র্যাংকিংয়ে টাইগ্রেসদের জয়- ২০৬ ধাপ এগোলেন মারুফা

র্যাংকিংয়ে টাইগ্রেসদের জয়- ২০৬ ধাপ এগোলেন মারুফা মাঠে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন মিলল এবার আইসিসি র্যাংকিংয়েও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মারুফা আক্তার, সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতিরা। আজ আইসিসি নারী ক্রিকেটের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে সবচেয়ে চমকপ্রদ উন্নতি করেছেন তরুণ পেসার মারুফা আক্তার। বাছাইপর্বে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি র্যাংকিংয়ের বাইরে থেকে এক লাফে ২০৬ ধাপ এগিয়ে সেরা একশতে ঢুকে পড়েছেন। বর্তমানে ৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে মারুফার অবস্থান ৯২ নম্বরে। ব্যাটারদের মধ্যে বরাবরের মতো উজ্জ্বল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টুর্নামেন্টে ১৫৪ রান করে তিনি তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। তবে নজর কেড়েছেন সোবহানা মোস্তারি; আসরে দ্বিতীয় সর্বোচ্চ ২৬২ রান করে ১৬ ধাপ এগিয়ে বর্তমানে ৩৬ নম্বরে আছেন তিনি। এছাড়া ৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার দোলা। তবে টুর্নামেন্টে ১৯৫ রান করলেও র্যাংকিংয়ে পিছিয়ে গেছেন অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তা। তিনি ১৩ ধাপ পিছিয়ে বর্তমানে ৪৮ নম্বরে অবস্থান করছেন। বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৮ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন। এছাড়া বড় লাফ দিয়েছেন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার; ৪৩ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৭৪ নম্বরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পাকিস্তান আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ অংশ নিতে গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে খেলতেই সাবেক চ্যাম্পিয়নদের আগমন। ১৫ সদস্যের পাকিস্তান দলটির নেতৃত্ব দিচ্ছেন সালমান আলী আগা। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বিশ্রাম নেবে দল। আগামীকাল কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এই ভেন্যুতেই গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
ভুল, ভাগ্য আর নৈপুণ্যের দোলাচলে পয়েন্ট হারাল ম্যানসিটি

ভুল, ভাগ্য আর নৈপুণ্যের দোলাচলে পয়েন্ট হারাল ম্যানসিটি দুই অর্ধের দুই ভিন্ন গল্প। প্রথম ভাগে একের পর এক ভুলে বিপর্যস্ত স্বাগতিকরা। আর বিরতির পর দৃঢ় মানসিকতায় ঘুরে দাঁড়ানো এক লড়াকু দল। সব মিলিয়ে রবিবারের নাটকীয় এক সন্ধ্যায় পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া হলো ম্যানচেস্টার সিটির। আর শেষ হাসিটা ঠিকই তুলে নিল টটেনহ্যাম। নিজেদের মাঠে শুরু থেকেই চাপে পড়ে যায় টটেনহ্যাম। মাঝমাঠে ঢিলেমি আর রক্ষণে সমন্বয়ের অভাব কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ শানায় সিটি। এরই ফল হিসেবে ম্যাচের প্রথম ভাগেই দুইবার জাল কাঁপে স্বাগতিকদের। প্রথম গোলটি আসে দ্রুত আক্রমণ থেকে। মাঝমাঠে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় শট, গোলরক্ষকের আর কিছু করার ছিল না। বিরতির ঠিক আগে আবারও নিজেদের ভুলে সর্বনাশ ডেকে আনে টটেনহ্যাম। বল হারানোর পর নিখুঁত পাসে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। প্রথমার্ধ শেষে গ্যালারিতে তখন সিটির জয়গান। কিন্তু ফুটবল যে নব্বই মিনিটের খেলা, সেটা আবারও প্রমাণিত হয় বিরতির পর। দ্বিতীয়ার্ধে একেবারেই বদলে যাওয়া চেহারায় মাঠে নামে টটেনহ্যাম। আক্রমণে গতি, মাঝমাঠে চাপ আর দর্শকদের উৎসাহ; সব মিলিয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা শুরু হয়। সেই চেষ্টায় ভাগ্যের সহায়তাও মেলে। বক্সের ভেতরে ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডারের পায়ে লেগে বল জড়িয়ে যায় নিজের জালেই। হঠাৎ করেই ম্যাচে প্রাণ ফিরে পায় স্বাগতিকরা। সমতায় ফেরার ক্ষুধা তখন চোখেমুখে। আর সেটার পূর্ণ রূপ দেখা যায় মাঝপথে। ডান দিক থেকে ভেসে আসা এক ক্রসে নিখুঁত দৃষ্টি আর অসাধারণ ভারসাম্যে পিছন ফিরে পা বাড়িয়ে জালে বল পাঠান সোলাঙ্কি। গোলটি শুধু স্কোরলাইন সমান করেনি, পুরো স্টেডিয়ামকে দাঁড় করিয়ে দেয়। এরপর সময় গড়িয়েছে উত্তেজনায়। দুই দলই জয়ের খোঁজে আক্রমণ চালিয়েছে। কখনো সিটির নিয়ন্ত্রিত বিল্ডআপ, কখনো টটেনহ্যামের দ্রুত পাল্টা হানা। কিন্তু শেষ বাঁশি পর্যন্ত আর কোনো গোল আসেনি। এই ড্রয়ের ফলে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল সিটি। জয়ের হাতছানি পেয়েও শেষ পর্যন্ত দুটি মূল্যবান পয়েন্ট ফেলে আসতে হলো তাদের। অন্যদিকে লিগে ধারাবাহিকতা না থাকলেও এমন একটি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট আদায় টটেনহ্যামকে অন্তত আত্মবিশ্বাসের রসদ জোগাল।
পাকিস্তান বয়কট করলেও ম্যাচের দিন শ্রীলঙ্কায় যাবে ভারত

