কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড বৃষ্টির বাগড়ায় ম্যাচের উত্তেজনা অনেকটাই কমে গিয়েছিল। তা-ও যে টুকু ছিল স্যাম কারান হ্যাটট্রিক করে সবটাই নিজের করে নিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় এনে দিয়েছেন কারান। পাল্লেকেল্লেতে ডাকওয়ার্থ লুইস স্টার্ন আইনে শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং নেমে ১৭ ওভারে শ্রীলঙ্কা ১৩৩ রানে গুটিয়ে যায়। বৃষ্টির কারণে ম্যাচ ৩ ওভার কমে আসে। জবাবে ইংল্যান্ড ১৫ ওভারে ১২৫ রান তুলে নেয়। এরপর বৃষ্টির দাপটে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ১১ রানে এগিয়ে থাকায় ম্যাচ ইংল্যান্ড জিতে নেয়।

লিটন-শান্তদের তিন দলের টুর্নামেন্টে জাঁকজমক 

লিটন-শান্তদের তিন দলের টুর্নামেন্টে জাঁকজমক  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না এবার। মূলত নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে যেতে রাজি হয়নি বিসিবি। তাদের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করে ইতোমধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। বিশ্বকাপ না থাকায় ওই সময়ে বিসিবি ৩ দলের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আসন্ন টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও থাকবেন এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররা। বিসিবির বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্ট জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৫, ৬ ও ৭ ফ্রেব্রুয়ারি গ্রুপপর্বের পর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সেখানে অংশগ্রহণ করা ক্রিকেটারদের জন্য থাকছে ভালো পেমেন্টের ব্যবস্থাও। প্রথম দিনে দর্শকদের কথা চিন্তা করে থাকছে বেশ ভালো একটা উদ্বোধনী অনুষ্ঠান। ফাইনালে থাকবে আঁতশ বাজির সঙ্গে ড্রোন শো। ঘরোয়া এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে জাঁকজমকের কোনো কমতি রাখতে চাই না বিসিবি। তবে তিন দলের অধিনায়কত্বে কারা থাকছেন সেটি এখনও অজানা। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘(বিশ্বকাপ না খেলায়) আর্থিক বিষয় তো জড়িয়ে আছে–ই। কিন্তু সবার আগে নিরাপত্তার বিষয়। ইতোমধ্যে আমাদের উপদেষ্টা বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেছেন। দেশেই আমরা আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। বিসিবির মাধ্যমে খবরটা পাবেন। আপনাদের অবহিত করবেন বিসিবি সভাপতি। সরকার আয়োজন করবে না, ক্রিকেট বোর্ডই সব করবে।

যুক্তরাষ্টের বিশ্বকাপ দলে সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার

যুক্তরাষ্টের বিশ্বকাপ দলে সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র (ইউএসএ)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া। ৩৩ বছর বয়সী জয়াসুরিয়া ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ১২টি ওয়ানডে ও ১৮টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সম্প্রতি তিনি শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে তিন দিনের ম্যাচে অপরাজিত ১০০ রান করে নিজের ১৪তম প্রথম-শ্রেণির সেঞ্চুরি পূর্ণ করেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে থাকলেও খুব বেশি সুযোগ পাননি এই অলরাউন্ডার। পরে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি এবং সেখানকার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন। ২০২৩ সালে মেজর লিগ ক্রিকেটে সিয়াটল অর্কাসের হয়েও অংশ নেন। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক না হলেও বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। অভিজ্ঞতা ও অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে তিনি দলের ভারসাম্য বাড়াবেন বলে আশা করা হচ্ছে। দলে আছেন পাকিস্তানে জন্ম নেওয়া স্পিনার মোহাম্মদ মহসিনও। দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, আর সহ-অধিনায়ক করা হয়েছে জেসি সিংকে। আগামী ৭ ফেব্রুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। একই গ্রুপে রয়েছে পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন

ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ঘনীভূত হচ্ছে শঙ্কার কালো মেঘ। দেশটিতে প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করায় ইংল্যান্ডের মতো পরাশক্তি দেশ টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে। ইংল্যান্ডের আপত্তির পর এখন অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন প্রশ্ন তুলছে। অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, নিপাহ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আপাতত অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধিতে পরিবর্তনের প্রয়োজন নেই, তবে অস্ট্রেলিয়া সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনো নতুন কোনো বিধি-নিষেধ আরোপ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিপাহ ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পর্যায়ে নিপাহ ভাইরাসের ঝুঁকি নিয়ে আলোচনা জোরদার হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যেও সতর্কতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি গণমাধ্যম আরো জানিয়েছে, ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের কয়েকটি দেশও ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করছে। এমনকি পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করেছিল আইসিসি, যা বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

আলকারাজ সাড়ে পাঁচ ঘণ্টার থ্রিলার জিতে ফাইনালে

আলকারাজ সাড়ে পাঁচ ঘণ্টার থ্রিলার জিতে ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে যা হলো তা পুরাই সিনেমা। যেখানে লড়াই হয়েছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। এর মাঝে ইনজুরিতে পড়েন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ। তবে দমে যাননি তিনি। দুর্দান্ত থ্রিলার ম্যাচে আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে ফাইনালে উঠেছেন এই স্প্যানিশ। এতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ২২ বছর বয়সী আলকারাজ। সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতার খুব কাছে তিনি। শুক্রবার (৩০ জানুয়ারি) মেলবোর্ন পার্কে প্রথম সেট ৬-৪ এ জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আলকারাজ। দ্বিতীয় সেটেও টাইব্রেকে জেতেন। তৃতীয় সেট জমে ওঠে নাটকীয়তায়, যখন আলকারাজ ঊরু ও কুঁচকির ব্যথায় মেডিক্যাল টাইম আউট চান। কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ ছিল। এতে জভেরেভ ও চেয়ার আম্পায়ারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জভেরেভ টানা দুই সেট টাইব্রেকে জিতে পঞ্চম সেটে নেন। ম্যাচ নির্ধারণী সেটে একটা সময় ৩-১ এ লিড নেন তিনি। কিন্তু আলকারাজ হাল ছাড়েননি। দৃঢ়চেতা হয়ে ঘুরে দাঁড়ান এবং দর্শকদের কল্পনাকে হার মানান। শেষ পর্যন্ত জভেরভকে ৬–৪, ৭–৬ (৭–৫), ৬–৭ (৩–৭), ৬–৭ (৪–৭), ৭–৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ফাইনালের দেখা পেলেন আলকারাজ। ফাইনালে এই স্প্যনিশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচের দ্বিতীয় সেমিফাইনাল শেষে। এই থ্রিলার ম্যাচ জিতে আলকারাজ বলেন, ‘বিশ্বাস, সবসময় বিশ্বাস রেখেছি। আমি সবসময় বলি যতই ঝড়ঝাপ্টা আসুক, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তৃতীয় সেটের মাঝামাঝি সময়ে চোট পেলাম। এই ধরনের পরিস্থিতিতে আগেও পড়েছি। কিন্তু আমি ম্যাচ থেকে সরে দাঁড়াইনি। শেষ বল পর্যন্ত লড়াই করে গিয়েছি।

৮২ বছর বয়সেও রানী হামিদ চ্যাম্পিয়ন

৮২ বছর বয়সেও রানী হামিদ চ্যাম্পিয়ন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ। বয়স যে আশির কোঠা পেরিয়েছে, তা বিশ্বাস করা কঠিন। ৮২ বছর বয়সেও নিয়মিত খেলছেন, আর চ্যাম্পিয়নও হচ্ছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে লিগে অংশ নেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। ৮২ বছর বয়সে লিগে খেলা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া সহজ নয়। তবে রানী হামিদের কাছে বিষয়টি বেশ স্বাচ্ছন্দ্যের। তিনি বলেন, ‘আমি চার গেম খেলেছিলাম। দলের সবাই ভালো খেলায় চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরে পুলিশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম। রানী হামিদ বলেন, ‘আমি তো নিয়মিতই খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নয়। ফেব্রুয়ারিতে ৮২ পেরিয়ে ৮৩ তে পা দেব। যত দিন সুস্থ থাকব খেলব। লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। একই পয়েন্ট অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স আপ হয়েছে। দুই দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে শিরোপা নির্ধারিত হয়। গেম পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ২২.৫ গেম পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়। বাংলাদেশ নৌবাহিনী দলের পক্ষে অংশ নেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।

