কাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

কাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক অপেক্ষাটা দীর্ঘ ছিল। যেদিন থেকে ঘোষণা এসেছিল, সেদিন থেকেই ভক্তরা গুনছিলেন দিন। অবশেষে সেই অপেক্ষার পর্দা নামছে আগামীকাল। শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক, নাম রাখা হয়েছে সিনেমাটির ‘মাইকেল’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে। অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডমিংগো, ক্যাট গ্রাহাম, নিয়া লং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি। মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো। মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে দেখা যাবে নিয়া লংকে। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে আছেন জেসিকা সুলা। এ ছাড়া মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও রয়েছে সিনেমায়। সিনেমাটিতে তুলে ধরা হবে ছোটবেলায় জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে মাইকেলের যাত্রার শুরু থেকে বিশ্বের সবচেয়ে বড় বিনোদনশিল্পী হয়ে ওঠার পুরো গল্পটা। মঞ্চের বাইরের জীবন, একক সংগীতজীবনের সোনালী মুহূর্ত এবং বিখ্যাত কিছু পারফরম্যান্সও দর্শক দেখবেন একেবারে কাছ থেকে। গত বছরের নভেম্বরে বায়োপিকটির টিজার মুক্তির পর মাত্র ২৪ ঘণ্টায় ১১৬ দশমিক ২ মিলিয়ন ভিউ হয়েছিল, যা কোনো মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে আগে কখনো হয়নি। গত ফেব্রুয়ারিতে ট্রেলার মুক্তির একদিনের মধ্যেই ৫ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেতে যাচ্ছে সিনেমাটি। বাংলাদেশেও সিনেমাটি ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাইকেল জ্যাকসনের প্রচুর ভক্ত রয়েছেন। সেই আশি-নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত পপ সংগীতপ্রেমীদের কাছে সম্রাট হয়েই আছেন তিনি। এরই মধ্যে অনেক দর্শক অগ্রিম টিকেটের খোঁজে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।
হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন

হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন আবারও হলিউডের পর্দায় দাপট দেখাতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর নতুন সিজন নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। এর আগে ‘সিটাডেল’ এর প্রথম কিস্তিতেও অ্যাকশন দেখিয়ে বেশ জমিয়েছিলেন প্রিয়াঙ্কা। মঙ্গলবার সিরিজটির দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্ট প্রাইম ভিডিও। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর এই ট্রেলার প্রকাশের পাশাপাশি জানানো হয় এর মুক্তির তারিখ। আগামী ৬ মে থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হতে যাচ্ছে সিরিজটির। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এই সিজনেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেনকে। ‘সিটাডেল’ মূলত বিশ্বসেরা একদল এলিট গোয়েন্দাদের গল্প। ম্যান্টিকোর নামের একটি শক্তিশালী অপরাধী চক্রের হাতে ধ্বংস হয়ে যাওয়া এক গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন মেসন কেন (রিচার্ড ম্যাডেন), নাদিয়া সিন (প্রিয়াঙ্কা চোপড়া) ও বার্নার্ড অরলিক (স্ট্যানলি তুচি)। স্মৃতিলোপ পাওয়া এই গোয়েন্দাদের পুনরুত্থান ও লড়াই নিয়েই সিরিজের মূল কাহিনী। নতুন সিজনে দেখা যাবে, পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে এই তিন গোয়েন্দা আবারও অ্যাকশনে নামছেন। নিজেদের লক্ষ্য পূরণে তারা নতুন এক দল গঠন করেন এবং বিশ্বজুড়ে শুরু হয় তাদের শ্বাসরুদ্ধকর মিশন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের সিজনটি আগের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে। অ্যামাজন এমজিএম স্টুডিও এবং রুসো ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অ্যান্থনি রুসো ও জো রুসো। শো-রানার ও পরিচালক হিসেবে কাজ করছেন ডেভিড ওয়েইল। প্রিয়াঙ্কার এই নতুন মিশন দেখার অপেক্ষায় এখন ভক্তরা।
‘হয়তো এখনো বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত নই’ : আইশা খান