পাকিস্তান বয়কট করলেও ম্যাচের দিন শ্রীলঙ্কায় যাবে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তার মাঝেও নির্ধারিত সূচি ও নিয়ম মেনেই এগোচ্ছে ভারত। পাকিস্তান সরকার ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলেও ভারতীয় দল শ্রীলঙ্কা সফর করবে এবং সব ধরনের আইসিসি প্রটোকল অনুসরণ করবে বলে সোমবার (০২ ফেব্রুয়ারি) জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্রের বরাতে জানা গেছে, ভারতের জাতীয় ক্রিকেট দল নির্ধারিত সময়েই শ্রীলঙ্কায় পৌঁছাবে। অনুশীলন সেশন, সংবাদ সম্মেলনসহ ম্যাচপূর্ব সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে তারা। ম্যাচের দিন স্টেডিয়ামেও উপস্থিত থাকবে ভারতীয় দল। এরপর ম্যাচ রেফারির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে খেলা হবে কি না, তা নির্ধারণ করবেন তিনি। এই সিদ্ধান্তের পটভূমিতে রয়েছে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক ঘোষণা। তারা জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দল মাঠে নামবে না। যদিও এই সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। এদিকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, পুরো পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সঙ্গে আলোচনা চলবে এবং আইসিসির নির্দেশনার অপেক্ষায় থাকবে ভারত। ফর্মের বিচারে ভারত বিশ্বকাপে যাচ্ছে বেশ আত্মবিশ্বাসী হয়ে। সম্প্রতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। বিপরীতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড বেশ হতাশাজনক। এই টুর্নামেন্টে দু’দল আটবার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জিতেছে সাত ম্যাচে, পাকিস্তানের জয় মাত্র একবার। পাকিস্তানের এই অবস্থানের পেছনে রয়েছে সাম্প্রতিক বাংলাদেশ-আইসিসি বিরোধ। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে তাদের বদলি হিসেবে অন্তর্ভুক্ত করে। বিষয়টি দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ায়। গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সঙ্গে। ভারতের সূচি অনুযায়ী- ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১২ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ও ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে।
পাকিস্তানের ম্যাচ বয়কটে বিলিয়ন ডলার ক্ষতির মুখে ভারতীয় সম্প্রচারক

