৩০ বছরেই থেমে গেল অভিনেত্রী সিরোহীর জীবনযাত্রা
অকালেই থেমে গেল উঠতি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর পথচলা। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ ছিলেন দিব্যাঙ্কা। বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারসহ গাজিয়াবাদে বসবাস করতেন। জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে হঠাৎ মাথা ঘোরা শুরু হয় দিব্যাঙ্কার। কিছুক্ষণের মধ্যেই তিনি বাসায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।বুধবার সকালে গাজিয়াবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে প্রযোজক জিতু, শিল্পী বিকাশসহ হরিয়ানভি চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। শিক্ষাজীবনেও কৃতিত্ব ছিল দিব্যাঙ্কার। চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। আঞ্চলিক বিনোদন জগতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে দর্শকদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তার উল্লেখযোগ্য জনপ্রিয়তা।