ভোক্তা অধিকারের বাজার তদারকি : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকারের বাজার তদারকি : তিন প্রতিষ্ঠানকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় পণ্যের মূল্য তালিকা টাঙানো না থাকাসহ বিভিন্ন কারণে তিনটি দোকানকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গরু ও খাসির মাংসের বাজার, মুরগি ও মাছের বাজার তদরকি করা হয়। বাজার তদারকি করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহী। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। বাজার তদারকির সময় দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে টাঙানোর পরামর্শ দেয়া হয় এবং মানহীন ও দেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য বিক্রেতাদের বলা হয়। দোকানদারদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়। আইন অমান্য করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও সতর্ক করা হয়। এসময় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আরিফ হোসেন নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর উপস্থিতিতে আদেশ ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হক নামে অপর আসামীকে বেকসুর খালাস দেয় আদালত। দন্ডিত আরিফ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউন্যিযনের নামোজগন্নাথপুর দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১১ মার্চ র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হন আরিফ। এঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় একমাত্র তাঁকে আসামী করে মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) লূৎফর রহমান। ২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) এসলাম আলী দু’জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও যূক্তিতর্ক শেষে আাদালত আজ একমাত্র আরিফকে দোষী সাব্যস্ত করে মামলার সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.আখতারুজ্জামান জুয়েল।
রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ। সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) ফজলে এলাহী। এছাড়া দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি খাইরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভোজ্য তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার, মাংস, ডাল, চিনি, ছোলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সে বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়। ব্যবসায়ীদের প্রতি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া বাজার মনিটরিং জোরদার করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্য খাতের সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাদ্যপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সচল রাখার ওপর জোর দেওয়া হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ বলেন, রমজান মাসে কোনোভাবেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হতে দেওয়া হবে না। প্রশাসন, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য সহনীয় বাজার পরিস্থিতি নিশ্চিত করা হবে। সভায় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নিয়মিত বাজার তদারকির নির্দেশনা প্রদান করা হয়।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি পালনের সার্বিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। আলোচনায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা। সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে দিবসটি শান্তিপূর্ণ ও সাফল্যমণ্ডিতভাবে পালিত হয়। এ সময় সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের প্রস্তুতি ও প্রস্তাবিত কর্মসূচি তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পাচারকালে শিবগঞ্জে ভারতীয় নেশার সিরাপসহ চালক গ্রেপ্তার

পাচারকালে শিবগঞ্জে ভারতীয় নেশার সিরাপসহ চালক গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে সিএনজি চালিত অটোরিক্সায় পাচারকালে ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপসহ এক অটোরিক্সা চালককে আটক করেছে ৫৯ বিজিবি। অভিযানে জব্দ হয়েছে অটোরিক্সাটি। আটক চালক শিবগঞ্জের কানসাট চককীর্তি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ফরিদ। বিজিবি জানায়, গত গতকাল রাত ৯ টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিণাল এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে অভিযানটি চালায়। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সিএনজি যোগে মাদক পাচারের গোপন খবরে অভিযান চালানো হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হবে। অধিনায়ক কিবরিয়া আরও বলেন, গত ৩ মাসে ৫৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ বোতল ফেনসিডিলের বিকল্প বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে সার্বক্ষনিক নজর রাখছে বিজিবি বলেও জানান অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হতাহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হতাহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল গভীর রাতে সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন। মামলায় ইউনিয়নের সাময়িক বরখাস্ত এবং হত্যাসহ একাধিক মামলার কারণে পলাতক চেয়ারম্যান শাহিদ রানা টিপুকে প্রধান আসামি করে ১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর এলাকায় রাতভর যৌথ বাহিনীর অভিযানে এজাহারনামীয় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফাটাপাড়া গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে ইউসুফ ও একই ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে শাকিল। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আহত ৩ জন পুলিশ পাহারায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মোট ৫ জনকে। ঘটনার তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ভোলাহাটে আগুনে পুড়ে শেষ চার পরিবার

ভোলাহাটে আগুনে পুড়ে শেষ চার পরিবার ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা ঈদগাহপাড়ায় আগুনে পুড়ে শেষ হয়ে গেছে চারটি পরিবার। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে দুইটার দিকে জিয়াউর রহমানের শোয়ার ঘরে মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় আগুন লেগে মুহূর্তেই ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মৃত রাইনুদ্দীনের ছেলে জিয়াউর রহমান, মৃত এস্তাব আলীর স্ত্রী চাঁদ ও ছেলে তরিকুলের বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত টিম লিডার ও স্টেশন অফিসার শ্রীকৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ লাখ টাকা ধরা হয়েছে।
ভোলাহাটে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাত

ভোলাহাটে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাত ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার প্রবেশ দ্বার দলদলী ক্লাববাজার থেকে শুরু করে ঘাইবাড়ী, পীরগাছী, বারইপাড়া, দলদলী কাউন্সিল মোড়, মুশরীভূজা বাজার, আলী মোড়, আদাতলা বাজার, ময়ামারী মোড়, বৃহত্তর পোল্লাডাংগা, মেডিকেল মোড়, বৃহত্তর বজরাটেকসহ উপজেলার বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে সকল স্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁকে ভোট দিয়ে বিজয়ী করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি আধাপাকা বাড়িতে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের উপর ধুমিহয়াতপুর ধামার মোড় গ্রামের মোয়াজ্জেমের ছেলে আলামিন এবং শিবগঞ্জ উপজেলার গোড়াপাখিয়া ইউনিয়নের কুথুনিপাড়া গ্রামের মুনিরের ছেলে জিহাদ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত: ৩ জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের জেনারুল ইসলামের ছেলে মিনহাজ(২২),একই গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান(২০) এবং উপর ধুমিহায়াতপুর গ্রামের রাফিজুল ইসলামের ছেলে শুভ(২০)। আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যাবার খবর শোনা গেলেও তা নিশ্চিত করে নি পুলিশ। স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ ভোর ৫টার দিকে ফাটাপাড়া গ্রামের মৃত মকবুলের ছেলে কালামের বাড়ির একটি ঘরে প্রচন্ড বিস্ফোরণে ঘরটির দেয়াল ভেঙ্গে পড়ে ও হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সকলেই ককটেল তৈরীতে জড়িত ছিল। স্থানীয়রা প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণে দেহ ও মুখমন্ডল ঝলসে বিকৃত হওয়ায় বিকাল ৩টার দিকে নিহতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। ঘটনার পর খবর পেয়ে পুলিশের ডিআইজি রাজশাহী, পুলিশ সুপারসহ উর্ধ্বতণ কর্মকর্তা, র্যাব ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ডাকা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায়য় বিজিবি মোতায়েন করা হয়। এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চর বাগডাঙ্গা ইউনিয়নের কালাম আলীর বাড়িতে একটি কক্ষে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় ঘরটি সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়। নিহতদের মুখমণ্ডল ঝলসে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাইরে থেকে এসে সেখানে বোমা তৈরি করছিলেন। ঘটনার বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।