আমিরাতের চমক ভারতকে ৭ উইকেটে হারিয়ে

আমিরাতের চমক ভারতকে ৭ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে বড় অঘটনের জন্ম দিল সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে তারা। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ২৭ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন অনুষ্কা শর্মা ও তনুজা কানওয়ার। অনুষ্কার ৪৭ ও তনুজার ৩৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে ভারত। আমিরাতের হয়ে সামাইরা ৩টি উইকেট নেন। ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক এশা ওঝার দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় আমিরাত। ওপেনিংয়ে ৪০ রান তোলার পর সামাইরাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন এশা। শেষ পর্যন্ত এশা ওঝার অপরাজিত ৭২ রানের অধিনায়কোচিত ইনিংসে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আমিরাত।

১৯ বছর পর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

১৯ বছর পর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে সবশেষ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে। তার ঠিক ১৯ বছর পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারাল আফ্রিকার দলটি। আজ শুক্রবার দুপুরে কলম্বোতে ‘বি’ গ্রুপের ম্যাচে ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে। টস হেরে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। রান তাড়া করতে নেমে ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অজিরা। জশ ইংলিস ৮, ক্যামেরন গ্রিন ০, টিম ডেভিড ০ ও ট্র্যাভিড হেড ফিরেন ১৭ রান করে। সেখান থেকে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেন’শ। পঞ্চম উইকেটে তারা দুজন ৭৭ রানের জুটি গড়ে আশা জাগান। কিন্তু ১০৬ রানের মাথায় ম্যাক্সওয়েল ফিরলে ভাঙে এই জুটি। ১টি চার ও ১ ছক্কায় ৩২ বলে ৩১ রান করেন তিনি। এরপর মার্কাস স্টয়েনিস ৬, বেন ডোয়ারশুইস ৬ আউট হলে আবারও চাপে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা। তবুও আশা জাগাচ্ছিলেন ম্যাট রেন’শ। ১৩৯ রানের মাথায় রেন’শ আউট হলে আশার আলো নিভে যায় অজিদের। তিনি ৪৪ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন। এরপর ১৪১ রানে অ্যাডাম জাম্পা (২) ও ১৪৬ রানে ম্যাথিউ কুহনেম্যান (০) আউট হলে অস্ট্রেলিয়ার ইনিংসের যবনিকাপাত ঘটে। বল হাতে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ১৭ রানে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ব্রাড ইভান্স ৩.৩ ওভারে ২৩ রানে নেন ৩টি উইকেট।

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহাউত্তেজনা। দুই দল নামার আগেই মাঠের বাইরে শুরু হয়ে যায় যুদ্ধ। দুই দেশের রাজনৈতিক বৈরিতা ১১ জন বনাম ১১ জনের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করে। শুধু দেশের লড়াইয়ে সীমাবদ্ধ নয়, দুই দলের ক্রিকেটাররা চেষ্টা করেন একে অপরকে ছাপিয়ে যাওয়ার। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে নামবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে কয়েকটি ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর থাকবে ভক্ত-সমর্থকদের। শাহিন বনাম অভিষেক এই দ্বৈরথে অভিষেক এগিয়ে। এশিয়া কাপে তিন ম্যাচে শাহিনের মুখোমুখি হয়েছেন তিনি। পাকিস্তানি পেসারের বিরুদ্ধে ১৯ বল খেলে করেছেন ৩৬ রান। ১৮৯.৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। পাকিস্তানের প্রধান পেসারকে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন ভারতীয় ওপেনার। অভিষেক শাহিনের বিরুদ্ধে অপরাজিত ছিলেন। বিশ্বকাপেও সেই ছন্দ ধরে রাখতে চাইবেন তিনি। আর শাহিনের চাওয়া আগের তিন ম্যাচের হিসাব পাল্টে দেওয়ায়। বুমরাহ বনাম ফারহান এখন পর্যন্ত জসপ্রীত বুমরাহের বিরুদ্ধে দাপট ধরে রেখেছেন সাহিবজাদা ফারহান। এশিয়া কাপে তাদেরও দেখা হয়েছে তিন ম্যাচে। বুমরাহের ৩৪ বলে ফারহান করেছেন ৫১ রান। ১৫০ স্ট্রাইক রেটে রান করার পথে তিনি ছয়টি চার ও তিনটি ছক্কা মেরেছেন। ফারহানকে একবারও আউট করতে পারেননি বুমরাহ। বিশ্বকাপেও কি সেই দাপট ধরে রাখতে পারবেন ফারহান? বাবর বনাম বরুণ বাবর আজম আগের ম্যাচে নিজেকে ফিরে পেয়েছেন। ভারতের বিপক্ষে মিডল অর্ডারে তিনি পাকিস্তানের বড় ভরসা। এই সময়ে সামনে বরুণ চক্রবর্তীকে হয়তো পাবেন তিনি। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রমতালিকায় বিশ্বের সেরা বোলার বরুণ রহস্যময় বোলিং করে ব্যাটারদের সমস্যায় ফেলেন। এর আগে টি-টোয়েন্টিতে বরুণের ১৩ বলে ১৭ রান করেছেন বাবর। মেরেছেন একটি চার ও একটি ছক্কা। একবারও আউট হননি। অবশ্য স্ট্রাইক রেট খুব বেশি (১৩০.৮) নয়। রোববার কে বাজিমাত করেন সে দিকেই চেয়ে থাকবেন দুই দলের সমর্থকরা। সূর্যকুমার বনাম তারিক সূর্যকুমার যাদব যুক্তরাষ্ট্রের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দলের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। মাঠের চার দিকে সহজে শট খেলতে পারার ক্ষমতা তাকে অন্য পর্যায়ে রেখেছে। এবারের বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস উসমান তারিক সূর্যকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন। প্রথমবার ভারতের ব্যাটাররা খেলবেন তার বিরুদ্ধে। বোলিং অ্যাকশন অদ্ভুত হওয়ার কারণে ভারতীয়রা প্রশ্ন তুললেও আইসিসি তাকে ছাড়পত্র দিয়ে রেখেছে। আর ভারতের বিপক্ষে নামার আগেই হুঁশিয়ারি দিয়েছেন তারিক। সূর্যকে থামাতে তার ওপর ভরসা রাখবেন সালমান আলি আগা। এই লড়াইয়ের দিকেও সকলের নজর থাকবে। হার্দিক বনাম ফাহিম হার্দিক ও ফাহিম আশরাফ দলের দুই সেরা অলরাউন্ডার। দুজনেই ব্যাট ও বল হাতে বড় ভূমিকা রাখেন। হার্দিকের ৫ বলে এখন পর্যন্ত ১২ রান করেছেন ফাহিম। আর ফাহিমের ২ বলে ২ রান করেছেন হার্দিক। ব্যাট হাতে দুজনেই ফিনিশারের ভূমিকা রাখার পাশাপাশি পাওয়ার প্লে ও ডেথ ওভারে বল করেন। দুজনের মধ্যে বেশ মিল, তাই রোববারের ম্যাচে এই দুজনের লড়াইয়ে আগ্রহ থাকবে অনেকের।

জীবনে প্রথম ভোট দিলেন তামিম ইকবাল

জীবনে প্রথম ভোট দিলেন তামিম ইকবাল উৎসবমুখর পরিবেশে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একটি বুথে তিনি ভোট প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে তামিম ইকবাল তার ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। নিরাপত্তার স্বার্থে তাকে সেনাবাহিনীর বিশেষ প্রটোকলে কেন্দ্রে নেওয়া হয়। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের এই ভোটার গাড়ি থেকে নেমে সরাসরি বুথে গিয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। পরিবেশ খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। প্রক্রিয়াটি খুবই সহজ ছিল। আশা করি, সবাই এমন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. এয়াছিন জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি এবং অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। ভোট প্রদান শেষে সেনাবাহিনীর একই প্রটোকলে কেন্দ্র ত্যাগ করেন এই ক্রিকেট তারকা।

