পিএসএলে বিশেষ নাম পেলেন মুস্তাফিজ-ইমন

পিএসএলে বিশেষ নাম পেলেন মুস্তাফিজ-ইমন একদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত, অপরদিকে আফগানিস্তানের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত পাকিস্তান। নিরাপত্তা নিয়ে সৃষ্ট উদ্বেগের মাঝেই আগামী বৃহস্পতিবার পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। সেখানে খেলতে গিয়ে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন বিশেষণ পেলেন এই দুই বাংলাদেশি তারকা। লাহোরের প্রতি ক্রিকেটারের অনুশীলন জার্সির পেছনে তাদের নাম লেখা হয়নি। তার বদলে ভিন্ন ভিন্ন বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে। যেখানে ইমনকে ‘লাকি’ বা ভাগ্যবান এবং মুস্তাফিজকে ‘প্রফিটিং’ বা লাভজনক উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের অভ্যন্তরের বিশেষ থিম ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এমন নামকরণ করা হয়েছে। একইভাবে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নিকনেম দেওয়া হয়েছে ঈগল, অবশ্য এই নামটি তার সঙ্গে ব্যবহারের রীতি পুরোনো। এ ছাড়া কাউকে এক্সপ্লোডার বা বিধ্বংসী, কেউবা আবার ফেইথফুল বা বিশ্বস্ত তকমাও পেয়েছেন দলের পক্ষ থেকে। পিএসএলে আগের থেকেই লাহোরের প্রতিনিধিত্ব করছেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। তার জার্সির পেছনে লেখা ‘কালান্দার্স কা সিকান্দার’। এর আগে তিনি নিজেও পরিচয় দিয়েছিলেন এভাবে– ‘আমিই লাহোর কালান্দার্স, লাহোর কালান্দার্স মানেই আমি।’ এর আগে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের দলের সঙ্গে যোগ দেওয়ার পোস্টে লাহোর ফ্র্যাঞ্চাইজি সামাজিক মাধ্যমে লিখেছে– ‘আমাদের বাঙালি ভাইয়েরা লাহোর পা রেখেছেন। ভোররাতে এসে পৌঁছালেন মুস্তাফিজ ও ইমন। ক্লান্ত, তবে কালান্দারদের চেতনাকে আলিঙ্গন করতে প্রস্তুত। স্বাগতম ছেলেরা, লাহোর এখন আমাদের বাড়ি।’ আগামীকাল থেকে শুরু হচ্ছে পিএসএলের একাদশ আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় লাহোর মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসমেনের। এবারের পিএসএল শুরুতে হওয়ার কথা পাকিস্তানের ৬টি ভেন্যুতে থাকলেও, জ্বালানি সংকটের কারণে সেটি কেবল লাহোর ও করাচিতে স্থানান্তরিত হয়েছে। এমনকি মাঠে থাকছে না কোনো দর্শক। মুস্তাফিজ-ইমন ছাড়াও আর ৪ বাংলাদেশি খেলবেন পাকিস্তানি এই ফ্র্যাঞ্চাইজি লিগে। এরমধ্যে সর্বাধিক পেশোয়ার জালমিতে আছেন তিনজন– শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। এ ছাড়া লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে নামবেন।
২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম দলটির শতভাগ মালিকানা অধিগ্রহণ করেছে। এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ১৬৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি। গত বছর আইপিএল শেষ হওয়ার পরই বর্তমান মালিকপক্ষ দল বিক্রির সিদ্ধান্ত নেয় এবং সেই প্রক্রিয়া শুরু হয়। একাধিক আগ্রহী পক্ষ থাকলেও শেষ পর্যন্ত সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করা হয়। এই কনসোর্টিয়ামে যুক্তরাষ্ট্রের আরও দুই প্রভাবশালী ব্যবসায়ী রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবার রয়েছে। বর্তমানে রাজস্থান রয়্যালসের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের কাছে, যার নেতৃত্বে আছেন মনোজ বাদালে। এছাড়া অংশীদার হিসেবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স (১৫ শতাংশ) এবং ল্যাচলান মার্ডক (১৩ শতাংশ শেয়ার)। এদিকে ব্ল্যাকস্টোনের একটি তহবিল আইপিএলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। তারা সরাসরি কোনো দল কিনতে না চাইলেও রাজস্থান রয়্যালস অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে।
যুদ্ধে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে জেদ্দায়

