রিয়ালের তিন ফুটবলার ২ ম্যাচ নিষিদ্ধ

রিয়ালের তিন ফুটবলার ২ ম্যাচ নিষিদ্ধ স্প্যানিশ লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে লাল কার্ড দেখেন রিয়ালের তিন খেলোয়াড়। এর মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই ডিফেন্ডার ফ্রান গার্সিয়া ও আলভারো ক্যারেরাস। অন্যদিকে শেষ বাঁশি বাজার পর বেঞ্চ থেকে লাল কার্ড দেখেন এনদ্রিক। লা লিগার শৃঙ্খলা কমিটি গতকাল তিন খেলোয়াড়কে দুই ম্যাচ করে নিষিদ্ধ করে। তবে কারভাহালের শাস্তি পাওয়া বেশ অদ্ভূত। সেলতা বিপক্ষে ম্যাচে স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে ‘রেফারির ওপর চড়াও হওয়ায়’ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। রিয়ালকে ওই রাতে অনেকটা সময় ১০ জন ও শেষের কিছু সময় ৯ জন নিয়ে খেলতে হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ফ্রান গার্সিয়া। সেলতার বিপক্ষে ম্যাচে পরপর দুই মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন তিনি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আলভারো কারেরাস। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। রেফারিকে এই ডিফেন্ডার বলেছিলেন, ‘আপনি খুব বাজে। চলতি বছর লা লিগায় আর খেলা হচ্ছে না তার। একই ম্যাচে উত্তপ্ত পরিস্থিতিতে লাল কার্ড দেখেছিলেন বেঞ্চে থাকা এন্দ্রিকও। বেঞ্চ থেকে উঠে অনেকটা দূর গিয়ে ম্যাচের চতুর্থ অফিসিয়ালকে লক্ষ্য করে চিৎকার করেছিলেন তিনি। পরে তাকে থামান কোচিং স্টাফরা। এজন্য দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি। স্প্যানিশ ফুটবলের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। চ্যাম্পিয়নস লিগ বা অন্য কোনো প্রতিযোগিতার জন্য নয়। লা লিগায় ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে শিরোপাধারী বার্সেলোনা। লা লিগায় আগামী রবিবার আলাভেসের মাঠে নামবে রিয়াল। এই ম্যাচে এনদ্রিক, ক্যারেরাস, ফ্রান গার্সিয়া ও কারবাহালকে পাবেন না কোচ জাবি আলোনসো। গার্সিয়া লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। বাকি তিন খেলোয়াড়কে আলাভেস ম্যাচের পাশাপাশি ২১ ডিসেম্বর সেভিয়ার বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হবে। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল।

এক রাতে দুই রেকর্ড হারালেন এমবাপ্পে!

এক রাতে দুই রেকর্ড হারালেন এমবাপ্পে! চ্যাম্পিয়নস লিগে এক রাতে কিলিয়ান এমবাপ্পের দুই রেকর্ড ভাঙলেন দুই উদীয়মান তারকা। যার একটি ভেঙেছেন বার্সেলোনার লামিন ইয়ামাল, অপরটি ভেঙেছেন বায়ার্ন মিউনিখের কিশোর প্রতিভা লেনার্ট কার। স্পোর্টিং লিসবনের বিপক্ষে বায়ার্নের ৩-১ গোলের জয়ে নায়ক ছিলেন লেনার্ট কার। হ্যারি কেইন থাকলেও সবচেয়ে বড় গোলভরসার নাম হয়ে ওঠেন এই কিশোর ফরোয়ার্ড। তার গোলেই প্রথমবার এগিয়ে যায় বায়ার্ন। আর সেই গোলেই লেনার্ট গড়লেন অনন্য এক রেকর্ড—চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোলের কীর্তি। বয়স মাত্র ১৭ বছর ২৯০ দিন। এতদিন এটি ছিল এমবাপ্পের দখলে, যিনি মোনাকো জার্সিতে ১৮ বছর ১১৩ দিন বয়সে করেছিলেন এই কীর্তি। বার্সেলোনার ইয়ামালও বসে থাকলেন না। আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে গোল না করলেও জুলস কুন্দেকে দিয়ে করানো গোলেই ইতিহাস লিখলেন তিনি। ১৮ বা তার কম বয়সীদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড এখন তার। এমবাপ্পের ১৩ গোলে অবদানের রেকর্ড টপকে ইয়ামালের সংগ্রহ এখন ১৪—সাত গোল, সাত অ্যাসিস্ট। যদিও ম্যাচ শেষে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা শুনতে হয়েছে, তবু রেকর্ডে রাতটি রঙিন করতে পেরেছেন এই তারকা।