‘হয়তো এখনো বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত নই’ : আইশা খান বর্তমান সময়ের অন্যতম নন্দিত ও দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। নিজস্ব অভিনয়শৈলী, ব্যক্তিত্ব আর স্নিগ্ধতায় খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সমসাময়িক ঝোঁকে গা ভাসিয়ে না দিয়ে বরাবরই কাজ নির্বাচনে সচেতন তিনি। নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা প্রতিটি মাধ্যমেই নিজেকে মেপে পথ চলছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও কাজের দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন আইশা খান। নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি জানান, এখনই সব ধরণের কাজ করার তাড়না বোধ করছেন না তিনি। বরং নিজের খামতিগুলো শুধরে নিজেকে আরও যোগ্য করে গড়ে তোলাই তার বর্তমান লক্ষ্য। আইশা খান বলেন, ‘আমার কাছে এ মুহূর্তে মনে হচ্ছে যে, সবার আসলে সবকিছু করার প্রয়োজন নেই। হয়তোবা আমি এখনো বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত নই। এর আগে আমি যে কাজগুলো করেছি, সেগুলো হয়তো মানুষের সেভাবে পছন্দ হয়নি। আমারও হয়তো কমতি ছিল। যেহেতু আমি কোনো থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তাই শেখার অনেক কিছু আছে। আমি যদি অনেক কিছু জানতাম বা পারতাম, তবে হয়তো এ দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতো না।’ নিজের অভিনীত ‘শেকড়’ সিনেমাটি নিয়ে বিদেশের মাটিতে বেশ প্রশংসা কুড়িয়েছেন আইশা। সেখানে তার অভিনীত ‘ফাল্গুনী’ চরিত্রটি দর্শক মহলে সমাদৃত হয়েছে। তবে এই সাফল্যের রেশ ধরে এখনই নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে চান না তিনি। অভিনেত্রী বলেন, ‘শেকড়ের পর আসলে খুব শিগগির আর কোনো কাজের সঙ্গে যুক্ত হবো না। আপাতত তেমন ইচ্ছে নেই। আমি তো প্রতিনিয়ত অনেক ভুল করছি এবং সেই ভুল থেকে শিখছি। নিজেকে আরেকটু পরিণত করতে চাই।’ বাংলা চলচ্চিত্রের বর্তমান জোয়ার নিয়ে আইশা খান বেশ ইতিবাচক। বিশেষ করে ২০২২ সালে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে যে পরিবর্তন এসেছিল, তার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ‘তখন আমাদের সবার মুখে একটা কথাই ছিল হাওয়া সিনেমা ইন্ডাস্ট্রি বদলে দিয়েছে। তারই ধারাবাহিকতায় এখন ‘বনলতা এক্সপ্রেস’-এর যে সাফল্য দেখছি, তা সত্যিই উপভোগ করছি। ভালো লাগছে।’ ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘বনলতা এক্সপ্রেস আমার প্রিয় এক নির্মাতার কাজ, যার সঙ্গে আমার দুটি কাজ করার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমার পছন্দের শিল্পীরা আছেন, তাদের এই উন্নতি দেখে আনন্দ লাগছে। সামনে আবার ‘রইদ’ আসবে। এই নির্মাতার সঙ্গেই আমার বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ করা হয়েছিল। তাই আশা করছি, ‘হাওয়া’ যেভাবে ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল, ‘রইদ’ সিনেমাটিও চলচ্চিত্রের জন্য দারুণ কিছু নিয়ে আসবে।’
ফের মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী নাটালি

ফের মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী নাটালি অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান আবারও মা হতে চলেছেন। ৪৪ বছর বয়সী এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার তৃতীয় সন্তান আগমনের খবরটি নিশ্চিত করেছেন। বর্তমান সঙ্গী তাঙ্গি ডেস্টাবলের সঙ্গে এটিই তার প্রথম সন্তান। এক সাক্ষাৎকারে পোর্টম্যান বলেন, তিনি এবং তাঙ্গি দুজনেই অত্যন্ত আনন্দিত এবং এই নতুন অতিথির জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। ব্যক্তিগত জীবনে নাটালি পোর্টম্যানের বাবা একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ বা প্রজননবিদ। সেই সূত্রে মা হওয়ার যাত্রা যে সবার জন্য সহজ হয় না, সে বিষয়ে তিনি সচেতন। এই গর্ভধারণকে একটি ‘অলৌকিক ঘটনা’ ও ‘বিশেষ প্রাপ্তি’ হিসেবে অভিহিত করে অভিনেত্রী জানান, তিনি প্রতিটি মুহূর্ত অত্যন্ত ইতিবাচকভাবে উপভোগ করছেন। সাবেক স্বামী বেঞ্জামিন মিলপিয়েডের সঙ্গে নাটালির আরও দুটি সন্তান রয়েছে। তবে এবারের অভিজ্ঞতা কিছুটা ভিন্ন জানিয়ে তিনি বলেন, এই বয়সেও তিনি প্রত্যাশার চেয়ে বেশি কর্মশক্তি অনুভব করছেন এবং একধরনের মানসিক প্রশান্তি ও স্পষ্টতা তার ভেতরে কাজ করছে। সম্প্রতি প্যারিসের রাস্তায় পোর্টম্যানকে তার বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, যা অবশেষে তিনি নিজেই নিশ্চিত করলেন। চল্লিশোর্ধ্ব বয়সে মা হওয়ার ক্ষেত্রে সমাজে যে ধরনের নেতিবাচক ধারণা বা দ্বিধা কাজ করে, নাটালি পোর্টম্যানের এই খবর তা ভাঙতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। হলিউডের অনেক তারকাও এর আগে চল্লিশের কোঠায় সন্তান গ্রহণ করে প্রমাণ করেছেন যে, জীবনের এই পর্যায়েও সুস্থ ও সুন্দরভাবে মাতৃত্ব উপভোগ করা সম্ভব। নাটালি এখন তার জীবনের এই নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় দিন গুনছেন।
আবারও ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান

আবারও ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান আবারও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন জনপ্রিয় তারকা তাহসান খান। এর আগেও সংস্থাটির শুভেচ্ছাদূত ছিলেন তিনি। আজ আজ আনুষ্ঠানিকভাবে ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছে। তাহসান খান বলেন, ‘রোহিঙ্গারা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় ও নিরাপত্তার খোঁজে আসার পর নয় বছর পার হয়েছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের এই দুর্দশার প্রতি আমাদের সহানুভূতিশীল থাকা প্রয়োজন।’ তিনি বলেন, ‘আমি এমন সব পরিবারের সঙ্গে কথা বলেছি, যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের শিকার হয়েছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আমাকে অনুপ্রাণিত করে। আমি তাদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চাই।’ বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রথম শুভেচ্ছাদূত হিসেবে ২০২১ সালে নিয়োগ পান তাহসান খান। এরপর থেকেই তিনি সংস্থাটির হয়ে সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং শরণার্থীদের অধিকার রক্ষায় কাজ করে আসছেন। বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একজন নিবেদিত কণ্ঠস্বর। তার সম্পৃক্ততা এমন এক সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন, যা এই সময়ে আমাদের সবার প্রয়োজন। তিনি আরও বলেন, তার চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমরা গর্বিত এবং শরণার্থীদের সুরক্ষা ও আশার প্রসারে তার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করি। দশ লাখের বেশি শরণার্থীকে উদারভাবে আশ্রয় দেওয়া এই দেশে এমন একটি কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে তাহসান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন, সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছেন এবং বিশ্ব শরণার্থী দিবসের মতো বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইউএনএইচসিআরের ৩৬ জন শুভেচ্ছাদূতের একজন হিসেবে তাহসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনসমর্থন গড়ে তোলা এবং বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন ও অধিকার তুলে ধরার মাধ্যমে তারা সংস্থাটির কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করেন। ২০২৫ সালে ক্যাম্পের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন তাহসান। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন। তাদের বেশির ভাগ কক্সবাজার জেলার ৩৩টি ঘনবসতিপূর্ণ ক্যাম্পে বসবাস করছেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবির হিসেবে পরিচিত।
জার্মানিতে পুরস্কার জিতল আদনান আল রাজীবের ‘আলী’

জার্মানিতে পুরস্কার জিতল আদনান আল রাজীবের ‘আলী’ জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। গত ১৯ এপ্রিল উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা ঘোষণা করা হয়। পুরস্কার গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাতা আদনান আল রাজীব এই অর্জনকে তার কাজের নেপথ্যের কারিগর এবং দেশের প্রতি উৎসর্গ করেন। মূলত সামাজিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর গল্পকে সৃজনশীলভাবে উপস্থাপনের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছিল চলচ্চিত্রটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর আলী, যে সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন। ইউরোপের এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি বলিউড বাদশা শাহরুখ খানের পর্দায় ফেরা মানেই নতুন কোনো রেকর্ড বা নতুন কোনো উন্মাদনা। ‘জওয়ান’-এর আকাশচুম্বী সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিং খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্য। বড় পর্দায় আবারও অ্যাকশন হিরো অবতারে শাহরুখের ম্যাজিক দেখার জন্য যখন ভক্তদের উত্তজনা তুঙ্গে, ঠিক তখনই সিনেমাটি নিয়ে এলো এক বিশাল সুখবর। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকার বিশাল অঙ্ক ঘরে তুলেছে ছবিটি। সিনেমাটির সর্বভারতীয় থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহ পরিবেশনার স্বত্ব রেকর্ড ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে। পেন মারুধার নামের একটি সংস্থা এই স্বত্ব কিনে নিয়েছে। শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে এই বড় অংকের চুক্তিটি সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের জন্য এটি অন্যতম বড় ব্যবসায়িক চুক্তি হিসেবে ধরা হচ্ছে। ‘কিং’ সিনেমাটি শাহরুখ খানের কাছে ব্যক্তিগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার কন্যা সুহানা খানের। এর আগে ২০২৩ সালে জয়া আখতারের ওটিটি ভিত্তিক সিনেমা ‘দ্য আর্চিস’-এ তাকে দেখা গেলেও, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সুহানার প্রথম সিনেমা এটিই। বাবা-মেয়ের এই রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। সিনেমাটি ঘিরে প্রত্যাশার পারদ যে কতটা ওপরে, তা বোঝা যায় এর টিজার ও ঝলক দেখলেই। মাত্র পাঁচ মাস আগে মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম ঝলক ইউটিউবে ৪৪আ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। এমনকি দু’মাস আগে সিনেমার মুক্তির তারিখ সম্বলিত টিজারটিও দর্শক দেখেছে ৩০ মিলিয়নের বেশিবার। ৪০০ কোটি টাকা বাজেটের এই বিগ বাজেটের সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। তবে মুক্তির আগেই আড়াইশ কোটির এই মাইলফলক বুঝিয়ে দিচ্ছে, ২০২৬ সালের বক্স অফিসে শাহরুখ খান আবারও এক বড় ঝড়ের সংকেত দিচ্ছেন।
আবারও বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা

আবারও বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা আবারও নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। জনপ্রিয় এই তারকা দম্পতি আবারও বাবা-মা হতে যাচ্ছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। দীপিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, দুয়া হাতে ধরে আছে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট-যেখানে স্পষ্ট দুটি লাল দাগ। পাশে ফ্রেমে ধরা পড়ে রণবীর ও দীপিকার হাতও। দুয়ার এই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে দীপিকা কোনো দীর্ঘ লেখা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন। সুখবর প্রকাশের পর থেকেই বলিউড তারকারা অভিনন্দন জানাতে শুরু করেন। পরিণীতি চোপড়া ও সামান্থা রুথ প্রভুর মতো অনেকেই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও কমেন্টে ভালোবাসা জানাচ্ছেন— অনেকেই লিখছেন, “দুয়ার জন্য এবার নতুন খেলার সঙ্গী আসছে।” ২০১৮ সালে ইতালিতে বিয়ে করার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে রণবীর সিং তার সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর নতুন কাজ ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন।
সুইমিংপুল থেকে উদ্ধার ফরাসি অভিনেত্রী, হাসপাতালে মৃত্যু

সুইমিংপুল থেকে উদ্ধার ফরাসি অভিনেত্রী, হাসপাতালে মৃত্যু ফরাসি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ এবং প্রখ্যাত মরক্কান-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। গত সপ্তাহে একটি সুইমিংপুলে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের পর কোমায় থাকা এই অভিনেত্রী শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে তার দুই মেয়ে সিলিয়া এবং শানা চাসম্যান মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মায়ের মৃত্যু হয়েছে। তারা গভীর শোক প্রকাশ করে বলেন, ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর তারা হারালেন তাদের প্রিয় মাকে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ম্যাথিউ ক্যাসোভিটজ পরিচালিত ব্লকবাস্টার থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান নাদিয়া। সেখানে তিনি জিন রেনো এবং ভিনসেন্ট কাসেলের বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছিলেন। ১৯৬৮ সালে মারাক্কেশে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী নিস শহরে বেড়ে ওঠেন এবং পরবর্তীতে অভিনয়ের টানে প্যারিসে পাড়ি জমান। ১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দার যাত্রা শুরু হয়। এরপর তিনি জেট লি ও জেসন স্ট্যাথামের সঙ্গে অ্যাকশনধর্মী ‘ওয়ার’ এবং হরর মুভি ‘স্টর্ম ওয়ার্নিং’-এ নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ব্যক্তিগত জীবনে ২০০৯ সালে মার্কিন প্রযোজক স্টিভ চাসম্যানকে বিয়ের পর তিনি সাময়িকভাবে অভিনয়জগৎ থেকে বিদায় নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। তবে ২০১৬ সালে নেটফ্লিক্সের ড্রামা সিরিজ ‘মার্সেই’-এর মাধ্যমে আবারও পর্দায় ফেরেন তিনি। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের পর নাদিয়া ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফরাসি পত্রিকা লে মঁদ-এর তথ্যমতে, আগামী সেপ্টেম্বর মাসেই চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শুরু করার কথা ছিল তার। গত জানুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, স্টুডিও টিএফওয়ান-এর সঙ্গে একটি অ্যাকশন কমেডি নিয়ে কঠোর পরিশ্রম করছেন তিনি। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। ২০০৭ সালে তার মস্তিষ্কে একটি বড় অ্যানিউরিজম ধরা পড়ায় জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল। এ ছাড়া গত কয়েক বছরে তিনবার তার হার্ট সার্জারিও হয়। গত ১১ এপ্রিল প্যারিসের একটি প্রাইভেট ক্লাবের সুইমিংপুলের তলদেশ থেকে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন এবং পরে অগ্নিনির্বাপক বাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার নেপথ্যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ছিল কি না, তা খতিয়ে দেখছে ফরাসি পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।নাদিয়া ফারেসের মৃত্যুতে ফরাসি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
৪ দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

৪ দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’ বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শনের দীর্ঘ ১৫ বছর পরের জুটি নতুন সিনেমা ‘ভূত বাংলা’ দিয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) মুক্তি পাওয়া হরর-কমেডি ঘরানার এই ছবিটি মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, ছবিটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১০৬ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ১২ দশমিক ২৫ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে ছবিটি। দ্বিতীয় দিনে আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় প্রায় ৫৫ শতাংশ। সোমবার (২০ এপ্রিল) শুধু ভারতেই ছবিটি আয় করেছে প্রায় ৭ কোটি রুপি। এ পর্যন্ত দেশীয় বাজারে ‘ভূত বাংলা’র নেট আয় ৬৫ কোটি রুপি এবং গ্রস কালেকশন ৭৮ কোটি রুপিতে পৌঁছেছে। বিদেশি বাজার থেকেও এসেছে প্রায় ২৯ কোটি রুপি। দীর্ঘদিন পর অক্ষয়-প্রিয়দর্শন জুটির এই প্রত্যাবর্তন দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদব। নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বির পারফরম্যান্সও প্রশংসা কুড়াচ্ছে। প্রথমে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও ছবিটি মুক্তি পায় ১৭ এপ্রিল। এই বিলম্ব দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে ছবিটি নতুন কয়েকটি বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। এদিকে অক্ষয় কুমারের আগামী প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হায়ওয়ান’ এবং ‘গোলমাল ৫’।