যুদ্ধে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে জেদ্দায় মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ম্যাচগুলো আগামী মাসে সৌদি আরবের জেদ্দায় এক লেগে অনুষ্ঠিত হবে।গতকাল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নতুন সূচি ঘোষণা করে এ তথ্য জানায়। গত মাসের শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতের কারণে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মূলত শেষ ষোলোর ম্যাচগুলো মার্চের প্রথম দুই সপ্তাহে কাতার, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সেগুলো স্থগিত করে এএফসি। নতুন সূচি অনুযায়ী, শিরোপাধারী আল-আহলি মুখোমুখি হবে কাতারের আল-দুহাইলের। চারবারের চ্যাম্পিয়ন আল-হিলাল খেলবে আল-সাদের বিপক্ষে। এছাড়া আরব আমিরাতের শাবাব আল-আহলি খেলবে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে এবং আল-ওয়াহদা লড়বে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের সঙ্গে। আগামী ১৩ ও ১৪ এপ্রিল শেষ ষোলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। একই ভেন্যু জেদ্দায় ১৬ থেকে ২৫ এপ্রিল কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন করা হবে। এদিকে, শেষ আটের ড্র আগামী বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৮ বছর বয়সেই আরসিবির চেয়ারম্যান আর্যমান বিরলা

২৮ বছর বয়সেই আরসিবির চেয়ারম্যান আর্যমান বিরলা আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বড় অঙ্কের চুক্তিতে মালিকানা বদল হয়েছে। ভারতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম দলটি কিনে নিয়েছে। নতুন মালিকানা পাওয়ার পর আলোচনায় উঠে এসেছে একটি নাম-আর্যমান বিরলা। মাত্র ২৮ বছর বয়সেই তিনি হচ্ছেন আরসিবির নতুন চেয়ারম্যান। দলের বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এই কনসোর্টিয়ামে রয়েছে আদিত্য বিরলা গ্রুপ, ব্ল্যাকস্টোনের প্রাইভেট ইকুইটি ইউনিট, ডেভিড ব্লিটজারের বোল্ট ভেঞ্চারস এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপ। প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই নতুন মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, দলের চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিরলা গোষ্ঠীর তরুণ পরিচালক আর্যমান বিরলা। আর্যমান বিরলা ভারতের প্রভাবশালী শিল্পপতি কুমার মাঙ্গালাম বিরলার ছেলে। তবে তিনি শুধু ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী নন, এক সময় ক্রিকেটার হওয়ার স্বপ্নও দেখেছিলেন। ১৭ বছর বয়সে তিনি মুম্বাই ছেড়ে মধ্যপ্রদেশে গিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন। ইংল্যান্ডেও ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৭ সালে প্রথমবার রঞ্জি ট্রফিতে খেলেন আর্যমান। তার আগে সি কে নাইডু ট্রফিতে দারুণ পারফরম করে নজর কাড়েন। সেই আসরে তিনি ৬০২ রান করেছিলেন এবং তিনটি শতক করেছিলেন। পরে রঞ্জি ট্রফিতেও শতকের দেখা পান। সেই সময় তার সতীর্থ ছিলেন বর্তমান বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার ও অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। ২০১৮ সালে রাজস্থান তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি ক্রিকেট থেকে বিরতি নেন। সে সময় তিনি মানসিক চাপের কারণে খেলা থেকে দূরে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। ক্রিকেট ছেড়ে তিনি পুরোপুরি ব্যবসায় মন দেন। বর্তমানে তিনি আদিত্য বিরলা গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া বৈশ্বিক অর্থনীতিতেও উচ্চতর ডিগ্রি রয়েছে তার। দীর্ঘদিন পর আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন আর্যমান, তবে এবার মাঠে নয়, নেতৃত্বের ভূমিকায়। এক বিবৃতিতে তিনি বলেন, “বেঙ্গালুরুর ভবিষ্যৎ গড়ার এই যাত্রায় যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমরা মাঠে ও মাঠের বাইরে সমর্থকদের জন্য নতুন কিছু করতে চাই।”
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ: সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ: সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অভিষেক ম্যাচেই জোড়া গোল করে জয়ের নায়ক হন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার নৈপুণ্যে কোচ মার্ক কক্সের দল সেমিফাইনালের পথে বড় ধাপ এগিয়ে গেল। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক আক্রমণ গড়েও গোলের দেখা পায়নি দলটি। ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৫৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন রোনান। এরপর ৬৭তম মিনিটে শেখ সংগ্রামের লং পাস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোল করেন তিনি, যা দলের ব্যবধান দ্বিগুণ করে। ম্যাচে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান একটি গোল করলেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেটি বাতিল হয়। দ্বিতীয় গোলের পর পুরো ম্যাচেই চাপে পড়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে ‘বি’ গ্রুপে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেল বাংলাদেশ। গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ ভারত। আগামী ২৮ মার্চ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি। উল্লেখ্য, বয়সভিত্তিক এই আসরে বাংলাদেশ এর আগে ২০২৪ সালে একবার শিরোপা জিতেছে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ‘এ’ গ্রুপে রয়েছে মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে। এবারের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।
অনূর্ধ্ব-২০ সাফে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান

অনূর্ধ্ব-২০ সাফে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে গতকাল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে আজ, প্রতিপক্ষ পাকিস্তান। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। তিন দলের গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ— প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তান ম্যাচকে সামনে রেখে মালদ্বীপে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। সোমবার শেষ মুহুর্তের অনুশীলন করেছে লাল সবুজের ছেলেরা। এদিন দলের হেড কোচ মার্ক কক্স খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। দলের গুরুত্বপূর্ণ সদস্য মোরশেদ আলী বলেন, ‘আমরা প্রস্তুত আছি। এই ম্যাচটি জেতার জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সবার ভেতরে একটা জেদ কাজ করছে।’ পাকিস্তান দলের সাম্প্রতিক কোনো ম্যাচের ভিডিও বা অনুশীলনের ফুটেজ না থাকায় তাদের শক্তি বা কৌশল সম্পর্কে কোনো ধারণাই নেই বাংলাদেশের। কোচিং স্টাফরা এ নিয়ে খুব একটা বিচলিত নন। সহকারী কোচ আতিকুর রহমান মিশু নিজেদের কৌশলেই ভরসা রাখছেন, ‘পাকিস্তান সম্পর্কে আমরা কোনো ধারণা পাইনি। তাই প্রতিপক্ষ নয়, আমরা পুরোপুরি নিজেদের গেমপ্ল্যান নিয়েই পরিকল্পনা সাজিয়েছি।’ এবারের অনূর্ধ্ব-২০ দল নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা কাজ করছে। এর অন্যতম কারণ দলে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ফুটবলার রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তি। তাঁদের উপস্থিতিতে দলের শক্তি ভিন্ন মাত্রা পাবে বলেই প্রত্যাশা সবার। এর আগে গতকাল উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে দুটি। স্বাগতিক মালদ্বীপকে ২-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে নেপাল।
অস্ট্রেলিয়া-ভারত সিরিজে নজর ইংল্যান্ডের, পরিকল্পনায় বাংলাদেশও

অস্ট্রেলিয়া-ভারত সিরিজে নজর ইংল্যান্ডের, পরিকল্পনায় বাংলাদেশও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশ সিরিজকেও অন্তর্ভুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। ইংল্যান্ডের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ২০১৫ সালে অ্যাশেজ জিতেছিল তারা। এরপর নিজেদের মাঠে দু’বার সিরিজ ড্র করলেও অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনবার হেরে যায় ইংলিশরা। অন্যদিকে ভারতের বিপক্ষেও ২০১৮ সালের পর আর কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি দলটি। এই পরিসংখ্যানই মূলত তাদের নতুন পরিকল্পনার ভিত্তি তৈরি করেছে। রিচার্ড গুল্ড স্পষ্ট করে জানিয়েছেন, ইংল্যান্ডের প্রধান লক্ষ্য এখন অ্যাশেজ পুনরুদ্ধার এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়। তিনি বলেন, “আমাদের বুঝতে হবে অগ্রাধিকার কোথায়। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ জিততে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে হবে।” এই লক্ষ্য পূরণে ইংল্যান্ড দলের জন্য আলাদা প্রস্তুতি সূচি তৈরির কথাও জানিয়েছেন তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার আগে পর্যাপ্ত সময় নিয়ে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছে বোর্ড। এদিকে সাম্প্রতিক অ্যাশেজে অস্ট্রেলিয়ায় ৪-১ ব্যবধানে হারের পরও দল পরিচালনায় বড় কোনো পরিবর্তন আনেনি বোর্ড। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রব কি, প্রধান কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম এবং টেস্ট অধিনায়ক হিসেবে বেন স্টোকসের ওপরই আস্থা রেখেছে তারা। গুল্ড জানিয়েছেন, অতীতে অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতির ঘাটতির কারণেই ইংল্যান্ড পিছিয়ে পড়েছিল। ভবিষ্যতে যেন এমন না হয়, সে জন্য আগেভাগেই পরিকল্পনা শুরু করেছে বোর্ড। এমনকি ২০২৯-৩০ অ্যাশেজ নিয়েও ইতোমধ্যে ভাবনা শুরু হয়েছে বলে জানান তিনি। টেস্ট ক্রিকেটকে আরও গুরুত্ব দিতে ‘বিগ থ্রি’ অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড এই তিন বোর্ডকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন গুল্ড। তার মতে, খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স পেতে হলে আন্তর্জাতিক সূচি ও প্রস্তুতি কাঠামো আরও উন্নত করা জরুরি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত কোনোবারই ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। তাই এই প্রতিযোগিতার শিরোপার চেয়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। গুল্ডের ভাষায়, ‘ইংল্যান্ডের সাফল্যের আসল মাপকাঠি হলো এই দুই দলের বিপক্ষে জয়।’ তবে এই বড় দুই প্রতিপক্ষের পাশাপাশি অন্যান্য সিরিজও তাদের পরিকল্পনায় রয়েছে। ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলার সূচি রয়েছে। এছাড়া এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ সিরিজ নিয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে ইংল্যান্ড বোর্ড। গুল্ড বলেন, ‘এটা পুরোপুরি নতুন করে শুরু করার সময় নয়। গত কয়েক বছরে টেস্ট ক্রিকেট যে জায়গায় এসেছে, তা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।’ সব মিলিয়ে, ইংল্যান্ড এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নিজেদের টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়, যেখানে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সাফল্যই হবে তাদের মূল লক্ষ্য আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই থাকছে বাংলাদেশ সিরিজও।
২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার

২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্ত হওয়া প্রায় অনিশ্চিত। সিএনএন ব্রাজিলের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ অসন্তোষের কারণে এই ফরোয়ার্ড কার্যত দল থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ফিটনেস এবং খেলার ধরন সরাসরি দেখার জন্য সান্তোস ও মিরাসোল মধ্যকার ম্যাচটি দেখতে গিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমার সেই ম্যাচে তো খেলেনইনি, এমনকি স্টেডিয়ামে উপস্থিত হয়ে কোচের সাথে সৌজন্য সাক্ষাৎ করারও কোনো প্রয়োজন বোধ করেননি। বিষয়টিকে কোচ এবং বোর্ডের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখছে সিবিএফ। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ব্রাজিলের কোচিং স্টাফ। আন্তর্জাতিক ফুটবলের গতি বা স্ট্যামিনা নেইমারের নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আনচেলত্তির প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়ার পর নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের মন্তব্য করেছেন, তা সিবিএফ কর্মকর্তারা ভালোভাবে নেননি। কর্মকর্তাদের ধারণা, নেইমার তার বিশাল মিডিয়া ইনফ্লুয়েন্স এবং ভক্তদের সমর্থন ব্যবহার করে কোচিং স্টাফের ওপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থী। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন মনে করে, তারা নেইমারকে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ দিয়েছিল। কিন্তু নেইমার সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে আর মাত্র হাতেগোনা কয়েকটি ম্যাচ বাকি আছে। এই অল্প সময়ে নেইমারের পক্ষে নিজের ফিটনেস প্রমাণ করে আনচেলত্তির মন জয় করা প্রায় অসম্ভব বলে মনে করছে সিএনএন ব্রাজিল।
জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী

জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন। আমি যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমানের সঙ্গে কথা হয়েছিল।’ প্রধানমন্ত্রীর চেয়েও তার স্ত্রী-কন্যা খেলাধুলা বেশি পছন্দ করেন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন, আমিনুল আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে হাজার গুন বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান। আমিনুল হক আরো বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের জাইমা রহমান, কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমেও সুযোগ পেয়েছিলেন। তিনি একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি বেশ ভালো লম্বা এবং সেই সুযোগটা পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি। আমিনুল হক আরো বলেন, ‘বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মতো একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।’
পিএসএল খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশি তারকারা

পিএসএল খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশি তারকারা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর একাদশ আসর সামনে রেখে দেশ ছেড়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। সোমবার (আজ) সকালে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে তারা পাকিস্তানের উদ্দেশে রওনা দেন। প্রথম ধাপে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। বাকি দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও তানজিদ তামিম—পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন। আসন্ন আসরে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমনও। অন্যদিকে নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও ইমন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে। এবারই প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। সবকিছু ঠিক থাকলে পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে শরিফুল, তামিম ও নাহিদ রানাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এই ছয় ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। এরপরই দেশে ফিরতে হবে তাদের, কারণ একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৬ মার্চ পর্দা উঠছে পিএসএলের এবারের আসরের, যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।