পাকিস্তানের ম্যাচ বয়কটে বিলিয়ন ডলার ক্ষতির মুখে ভারতীয় সম্প্রচারক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় বড় ধরনের আর্থিক সংকটে পড়তে যাচ্ছে ভারতীয় সম্প্রচার সংস্থাগুলো। পাকিস্তান সরকারের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় শুধু মাঠের লড়াই নয়, টুর্নামেন্টের বাণিজ্যিক কাঠামোতেও নেমে এসেছে তীব্র ঝাঁকুনি। গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান দল বিশ্বকাপে তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে তারা। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। তবে ১৫ ফেব্রুয়ারির বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে না নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান। যা বিশ্বকাপের সবচেয়ে লাভজনক ম্যাচটি কার্যত বাতিলের পথে ঠেলে দিয়েছে। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে ভারত-পাকিস্তান ম্যাচকে বলা হয় বিশ্বকাপের ‘আর্থিক ইঞ্জিন’। এই এক ম্যাচই সম্প্রচারমূল্য, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও টিকিট বিক্রির বড় অংশের যোগান দেয়। ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের মোট বাণিজ্যিক মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের সমান। যেখানে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসর অ্যাক্টিভেশন ও আনুষঙ্গিক ব্যবসার হিসাব ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচে ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্পটের দামই পড়ে ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্ত। যা ভারতের অন্য যেকোনো নকআউট ম্যাচের চেয়েও বেশি। ফলে ম্যাচটি না হলে সবচেয়ে বড় ধাক্কা আসবে অফিসিয়াল সম্প্রচারস্বত্বধারীদের ওপর। শুধু বিজ্ঞাপন থেকেই সম্ভাব্য আয় ছিল প্রায় ৩০০ কোটি রুপি। এ ছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডও তাৎক্ষণিকভাবে প্রায় ২০০ কোটি রুপির ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ বিষয়টি নিয়ে মন্তব্য করে বলেন, এই বিশ্বকাপে ইতোমধ্যে বিপুল কর্পোরেট বিনিয়োগ হয়ে গেছে। তার ভাষায়, ভারতীয় এক বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী প্রায় ৯০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যেখানে বিশ্বের বাকি অংশ মিলিয়ে বিনিয়োগ হয়েছে প্রায় ৬০০ মিলিয়ন ডলার। রশিদ লতিফের মতে, “এত বড় বাজারে যখন ধাক্কা লাগে, তখন এর প্রভাব শুধু একটি সম্প্রচার সংস্থায় সীমাবদ্ধ থাকে না। এতে ভারত, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেট সংস্থাও ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে, মাঠের বাইরে এই বয়কট সিদ্ধান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্থনৈতিক কাঠামোকে বড় পরীক্ষার মুখে ফেলেছে। এখন দেখার বিষয় এই ক্ষতি সামাল দিতে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
জকোভিচকে থামিয়ে আলকারাজের ইতিহাস

জকোভিচকে থামিয়ে আলকারাজের ইতিহাস নোভাক জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরও বাড়ল। সার্বিয়ান কিংবদন্তির স্বপ্ন চূর্ণ করে দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিলেন স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ। রোববার রড লেভার অ্যারেনায় ৩ ঘণ্টা ৩ মিনিটের চার সেটের রোমাঞ্চকর লড়াইয়ে জকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। এই জয়ে মাত্র ২২ বছর বয়সেই ‘ক্যারিয়ার স্ল্যাম’ (চারটি ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম জয়) পূর্ণ করলেন আলকারাজ। ওপেন যুগে এত কম বয়সে এই কীর্তি আর কারও নেই। এমনকি তার ‘গুরু’ রাফায়েল নাদালকেও ছাড়িয়ে গেছেন তিনি। এটি আলকারাজের ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ফাইনালে দুর্দান্ত শুরু করেছিলেন অভিজ্ঞ জকোভিচ। আলকারাজের ভুলে এবং নিজের অভিজ্ঞতায় প্রথম সেট ৬-২ ব্যবধানে সহজেই জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা। জোকোভিচের সার্ভ ভেঙে ৬-২ গেমে সেট জিতে সমতা ফেরান। তৃতীয় ও চতুর্থ সেটে ৩৮ বছর বয়সী জকোভিচের খেলায় বয়সের ছাপ স্পষ্ট হয়। ২২ বছরের আলকারাজের গতির কাছে হার মানেন তিনি। তৃতীয় সেট ৬-৩ ব্যবধানে জেতার পর চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন আলকারাজ।
অ্যাকশন নিয়ে গ্রিনের প্রশ্নে সামাজিক মাধ্যমে উসমানের ব্যঙ্গ

