কলকাতায় সেরা অভিনেত্রীর সম্মাননা জয়ার হাতে

কলকাতায় সেরা অভিনেত্রীর সম্মাননা জয়ার হাতে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের অভিনয় জীবনে এলো নতুন এক সাফল্য। কলকাতায় জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’–তে দুর্দান্ত অভিনয়ের জন্যই এই স্বীকৃতি পেয়েছেন জয়া। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া জানালেন, পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি গর্বিত। জি২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ মঞ্চে এই সম্মান পাওয়া সত্যিই আনন্দের ও আবেগের। জয়ার এই সাফল্যে প্রশ্নংসা ও অভিনন্দনের বন্যা বইছে তার ভক্তদের মাঝে। কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং সংস্কৃতিকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৪–৩৫ সালে। প্রায় ৯০ বছর পর সেই সাহিত্যকর্ম বড় পর্দায় রূপ পেয়েছে। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে আরও অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, ধৃতিমান চ্যাটার্জি ও অনন্যা চ্যাটার্জি।

দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়: অবশেষে মুখ খুললেন হিরণ

দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়: অবশেষে মুখ খুললেন হিরণ ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে অনিন্দিতা চ্যাটার্জির সঙ্গে ঘর বেঁধেছেন। তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে নাইসা নামে একটি কন্যাসন্তান রয়েছে; যার বয়স ১৯ বছর। গত ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন হিরণ। তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। ২১ বছর বয়সি ঋত্বিকা পেশায় একজন মডেল। বিয়ের নানা মুহূর্তের ছবি দ্রুত অন্তর্জালে ছড়িয়ে পড়ে; শুরু হয় তোলপাড়। পরে তা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন হিরণ। কিন্তু এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন ‘নবাব নন্দিনী’খ্যাত এই নায়ক। এই বিয়েকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন হিরণ। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।  ঘটনার প্রায় ১০ দিন পর ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন হিরণ। বিজেপির এই বিধায়ক বলেন, “আমি এত দিন কলকাতায় ছিলাম না, চেন্নাইয়ে ছিলাম। যে বিষয়টি বিচারাধীন তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান তো করতে পারি না।” হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার দাবি—হিরণের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। ফলে ঋত্বিকাকে বিয়েটি আইনিভাবে বৈধ নয়। গত ২১ জানুয়ারি বিষয়টি নিয়ে থানায় মামলা করেছেন তিনি। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার কিছু বক্তব্য শুনেছেন ঋত্বিকা গিরি। তার কিছু বিষয় পরিষ্কার করা দরকার বলে মনে করেন তিনি। কয়েক দিন আগে ঋত্বিকা বলেন, “আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। উনাকে বিবাহবিচ্ছেদের আইনি চিঠি পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা আগেই করেছি। গত ৫ বছর বছর ধরে একসঙ্গে আছি। আর এসব বিষয় অনিন্দিতা জানতেন।”  হিরণের সঙ্গে ঋত্বিকার বিয়েকে ইলিগ্যাল বলে মন্তব্য করেছেন অনিন্দিতা। এ বিষয়ে ঋত্বিকা বলেন, “যদি মনে হয় এটা (বিয়ে) অবৈধ, তাহলে আমার একটাই কথা—উনাকে লিগ্যাল পদক্ষেপ নিতে বলেন। এরপর এ বিষয়ে আমার কিছু বলার নেই।”

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর বেঙ্গালুরুর অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দাখিল করেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল। খবর ইন্ডিয়া টুডের। এ প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযোগ দাখিলের পর চলতি বছরের ২৩ জানুয়ারি আদালত হাই গ্রাউন্ডস থানাকে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৭৫(৩) ধারায় একটি মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটি বিএনএস-এর ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় নথিভুক্ত করা হয়। মামলার নথিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ নভেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ এর সমাপনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানের একটি অংশে উপকূলীয় কর্নাটকের ভুত কোলা প্রথার পূজিত এক দেবতাকে উপহাস করার অভিযোগ আনা হয়েছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি যে মঞ্চে ঘটেছিল, সেখানে ‘কানতারা: চ্যাপ্টার-১’ সিনেমার প্রধান অভিনেতা ঋষভ শেঠিও উপস্থিত ছিলেন। অভিযোগকারী দাবি করেছেন, চাভুন্ডি দৈব ভূত কোলা আচার-অনুষ্ঠানে পূজিত এক রক্ষক আত্মা এবং তাদের পারিবারিক দেবতা। এই দেবতাকে উদ্দেশ করে রণবীর সিং পাঞ্জুরলি/গুলিগা দৈবের ঐশ্বরিক অভিব্যক্তি অশ্লীল ও হাস্যকর ভঙ্গিতে অনুকরণ করেন। কেবল তাই নয়, অভিনেতা মৌখিকভাবে চাভুন্ডি দৈবকে ‘নারী ভূত’ বলেও উল্লেখ করেন, যা অভিযোগকারীর মতে অত্যন্ত আপত্তিকর। দৈব-সংক্রান্ত কোনো অভিনয় না করার অনুরোধ জানানোর পরও অভিনেতা রণবীর সিং ‘কানতারা: চ্যাপ্টার-১’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে চাভুন্ডি দৈবের দৃশ্য মঞ্চায়ন করেন। চাভুন্ডি দৈব কোনো ভূত নন, বরং তিনি ন্যায়বিচার, সুরক্ষা, দিব্য নারীত্বের প্রতীক এক শক্তিশালী রক্ষক আত্মা; উপকূলীয় কর্নাটকে যার গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। তাকে ‘ভূত’ বলে উল্লেখ করাকে নিন্দাজনক, হিন্দু ধর্মীয় বিশ্বাসের প্রতি গুরুতর অপমান হিসেবে অভিহিত করেছেন অভিযোগকারী। রণবীর সিংয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আগামী ৮ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

‘দীপিকা’ চমক নিয়ে আসছেন অ্যাটলি

‘দীপিকা’ চমক নিয়ে আসছেন অ্যাটলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি। তার আসন্ন প্রজেক্টে থাকছেন এই বলিউড নায়িকা। অ্যাটলির আগামী প্রজেক্টের সাময়িক নাম দেয়া হয়েছে এএ২২Xএ৬। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অ্যাটলি ও আল্লু অর্জুন। অন্যদিকে জওয়ানের পর এটিই হবে দীপিকার সঙ্গে অ্যাটলির দ্বিতীয় সিনেমা।  আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনার তুঙ্গে। যদিও এখনও সিনেমার কাহিনী ও চরিত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবু ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই প্রজেক্টকে অ্যাটলির ক্যারিয়ারের অন্যতম বড় কাজ বলে ধরা হচ্ছে। ভিজ্যুয়ালের বিস্তৃতি, তারকার উপস্থিতি মিলিয়ে কাজে নামার আগেই অ্যাটলির দিকে চোখ পড়েছে সিনেমাপ্রেমীদের। দীপিকার সঙ্গে আবার কাজ করা প্রসঙ্গে অ্যাটলি বলেছেন, হ্যাঁ, ও (দীপিকা) আমার লাকি চার্ম। দীপিকার সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। ওর সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। ও সত্যিই অবিশ্বাস্য। উল্লেখ্য, এএ২২Xএ৬ হতে চলেছে মা হওয়ার পর দীপিকা পাডুকোনের প্রথম সিনেমা। অ্যাটলি বলেছেন, মাতৃত্বের পর ও এই সিনেমাটা শুরু করছে। দর্শক এবার একেবারে আলাদা দীপিকাকে দেখবে, এটা আমি নিশ্চিত।

‘নির্বাচনী প্রতিশ্রুতিগুলো যেন পরবর্তী সময়ে ঠিক থাকে, আর ধোঁকা খেতে চাই না’

