লাসিকো হারের রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। সুপারকোপা দে এস্পানিয়ার ফাইনালে বার্সেলোনা„র কাছে নাটকীয় ৩-২ ব্যবধানে হারের একদিন পরই প্রধান কোচের পদ ছাড়লেন জাবি আলোনসো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ দায়িত্ব শেষ হয়েছে স্প্যানিশ এই কোচের। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের রিজার্ভ দল কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়া। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সুপার কাপ ফাইনালে পরাজয়ের পর গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে আলোনসোর বিদায়ের খবর নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা। বিবৃতিতে বলা হয়, “ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে প্রথম দলের কোচ হিসেবে তার অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ৪৪ বছর বয়সী আলোনসোর মেয়াদ খুব একটা দীর্ঘ হলো না। গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে তিন বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যেই সেই সম্পর্কের ইতি টানল রিয়াল মাদ্রিদ। ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, “জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি। তিনি সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধকে প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।” একই সঙ্গে তার কোচিং স্টাফদের কাজ ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে ক্লাব। আলোনসোর অধীনে লা লিগায় শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পায় রিয়াল। তবে ২০২৫ সালের শেষ ভাগে এসে ছন্দ হারাতে থাকে দল। লিভারপুল, সেল্তা ভিগো ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারসহ একাধিক হতাশাজনক ফলাফলের পর বাড়তে থাকে কোচের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন। মাঠের বাইরেও অস্বস্তির খবর সামনে আসে। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোনসোর সম্পর্ক ভালো ছিল না বলে আলোচনা চলছিল। তার কোচিং স্টাইল নিয়ে আপত্তির পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রের প্রকাশ্য ক্ষোভ; বদলি হিসেবে তুলে নেওয়া নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়নস লিগে আলোনসোর অধীনে ছয় ম্যাচে চার জয়ে ভালো অবস্থানেই ছিল দল। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলা সাবেক মিডফিল্ডার আলোনসো কোচ হিসেবে গত গ্রীষ্মে ক্লাবে ফেরেন। তার আগে বায়ার লেভারকুসেনকে ২০২৪ সালে ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা এনে দিয়ে আলোচনায় আসেন তিনি। এবার দায়িত্ব তুলে দেওয়া হলো ৪২ বছর বয়সী আলভারো আরবেলোয়ার হাতে। রিয়ালের সাবেক এই ডানপ্রান্তের ডিফেন্ডার সাত মৌসুমে ক্লাবের হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন। কাস্তিয়ায় তার কোচিং পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই তাকে মূল দলের হাল ধরতে দিল রিয়াল মাদ্রিদ। নতুন কোচের অধীনে মৌসুমের বাকি অংশে রিয়াল কীভাবে ঘুরে দাঁড়ায় সেদিকেই এখন তাকিয়ে সান্তিয়াগো বার্নাব্যু।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় ধরনের পরিবর্তন এনে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে দলে ফিরিয়েছেন একাধিক পরিচিত মুখ। দলে ফিরেছেন রুলফ ফন ডার মেরওয়া, বাস ডে লেডে, কলিন আকারম্যান, লোগান ফন বিক ও টিম ফন ডার গুগটেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি আবার সুযোগ পেয়েছেন মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-কাশেয়। ৪১ বছর বয়সী স্পিন অলরাউন্ডার রুলফ ফন ডার মেরওয়া, পেস অলরাউন্ডার বাস ডে লেডে, টপ অর্ডার ব্যাটসম্যান মাইকেল লেভিট ও স্পিন অলরাউন্ডার লায়ন-কাশেয়। এই চারজন সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ অঞ্চলের ফাইনালে। ৩৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার কলিন আকারম্যান ও পেসার টিম ফন ডার গুগটেন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। অন্যদিকে ৩৫ বছর বয়সী পেসার লোগান ফন বিকের শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের জুলাইয়ে। গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্বকাপ স্কোয়াডে নেই ৯ জন ক্রিকেটার। বাদ পড়েছেন ভিক্রামজিৎ সিং, আনিল নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সিদ্রিক দি লাঙ্গা, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও সেবাস্তিয়ান ব্র্যাট। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন আকারম্যান, বাস ডে লেডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-কাশেয়, লোগান ফন বিক, রুলফ ফন ডার মেরওয়া, টিম ফন ডার গুগটেন।
অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী হিলির

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী হিলির অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। আগামী ফেব্রুয়ারি-মার্চে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই ৮টি বিশ্বকাপ জয়ের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানছেন হিলি। আড়াই মাস আগে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায় সেমিফাইনালে হেরে। চার বছর পরের বিশ্বকাপে হিলির থাকার কোনো সম্ভাবনা এমনিতে ছিল না। তবে পাঁচ মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে খেলেই বিদায় বলবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ৩৫ বছর বয়সী তারকা থেমে যাচ্ছেন আগেই। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন হিলি। এরপর পার্থে দিন-রাতের টেস্ট ম্যাচটিই হবে তার শেষ ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজটিতে তিনি খেলবেন না। যাতে সামনের বিশ্বকাপের জন্য দলটাকে গুছিয়ে নিতে সুযোগ দেওয়া হয় অন্য কাউকে। অবসরের কারণ ঘোষণায় শুরুতে মজা করলেন হিলি। জীবনসঙ্গী আরেক তারকা মিচেল স্টার্কের কাছে গলফ খেলায় হেরে গেছেন, সেখানে উন্নতি করতে হবে, ক্রিকেটকে পাশে সরিয়ে রাখত চান, এসব বলে হেসে উঠলেন। পরে বললেন, মূলত চোট আর মানসিক ক্লান্তির কারণেই বেশ কিছুদিন ধরে ভাবছিলেন এটা নিয়ে। হিলি জানান, অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। গত কয়েক বছর মানসিকভাবে অনেকটাই শুষে নিয়েছিল যে কোনো কিছুর চেয়ে। কিছু চোটেও প্রবলভাবে ভুগতে হয়েছে এবং সবটুকু উজাড় করে দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছিল। আমার সবসময়ই মনে হয়েছে, মাঠে লড়াই করতে চাই প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব নিয়ে। সবসময় জিততে চাই, মাঠে নিজেকে চ্যালেঞ্জ করতে চাই। বয়সও কিছুটা বেশি হয়ে গেছে বলে অনুভব করছি। অবশ্যই সব তাড়না হারিয়ে ফেলিনি, তবে কিছু হারিয়ে ফেলেছি। অস্ট্রেলিয়ার হয়ে ১০ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ১৬২ টি-টোয়েন্টি খেলেছেন হিলি। জিতেছে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ। উইকেটের সামনে ও পেছনে গড়েছেন অনেক রেকর্ড। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন দুই দফায়, অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী ক্রিকেটারও হয়েছেন। শুধু সংখ্যা আর অর্জনেই নয়, ছাপ রেখেছেন তিনি খেলার ধরন ও মানসিকতায়। আগ্রাসী ব্যাটিংয়ে নারী ক্রিকেটকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। মেয়েদের ক্রিকেটে সত্যিকারের একজন কিংবদন্তি তিনি। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নেওয়ার ভাবনা মাথায় এসেছিল বলে জানালেন হিলি। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে পরিবার ও সমর্থকদের সামনে দলকে নেতৃত্ব নিয়ে বিদায় নেওয়াকেই শ্রেয় মনে করেছেন তিনি। হিলির জীবনসঙ্গী স্টার্ককে নিয়েও নতুন করে বলার কিছু নেই। তার চাচা ইয়ান হিলি ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা কিপারদের একজন।