২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ

২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলকে নিয়ে বসছে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে রঙিন আয়োজনে সম্পন্ন হয়েছে অপেক্ষাকৃত বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। ঠিক পরদিন একই ভেন্যু থেকে প্রকাশ করা হলো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় ১১ জুন রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো এবং আফ্রিকার প্রতিনিধি দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ এক মাসব্যাপী লড়াই শেষে ১৯ জুলাই রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ফিফা এবার ৩ আয়োজক- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে বিস্তৃত করেছে টুর্নামেন্টের ব্যপ্তি। ম্যাচ সংখ্যা, দলসংখ্যা ও শহর- সব ক্ষেত্রেই আগের যেকোনো সংস্করণকে ছাড়িয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ।

ভোট দিতে নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর

ভোট দিতে নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ ও ১৮ হাজার ৯৬৫ জন নারী রয়েছেন।

বিশ্বকাপের ড্র চূড়ান্ত, প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল

বিশ্বকাপের ড্র চূড়ান্ত, প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র আয়োজন করেছে ফিফা। আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে ওয়াশিংটনে গতকাল বসছিল দলগুলোর ভাগ্য নির্ধারণী মিলনমেলা বিশ্বকাপের ড্র। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। স্বাগতিক হিসেবে বিশ্বকাপের ২৩তম আসরে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বাছাই পর্ব পেরিয়ে এসেছে ৩৯টি দেশ। অপেক্ষায় আছে ৬ দল। এখন পর্যন্ত প্রথমবার বিশ্বকাপের বড় মঞ্চে খেলবে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও ও কেপ ভের্দে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মোট ১৬টি ভেন্যুর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩ টি মেক্সিকোতে ও ২টি কানাডায় অবস্থিত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে এবং ফাইনাল গড়াবে নিউইয়র্ক সিটি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।

আর্নল্ডের চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

আর্নল্ডের চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বুধবারের জয়ের পর নতুন দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ। সান মামেসে ৩-০ গোলের জয়ে দুর্দান্ত খেললেও ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ক্রিড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, চোটের ধরন জানতে শিগগিরই তার বিস্তারিত পরীক্ষা করা হবে। ম্যাচে প্রথম গোলটি আসে আর্নল্ডের নিখুঁত ক্রস-ফিল্ড পাস থেকে, যা থেকে লক্ষভেদের কাজটি সারেন কিলিয়ান এমবাপ্পে। ঠিক যখন নিজের সেরা প্রদর্শনীগুলোর একটি উপহার দিচ্ছিলেন ইংলিশ এই ডিফেন্ডার, তখনই ঘটে বিপত্তি। ম্যাচের ৫৫ মিনিটে বল দূরে পাঠানোর পরই পেশিতে টান অনুভব করে সাইডলাইনে দাঁড়ান তিনি। কিছুক্ষণ পরই তাকে তুলে নিয়ে নামানো হয় রাউল আসেন্সিওকে। মধ্যমাঠের এদুয়র্দো কামাভিঙ্গাকেও গোড়ালির সমস্যায় বদলি করে নিতে হয়, যদিও তার চোটকে তুলনামূলক কম গুরুতর বলেই মনে করছে ক্লাবের চিকিৎসক দল।

পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারাল রিয়াল

পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারাল রিয়াল লা লিগায় আবারও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয় ড্রয়ের পর শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া হলো জাবি আলোনসোর দলের। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে ১–১ গোলে ড্র করে তারা। তাতে পয়েন্ট হারানোর পাশাপাশি শীর্ষস্থানও হাতছাড়া হয় তাদের। ৬৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে সমতা ফেরানোর আগ পর্যন্ত জিরোনা এগিয়ে ছিল আজেদিন উনাহির গোলে। ২০২৩ সালের এপ্রিলের পর জিরোনা প্রথমবার রিয়ালের জালে বল জড়াল এই ম্যাচে। সপ্তাহের শুরুতে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল। সপ্তাহশেষে অবস্থান হলো ঠিক উল্টো। এখন এক পয়েন্টে পিছিয়ে তারা। সব মিলিয়ে সব প্রতিযোগিতার শেষ পাঁচ ম্যাচে মাত্র একবারই জিততে পেরেছে তারা। জিরোনার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে স্পষ্ট সুযোগ তৈরি করতে হিমশিম খেতে থাকে রিয়াল। সেই সুযোগে প্রথমার্ধের শেষ মুহূর্তে উনাহি দুর্দান্ত এক ফিনিশে গোল করে পিছিয়ে দেন অতিথিদের। ইনজুরি থেকে ফেরা এদার মিলিতাও মাঝমাঠে যথেষ্ট চাপ না দেওয়ায় ভিক্টর সিগাঙ্কভের পাস থেকে ১৪ গজ দূর থেকে নিখুঁতভাবে শট নেন উনাহি। আর তাতেই হয় গোল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে ওপেন প্লেতে জালে বল জড়াতে না পারলেও পেনাল্টি থেকে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নিজের ২৩তম ম্যাচে ২৮তম গোল করেন। ভিনিসিউস জুনিয়রকে হুগো রিনকন ফাউল করলে রেফারি স্পট কিক দেন। যদিও গোলরক্ষক পাওলো গাজানিগা দিক ঠিক ধরেছিলেন। কিন্তু এমবাপের নিখুঁত প্লেসমেন্টের সামনে কিছুই করার ছিল না। জিরোনা পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে এবং পুরো মৌসুমে মাত্র দুটি ম্যাচ জিতেছে। তারা রিয়ালের বিপক্ষে শেষ চার ম্যাচে ১২–০ ব্যবধানে হেরে এসেছিল। প্রথমার্ধের শুরুর ২০ মিনিট দেখে মনে হয়েছিল সেই ধারা হয়তো চলবে। কিন্তু রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও এমবাপ্পে, চুয়ামেনি আর ভিনিসিউস বারবার সুযোগ নষ্ট করায় শক্তির প্রমাণ কাগজে-কলমেই রয়ে যায়। মিলিতাও কর্নার থেকে একবার লক্ষ্যভেদ করতে চাইলেও গাজানিগা ঠেকিয়ে দেন। পরে এমবাপে একটি গোল করেছিলেন। কিন্তু ভিএআর চেকে সে গোল বাতিল হয় বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার হাত লাগার কারণে। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট-পিসে মিলিতাও আরও দুইবার গোলের খুব কাছাকাছি যান। কিন্তু ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা চলতেই থাকে; চুয়ামেনি ও ভিনিসিউস আবারও বার লক্ষ্য খুঁজে পাননি। সমতা ফেরানোর পর জয়ের জন্য চেষ্টা করেছে রিয়াল। জুদ বেলিংহাম হেডে পোস্ট মিস করেন। আর ম্যাচের শেষদিকে এসে ভিনিসিউসের একটি শট গাজানিগা দারুণভাবে রুখে দেন। শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি রিয়ালের। তাতে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার নিচে অবস্থান নিয়ে মাঠ ছাড়ে তারা।

চোট নিয়ে নেমে জয়ের নায়ক নেইমার

চোট নিয়ে নেমে জয়ের নায়ক নেইমার গুরুতর চোট সত্ত্বেও দলকে বাঁচাতে আবারও মাঠে নেমে দায়িত্ব কাঁধে তুলে নিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বছরের বাকি সময় মাঠের বাইরে থাকার কথা থাকলেও সান্তোসের অবনমন শঙ্কা বাড়তেই নিজের ঝুঁকি নিয়েই নামেন তিনি। আর মাঠে নামা মানেই যেন ম্যাজিক, ঠিক তেমনটাই দেখালেন তিনি স্পোর্ট রেসিফের বিপক্ষে। গতকালকের গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোস ৩-০ গোলে জিতেছে, আর নেইমার সরাসরি জড়িয়ে ছিলেন দুইটি গোলের সঙ্গে। ম্যাচের ২৫ মিনিটে দারুণ এক ডানপায়ের শটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জোয়াও শ্মিড্টের তৃতীয় গোলটিতে তার নিখুঁত অ্যাসিস্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই জয়ে অস্থায়ীভাবে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস, অবনমন অঞ্চলের থেকে দুই পয়েন্টের দূরত্বে।

চীনে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

চীনে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের চীনে জয়রথ ছুটছে বাংলাদেশের যুবাদের। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে আজ টানা চতুর্থ জয় পেয়েছে। বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা আরো জোরালো করেছে বাংলাদেশের যুবারা। দলের হয়ে গোল দুটি করেছেন বায়েজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিক। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারের আজকের জয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ১২। এখন পর্যন্ত গ্রুপ পর্বের শীর্ষে থাকলেও আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে চীনের পয়েন্টও হবে সমান ১২। এতে করে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হবে বাঁচা-মরার লড়াই। সেদিন যে-ই জিতবে তারাই ২০২৬ সালের মে মাসে সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। শ্রীলঙ্কা যদি চীনকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য সহজ হবে। শেষ ম্যাচে চীনের সঙ্গে ড্র করলেই চলবে।