‘নির্বাচনী প্রতিশ্রুতিগুলো যেন পরবর্তী সময়ে ঠিক থাকে, আর ধোঁকা খেতে চাই না’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বলেন, আমাদের দেশের বর্তমান বাস্তবতায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষের চাহিদা অনেক। আমি আগেও বলেছি, এখনো বলছি- আমি একজন শিল্পী, কোনো দলের প্রতিনিধি নই। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে এটুকু চাই, নির্বাচনে যেই জিতে আসুক না কেন, তারা যেন আগে জনগণের কথা ভাবেন। নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়েও কথা বলেন তৌসিফ। তার কথায়, নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, নির্বাচন-পরবর্তী সময়ে যেন সেগুলো ঠিক থাকে। প্রতিশ্রুতি রাখা হোক- জনগণ হিসেবে আমাদের চাওয়া আসলে এটুকুই। অতীত অভিজ্ঞতার কথা টেনে তৌসিফ বলেন, আগেও আমরা অনেকবার ধোঁকা খেয়েছি। আর ধোঁকা খেতে চাই না। এই ধোঁকায় পড়ে অনেক মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। কারও কাছ থেকে শুনেছি- বাংলাদেশের ওপর থেকে তাদের মন উঠে গেছে, তাই বিদেশে চলে যেতে চান। এমন কথা তারকাদের মধ্যেও আছে। কিন্তু আমি এসব বিশ্বাস করি না। নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেতা বলেন, আমি জন্মের পর থেকে আমার দেশকে পাগলের মতো ভালোবাসি। অবুঝ বাচ্চাদের মতো এই দেশটাকে ভালোবাসি। মন থেকে বিশ্বাস করি- রাজনীতি হোক বা সংস্কৃতি, একদিন বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক ভালো জায়গায় পৌঁছাবে।

মার্কিন মুলুকে মুখোমুখি বরিশালের দুই তারা

মার্কিন মুলুকে মুখোমুখি বরিশালের দুই তারা নাটক-সিনেমায় তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন বরেণ্য অভিনেত্রী তানিয়া আহমেদ। নির্মাতা হিসেবেও তার আলাদা পরিচিতি রয়েছে। অন্যদিকে, চলচ্চিত্রের জনপ্রিয় মুখ জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায়।  মজার ব্যাপার হলো—এই দুই তারকা বরিশাল অঞ্চলের মানুষ। তানিয়া আহমেদের জন্ম পটুয়াখালীতে, আর জায়েদ খানের শৈশব-কৈশোর কেটেছে পিরোজপুরে। সেই বরিশালের দুই তারকাই এবার মুখোমুখি হয়েছেন সাত সাগর তেরো নদীর ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।  জায়েদ খানের উপস্থাপনায় নির্মিত জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন তানিয়া আহমেদ। প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারিত হওয়ার পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে অনুষ্ঠানটি।  বিশেষ এই পর্বে উপস্থাপক জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তানিয়া আহমেদ তুলে ধরেছেন তার দীর্ঘ অভিনয়জীবনের গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের নেপথ্যের নানা কথা এবং কিছু অজানা মুহূর্ত। খোলামেলা আলোচনা, আন্তরিক কথোপকথন আর তারকাখচিত উপস্থিতিতে পর্বটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, অনুষ্ঠানটি আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।  উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। একই বছরের আগস্ট মাসে দেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি আর বাংলাদেশে ফিরেননি। মাতৃভূমিতে ফেরার আগ্রহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।

