চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসে রেমিটেন্স এসেছে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার

চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসে রেমিটেন্স এসেছে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার চাঁপাইনবাবগঞ্জের রেমিটেন্স যোদ্ধারা চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬ মাসে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। শুধু জুন মাসেই রেমিটেন্স পাঠিয়েছেন ১২ দশমিক ৯ মিলিয়ন ডলার। আজ দুপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় এই তথ্য তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ হাজার ৪৯৫ জন বিদেশ গমনেচ্ছু ব্যক্তি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করেন। একই সময়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মরিসাসের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন ২ হাজার ৭৯৩ জন পুরুষ ও ৬২ জন নারী। এছাড়া জুন মাসে নিবন্ধন করেন ৭৩৮ জন। বিদেশ গিয়েছেন ৬৯৮ জন পুরুষ ও ২ জন নারী। একই সময়ে ১০ জন মৃত কর্মীর পরিবারকে অনুদান ও ২ জনকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে। আখলাক-উজ-জামান আরো জানান, ২০২৩ সালে ১০ হাজার ৬৫৯ জন, ২০২২ সালে ৯ হাজার ১৮১ জন, ২০২১ সালে ৪ হাজার ২৯৪ জন ও ২০২০ সালে ১ হাজার ৮৮১ কর্মী ওইসব দেশে গিয়েছেন। জেলা প্রশাসক ও কমিটির সভাপতি এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার ১৩ বছর পর এক ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার ১৩ বছর পর একব্যক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড লাইসেন্সসবিহীন ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মাসুদ নামে একব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ষ্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম। একই মামলার পৃথক অপর একটি ধারায় আসামীকে আরও ৭ বছর সশ্রম কারাদন্ডেরও আদেশ দেন আদালত। আদেশে উল্লেখ করা হয়, উভয় সাজা একত্রে কার্যকর হবে। আজ দুপুরে ট্রাইবুনাল একমাত্র আসামীর অনুপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মাসুদ শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ খাসেরহাট গ্রামের মৃত বুল্লু ওরফে ভুলুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারী রাতে সদর উপজেলার বারঘরিয়া গোল চত্বরে বিজিবির হাতে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার হয় মাসুদ। এ ঘটনায় ওইদিন সদর থানায় চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন ৩৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার বিজয় ভট্রাচার্য মাসুদসহ দুজনের নামে মামলা করেন। ২০১২ সালের ২১ মে মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও তৎকালীন এলআই বিজিবি, রাজশাহীর (বিজিবি ও পুলিশের সমন্বয়কারী পুলিশ কর্মকর্তা) পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আখের আলী আদালতে শুধু মাসুদকে অভিযুক্ত করে চার্জশীট দাকিল করেন। ৬ জনের সাক্ষ্য, প্রমাণ ও দীর্ঘ শুনানীর পর ট্রাইবুনাল মাসুদকে দোষি সাব্যস্ত করে আদেশ প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. নিয়ামত আলী নিয়াম।
গত ১০ দিনে রহনপুর রেলবন্দর দিয়ে প্রবেশ করেনি ভারতীয় আমদানী পণ্যবাহী ট্রেন

গত ১০ দিনে রহনপুর রেলবন্দর দিয়ে প্রবেশ করেনি ভারতীয় আমদানী পণ্যবাহী ট্রেন কারফিউ জারির পর ১০দিনে দেশের প্রায় সকল নৌ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরসহ প্রায় সকল স্থলবন্দর চালু হলেও গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর পথে প্রবেশ করে নি কোনও আমাদানী পন্যবাহী ভারতীয় ট্রেন (মালবাহী ওয়াগনের র্যাক)। গত ১৯ জুলাই শেষ আমদানী পণ্যবাহী ট্রেন রহনপুরে প্রবেশ করে। তবে কারফিউ জারির পূর্বে রহনপুর বন্দর দিয়ে প্রবেশ করা আমাদানী পন্যবাহী (খইল বা ডিওপি-ড্রাই ওয়েল কেক যা মাছ ও পশু খাদ্য) বোঝাই ৩টি ট্রেন যেগুলো রহনপুর রেলবন্দর পথে বাংলাদেশে প্রবেশের পর দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে যাবার জন্য সদর উপজেলার আমনুরা জংশন রেলওয়ে ষ্টেশনে