বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, মরদেহ আনার প্রক্রিয়া শুরু বিজিবির

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, মরদেহ আনার প্রক্রিয়া শুরু বিজিবির সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে যাবার পর পদ্মা নদীর ভারতীয় জলসীমায় বিএসএফর হাতে আটকের পর রবিউল ইসলাম নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বিএসএফ অসুস্থ হয়ে রবিউলের মৃত্যু হয়েছে দাবি করলেও স্থানীয়দের অভিযোগ বিএসএফর হাতেই তিনি নিহত হয়েছেন। রবিউল নারায়নপুরের সাতরশিয়া গ্রামের নেজাবুল হকের ছেলে। তিনি গরু চোরাচালানে জড়িত ছিলেন বলে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে। এদিকে, এ ঘটনায় গতকাল বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জহুরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মরদেহ ফেরৎ দেয়া হবে ময়নাতদন্তের পর। সূত্রগুলো জানায়, গতকাল ভোররাতে ৩/৪ জন বাংলাদেশী গরু আনতে ভারতে যাবার পর অন্যরা পালিয়ে আসলেও নদী থেকে বিএসএফ এর হাতে আটক হন রবিউল। আটকের পর তাঁকে সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্পে নেয়া হয়। এরপর মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর হাসপাতালে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। সংশ্লিস্ট চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গতকাল সকাল থেকেই সীমান্তের ওপারে এক বাংলাদেশীর মৃত্যুর খবর পায় বিজিবি। পরে বিকাল সাড়ে ৩টার দিকে রবিউলের বাবা জহুরপুরটেক ক্যাম্পে এসে মারা যাবার খবর দেন। তাঁর ছেলে কিছুটা অসুস্থ ছিল বলেও জানান তিনি। এরপর সন্ধ্যায় বিজিবির সাথে ৭১ বিএসএফর বয়রাঘাট ক্যাম্পের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ রবিউলকে বোট নিয়ে ধাওয়া করে আহত ও অসুস্থ অবস্থায় আটক এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। মরদেহ ও মৃত্যু সংক্রান্ত কাগজপত্র পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তারপর সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।
দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) সকাল ৯টা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সাঁতার ফেডারেশনের কাউন্সিলর খালেকুজ্জামান, সাবেক ক্রিকেট কাউন্সিলর সায়েম উদ্দিন, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুদু ও সালাহ উদ্দিন রিজন, ফানসুর রহমানসহ অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ। খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে উঠে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ও পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি। জয়ী হয় আইডিয়াল ক্রিকেট গার্ডেন। প্রথমে ব্যাট করতে নেমে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ৯৮ রান করে। জবাবে পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি ৪৬ রানে গুটিয়ে যায়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে আবারো ডেঙ্গু শনাক্ত একজন

চাঁপাইনবাবগঞ্জে আবারো ডেঙ্গু শনাক্ত একজন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তিনি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হন। জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন কন্যাশিশু রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৯ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৯ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের ডায়রিয়া বিষয়ক প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। এদিকে জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পূর্বে রোগী ভর্তি ছিলেন ৬১ জন, নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৬১ জনকে। ফলে বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন রোগী।
শিবগঞ্জে মাদকসহ একজনকে গ্রেপ্তার