বাংলাদেশ নিয়ে বিশ্বকাপ বিতর্কে অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

বাংলাদেশ নিয়ে বিশ্বকাপ বিতর্কে অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় চলমান বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট সচিব বান্দুলা দিসানায়েকে জানিয়েছেন, ভারত-পাকিস্তান-বাংলাদেশকে ঘিরে এই টানাপোড়েনে কলম্বো সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে এ বিষয়ে মুখ খুলে দিসানায়েকে বলেন, “ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার এই বিরোধে আমরা নিরপেক্ষ অবস্থানেই থাকছি। এই তিনটি দেশই আমাদের বন্ধুপ্রতিম। তিনি আরো জানান, প্রয়োজন হলে ভবিষ্যতে এই তিন দেশের যেকোনোটির জন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে শ্রীলঙ্কা প্রস্তুত। আঞ্চলিক ক্রিকেটে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই তাদের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।এই বিতর্কের সূত্রপাত হয়, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে আইসিসির কাছে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন জানায়। সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে। একই সময়ে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘটনাও উদ্বেগ বাড়িয়ে তোলে। আইসিসি অবশ্য বাংলাদেশের আবেদন নাকচ করে দেয় এবং মূল সূচি অনুযায়ী অংশগ্রহণ নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। বাংলাদেশ সেই অবস্থানেই অনড় থাকলে শেষ পর্যন্ত দলটিকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয় এবং সর্বোচ্চ র‍্যাঙ্কিংপ্রাপ্ত অযোগ্য দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই গুঞ্জন ছড়ায় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান হয়তো পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে অথবা অন্তত ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পথ বেছে নিতে পারে। এই পুরো পরিস্থিতি শ্রীলঙ্কা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশটির ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেন, “বিশ্বকাপ যেন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়, এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি নিশ্চিত করেন, উচ্চঝুঁকির ম্যাচগুলোতে, বিশেষ করে ভারত-পাকিস্তান লড়াইয়ে বাড়তি গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সব মিলিয়ে, বাংলাদেশ ইস্যুতে উত্তাল ক্রিকেট রাজনীতির মাঝেও নিরপেক্ষতা আর স্থিতিশীলতার বার্তাই দিচ্ছে শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের যে দুই আম্পায়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের যে দুই আম্পায়ার ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। বিসিবি’র এই সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দেশটির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন দুজন আম্পায়ার। বিশ্বকাপে থাকছেন গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে রয়েছে বাংলাদেশের এই দুই আম্পয়ারের নাম।পুরো বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ছয়জন। এই ছয়জনের তালিকায় আছেন ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ। এদিকে আম্পয়ারের তালিকায় রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কখ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আলাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরো, শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্রা বিমালাসিরি ও আসিফ ইয়াকুব। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংগলিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইট।

স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশের মেয়েদের

স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান তুলে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের পর আগেই মূল পর্ব নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল আজ সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।

সহজ জয়ে শেষ ষোলোতে ম্যান সিটি

সহজ জয়ে শেষ ষোলোতে ম্যান সিটি প্রতিপক্ষ যখন গালাতাসারাই, তখন স্বাভাবিকভাবেই ম্যাচের আগে ফেবারিট ম্যানচেস্টার সিটি। জয় পেতে কষ্ট হওয়ার তো কথা নয়। যা অনুমান তাই হয়েছে। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে খেলা সহজ করে ফেলেছিল সিটি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে না পারলেও গোল হজম না করায় ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে এমন জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে প্রথমে আর্লিং হালান্ড দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান বাড়ান হায়ান শেহকি। তুরস্কের ক্লাবটির বিপক্ষে সহজ জয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের সেরা আটে জায়গা করে নিয়েছে সিটি। অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর প্লে-অফে খেলা নিশ্চিত করেছে গালাতাসারাই। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পেয়েও গোল করতে পারেনি সিটি। তবে কাঙ্খিত গোলের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নরওয়েজিয়ান স্ট্রাইকারকে। ১১ মিনিটে জেরেমি ডকুর কাছ থেকে বল পেয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান তিনি। ২৯ মিনিটেও ডকুর অবদানে গোলের দেখা পায় সিটি। তার বাড়ানো বলেই গোল করেন শেহকি।