ঈদ চমকে তৌসিফের সঙ্গী তানজিন তিশা

ঈদ চমকে তৌসিফের সঙ্গী তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশা। তারা অনেক নাটকেই জুটি বেঁধে অভিনয় করেছেন। বিজ্ঞাপনেও দেখা গেছে তাদের। ঈদুল ফিতরে চমক হিসেবে জুটি বাঁধছেন তৌসিফ-তিশা। সম্প্রতি দুজনেই যোগ দিয়েছেন দেশের স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। প্রচারেও অংশ নিচ্ছেন তারা। তারই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন তৌসিফ ও তিশা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও এ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম। ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ মাহবুব অনুভূতি ব্যক্ত করে বলেন, স্টেপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারা আমার জন্য গর্বের। এটি কেবল কোনো চুক্তিভিত্তিক সম্পর্ক নয়; আমি এর মান, সততা ও সম্ভাবনায় বিশ্বাস করি। স্টেপ স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতার প্রতিচ্ছবি। তানজিন তিশা বলেন, স্টেপ একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য দেশীয় ব্র্যান্ড। প্রতিটি পণ্যে গুণগত মান ও নান্দনিকতার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে এমন একটি ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করতে পারছি। আয়োজনে স্টেপ ফুটওয়্যারের ভিশন, ঈদকালীন নতুন কালেকশন, ভবিষ্যৎ পরিকল্পনা ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী কার্যক্রম নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমরা এবারের ঈদে নিত্যনতুন ডিজাইনের মানসম্মত, আধুনিক ও ট্রেন্ডি ফুটওয়্যার উপহার দিতে প্রস্তুত। ফ্যাশন এবং স্বাচ্ছন্দ্যের এই সমন্বয় সব বয়সের ক্রেতাদের মন জয় করবে। সেটি বিবেচেনা করেই সময়ের দুই স্টাইলিস্ট তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশাকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছি।

প্লেব্যাক ছেড়ে দিচ্ছেন অরিজিৎ সিং!

প্লেব্যাক ছেড়ে দিচ্ছেন অরিজিৎ সিং! প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী এই শিল্পী। ব্যাটল অব গালওয়ান ছবির সাম্প্রতিক গান ‘মাত্রুভূমি’ মুক্তির কয়েক দিনের মধ্যেই তার এই ঘোষণা সংগীতাঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টে অরিজিৎ সিং লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনো নতুন কাজ গ্রহণ করব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই দয়ালু ছিলেন। তবে প্লেব্যাক থেকে অবসর নেওয়া মানেই সংগীতজগৎ থেকে বিদায় নয়, এ কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। অরিজিৎ লিখেছেন, ‘আমি গান গাওয়া বন্ধ করছি না। ভালো সংগীতের একজন অনুরাগী হিসেবে আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।’ উল্লেখ্য, অরিজিৎ সিংয়ের কোনো অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট নেই। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই এই ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই অনুরাগীদের মধ্যে আবেগের ঢেউ বয়ে যায়। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকেই তার এই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। ২০১৩ সালে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি টু’ সিনেমার কালজয়ী গান ‘তুম হি হো’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অরিজিৎ সিং। এর আগে তিনি বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে শ্রোতাদের নজর কাড়েন। পরবর্তীতে একের পর এক চার্টবাস্টার গানের মাধ্যমে তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠে পরিণত হন। ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘হাওয়ায়েঁ’, ‘আপনা বানা লে’, ‘সাজনি’, ‘ভে মাহী’, ‘গেহরা হুয়া’, কিংবা সাম্প্রতিক ‘ঘর কাব আওগে’ প্রতিটি গানে নিজের আলাদা স্বাক্ষর রেখে গেছেন অরিজিৎ।

এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট

এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট সড়ক দুর্ঘটনার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আজও আলিয়া ভাটকে নাড়া দেয়। গাড়ির পেছনের আসনে বসলেও তিনি নিয়মিত সিটবেল্ট পরেন। রাস্তায় চলাচলের সময় এক ধরনের ভয় কাজ করে তার মধ্যে। কারণ, একটি দুর্ঘটনাই একসময় তার খুব কাছের একজনকে কেড়ে নিয়েছিল। সম্প্রতি ভারতের একটি সড়ক নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন আলিয়া ভাট। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও ভিকি কৌশল। অনুষ্ঠানে নিজের জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী। আলিয়া জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি তার ন্যানিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারান। ওই নারী তার দেখাশোনা করতেন এবং পরিবারের সদস্যের মতোই ছিলেন। আলিয়ার ভাষায়, তিনি শুধু ন্যানি নন, দিদির মতো একজন মানুষ ছিলেন।ঘটনার বিস্তারিত তুলে ধরে আলিয়া বলেন, তার ন্যানি একদিন সঙ্গীর সঙ্গে মোটরসাইকেলে করে মন্দিরে যাচ্ছিলেন। সঙ্গীর মাথায় হেলমেট থাকলেও ন্যানির মাথায় হেলমেট ছিল না। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এই ঘটনা আলিয়ার মনে গভীর প্রভাব ফেলে। দীর্ঘদিন আতঙ্কে ভুগেছেন তিনি। পরিবারের সবাই তখন নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক হয়ে ওঠে। আলিয়ার মা তাকে নিয়ে সব সময় চিন্তিত থাকতেন। এমনকি গাড়িচালককে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল- সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে চাকরি থাকবে না। আলিয়া জানালেন, এখন নিজে মা হওয়ার পর সেই সময়কার উদ্বেগ, ভয় আর নিরাপত্তার গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারছেন তিনি। বলেন, ‘এখন নিজে মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি।’ আলিয়া ভাট এখন তার জীবনের এক নতুন অধ্যায় পার করছেন। একদিকে যেমন তার পেশাগত ব্যস্ততা, অন্যদিকে তিনি তার মেয়ে রাহার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন। এর আগে আলিয়া বলেছিলেন, মেয়ের জন্মের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে কখনো একা ছাড়ব না । রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।

প্রকাশ্যে তীব্র অপমান, স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা

প্রকাশ্যে তীব্র অপমান, স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা দীর্ঘদিনের স্কুল জীবনের বন্ধুত্ব, কিন্তু সেই সম্পর্ক ভাঙতে সময় লাগল না এক মুহূর্ত। বলিপাড়ার ইনফ্লুয়েন্সার ওরহান আত্রামানি ওরফে ওরির সাথে সব সম্পর্ক শেষ করে দিলেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। প্রকাশ্যে সারার ক্যারিয়ার ও পরিবার নিয়ে ওরির অপদস্থকর মন্তব্যের জেরে এই বিবাদের সৃষ্টি হয়েছে। ঘটনার শুরু ওরির একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে তিনি সারা আলি খান, তার মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানের চর্চিত প্রেমিকা পলক তিওয়ারিকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করেন। ওরি জানান, এই তিনটি নাম তার কাছে অত্যন্ত অপছন্দের। এমন প্রকাশ্য অপমানের পর কোনো কথা খরচ না করেই ওরিকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেন সারা ও ইব্রাহিম। বন্ধুত্বে ফাটল ধরার পর ওরি আরও এক ধাপ এগিয়ে সারাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন; সেটাও ভীষণ ন্যাক্কারজনকভাবে! আরেক রিল ভিডিওয় ওরিকে দেখা যায় কালো নেটের গেঞ্জিতে স্বচ্ছ হয়ে উঠেছে ভিতরে থাকা সাদা ব্রা এবং তার স্ট্র্যাপ। এই ইনফ্লুয়েন্সারের এমন উদ্ভট সাজপোশাক দেখে একজন প্রশ্ন ছোড়েন, ওই অন্তর্বাসে ঠিক কী ধরে রেখেছেন আপনি? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অযাচিতভাবে সারা আলি খানের নাম উল্লেখ করে বসেন ওরি। বলেন, আমার এই অন্তর্বাসে সারার ক্যারিয়ারের হিট ছবিগুলো ধরে রেখেছি। ওরির এমন কুরুচিপূর্ণ মন্তব্যে নেটিজেনদের মাঝেও তীব্র নিন্দার ঝড় উঠেছে। এদিকে সারার এতসব অপমানের পরেও সরাসরি কোনো তর্কে জড়াননি নবাবকন্যা। তবে সিনেমা জগতে আসার আগে থেকেই সারা এবং ওরি একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। বলিউডের যেকোনো বড় পার্টিতে তাদের একসাথে দেখা যেত।