আন্তর্জাতিক ক্রিকেটে সেকেন্ড টিম থার্ড টিম বলে কিছু নেই

আন্তর্জাতিক ক্রিকেটে সেকেন্ড টিম থার্ড টিম বলে কিছু নেই নিউ জিল্যান্ডের যে দলটা বাংলাদেশ সফরে এসেছে দলটিকে নিশ্চিতভাবেই তাদের দ্বিতীয় কিংবা তৃতীয় সারির দল বলা যায়। দলটির কোচ রব ওয়াল্টার তো বলেই দিয়েছিলেন তাদের ৫৪ ক্রিকেটার বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগে জাতীয় দলের প্রথম সারির সব খেলোয়ড়রা ব্যস্ত। তাইতো বাধ্য হয়ে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশে এসেছে কিউইরা। অথচ সেই দলটাই বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে ২৬ রানের ব্যবধানে হারিয়েছে। জয়ের তীব্র ইচ্ছা, হাল না ছাড়া মানসিকতায় নিউ জিল্যান্ড মাঠে ছিল অনন্য, অসাধারণ। তাদের পেশাদারিত্ব, তাদের সামর্থ্যের প্রশংসা করছে সবাই। শক্তি ও সামর্থ্যে বাংলাদেশ পিছিয়ে নেই। কিন্তু মাঠের ক্রিকেটে পেরে ওঠেনি লাল-সবুজের প্রতিনিধিরা। অতিথি দলটার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশের সেরা ছিলেন শরিফুল ইসলাম। ১০ ওভার হাত ঘুরিয়ে ২৭ রানে ২ উইকেট নেন। প্রতিপক্ষ হিসেবে নিউ জিল্যান্ডকে মূল্যায়ন করতে গিয়ে রোববার শরিফুল মিরপুরে বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সময় সেকেন্ড টিম, থার্ড টিম বলে কিছু নেই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই আন্তর্জাতিকে এসেছে। প্রথম ম্যাচের হারের যন্ত্রণা ভুলে আগামীকাল বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস শরিফুলের, “এখনও আমাদের হাতে দুটি ম্যাচ আছে। আমাদের ওই সামর্থ্য আছে যে আমরা ঘুরে দাঁড়াতে পারব। একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল।। আমরাও ভালো দল।। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।মোস্তাফিজুরের আচমকা চোটে শরিফুল প্রথম ম্যাচে খেলার সুযোগ পান। ১৬ মাস পর ওয়ানডেতে তার প্রত্যাবর্তন হয়। সেদিনের ঘটনা তুলে এনে শরিফুল বলেছেন, “টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলা হলো যে আমি খেলব। রিশাদ তখন বলল, ‘হয়তো তোমার রিজিকে আছে।’ আমি ওভাবেই প্রস্তুতি নিয়েছি, তারপর রানআপ মেপেছি, ওয়ার্ম আপ বোলিং করেছি। কাজেই আলহামদুলিল্লাহ… আল্লাহ রিজিকে রেখেছিল, তার জন্য আর কী। লম্বা সময় পর মাঠে ফিরে পারফর্ম করায় খুশি শরিফুল। কিন্তু দল না জেতায় মন খারাপ তারও, “সবশেষ ওয়ানডে খেলছিলাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তারপর একটা গ্যাপ ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের বাইরে ছিলাম। তবে আমি সবসময় বেসিক কাজগুলা করার চেষ্টা করি আর সুযোগ এলে ভালো করার চেষ্টা করি। নিজের সঙ্গে লড়াই করেছি। সুযোগটা যখন এসেছে, ভালো করার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে মোটামুটি একটা বোলিং করেছি, তবে দিনশেষে আমরা ম্যাচটা হেরেছি।। সেক্ষেত্রে অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে।
সেরাটা দিতে উৎসাহিত করবে ক্রীড়া ভাতা ও কার্ড পেয়ে মোরসালিন