চিকিৎসকের নিষেধ সত্ত্বেও চোট নিয়ে অনুশীলনে নেইমার

চিকিৎসকের নিষেধ সত্ত্বেও চোট নিয়ে অনুশীলনে নেইমার সামনেই বিশ্বকাপের মতো বড় আসর। এর মধ্যেই নতুন করে বাঁ পায়ের মেনিস্কাস (হাঁটুর সংযোগস্থলে) ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। যে কারণে তাকে অনুশীলনের সময় ধারাবাহিক ব্যথা ও অস্বস্তিতে থাকতে হচ্ছে। এই সমস্যা কাটাতে নেইমারকে সার্জারি করা হতে পারে বলে জানিয়েছে সান্তোসের মেডিকেল বিভাগ। এছাড়া, এই মুহূর্তে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন ক্লাবটির চিকিৎসকরা। কিন্তু তা অমান্য করেই অনুশীলনে হাজির নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, চিকিৎসক, সান্তোস ক্লাব কর্তৃপক্ষ এবং ব্যক্তিগত স্টাফদের কাছ থেকে খেলা বন্ধ রাখার পরামর্শ পেয়েছেন নেইমার। একইসঙ্গে তারা মেনিস্কাস অঞ্চলের চোট দ্রুততম সময়ে সারাতে অ্যান্থ্রোস্কপি (হাঁটুর সংযোগস্থলে সার্জারি) করারও নির্দেশনা দেন। সার্জারি করলে ২০২৫ সালে আর খেলা হবে না সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডের। বর্তমানে ব্রাজিলিয়ান লিগ সেরি এ’তে রেলিগেশনের ঝুঁকিতে থাকা সান্তোসের আরও তিন ম্যাচ বাকি। নেইমারের সেসব ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা প্রবল। শুক্রবার স্পোর্ট রেসিফে’র বিপক্ষে ম্যাচ আছে ক্লাবটির। ম্যাচটিতে খেলতে চান নেইমার। সেই লক্ষ্যে আজ ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন নেইমার। সান্তোসের জন্য শেষ ৩টি ম্যাচ গুরুত্বপূর্ণ, এই বাধা টপকাতে না পারলে তারা অবনমন হয়ে দ্বিতীয় স্তরের লিগ সেরি বি’তে নেমে যাবে। আর তাই চোট আরও বড় আকার ধারণ করার ঝুঁকি থাকা সত্ত্বেও খেলতে চান নেইমার। এর আগে বুধবার নেইমারের পায়ে কিছু পরীক্ষা সম্পন্ন করার কথা জানিয়েছিলেন সান্তোসের সভাপতি মারসেলো টেক্সেইরা। তারকা ফুটবলারের হাঁটুর অবস্থা জানতে এই পরীক্ষা নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে এরই মাঝে বাঁ পায়ের হাঁটুতে সুরক্ষা বন্ধনী পরে অনুশীলন করেন ৩৩ বছর বয়সী এই তারকা। যদিও গণমাধ্যমের প্রশ্ন এড়াতে নেইমার সতীর্থদের আগেই মাঠ ছেড়ে যান। বর্তমান পরিস্থিতিতে নেইমারের অ্যান্থ্রোস্কপি না করালে চোটের মাত্রা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর এই সার্জারি করালে চোট পুনর্বাসনে সময় লাগতে পারে এক মাসের মতো। এদিকে, ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়েছেন, নেইমারের ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকতে হলে পুরো ফিট থাকতে হবে। নতুন চোট তার বিশ্বকাপ স্কোয়াডে প্রবেশের ক্ষেত্রে বড় ধাক্কা হতে পারে। সবমিলিয়ে ২০২৫ সালে মোট চারবার ইনজুরিতে পড়েছেন নেইমার। এর আগে জানুয়ারিতে তিনি সান্তোসে যোগ দেন। মার্চে বাঁ পায়ের ঊরুতে চোটের কারণে তিনি ঘরোয়া লিগ পোলিস্তায় সেমিফাইনাল ম্যাচ মিস করেন। এপ্রিলে আবারও একই পায়ের মাংসপেশির চোটে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন তিনি। সেপ্টেম্বরে গ্রেড-২ চোট, এবার ডান পায়ের ঊরুতে এবং সর্বশেষ নভেম্বরে বাঁ পাঁয়ের হাঁটুতে। ইনজুরিতে এভাবে যাওয়া-আসার কারণে পুরো বছরে ২৫টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার, করেছেন ৭টি গোল। যা তার চুক্তির মেয়াদ বৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলছে!