চিরনিদ্রায় গ্রামের বাড়িতে শায়িত অভিনেতা তপন

চিরনিদ্রায় গ্রামের বাড়িতে শায়িত অভিনেতা তপন অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন। শুক্রবার রাত ৮টা ৬ মিনিটে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সকালে টাঙ্গাইলের ধনবাড়িতে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে তাহসিন জামান তিথি। তিনি জানান, শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তপনের মরদেহ সমাহিত করা হয়। দীর্ঘদিন ধরে মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তপন। গত ডিসেম্বরে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অবশ্য পরদিন শুক্রবারই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। অবশেষে পাড়ি দেন অনন্তলোকে। একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। টেলিভিশন নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি। তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

নতুন পরিচয়ে আরশ খান

নতুন পরিচয়ে আরশ খান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান এবার নতুন পরিচয়ে হাজির হলেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন এই অভিনেতা। আজ (২৫এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে আরশ খান লিখেছেন, অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটি ব্যবসা থাকবে। অবশেষে ছোট পরিসরে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। নতুন প্রতিষ্ঠান ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’র মাধ্যমে যাত্রা শুরু করেছেন বলে জানান। আরশ আরও বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনায় রেখে সেলুনের মূল্য তালিকা নির্ধারণ করেছেন। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক মূল্য রাখার চেষ্টা করেছেন তিনি। সবশেষে সবার কাছে দোয়া চেয়ে এই অভিনেতা বলেন, যেন তিনি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন। এদিকে নতুন এই উদ্যোগের খবর পেয়ে সহকর্মী ও ভক্তদের কাছ থেকে শুভকামনায় ভাসছেন আরশ। মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আরশ খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আমার বিরহে অভ্যস্ত হইও না’ ও ‘শ্রাবণের রূপকথা’ নাটক। পাশাপাশি ওটিটি মাধ্যমেও কাজ করছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া তার ‘আতকা’ সিরিজটিও দর্শকমহলে সাড়া ফেলেছে।

বাপ্পা মজুমদার রুনা লায়লার সঙ্গে গজলে কণ্ঠ মেলালেন

বাপ্পা মজুমদার রুনা লায়লার সঙ্গে গজলে কণ্ঠ মেলালেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা আবারও ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। এবার তিনি গেয়েছেন বাংলা গজলধর্মী গান, যেখানে তার সঙ্গী হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘অনায়াসে’। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজেই বিষয়টি জানান। তিনি বলেন, “আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। এটি বাংলা গজলধর্মী এ ধরনের কাজ আগে খুব একটা হয়নি বলেই আমার মনে হয়। জানা গেছে, শুরুতে গানটি এককভাবেই গাওয়ার কথা ছিল তার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, “বাপ্পা আমাকে বলেছিল‘আন্টি, আপনার জন্য একটি গান করেছি, আপনি কি গাইবেন?’ আমি বলেছিলাম, অবশ্যই গাইব। তবে গানটি শোনার পর সিদ্ধান্ত বদলান এই বরেণ্য শিল্পী। তার ভাষায়, “গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি। ‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন রুনা লায়লা।

ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির সরকারি সহযোগিতা চান

ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির সরকারি সহযোগিতা চান ভালো নেই অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নৃত্য পরিচালক জাকির হোসেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই নেতার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার। হাসপাতাল-বাসা করে এখন কাটছে তার দিন। ভেঙে পড়া শরীরে ১৪ দিন অন্তর নিতে হচ্ছে কেমোথেরাপি। কিন্তু হচ্ছে না আশানুরূপ উন্নতি। ক্রমেই অবস্থা খারাপ হচ্ছে। গেল ফেব্রুয়ারির শেষে জাকির হোসেনের শরীরে ক্যানসারের অস্তিত্ব শনাক্ত করেন চিকিৎসক। সে মাসের শুরুতে চিকিৎসকের দ্বারস্থ হন বাংলা সিনেমার এই নৃত্য পরিচালক। প্রাথমিক পরীক্ষায় পেপটিক আলসার বলে সন্দেহ করেন চিকিৎসক। পরে আরও পরীক্ষা নিরীক্ষায় বেরিয়ে আসে জাকিরের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। এই নৃত্য পরিচালক বলেন, গত ২ ফেব্রুয়ারির ডাক্তারের কাছে যাই। সে সময় পেপটিক আলসার বলে সন্দেহ করেন চিকিৎসক। ওষুধও দেন। কিছুদিন খাওয়ার পর অবস্থার উন্নতি না হলে ফের যাই। তখন এন্ডোস্কোপি ও বায়োপসি করে আমার পেটে টিউমারের অস্তিত্ব পাওয়া যায় যার ভেতরে ক্যানসারের জীবাণু আছে। সে সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিউমার অপসারণের উদ্যোগ নিলে জানা যায় অস্ত্রোপচারের উপযোগী নই। কারণ পেটে পানি জমেছে। বিকল্প চিকিৎসা হিসেবে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তারপর থেকে কেমোথেরাপি নিচ্ছেন নাচের এই কোরিওগ্রাফার। জাকির বলেন, ১২টি কেমো নিতে বলা হয়েছে। ১৪ দিন পর পর একটি করে নিচ্ছি। এরই মধ্যে ৫টি শেষ। কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি লক্ষ করছি না। উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাকির। অসুস্থতার কারণে অনেক দিন কাজহীন তিনি। চিকিৎসা ব্যয় মেটাতে এরই মধ্যে খরচ হয়েছে মোটা অংকের টাকা। তার ও পরিবারের খরচ মেটাচ্ছেন ভাই-বোনেরা। এমতাবস্থায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, সহকর্মী ও বন্ধুরা। পাশাপাশি সরকারি সহায়তার জন্যও আবেদন করেছেন তিনি। জাকিরের বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য রুমানা ইসলাম মুক্তি বলেন, জাকির মামা অনেক দিন ধরে অসুস্থ। যে কারণে আমাদেরও মন ভালো নেই। কিছুদিন আগেও কথা হয়েছিল এবার আমাদের সঙ্গে নির্বাচন করবেন। যখন জেনেছি তিনি ক্যানসারে আক্রান্ত বিষয়টা মানতে কষ্ট হচ্ছে। জাকির মামা হাসিখুশি ভালো একজন মানুষ। বিগত সময় শিল্পী সমিতির কমিটিতে দায়িত্ব পালন করেছেন। আমরা তার পাশে সবসময় আছি। গতকালও তার সাথে দেখা হয়েছে, অনেক সময় গল্প করেছি৷ বর্তমানে তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মামার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। জানা গেছে, জাকিরের চিকিৎসার জন্য তার সহকর্মী বন্ধুরা ফান্ড গঠন করেছে। এরই মধ্যে অনেকেই সাড়া দিয়ে সহযোগিতা করেছেন। পাশাপাশি সহায়তা পেতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন জাকির।

শাকিবের ‘জয়ধ্বনি’ দেখে বিস্মিত দর্শক

শাকিবের ‘জয়ধ্বনি’ দেখে বিস্মিত দর্শক বেশ কিছুদিন ধরেই চলছিল প্রচারণা। ভিডিওর একটি ক্লিপ প্রকাশ হয়েছিল আগেই। ধারণা করা হচ্ছিল, কোনো বিজ্ঞাপনের প্রোমোর দৃশ্য নয়তো সিনেমার আইটেম সং; যেখানে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। কিন্তু, বিজ্ঞাপন কিংবা সিনেমার আইটেম সং- এর কোনোটাই নয়। স্রেফ একটা মিউজিক ভিডিও, যা ব্যাপক তোলপাড় ফেলেছে দর্শকমহলে। আলোচিত এই মিউজিক ভিডিওটির নাম ‘জয়ধ্বনি’। যার পেছনের কারিগর নির্মাতা আদনান আল রাজীব। শাকিব খানের সঙ্গে এটিই প্রথম কাজ খ্যাতিমান এই নির্মাতার। আর প্রথম প্রোজেক্টেই এই জুটি করলেন বাজিমাৎ! গানটির ভিডিওতে শাকিব খানের লুক, কালার গ্রেডিং এবং তার নাচ নেটিজেনদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেখা যায়, ওয়ার্ম কালার গ্রেডিংয়ের সাথে সিনেম্যাটিক টেক্সার, যা আন্তর্জাতিক মানের রূপ দিয়েছে। শাকিব খান সাদা ও মেরুন রঙের স্টাইলিশ ক্যাজুয়াল পোশাকে, চোখে রোদচশমা পরে মিউজিকের তালে যে নাচের ঝড় তুলেছেন, তা এককথায় অনবদ্য। দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলা এই প্রোজেক্টটি নিয়ে মন্তব্যগুলোও ছিল বেশ যৌক্তিক। অধিকাংশ দর্শক শ্রোতারা কার্যত হতবাক! অনেকে বিশ্বাস করতেই সময় নিয়েছেন যে এটা বাংলাদেশের কাজ। তাদের মন্তব্যগুলো এমন ল্যাটিন একটা ভাইব পেলাম। আবার কেউ কেউ বলছেন, গান বাংলাদেশের, লেভেলটা হলিউডের। দুই বাংলা মিলিয়ে এত বড় আয়োজনের সেলিব্রেশন অ্যানথেম আগে কখনো হয়নি বলেও দাবি অনেক দর্শকের। দর্শক-শ্রোতারা এমন চমকে যাওয়ার পর তাদের মনে আশাও বুনেছে বেশ। কেউ কেউ চাচ্ছেন, এই দুই জুটির একটি সিনেমা হোক; যা আলোড়ন তৈরি করবে প্রেক্ষাগৃহে। তাদের মন্তব্য এমন, নির্মাতা আদনান আল রাজীব যেমন বুনো ওল, শাকিব খানও চলচ্চিত্র জগতের বাঘা তেঁতুল! জানা গেছে, এই চোখ ধাঁধানো প্রজেক্টটি তৈরিতে বাংলাদেশের পাশাপাশি কাজ করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের আর্টিস্ট এবং টেকনিক্যাল টিম। যার ফলে গানটিতে এমন অভাবনীয় ভিজ্যুয়াল ও সাউন্ড ডিজাইন সম্ভব হয়েছে। শেষ আপডেট পাওয়া পর্যন্ত, ৩ মিনিট ১৮ সেকেন্ড দীর্ঘ এই মিউজিক ভিডিওটি মুক্তির ২৪ ঘণ্টা আগেই দশ মিলিয়ন ভিউ পার করে ফেলেছে।        

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। সিনেমায় জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল। শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। বাংলাদেশেও আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে দর্শকরা। সিনেমায় তুলে ধরা হয়েছে গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর জয় করা কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত। এ সিনেমার মাধ্যমে মৃত্যুর ১৬ বছর পর রুপালি পর্দায় যেন জীবন্ত হয়ে উঠলেন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী মাইকেল জ্যাকসন। কিংবদন্তি এ তারকা ১৯৫৮ সালের ২৯ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে একটি আফ্রিকান-আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেন। সংগীতপ্রেমী পরিবারে ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। তাই ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ঝোঁক তৈরি হয় মাইকেলের। মাত্র পাঁচ বছর বয়সে মাইকেল তার ভাইদের সঙ্গে নিয়ে গঠিত সংগীত দল ‘দ্য জ্যাকসন ৫’-এর লিড ভোকালিস্ট হিসেবে পেশাদার সংগীত জীবন শুরু করেন। ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ ও ‘এবিসি’-এর মতো চার্ট-টপিং গান উপহার দেয়। ১৯৭১ সালে এ পপসম্রাট এককভাবে গান গাওয়া শুরু করেন। তবে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘থ্রিলার’ তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয় যা ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রীত অ্যালবাম হিসেবে স্বীকৃত। ২০০৯ সালের ২৫ জুন, লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল এবং বেনজোডিয়াজেপাইন নেশার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ তাই নানা নাটকীয়তায় ভরপুর। বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। কিংবদন্তির শৈশব, কৈশোর, তারুণ্যময় জীবন আর দুর্দান্ত স্টেজ পারফরম্যান্সকে এক সুতায় বেঁধে চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র জাফার ছাড়াও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয়শিল্পীরা

৩০ বছরেই থেমে গেল অভিনেত্রী সিরোহীর জীবনযাত্রা

৩০ বছরেই থেমে গেল অভিনেত্রী সিরোহীর জীবনযাত্রা অকালেই থেমে গেল উঠতি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর পথচলা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ ছিলেন দিব্যাঙ্কা। বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারসহ গাজিয়াবাদে বসবাস করতেন। জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে হঠাৎ মাথা ঘোরা শুরু হয় দিব্যাঙ্কার। কিছুক্ষণের মধ্যেই তিনি বাসায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।বুধবার সকালে গাজিয়াবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে প্রযোজক জিতু, শিল্পী বিকাশসহ হরিয়ানভি চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। শিক্ষাজীবনেও কৃতিত্ব ছিল দিব্যাঙ্কার। চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। আঞ্চলিক বিনোদন জগতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে দর্শকদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তার উল্লেখযোগ্য জনপ্রিয়তা।

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খান সাধারণত তার গম্ভীর মেজাজের জন্যই পরিচিত। তবে সম্প্রতি প্রিয় বন্ধুর বিয়েতে একবারে ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। বিয়ের একটি অত্যন্ত জনপ্রিয় ও মজাদার রীতি ‘জুতা চুরি’ পালন করতে গিয়ে আক্ষরিক অর্থেই যুদ্ধের ময়দানে নেমে পড়লেন আরিয়ান। রিয়া নাদকার্নি এবং মাহির মেহতার বিয়ের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা হেসেই কূল পাচ্ছেন না। বিয়ের ইভেন্ট প্ল্যানার ‘জেস্ট ইভেন্টস’-এর শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, আরিয়ান খান জিনস এবং বাদামী রঙের জ্যাকেট পরে ক্যাজুয়াল লুকে আড্ডায় মেতেছিলেন। কিন্তু বিয়ের রীতি অনুযায়ী যখন কনের বাড়ির লোকজন বরের ‘জুতা চুরি’র চেষ্টা করেন, তখন বন্ধুর মান রক্ষায় ঝাঁপিয়ে পড়েন তিনি। বরের জুতা শক্ত করে ধরে রেখে তিনি প্রতিপক্ষের সঙ্গে রীতিমতো দড়ি টানাটানি খেলায় মেতে ওঠেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন আরিয়ান, তবু দমে যাননি তিনি। ভিড়ের মধ্যে সবার টানাটানি সামলে এবং দক্ষভাবে অন্যদের এড়িয়ে শেষ পর্যন্ত জুতোটি নিয়ে চম্পট দিতে সফল হন তিনি। আয়োজকরা এই মজার মুহূর্তটির ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা, হাসি আর বিশৃঙ্খলার এক জমজমাট লড়াই। আরিয়ান খান সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এই সিরিজের পরিচালক, লেখক এবং শো-রানার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এতে ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল এবং মোনা সিংয়ের মতো তারকারা অভিনয় করেছেন, পাশাপাশি বেশ কিছু বড় মাপের ক্যামিও চরিত্রও রয়েছে এই সিরিজে। তবে কাজের ব্যস্ততার মাঝে প্রিয় বন্ধুর বিয়েতে তার এই লড়াকু এবং মজার রূপটি ভক্তদের বেশ আনন্দ দিয়েছে।

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, বাদ পড়ছেন কি আল্লুর ‌‘রাকা’ থেকে

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, বাদ পড়ছেন কি আল্লুর ‌‘রাকা’ থেকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবরে যখন সরগরম বিটাউন, ঠিক তখনই দানা বেঁধেছিল এক নতুন জল্পনা। শোনা যাচ্ছিল, আল্লু অর্জুনের বিপরীতে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’ থেকে দীপিকা সরে দাঁড়াতে পারেন অথবা তার চরিত্রের গুরুত্ব কমিয়ে দেওয়া হতে পারে। তবে ভক্তদের আশ্বস্ত করে এই গুঞ্জনকে স্রেফ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সিনেমাটির নির্মাতারা। তারা সাফ জানিয়েছেন, দীপিকা এই ছবির অবিচ্ছেদ্য অংশ এবং পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত উদ্যমের সঙ্গেই শুটিং এগিয়ে চলছে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে নির্মাণ-সংশ্লিষ্ট পক্ষ থেকে জানানো হয়েছে, দীপিকাকে নিয়ে রটে যাওয়া খবরগুলো সম্পূর্ণ ভুল। তিনি ‘রাকা’ সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং বর্তমানে সেটে অত্যন্ত ইতিবাচক পরিবেশে শুটিং চলছে। এমনকি ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, গর্ভাবস্থায় থাকা সত্ত্বেও দীপিকা ছবিতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। প্রোডাকশন টিম অভিনেত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ২০২৭ সালে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির জন্য দীপিকা তার নির্ধারিত শিডিউল মেনেই কাজ শেষ করতে বদ্ধপরিকর। অ্যাটলি পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত ‘রাকা’ সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে তার ন্যাড়া মাথার এক দুর্ধর্ষ লুক প্রকাশ্যে আসার পর সেই উন্মাদনা আরও বেড়েছে। অন্যদিকে, দীপিকার ব্যক্তিগত জীবনেও বইছে আনন্দের হাওয়া। গত রবিবার দীপিকা ও রণবীর সিং তাদের দ্বিতীয় সন্তান আগমনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তাদের বড় মেয়ে দুয়ার একটি মিষ্টি ছবির মাধ্যমে এই ঘোষণা দেন তারকা দম্পতি। উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়ার পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তান দুয়াকে স্বাগত জানিয়েছিলেন এই পাওয়ার কাপল। এখন তিন থেকে চার হওয়ার অপেক্ষায় দিন গুনছেন রণবীর-দীপিকা।

আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয়

আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চেন্নাইয়ে আয়োজিত এক বিশাল জনসভায় প্রতিপক্ষকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনয় থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। তার দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর এই সমাবেশে বিজয় স্পষ্ট জানিয়ে দেন, তাকে কেবল ‘অভিনেতা’ বলে তুচ্ছতাচ্ছিল্য করার দিন শেষ হয়ে গিয়েছে। এক মন্ত্রীর কটাক্ষের জবাবে ক্ষুব্ধ বিজয় বলেন, হ্যাঁ, আমি একজন অভিনেতা। আপনারা এমনভাবে বলছেন যেন কোনো নতুন মহাদেশ আবিষ্কার করেছেন। কিন্তু আমি রাজনীতিতে অভিনয় করছি না। বরং আপনারা রাজনীতির নামে একের পর এক নাটক করে যাচ্ছেন, তাহলে কি আপনাদের অভিনেতা-অভিনেত্রী বলে ডাকব? গত বছর করুরে টিভিকে-র র‍্যালিতে পদপিষ্ট হয়ে ৪০ জনের মৃত্যুর হৃদয়বিদারক ঘটনা নিয়ে বিজয়কে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হলে তিনি তারও কড়া জবাব দেন। তিনি বলেন, পুলিশের অনুমতি নিয়েই সেখানে কর্মসূচি পালন করা হয়েছিল এবং সবকিছুই সরাসরি সম্প্রচারিত হয়েছিল। অহেতুক দোষারোপ করার আগে মানুষের বিবেক থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন। বিজয়ের এই ঝাঁঝালো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়লেও নেটিজেনদের একাংশ তাকে নিয়ে সমালোচনা করতে ছাড়েননি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন তার প্রশাসনিক দক্ষতা নিয়ে, আবার কেউ দাবি করেছেন সিনেমার মতো রাজনীতি সহজ নয় এবং কয়েক বছরের মধ্যেই তিনি আবার পর্দায় ফিরে যাবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি বিজয় তার রাজনৈতিক দল টিভিকে-র যাত্রা শুরু করেন এবং ২৩ এপ্রিলের নির্বাচনে রাজ্যের ২৩৪টি আসনেই লড়াইয়ের ঘোষণা দেন। তবে রাজনীতির ময়দানে ব্যস্ত থাকলেও তার চলচ্চিত্র ক্যারিয়ারের পিছুটান এখনো কাটেনি। বিজয়ের শেষ ছবি হিসেবে পরিচিত ‘জন নায়ক’ সেন্সর বোর্ডের সঙ্গে আইনি জটিলতায় আটকে রয়েছে। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো গত ৯ এপ্রিল পুরো সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন প্রযোজকরা। সব মিলিয়ে ক্যারিয়ারের চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে বিজয় এখন রাজনীতির রণক্ষেত্রে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া।