শিবগঞ্জে মাদকসহ একজনকে গ্রেপ্তার শিবগঞ্জে ফেয়ারডিল সিরাপসহ আব্দুল মান্নান নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়ন্দা পুলিশ-ডিবি গ্রেপ্তার আব্দুল মান্নান সাহাপাড়া বৈরাগীপাড়ার মৃত আলীম হোসেনের ছেলে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল আরো জানানো হয়েছে, গতকাল রাত সাড়ে ৮টায় ডিবি’র একটি দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়া এলাকায় মৃত আলীম হোসেন ও কালুর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৬০ বোতল ফেয়ারডিল (মাদকদ্রব্য)সহ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই শেষে জাতীয় পার্টির দুইজন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটি সংশোধন সাপেক্ষে বৈধ ঘোষণার অপেক্ষায় রয়েছে (পেন্ডিং)। বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ। তিনি বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন রয়েছেন। তার আয়কর রিটার্নে আয়ের তথ্যের সঙ্গে অসঙ্গতি এবং একটি সম্পত্তি উল্লেখ না করার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. খুরশিদ আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি দলীয় মনোনয়নপত্রের মূল কপি দাখিল না করে স্ক্যান কপি জমা দেন এবং ২০১৬ সালের নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্রের দালিলক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁনের মনোনয়নপত্র ঋণ খেলাপের কারণে বাতিল করা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা পেন্ডিং রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাক্ষর ও তথ্য প্রদান করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার তালিকা অনুযায়ী—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী পাঁচজন: বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী চারজন: বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড. মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী তিনজন: বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। বাতিল হওয়া জাতীয় পার্টির দুই প্রার্থীই জানিয়েছেন, তারা আইন অনুযায়ী আপিল করবেন।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ: নতুন রোগী হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ: নতুন রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হওয়া ডেঙ্গুৃ রোগীদের মধ্যে দুজন আন্তঃবিভাগে এবং দুজন বহির্বিভাগে শনাক্ত হন। এর আগে হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। নতুন রোগী শনাক্ত হওয়ায় বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন কন্যাশিশু রয়েছে। শনিবার জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে নতুন করে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ জন। গত একদিনে ১৫ জনকে ছাড়পত্র দেওয়া হলে বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। তবে একই দিনে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ডায়রিয়া সংক্রান্ত দৈনিক প্রতিবেদন পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা দল

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা দল চাঁপাইনবাবগঞ্জে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রিকেট দল ও বগুড়া জেলা ক্রিকেট দলের মুখোমুখি লড়াইয়ে বগুড়া জেলা দল ২৮ রানের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বগুড়া জেলা ক্রিকেট দল ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী জেলা ক্রিকেট দল ২৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৬ রানেই গুটিয়ে যায়। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে চারটি উইকেট শিকার করে টুর্নামেন্টের ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বগুড়া জেলা ক্রিকেট দলের মো. আকাশ চন্দ্র। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসহ ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর থেকে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার জেলা ও বিভিন্ন উপজেলায় র্যালি, আলোচনা সভা এবং সহায়তা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। শনিবার সকাল ১০টায় জেলাশহরের স্বরূপনগরে জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. ফিরোজ কবির। আলোচনায় অংশ নেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ। এছাড়া আমিনুল ইসলাম, মঞ্জুরুল হক খান বাবুসহ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।বক্তারা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিসহ বিভিন্ন সেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। শিবগঞ্জ শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘আত্মঅনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা এবং হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন, এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে এবং অনিয়ম কমেছে।সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা ও সহকারী প্রোগ্রামার সফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ছয়জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। গোমস্তাপুর গোমস্তাপুর উপজেলায় শনিবার সকালে উপজেলা সভাকক্ষে ‘আত্মঅনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি নুর মোহাম্মদ, বার্ণাভাস হাসদা, আলেক্স মার্ডিসহ অন্যরা।আলোচনা শেষে সাতজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, একজনকে ট্রাইসাইকেল এবং সমিতির চারজন সদস্যকে দুই লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
গোমস্তাপুরে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন

গোমস্তাপুরে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন, সভাপতি বিরেন ও সম্পাদক বাবুলাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সংগঠনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিরেন বেশরাকে সভাপতি এবং বাবুলাল টপ্পকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে আগের কমিটির আহ্বায়ক বিরেন বেশরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, রুপচান লাকড়া, মুকুল বিশ্বাস, নলিন চন্দ্র সরকার, গোমস্তাপুর উপজেলা সভাপতি শেফালী কেওয়া, সাধারণ সম্পাদক অনুকূল বর্মনসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সাংবিধানিক স্বীকৃতির দাবিগুলো তুলে ধরেন। তারা বলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বিরেন বেশরাকে সভাপতি, বাবুলাল টপ্পকে সাধারণ সম্পাদক এবং রুবেল হাঁসদাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।