অ্যাকশন নিয়ে গ্রিনের প্রশ্নে সামাজিক মাধ্যমে উসমানের ব্যঙ্গ গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে রেকর্ড ৯০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সেই ম্যাচে উসমান তারিকের আউট হয়ে যেন মেনেই নিতে পারছিলেন না ক্যামেরন গ্রিন। মাঠ ছাড়ার সময় বারবার ইঙ্গিত করছিলেন, চাকিং করেছেন উসমান। উসমানের বিপক্ষে এই অভিযোগ আগেও উঠেছে। তবে আগে কখনও কোনোপ্রকার আওয়াজ না করলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি। তার ইনস্টাগ্রাম স্টোরি দেখে পড়ে গেছে হাসির রোল। ম্যাচশেষেও যখন উসমানের বোলিং অ্যাকশন আলোচনায় তখন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। সেই ভিডিওতে দেখা যায়, আউট হয়ে সাজঘর ফিরে যাওয়ার সময় গ্রিন যেভাবে হাত নাড়িয়ে চাকিংয়ের অভিযোগ করছিলেন সেভাবেই এক কিশোর অভিযোগের সুরে কাঁদো কাঁদো ভঙ্গিমায় কোনো কিছু নিয়ে অভিযোগ জানাচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আফটার গেটিং আউট। উসমানের ভক্তরা ইনস্টাগ্রামে তার এই ভিডিও পোস্ট দেখে বেশ হাসাহাসি করছেন। অনেকেই তার রসবোধের প্রশংসা করছেন। আবার অনেকে পুনরায় প্রশ্ন তুলছেন অ্যাকশন নিয়ে।আইসিসির নিয়ম অনুযায়ী অবশ্য, হাতের কনুই ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। উসমান তারিকের বিরুদ্ধে অতীতে দুইবার চাকিংয়ের অভিযোগ উঠেছিল। নতুন করে ওঠা বিতর্ক কতদূর গড়ায়, তাই দেখার বিষয়।
বিসিবির নতুন টুর্নামেন্টের দল ঘোষণা

বিসিবির নতুন টুর্নামেন্টের দল ঘোষণা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। ফলে ওই সময়ে দেশের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাওয়া এই আসরের নাম দেওয়া হয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। যেখানে অংশ নেবে মোট তিন দল। আজ রোববার তিন দলের স্বোয়াড দল ঘোষণা করেছে বিসিবি। ধুমকেতু একাদশ স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। দুর্বার একাদশ স্কোয়াড- হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ। দুরন্ত একাদশ স্কোয়াড- জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।
অস্ট্রেলিয়ান টেনিস ওপেনের নতুন রানি রিবাকিনা

অস্ট্রেলিয়ান টেনিস ওপেনের নতুন রানি রিবাকিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন এলেনা রিবাকিনা। এতেই বাজিমাত। বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তানের এই টেনিস তারকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন রিবাকিনা। ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন বিশ্বের পাঁচ নম্বর র্যাংকিংধারী। তিন বছর পর আবারও ট্রফি জয়ের স্বাদ পেলেন তিনি। অন্যদিকে ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর টানা দুটি ফাইনালে হারলেন বেলারুশের সুন্দরী সাবালেঙ্কা। শনিবার (৩১ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে ফেবারিট তকমাটা ছিল সাবালেঙ্কার নামের পাশেই। তবে ম্যাচের শুরুতে দাপট দেখান রিবাকিনা। ৬-৪ এ প্রথম সেট জেতেন। হাল ছাড়েননি সাবালেঙ্কাও। ঘুরে দাঁড়িয়ে ৬-৪ এ দ্বিতীয় সেট জেতেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও ৩-০ তে লিড নিয়ে এগিয়ে যান তিনি। এরপর টানা দুটি ব্রেক করে ম্যাচ ঘুরিয়ে দেন রিবাকিনা এবং তৃতীয় সেট জেতেন ৬-৪ এ।
সাফে ভুটানকে ১২ গোলে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের

সাফে ভুটানকে ১২ গোলে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের চ্যাম্পিয়নের মতোই সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। আজ নেপালের পোখারায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল। এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট। তারপর ভুটানের মেয়েরা শুধু জাল থেকে বলই কুড়িয়েছেন। প্রথমার্ধে ৪ ও দ্বিতীয়ার্ধে ৮ গোল দিয়ে বাংলাদেশ রীতিমতো ভুটানকে বিধ্বস্ত করে ফেলে। ৪ গোল করেছেন মুনকি আক্তার। ৩টি করেছেন তৃষ্ণা রানী ও আলপি আক্তার। অধিনায়ক অর্পিতা বিশ্বাস, মামুনি চাকমা একটি করে গোল করেছেন। ৪ দেশের টুর্নামেন্টে লিগ ভিত্তিতে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল। বাংলাদেশের পরের ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।