সেরাটা দিতে উৎসাহিত করবে ক্রীড়া ভাতা ও কার্ড পেয়ে মোরসালিন ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিতে এবং ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার চালু করেছে ক্রীড়া ভাতা ও কার্ড কর্মসূচি। এর আওতায় শুরুতে ফুটবলার কিংবা হকি খেলোয়াড়েরা ছিলেন না। আজ রবিবার দ্বিতীয় দফায় সেই অপূর্ণতা দূর হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া ক্রীড়া কার্ড। দ্বিতীয় ধাপে নতুন করে ১৭১ জন খেলোয়াড়কে এই ভাতার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ সরকারের এই বিশেষ সুবিধার আওতায় এলেন। পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন অন্তর্ভুক্ত ১৭১ জন খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড ও এক লাখ টাকা করে ভাতা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ধাপে সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন সদস্য। ভাতা পাওয়ার পর নিজেদের প্রতিক্রিয়া ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন জাতীয় দলের তারকা ফুটবলাররা। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস অন্তর এই ভাতার তালিকা হালনাগাদ করার যে নিয়ম করা হয়েছে, সেটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন যেমন বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, তাদের এই শক্তিশালী উদ্যোগের জন্য যা আমাদের দেশের অ্যাথলেটদের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন করছে। এই উদ্যোগ আমাদের আরও সামনে এগিয়ে যেতে, কঠোর লড়াই করতে এবং বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে; দেশের জন্য আমাদের সেরাটা উজাড় করে দিতে উৎসাহিত করবে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই মাসিক ভাতার আওতায় আনা হবে। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ১২৯ জন খেলোয়াড়ের হাতে কার্ড তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রীড়া প্রতিবেদকসব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ মে থেকে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়েই শুরু হবে এবারের আসর। আগের মতো এবারও ১২টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। গ্তকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এর আগে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে ১৮ ও ১৯ এপ্রিল দলবদলের তারিখ নির্ধারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলবদলের পরই লিগ ঘিরে ক্লাবগুলোর প্রস্তুতি শুরু হবে। রফিকুল ইসলাম বাবু বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাঠের মান উন্নয়নে কাজ চলছে। আম্পায়ারিং থেকে শুরু করে উইকেট—সবকিছু আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। ক্রিকেটারদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, গরমের কথা বিবেচনায় লাঞ্চের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠে অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম রাখার পরিকল্পনাও রয়েছে। আম্পায়ারিং নিয়ে অতীতের বিতর্ক দূর করার বিষয়ে তিনি বলেন, আম্পায়ারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। উইকেটের মান নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খেলোয়াড়রা যেন স্পোর্টিং উইকেট পান, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে এবং অভিজ্ঞ কিউরেটররা এ কাজে নিয়োজিত আছেন।
ছয় ম্যাচ শেষে জয়শূন্য কলকাতা, গড়লো লজ্জার রেকর্ড

ছয় ম্যাচ শেষে জয়শূন্য কলকাতা, গড়লো লজ্জার রেকর্ড চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চরম বাজে সময় পার করছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬ ম্যাচ খেলে এখনও জয়শূন্য শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার (১৭ এপ্রিল) গুজরাটের কাছে ৫ উইকেটে হারের পর নতুন লজ্জার নজির গড়েছে কলকাতা।আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকলো কেকেআর। প্রথম দল হিসেবে লজ্জার এই নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম)। তারা ২০১২ সালের আইপিএলের প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। আর দ্বিতীয় দল হিসেবে ২০১৩ সালে দিল্লি ডেয়ার ডেভিলস (তৎকালীন নাম) মৌসুমের প্রথম ছ’টি ম্যাচে জয় পায়নি। ২০১৯ সালে একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও। ২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। পঞ্চম দল হিসেবে এই তালিকায় নাম উঠলো তিনবারের চ্যাম্পিয়ন কলকাতার। ইডেন গার্ডেন্সের পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পায় কলকাতা। বাকি পাঁচ ম্যাচেই হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। ফলে মৌসুমের প্রথম ছ’টি ম্যাচ খেলে এখনও জয়শূন্য নাইট শিবির। পয়েন্ট টেবিলে ১০ নম্বরে রয়েছে শাহরুখের দল।
সৌদি কোচের পদ হারালেন রেনার্ড

সৌদি কোচের পদ হারালেন রেনার্ড উত্তর আমেরিকায় ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র দুই মাস। এই চূড়ান্ত মুহূর্তে বড় এক নাটকীয়তার জন্ম দিল সৌদি আরব। বরখাস্ত করা হয়েছে দলটির অভিজ্ঞ এবং সফল ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে। গতকাল ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী এই কোচ নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালের শেষ দিকে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনির ব্যর্থ মেয়াদের পর রেনার্ডকে দ্বিতীয়বারের মতো ফিরিয়ে এনেছিল সৌদি আরব। কিন্তু বিশ্বকাপের দোরগোড়ায় এসে এমন আকস্মিক সিদ্ধান্তে ফুটবল বিশ্বে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। রেনার্ডের অধীনেই সৌদি আরব এবারের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। বিদায় বেলায় নিজের অর্জন নিয়ে দারুণ গর্ব প্রকাশ করেছেন হার্ভে রেনার্ড। তিনি জানিয়েছেন, সৌদি আরব মোট সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এর মধ্যে দুইবারই তারা কোয়ালিফাই করেছে তার অধীনে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক ২-১ গোলের মহাকাব্যিক জয় রেনার্ডেরই অধীনেই এসেছিল। এর আগে তিনি জাম্বিয়া এবং আইভরি কোস্টের হয়ে দুইবার আফ্রিকা কাপ অব নেশনস জিতে ইতিহাস গড়েছিলেন। সৌদি আরবের প্রথম মেয়াদের পর তিনি ফ্রান্সের নারী দলের দায়িত্ব নিয়েছিলেন। সেখানে ২০২৩ নারী বিশ্বকাপ এবং ২০২৪ প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে দলকে পৌঁছে দিয়েছিলেন তিনি। কিন্তু সৌদির পুরোনো দায়িত্ব ফিরে পাওয়ার কয়েক মাস পরেই তাকে আবারও বিদায় নিতে হলো। রেনার্ভের উত্তরসূরি হিসেবে এখন শোনা যাচ্ছে গ্রিসের সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় জর্জিওস ডনিসের নাম। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল খালিজের দায়িত্বে আছেন এবং ফেডারেশনের সঙ্গে তার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরব পড়েছে ‘এইচ’ গ্রুপে। যেখানে তাদের লড়তে হবে দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের বিপক্ষে। এছাড়া গ্রুপের তৃতীয় প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। এই গ্রুপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতেই সৌদি আরব তাদের বিশ্বকাপের সেরা সাফল্য হিসেবে শেষ ১৬-তে খেলেছিল। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদি আরব এখন বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের নেশায় মরিয়া।
৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেইন

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেইন বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে গোল করে চলেছেন হ্যারি কেইন। এবার ইতিহাসে ৯৫ বছরের আদি রেকর্ড ভেঙেছেন তিনি। ১৯৩১ সালের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে শীর্ষ স্তরের কোনো ক্লাবের হয়ে এক মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কেইন। তিনি এমন এক গতিতে এই গোলগুলো করেছেন, যা ক্রিস্তিয়ানো রোনালদোও তার পুরো ক্যারিয়ারে মাত্র একবারই করে দেখাতে পেরেছিলেন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাভারিয়ানদের নাটকীয় ৪–৩ ব্যবধানের জয়ের ম্যাচে কেইন ৫০ গোলের দেখা পান। বুন্দেসলিগা, ডিএফবি পকাল, ডিএফএল সুপার কাপ এবং ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৪২ ম্যাচ খেলেই তিনি এই ‘হাফ-সেঞ্চুরি’ পূর্ণ করেন। ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি দুইবার সর্বোচ্চ ৩৪টি করে গোল করতে পেরেছিলেন। এটিই প্রমাণ করে যে, বড় কোনো লিগে খেলে এক মৌসুমে ৫০ গোল করা কতটা কঠিন সাধ্য। ফুটবল ইতিহাসে এক মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা ইংলিশ খেলোয়াড়দের সংখ্যা অতি নগণ্য। তালিকার শীর্ষে রয়েছেন এভারটনের কিংবদন্তি ডিক্সি ডিন। ১৯২৭-২৮ মৌসুমে অবিশ্বাস্যভাবে ৬৩টি গোল করেছিলেন তিনি। এরপর ১৯২৯-৩০ মৌসুমে ওয়েস্ট হ্যামের ভিক ওয়াটসন এবং ১৯৩০-৩১ মৌসুমে অ্যাস্টন ভিলার টম ওয়ারিং ঠিক ৫০টি করে গোল করে এই অভিজাত ক্লাবে নাম লিখেয়েছেন। দীর্ঘ ৯৫ বছর পর এই তালিকায় চতুর্থ খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন কেইন।
বিশ্বকাপে ট্রেনে ৯ মাইল যেতে-আসতে গুনতে হবে সাড়ে ১৮ হাজার টাকা!

বিশ্বকাপে ট্রেনে ৯ মাইল যেতে-আসতে গুনতে হবে সাড়ে ১৮ হাজার টাকা! টিকিটের আকাশ ছোঁয়া দামই শুধু নয়, বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে বসে দেখার জন্য এবার ভক্তদের পকেট আরও অনেকভাবে খালি হতে যাচ্ছে। এই যেমন মেটলাইফ স্টেডিয়াম থেকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত যাওয়া আসার ট্রেনের ভাড়া। প্রত্যেক ম্যাচের জন্য রাউন্ড ট্রিপে ভক্তদের গুনতে হবে ১৫০ ডলার, মানে সাড়ে ১৮ হাজার টাকা! ম্যানহ্যাটনের পেন স্টেশন থেকে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের স্টেডিয়ামের দূরত্ব ৯ মাইল, যেতে লাগে সর্বোচ্চ ১৫ মিনিট। যেখানে যেতে সাধারণত ট্রেন ভাড়া লাগে ১২.৯০ ডলার বা ষোলো শ টাকা। কিন্তু বিশ্বকাপ চলাকালে ভাড়া বেড়ে দাঁড়াবে ১২ গুন বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন কর্মকর্তারা। ভেন্যুর আশেপাশে পার্কিং করার সুযোগ বেশিরভাগ দর্শকই পাবেন না। তাই প্রত্যেক ম্যাচের জন্য ৪০ হাজার ভক্ত-সমর্থকরা গণপরিবহন ব্যবহার করবে বলে ধারণা নিউ জার্সি অফিসিয়ালদের। এনএফএল-এর নিউ ইয়র্ক জায়ান্টস ও নিউ ইয়র্ক জেটসের হোম স্টেডিয়ামে হবে ১৯ জুলাইয়ের ফাইনালসহ বিশ্বকাপের আট ম্যাচ। ফুটবলের পরাশক্তি ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের মতো ফুটবল পরাশক্তিসহ আরও কয়েকটি দেশ খেলবে এই ভেন্যুতে। নিউ জার্সি কর্মকর্তা বলেছেন, বিশ্বকাপ আয়োজনের অতিরিক্ত খরচ মেটাতে এই অতিরিক্ত চার্জ আরোপ করা প্রয়োজন ছিল। এনজেড ট্রান্সিট কর্মকর্তারা বলেছেন, টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়াম থেকে স্টেশনে আনা-নেওয়ার জন্য তারা গণপরিবহন খাতে ৬ কোটি ২০ লাখ ডলার খরচের পরিকল্পনা করেছে। এর মধ্যে ১ কোটি ৪০ লাখ বাইরে থেকে অনুদান পাচ্ছে তারা। বাকি খরচ মেটাতে ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না বললেন এনজেড ট্রানজিট প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কোলুরি। তিনি বলেছেন, ‘এটি অতিরিক্ত মূল্য আদায় নয়। আমরা আসলেই আমাদের খরচ উসুলের চেষ্টা করছি।’ ডেমোক্র্যাট গভর্নর মিকি শেরিল পরিবহনের খরচ ফিফাকে দেওয়ার আহ্বান করেছেন। তিনি বলেছেন, ‘যদি তা না হয়, তবে আমরা সেইসব নিউ জার্সিয়ানদের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্বকাপ টিকিটধারীদের ভুর্তুকি দিতে যাব না।’ কিন্তু ফিফা তার সেই প্রস্তাবে নারাজি জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের অন্য আয়োজক শহর লস অ্যাঞ্জেলস, ডালাস ও হাউস্টনের উদাহরণ টেনেছে, যাদের পরিবহন ভাড়া অপরিবর্তিত আছে। এক্ষেত্রে ব্যতিক্রম বোস্টন, যেখানে বিভিন্ন স্থান থেকে জিলেট স্টেডিয়ামে এক্সপ্রেস বাসের ভাড়া গুনতে হবে ৯৫ ডলার। হাজারো ভক্ত ইতোমধ্যে ম্যাসাচুসেটসের রাজধানী থেকে ফক্সবোরোতে অবস্থিত স্টেডিয়ামের কাছে কমিউটার রেল স্টেশন পর্যন্ত ৮০ ডলারের রাউন্ড ট্রিপ টিকিট বুকিং করে ফেলেছে। বোস্টন থেকে ৩০ কিলোমিটার দূরত্বের এই পথে অন্য সময়ে যেতে-আসতে ভাড়া লাগে ২০ ডলার। জিলেটে ম্যাচের দিন কিংবা অন্য বিশেষ ইভেন্টের সময়ও ভাড়া এরকমই থাকে। কিন্তু বিশ্বকাপে তা বেড়ে গেছে চার গুণ। অন্যদিকে লস অ্যাঞ্জেলসে ওয়ান ওয়ে ভাড়া এখানো ১.৭৫ ডলার, আটলান্টায় আড়াই ডলার, হাউস্টনে একক যাত্রায় ১.২৫ ডলার এবং ফিলাডেলফিয়ায় সাবওয়েতে ভাড়া ২.৯০ ডলারই আছে। কানসাস সিটি থেকে শাটলে অ্যারোহেড স্টেডিয়ামে যাওয়া আসার খরচ মাত্র ১৫ ডলার। মেটলাইফে ভাড়ার এত বড় উল্লম্ফনে আপত্তি জানিয়েছেন নিউ ইয়র্ক সরকারের ক্যাথি হোচুল। তিনি এক্স-এ লিখেছিলেন, ‘এত অল্প সময়ের ট্রেন ভ্রমণে ১০০ ডলারের বেশি ভাড়া আরোপ করা আমার কাছে অনেক বাড়তি মনে হয়েছে।’ একটি ফরাসি সমর্থকগোষ্ঠী এই মূল্য নির্ধারণকে ‘সম্পূর্ণ পাগলামি’ হিসেবে আখ্যা দিয়েছে। ‘ইরেসিস্টিবলস ফ্রান্সাইস’ নামের ভক্ত সংস্থার মুখপাত্র গুইলাউমে অপ্রেত্রে বলেছেন, ‘পরিবহন ব্যবস্থা নিয়ে প্রতিদিন খারাপ খবর আসছে। এই ধরনের পাগলামি কতদিন চলবে, সেটা বিস্ময়কর বটে।’ ইংল্যান্ড ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএসএ) প্রধান থমাস কনক্যানন বিবিসি-কে বলেছেন, ‘এই টুর্নামেন্টে যা ঘটছে, তার সবই ভক্তদের ঠকানোর মতো ব্যাপার। একটি ম্যাচে আপনার প্রত্যাশিত খরচের চেয়ে অনেক বেশি আকাশ ছোঁয়া দাম। আমরা এতটা ঠকার আশা করিনি।’ এই বাড়তি ভাড়ার ব্যাপারে প্রথম প্রতিবেদন করে দ্য অ্যাথলেটিক। মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত বিকল্প পরিবহনের ভাড়াও অনেক বেশি। ১০ হাজার যাত্রী ধারণক্ষমতার শটল বাসগুলোতে চড়ে ম্যানহাটন বাস টার্মিনাল ও অন্য জায়গা থেকে যাওয়া আসায় খরচ হবে ৮০ ডলার। আমেরিকান ড্রিম মলের নিকটস্থ ৫ হাজার পার্কিং স্পট অগ্রিম বিক্রি হয়েছে বর্তমান ২২৫ ডলার মূল্যে। মেটলাইফ স্টেডিয়ামে পার্কিংয়ের জায়গা বিশাল হলেও বিশ্বকাপ ম্যাচ চলাকালে সেগুলো ব্যবহার করা হবে ফ্যান ভিলেজ, শাটল বাস রাখতে ও ফিফা স্টাফদের জন্য।
আসন্ন ডিপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন বিজয়

আসন্ন ডিপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন বিজয় সবশেষ বিপিএলসহ ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে দেখা যায়নি এনামুল হক বিজয়কে। মূলত ফিক্সিং সন্দেহে তালিকায় নাম থাকায় খেলা হয়নি তার। আসন্ন ডিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এবার বিজয়। তার আগে মোহামেডানের হয়ে আজ শনিবার দলবদল শেষ করেছেন। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় বলেন, ‘আসলে একদম ১০০ ভাগ তৈরি বলবো না যেটা খুবই সত্য। কিন্তু আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে এবং মানসিক প্রস্তুতি নিয়েছি সাথে অনুশীলনও করছিলাম গত কিছুদিন ধরে। তাই আশা করি প্রিমিয়ার লিগের আগেই খুব ভালোমতো ১০০ ভাগ তৈরি হয়ে যাবে। আরও যোগ করেন, ‘চারপাশ যতই দেখছি আমার কাছে মনে হচ্ছে যে অনেক নেতিবাচকতা, অনেক মন্তব্য করা হয়। ইতিবাচক কোনো কিছু দেখি না আমরা। যেকোনো সামাজিক মাধ্যমে তাকালেই মন্তব্যের মধ্যে শুধু নেতিবাচক কথা। তো আমি চাই যে এই জিনিসটা ইতিবাচকভাবে সবাই কথা বলুক। একটা ইতিবাচক শক্তি সবার মধ্যে থাকুক। নেতিবাচক জিনিসগুলো আমরা পেছনে রেখে দিই। বিসিবির কাছে নিজের চাওয়ার কথা জানিয়ে বিজয় বলেন, ‘আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করে এবং এটা এখনো চাই, এটা আলাদা কিছু না। এবং আমার ব্যক্তিগতভাবে সভাপতির সাথে কথা হয়েছে এবং বিসিবির সাথে কথা হয়েছে তারা আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সাথে কথা বলেছে এবং আশা করি এই জিনিসটা চলমান থাকবে। আমি যে কিছু করিনি সেই জিনিসটা স্বীকার করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা এবং আমাকে জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এভাবে না এভাবে বর্ণনা করা হয়েছে। দেখেন সংবাদমাধ্যমেও কিন্তু একেকজন একেকভাবে এটাকে বর্ণনা করেছে এবং বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপস্থাপন করছে আমাকে। পরে আবাহনী মোহামেডান খেলা নিয়ে বিজয় বলেন, ‘ছোটবেলার স্বপ্ন ব্যাপারটা এরকম না কিন্তু আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আবাহনী-মোহামডান আবাহনী-মোহামডানকে চিন্তা করে। সেই হিসাব করতে গেলে তো অবশ্যই এটা একটা বড় দল। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, আমি প্রাইম ব্যাংকার হয়ে খেলেছি। তো এবার একটা সুযোগ এসেছে এরকম একটা বড় দলে খেলার এবং বিজয়ী দলে খেলতে পারলে মানসিকতা সবদিক থেকে বিজয়ীদের মতোই থাকে।
মিরপুরে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

মিরপুরে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা। ডেথ ওভারের শুরুতে দলীয় ১৮৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তারপর ব্লেয়ার টিকনারের তোপ। ১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন টিকনার। শেষ জুটিতে হৃদয় ছক্কা মেরে ৫৮ বলে ফিফটি করেন। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে তিনি ক্যাচ হন। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ। তাতে ২২১ রানে থেমে যায় ইনিংস। এর আগে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ভালো হলো না নিউজিল্যান্ডের। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটি পরও ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থামল কিউইদের ইনিংস। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচের তদন্ত করছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচের তদন্ত করছে আইসিসি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচ নিয়ে ক্রিকেট কানাডার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট কানাডার বিরুদ্ধে দুটি আলাদা তদন্ত করছে আকসু। ক্রিকেট কানাডার বিরুদ্ধে আন্তর্জাতিক ও ঘরোয়া অঙ্গনে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কানাডার একটি অনুসন্ধানী তথ্যচিত্র অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’-এর ‘করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ শীর্ষক প্রামাণ্যচিত্রে এসব অভিযোগ উঠে আসে। শুক্রবার কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসিতে ৪৩ মিনিটের এই তথ্যচিত্রটি প্রচারিত হয়। ঐ তথ্যচিত্রে কানাডা ক্রিকেটের দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার নিয়ে অভিযোগ আনা হয়। তথ্যচিত্র অনুসারে, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড-কানাডা ম্যাচ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে কানাডা। জবাবে ২৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় কিউইরা। কানাডার বোলিং ইনিংসের পঞ্চম ওভার নিয়ে তদন্তে নেমেছে আকসু। ঐ ওভার বোলিং করেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতে নো ও তৃতীয় বলে লেগ সাইড দিয়ে ওয়াইড দেন তিনি। ১৫ রান দিয়ে ওভার শেষ করেন বাজওয়া। আরেকটি তদন্ত হল, কানাডার তৎকালীন কোচ খুররম চৌহানের টেলিফোন কল রেকর্ড নিয়ে। কল রেকর্ড থেকে জানা যায়, জাতীয় দলে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে নেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করেছিলেন। এক বিবৃতিতে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের অন্তর্বর্তীকালীন জেনারেল ম্যানেজার অ্যান্ড্র এফগ্রেভ ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘সিবিসিতে প্রচারিত অনুষ্ঠানটি সম্পর্কে আকসু অবগত। তবে প্রামাণ্যচিত্রে তোলা অভিযোগগুলো নিয়ে এ মুহূর্তে মন্তব্য করার সুযোগ নেই আকসুর। তিনি আরও বলেন, ‘আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) তিনটি মূল কাজ করে থাকে। সেগুলো হল- তথ্য সংগ্রহ, প্রতিরোধ ও শিক্ষা এবং তদন্ত। এই কাজগুলো একত্রে পরিচালিত হয় এবং কোথাও খেলার সততা ঝুঁকির মুখে পড়তে পারে- বিশ্বাসযোগ্য ভিত্তি পাওয়া গেলে এই তিনটি প্রক্রিয়া একই সঙ্গে কার্যকর করা হয়।