অপেক্ষমান ছিল তার মধ্যে ২টি কারফিউ এর মধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে। এদিকে গত ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জসহ আঞ্চলিক রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলেও পরে তা বাতিল হয়। সরকার দেশে গত ১৯ জুলাই ট্রেন চলাচল বন্ধের পর গত ২০ জুলাই দেশে কারফিউ জারি হয়। এরপর থেকে জেলায় সকল শ্রেণির যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জেলায় বর্তমানে ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৭ ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। কারফিউ জারি রয়েছে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা ৭ ঘন্টা।
মারা গেছেন সাবেক অধ্যক্ষ যোবদুল হক

মারা গেছেন সাবেক অধ্যক্ষ যোবদুল হক চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ও শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা গ্রামের মরহুম জুবের আলী বিশ্বাসের দ্বিতীয় পুত্র ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ যোবদুল হক মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র মেয়ে সৈয়দা বদরুন্নেসা রাজশাহী বরেন্দ্র কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। রাজশাহীতে আসর নামাজের পর তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ তার পৈতৃক নিবাস শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙা গ্রামে বাদ এশা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ যোবদুল হকের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগরিফরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ফারুক নামে একজনকে ১৭ কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আদীব আলী আসামির উপস্থিতিতে এই দন্ড-াদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ফারুক সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী এলাকার বদিউজ্জামানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সামনে অভিযান চালায় র্যাব। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পাওয়ার টিলার ফেলে পালানোর সময় ১টি পিস্তল, ১টি ওয়ানশুটার গান, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ ফারুককে আটক করা হয়। ওই দিনই র্যাবের নায়েব সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রনি কুমার দাস ২০২১ সালের ৮ জুলাই ফারুককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি আরো জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক ফারুককে ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এই কর্মশালা অুনষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই সরকরি ক্রয়। সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাদিহিতা বাড়ানোর পাশাপাশি টেকসই ক্রয় নিশ্চিতে ভূমিকা রাখতে পারে নাগরিক সম্পৃক্ততা। এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে ‘সরকারি ক্রয়বাতায়ন’ নামের সিটিজেন পোর্টাল। এই পোর্টাল থেকে সহজেই সরকারি ক্রয়ের সকল তথ্য পাচ্ছেন নাগরিকরা। এতে জেলাপর্যায়ে উন্নয়ন কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করার সুযোগ তৈরি হয়েছে। এটি টেকসই ক্রয়ের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতায় ছিল বিপিপিএ’র পরামর্শক প্রতিষ্ঠান ডিনেট। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিপিপিএ’র পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. মাহফুজার রহমান। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন- বিপিপিএ’র উপপরিচালক শাখাওয়াত হোসেন। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ডিনেট’র নির্বাহী পরিচালক শাহাদাত হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও দরপত্রদাতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিপিপিএ’র পরিচালক মাহফুজার রহমান বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি সরকারি ক্রয় ব্যবস্থাকে টেকসই করার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি ক্রয় ব্যবস্থা টেকসই করার উদ্দেশ্যে সাসটেইনেবল পাবলিক প্রকিউরমেন্ট (এসপিপি) পলিসি হয়েছে। খুব শিগগিরই কয়েকটি খাতে এসপিপি পাইলটিংয়ের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বাড়ানো এবং টেকসই সরকারি ক্রয় নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ক্রয়কারী প্রতিষ্ঠান, দরপত্রদাতাদের পাশাপাশি নাগরিকদের ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফুজার রহমান বলেন, সরকারি ক্রয়ের নানা তথ্য নাগরিকদের জানাতে বিপিপিএ ‘সরকারি ক্রয় বাতায়ন’ নামে একটি সিটিজেন পোর্টাল চালু করেছে। এর মাধ্যমে সরকারি ক্রয়ের অনেক তথ্যই এখন নাগরিকদের হাতের নাগালে। এখান যে কেউ সহজেই জেনে নিতে পারছেন তার নিজ এলাকায় সরকারি ক্রয় বা উন্নয়ন কাজের নানা দিক। কোন জেলায় কত টাকার উন্নয়ন কাজ হচ্ছে বা হতে যাচ্ছে, কোন ঠিকাদার পেয়েছেন চুক্তি সম্পাদন নোটিশ, ইত্যাদি নানা তথ্য পাওয়া যাচ্ছে এক জায়গাতেই। তিনি বলেন, পোর্টালটির মাধ্যমে ক্রয়ের প্রধান সূচকগুলোর অবস্থান আঙ্গিকে দেখা ও বিশ্লেষণ করার দুয়ার উন্মুক্ত করা হয়েছে। আছে দরপত্র আহ্বান থেকে শুরু করে, দরপত্র উন্মুক্তকরণ, মূল্যায়ন, চুক্তি, কাজ সম্পন্নকরণ, অভিযোগ সম্পর্কিত বিষয়গুলো বিস্তারিত তথ্য। জেলাভিত্তিক তুলনামূলক চিত্রগুলোও দেখা যাচ্ছে সহজেই। একসঙ্গে সরকারি ক্রয় সম্পর্কিত এত তথ্য এর আগে কখনো কোথাও প্রকাশ করা হয়নি। এর মাধ্যমে নাগরিকদের জন্য স্থানীয় পর্যায়ের সরকারি ক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণেরও সুযোগ তৈরি হয়েছে। জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমসহ ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়াও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রায় ৬ কিলোমিটার রাস্তা পাকাকরণে জেলা প্রশাসনের সহযোগিতার কথাও তুলে ধরা হয়।
চাঁপাইনবাবগঞ্জে রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে লেবু জল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে লেবু জল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে লেবু জল বিতরণ করেছে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা। আজ বিকেলে রথযাত্রায় আগত ভক্ত ও দশনার্থীদের মাঝে এই শরবত বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি জিতোন চৌধুরী, সহ-সভাপতি তোহুর আহমেদ তুষার, সম্পাদক শুব্রত সাহা-সহ অন্যরা। উল্লেখ্য, গত ৭ তারিখও স্বেচ্ছাসেবী সংগঠনটি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে লেবু জল বিতরণ করে। সংস্থাটিতে সনাতন ধর্মেরসহ মুসলমান ধর্মের মোট ৫০ জন সদস্য রয়েছে। মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সকল ধর্মের ধর্মীয় কার্যাবলীর পাশাপাশি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
শিবগঞ্জ ও ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

শিবগঞ্জ ও ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ২০২৩-২৪ অর্থবছরের কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। এসময় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলী, রিয়াজ উদ্দিন ও আজম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সদস্য জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহাজাদী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য হোসেনে আরা পাখি, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহসহ অন্যরা। মেলায় মোট ২৪টি স্টল রয়েছে। চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
চাঁপাইনবাবগঞ্জে ফাঁস দেয়া দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ফাঁস দেয়া দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলা থেকে রবিউল ইসলাম সাবু ও কুলসুম নামে দুই কিশোর কিশোরির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে রবিউলের ও গতকাল রাতে কুলসসুমের মরদেহে নিজ নিজ বাড়ির শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। রবিউল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামাবাদ চরি গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। অপরদিকে কুলসুম জেলা শহরের আলীনগর ভুতপুকুর মহল্লার ফজর আলীর স্ত্রী ও পাশের আলীনগর হাজির মোড় এলাকার ফজলুর মেয়ে। প্রাথমিকভাবে ঘটনা দুটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। উভয় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত শুরু করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আকতারুজ্জামান বলেন, রবিউল গতকাল রাত থেকে আজ সকালের মধ্যে কোন এক সময় নিজ শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকিয়ে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে ঘরের জানালা ভেঙ্গে মরদেহ উদ্ধার হয়। রবিউল রাজমিস্ত্রীর কাজ করত। প্রেমঘটিত কারণে সে ঘটনাটি ঘটাতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অপর দিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল কাদির সৈকত কুলসুমের পিতার দায়েরকৃত অপমৃত্য মামলার বরাতে বলেন, ৪ মাস পূর্বে কুলসুমের বিয়ে হয়। গতকাল সন্ধ্যায় কুলসুম স্বামীর বাড়িতে নিজ শোবার ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক কলহের জেরে সকলের অগোচরে ঘটনাটি ঘটে বলে কুলসুমের স্বামীর পরিবার জানিয়েছে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। আজ দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এমআরএ’র গণশুনানি ও জনঅবহিতকরণ সভা

এমআরএ’র গণশুনানি ও জনঅবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)’র উদ্যোগে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি গণশুনানি এবং আরেকটি তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ। আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্র্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমআরএ’র নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী বলেন, প্রয়াস চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী এলাকায় অনেক দিন যাবত কাজ করে আসছে। তারা (প্রয়াস) শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে এবং গ্রাহকদের সঙ্গে প্রয়াসের সম্পর্ক যথেষ্ট ভালো। নূরে আলম মেহেদী বলেন, ক্ষুদ্রঋণ বিষয়ে সরকার আমাদেরকে (এমআরএ) দায়িত্ব দিয়েছে এবং আপনারা যারা গ্রাহক আছেন, আপনাদের কথাগুলো যাতে পরবর্তীতে বাস্তাবায়ন হয়, সেটার জন্য সরকার আমাদেরকে আইনি নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, আপনারা ক্ষুদ্রঋণের যথাযথ ব্যবহার করে আরো সামনের দিকে এগিয়ে যান। এ সময় তিনি বলেন, এমআরএ’র মাধ্যমে যারা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছেন, তাদের ৯১ শতাংশ গ্রাহক হচ্ছে নারী। গণশুনানি ও জনঅবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন- এমআরএ’র উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। জনঅবহিতকরণ সভায় আলোচক ছিলেন- এমআরএ’র তথ্য কর্মকর্তা ও উপপরিচালক রনজিত কুমার সরকার। সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি যত কাজের মধ্যে থাকব, যত মানুষের সাথে যুক্ত থাকব, যত তথ্য নিতে পারব এবং দিতে পারব তাহলে একে অপরে ভালো থাকব। হাসিব বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এমআরএ, প্রয়াস বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পেলেন। এখানে আপনারা যা শুনলেন, জানলেন সেগুলো আপনার সমিতিতে গিয়ে অন্য সদস্যদের বলবেন। তিনি বলেন, আমরা বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছি। একেকজন সদস্যকে একেক ধরনের প্রযুক্তি সহায়তা আমরা দিয়ে থাকি। এর মাধ্যমে একে অপরের জ্ঞানের বিস্তার লাভ করে। তিনি আরো বলেন, আসুন, আমরা সবাই একদল হয়ে দেশের স্বার্থে কাজ করি। আর আমাদের দল হচ্ছে বাংলাদেশ, সেই দলের সফলতা কামনা করছি। আমাদের বাংলাদেশের উন্নয়ন হোক, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশে হিসেবে প্রতিষ্ঠা পাক। সেখানে আমরা নিশ্চয় সফল হবো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন- এমআরএ’র সহকারী পরিচালক উজ্জল আলী, প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফিরোজ আলম ও আব্দুস সালাম, কর্মসূচি ব্যবস্থাপক শাহাদাৎ হোসেনসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ। গণশুনানিতে এমআরএ’র কর্মকর্তারা প্রয়াস সদস্যদের সমস্যা ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার গল্প শোনেন।