অবশেষে চালু হচ্ছে মেয়েদের বিপিএল, শুরু কবে থেকে

অবশেষে চালু হচ্ছে মেয়েদের বিপিএল, শুরু কবে থেকে মেয়েদের বিপিএল করার চিন্তা আগে থেকেই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গত বছরই দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নারীদের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল বিসিবি। তবে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা এলো। বোর্ডের নারী উইং জানিয়েছে, মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডব্লিউবিপিএল) প্রথম আসর হবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডব্লিউবিপিএল দেশের নারী ক্রিকেটের পেশাদার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। প্রথম আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। এতে জাতীয় দলের শীর্ষ খেলোয়াড়দের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও খেলবেন। প্রতিটি দলে ভারসাম্য ও প্রতিযোগিতা নিশ্চিত করতে স্থানীয় খেলোয়াড়দের ড্রাফট পদ্ধতির মাধ্যমে বাছাই করা হবে। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার খেলোয়াড় দলে নিতে পারবে। এতে আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়বে, বিশ্বমঞ্চে পরিচিতি মিলবে এবং টুর্নামেন্টের মান আরো উন্নত হবে বলে আশা বিসিবির। ডব্লিউবিপিএলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। এই পরিষদ টুর্নামেন্টের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবে। ফ্র্যাঞ্চাইজি, ড্রাফট নীতিমালা, খেলার ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবে বিসিবি।

পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে পিএসএলের নিলাম। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।  এবারের পিএসএল নিলামে দল পেয়েছেন মোট ১০৩ ক্রিকেটার। তবে রিটেইন ও সরাসরি চুক্তিসহ এবার দল পেয়েছেন মোট ১৪১ জন ক্রিকেটার। পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-  ইসলামাবাদ ইউনাইটেড- শাদাব খান, সালমান ইরশাদ, আন্দ্রিস গুস, ডেভন কনওয়, ফাহিম আশরাফ, মেহরান মুমতাজ, ম্যাক্স ব্রায়ান্ট, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মীর হামজা সাজ্জাদ, সামির মিনহাস, সামিন গুল, শামার জোসেফ, ইমাদ ওয়াসিম, রিচার্ড গ্লেসন, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, দীপেন্দ্র সিং আইরে। শিয়ালকোট স্ট্যালিয়ন্স- স্টিভ স্মিথ, মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান, স্টিভ স্মিথ, জাহানজাইব সুলতান, অ্যাস্টন টার্নার, পিটার সিডল, তাবরাইজ শামসি, লাচলান শো, ডিলানো পটগিটার, জশ ফিপিপ, শান মাসুদ, মমিন কুমার, আওয়াইস জাফর। করাচি কিংস- মঈন আলী, খুশদিল শাহ, হাসান আলী, সাদ বেগ, আব্বাস আফ্রিদি, মঈন আলী, আজম খান, ডেভিড ওয়ার্নার, সালমান আলী আঘা, শহীদ আজিজ, মীর হামজা, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ হামজা, আকিব ইলিয়াস, খুজাইমা বিন তানভির, জনসন চার্লস, মোহাম্মদ ওয়াসিম, ইহসানউল্লাহ, রিজওয়ানউল্লাহ। কোয়েটা গ্লাডিয়েটর্স- আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ, শ্যামল হোসেন, স্পেন্সার জনসন, রাইলি রুশো, ফয়সাল আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, খাজা নাফে, ওয়াসিম আকরাম জুনিয়র, খান জেব, বিসমিল্লাহ খান, সাকিব খান, ব্রেট হ্যাম্পটন, স্যামুয়েল হার্পার, বেভন জ্যাকবস, সাউদ শাকিল, বেন ম্যাকডারমট, টম কারান। লাহোর কালান্দার্স- মুস্তাফিজুর রহমান, শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম, হারিস রউফ, উসামা মীর, ফখর জামান, উবাইদ শাহ, হাসিবউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, দাসুন শানাকা, পারভেজ হোসেন ইমন, আসিফ আলী, হুসাইন তালাত, তৈয়ব তাহির, গুড়াকেশ মোতি। পেশাওয়ার জালমি- অ্যারন হার্ডি, বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলী রাজা, আমের জামাল, খুররাম শাহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুস সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশাল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ। হায়দরাবাদ কিংসম্যান- সাইম আইয়ুব, উসমান খান, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মার্নাস ল্যাবুশেন, মোহাম্মদ আলী, কুশাল পেরেরা, ইরফান খান নিয়াজি, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, ওটেনিল বার্টম্যান, হাম্মাদ আজম, রাইলি মেরিডিথ, শারজিল খান, আসিফ মাহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলী, তৈয়ব আরিফ। রাওয়ালপিন্ডি- মোহাম্মদ রিজওয়ান, জামান খান, ইয়াসির খান, স্যাম বিলিংস, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টার, লরি ইভান্স, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, ফাওয়াদ আলী, মোহাম্মদ আমির খান, শাহজাইব খান।

ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান : ফারহান

ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান : ফারহান ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মহারণের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে পাকিস্তান শিবির। বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের পরই দলটি জানিয়ে দিয়েছে, ভারতের বিপক্ষে তারা মাঠে নামবে ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানের জয়ের পর ম্যাচসেরা হওয়া ওপেনার সাহিবজাদা ফারহান বলেছেন, ভারতের বিপক্ষে আগের ম্যাচগুলোর মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় পাকিস্তান। ম্যাচ শেষে ফারহান বলেন, ‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে যেমন খেলেছি, এবারও একইভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই।’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। ফারহান জানান, অনুশীলন থেকেই নিজের ছন্দ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এমনকি ম্যাচসেরা হওয়ার লক্ষ্যও আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। বিশ্বকাপে অন্তত দুই থেকে তিনটি ম্যাচসেরা হওয়ার ব্যক্তিগত লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, দল রান তাড়া করা এবং আগে ব্যাট করা—দুই পরিস্থিতিতেই প্রস্তুত। ‘আমরা চেষ্টা করি আগে ব্যাট করে গড়ের চেয়ে বেশি রান তুলতে এবং তা রক্ষা করতে। আমাদের ব্যাটিং অর্ডার নমনীয়। পরিস্থিতি অনুযায়ী যে কেউ উপরে বা নিচে খেলতে পারে,’ বলেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেক বেশি গুছানো পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান। ১৯০ রানের সংগ্রহ দাঁড় করিয়ে সেটি সফলভাবে রক্ষা করে দলটি। তবে অধিনায়ক স্বীকার করেছেন, পাওয়ারপ্লে বোলিংয়ে আরো উন্নতির সুযোগ আছে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এখন সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

২০২৮ যুব বিশ্বকাপের আয়োজক হতে পারে বাংলাদেশ!

২০২৮ যুব বিশ্বকাপের আয়োজক হতে পারে বাংলাদেশ! টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে চলছে। কিন্তু মাঠের বাইরের উত্তাপটাই এখন পর্যন্ত বেশি। ভারত ও পাকিস্তান ম্যাচ খেলবে কিনা তা গতকাল পর্যন্ত নিশ্চিত ছিল না। রোববার লাহোরে আইসিসি, পিসিবি বৈঠকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ হয়। পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাল্টেছে। তাতে পুরো ক্রিকেট বিশ্ব যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) রেখেছে ভূমিকা। সঙ্গে লাভবান হয়েছে বাংলাদেশও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির আমন্ত্রণে লাহোরে হুট করে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল বড় সংবাদ নিয়ে দেশে ফিরেছেন। হ্যাঁ, সংবাদটা বড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়াতে বিসিবিকে কোনো আর্থিক, ক্রিকেটীয় বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে আইসিসি। বাংলাদেশের যেন আর্থিক কোনো ক্ষতি না হয় সেই দিকটি পাকিস্তান নিশ্চিত করেছে। তাহলেই ভারতের বিপক্ষে তারা খেলবে সেই শর্ত দিয়েছিল। আইসিসিও তা মেনে নিয়েছে। সঙ্গে বাড়তি পাওয়াও আছে। আইসিসি ২০৩১ সালের আগে বাংলাদেশকে আরেকটি আইসিসি ইভেন্টে আয়োজক করতে পারে। সেটা হতে পারে ২০২৮ যুব বিশ্বকাপ। মৌখিক যে আলাপ আলোচনা হয়েছে, বাংলাদেশ যুব বিশ্বকাপই পেতে পারে। এর আগে এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ। তাছাড়া সাম্ভাব্য আইসিসি ইভেন্টে আছে যুব নারী বিশ্বকাপ। বিসিবি সভাপতি আমিনুল ছেলেদের যুব বিশ্বকাপ আয়োজন করার আগ্রহ দেখিয়েছেন। এমনটিই শোনা গেছে। পাকিস্তানের গণমাধ্যমেও তা উঠে এসেছে। আইসিসির জন্য যুব বিশ্বকাপের আয়োজক নির্ধারণ করার কাজটা বরাবরই কঠিন। কেননা বড় দেশগুলো এই ইভেন্টের থেকে মুখ ফিরিয়ে নেয়। অতীতের রেকর্ড তাই বলছে। ভারত ও ইংল্যান্ডের মতো দেশ কখনই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হয়নি। ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম আসর বসেছিল অস্ট্রেলিয়াতে। ২০১২ সালে তারা সবশেষ আয়োজন করে। সেটাও ১৪ বছর আগে। আইসিসি ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে এই তিনটা দেশ অনেক বেশি আগ্রহী হয়, বিশেষ করে পুরুষদের আইসিসি ইভেন্টের ক্ষেত্রে। ‘বিগ থ্রি’ যাদেরকে বলা হয় তাদের অনাগ্রহে বাকিদের সুযোগ হয়। বাংলাদেশ ২০০৪ ও ২০১৬ সালে এই প্রতিযোগিতা আয়োজন করেছে। শ্রীলঙ্কাও করেছে দুইবার। সবশেষ ২০ বছর আগে।বাংলাদেশে এই আয়োজন করা আইসিসির জন‌্য লাভজনক। কেননা বাংলাদেশে আয়োজন করার খরচটা কম। সঙ্গে আর্থিক লাভটাও হয়। দুই বছর পর আরেকটি যুব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ তা অনেকটাই নিশ্চিত হয়ে আছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

থাইল‌্যান্ড যাচ্ছে ‘এ’ দল

থাইল‌্যান্ড যাচ্ছে ‘এ’ দল এশিয়া কাপ রাইজিং স্টার ওমেন্স টুর্নামেন্ট খেলতে আগামীকাল দুপুরে থাইল‌্যান্ড যাবে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড। দলটিকে নেতৃত্ব দেবেন অধিনায়ক ফাহিমা খাতুন। ১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দল নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-এ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল‌্যান্ডকে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। বাংলাদেশের প্রথম ম‌্যাচ ১৪ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুপুর ২টায় ম‌্যাচটি শুরু হবে। পরের দুই ম‌্যাচ যথাক্রমে থাইল‌্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। ১৬ ও ১৮ ফেব্রুয়ারি ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল একই দিনে অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ম‌্যাচ।     ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশাম তানজিম, রুবয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমীন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ঞা, সাদিয়া আক্তার, ফারজাহা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তেজ নাহার, লতা মন্ডল, সুমাইয়া আক্তার ও ফাতেমা জাহান। স্টান্ড বাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না চেলসি

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলের লিড নেওয়ার পরও জয় ধরে রাখতে পারেনি চেলসি। ২-২ গোলের ড্রয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট ভাগাভাগি করে সেরা চারে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লন্ডনের ক্লাবটি। প্রথমার্ধের শেষ দিকে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর লিড আরও বাড়ান কোল পালমার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণও ছিল চেলসির হাতেই। তবে চেলসির ভুলেই ম্যাচে ফিরে আসে লিডস। মোইসেস কাইসেদো বক্সের ভেতর জেডেন বোগলেকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পট-কিক থেকে লুকাস নেমেচা গোল করে ব্যবধান কমান। সমতায় ফেরার গোলটি আসে চেলসির রক্ষণভাগের চরম ভুলে। জশ আচেমপং, মালো গুস্তো ও গোলরক্ষক রবার্ট সানচেজ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ নেন নোয়া ওকাফর। সহজ টোকায় জালে বল জড়িয়ে লিডসকে সমতায় ফেরান তিনি। নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতেছিল চেলসি। কিন্তু এই ড্রয়ের ফলে তাদের জয়যাত্রায় ছেদ পড়ল। পরে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ড্র করায় চেলসি পঞ্চম স্থানেই থাকছে। অন্যদিকে এই ড্রয়ের ফলে লিডস ইউনাইটেড টটেনহামকে পেছনে ফেলে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে।