টানা ১০ দিন বন্ধের পর চালু হয়েছে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম

টানা ১০ দিন বন্ধের পর চালু হয়েছে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন ছুটি শেষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পুণরায় শুরু হয়েছে। আজ সকাল থেকে আমদানি-রপ্তানি, লোড-আনলোড, পণ্য পরিবহন, কাষ্টমস এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম শুরু হয়। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। বিকেল ৪টা পর্যন্ত দুই শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক ভারতের মহদিপুর স্থলবন্দর হতে সোনামসজিদে প্রবেশ করলেও বাংলাদেশ থেকে রপ্তানি হয় নি কোন পণ্য। বন্দর সূত্র জানায়, ১০ দিনের বন্ধের মধ্যে গতকাল সাপ্তাহিক ছুটি সহ সকল সরকারি ছুটি অন্তর্ভূক্ত ছিল। তবে এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন পথে বাংলাদেশ ও ভারত গমানাগমন স্বাভাবিক ছিল। বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসাসিয়েশন অফিস সচিব একরামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, ঘোষণা অনুযায়ী বন্দর গত ১৮ মার্চ থেকে বন্ধ হলেও গত ১৭ মার্চ খালি ট্রাক নিজ নিজ দেশে ফেরত যায় এবং পণ্য লোড-আনলোডের কাজ চলে। তবে টানা ১০ দিন বন্ধের মধ্যে বন্দরের কিছু আভ্যন্তরণীণ কার্যক্রম সীমিত পরিসরে চালু ছিল। পানামা অপারেশন ম্যানেজার আরও বলেন, বন্ধের পূর্বে শেষ গত ১৬ মার্চ ৩৬৮ ট্রাক পণ্য ভারত হতে আমদানি ও বাংলাদেশ হতে ১৬ ট্রাক পন্য ভারতে রপ্তানি হয়। আমদানিকৃত পন্যের মধ্যে ৩০১টি ট্রাকেই ছিল পাথর। এছাড়া ৬৭ ট্রাক ভুট্টা বা মেইজ (পশুখাদ্য), চায়না ক্লে (সিরামিকস কাঁচামাল), মসুর ডাল, ছোলা,শুকনা মরিচ সহ বিভিন্ন পণ্য আমদানি হয়। অপরদিকে ১৬ মার্চ ভারতে যে ১৬ ট্রাক পন্য রপ্তানি হয় তার মধ্যে ছিল পাটজাত পণ্য, প্লাষ্টিক সামগ্রী ইত্যাদি।
জেলা প্রশাসনের নতুন নির্দেশনা: শিবগঞ্জে বৈধ কাগজ ছাড়া মিলছে না জ্বালানি তেল

জেলা প্রশাসনের নতুন নির্দেশনা: শিবগঞ্জে বৈধ কাগজ ছাড়া মিলছে না জ্বালানি তেল শিবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। আজ দুপুরে উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিনি জানান, পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে তেল নিতে আসা কয়েকজন গ্রাহক প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহন চলাচল কমবে। নির্বাহী মাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সকল পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। সকল পাম্প মালিককে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রেডিও মহানন্দা শুনুন
📻 রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম | চাঁপাইনবাবগঞ্জ LIVE ©Radio Mahananda 98.8FM
চাঁপাইনবাবগঞ্জে লালন স্মরণে ভক্ত-সাধু সঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে লালন স্মরণে ভক্ত-সাধু সঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে লালন স্মরণ উৎসব উপলক্ষে ভক্ত-সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শিল্পকরা একাডেমি মিলনায়তনে ‘চাঁপাই বাউল ভক্তকুল’ নামের একটি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে। সংগঠনের সভাপতি শাহজাহান চিশতীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান কমিটি আহব্বায়ক কাওসার রিপনের সঞ্চলনায় অনুষ্ঠানে লালনের বানী ও দর্শণ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশ নেন আলাল সাধু, হুমায়ুন সাধু, কবি আনিফ রুবেদ, জনপ্রিয় আঞ্চলিক গান গম্ভীরা গানের ‘নানা’ ও জেলার সিনিয়র সাংবাদিক মাহবুব আলম, পলাশ আহমেদ, কাব্য মোল্ল সহ সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা এবং লালন ভক্তকুল।সবশেষে সন্ধ্যায় অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবশেন করেন ওয়াহাব বাউল, কালাম ভান্ডারী, ইসমাইল ভান্ডারী, মনিরা পারভীন, শফিকুল ইসলামসহ অন্যান্য শিল্পীবৃন্দ। বিভিন্ন শ্রেণী ও পেশার সংস্কৃতিমনার উপস্থিত সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
শিবগঞ্জে লাইসেন্স বিহীন ২ টি মটরসাইকেলকে ৯০০ টাকা জরিমানা

শিবগঞ্জে লাইসেন্স বিহীন ২ টি মটরসাইকেলকে ৯০০ টাকা জরিমানা শিবগঞ্জে লাইসেন্স বিহীন, রেজিস্ট্রেশন বিহীন এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিনার – ভূমি মোঃ তৌফিক আজিজ। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ ধারা ভঙ্গের দায়ে ৬৬ ধারায় ২ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে একই আইনের ১৬ ধারা ভঙ্গের দায়ে ৭২ ধারায় একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
গোমস্তাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

গোমস্তাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে অর্থদণ্ড গোমস্তাপুরে ২ টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আজ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী উপজেলার মেসার্স মানিক রতন ফিলিং স্টেশন ও মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার নামের ২টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। এর মধ্যে মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে অভিযানে গিয়ে দেখতে পান পাম্পে তেল নেই স্টিকার ঝুলিয়ে রেখে তেল বিক্রি বন্ধ রেখেছে। পরে স্টোরেজ যাচাই করে ফিলিং স্টেশনটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে নিশ্চিত হন। ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও জাকির মুন্সী জানান, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল, অকটেন মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে বিক্রি করছিলেন না। পণ্য বিক্রয় না করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এছাড়া মজুদ থাকা জ্বালানি বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়।
টানা ৮দিন বন্ধের পর চালু হয়েছে রহনপুর রেলবন্দর

টানা ৮দিন বন্ধের পর চালু হয়েছে রহনপুর রেলবন্দর ঈদের ছুটি শেষে গোমস্তাপুর উপজেলায় অবস্থিত রহনপুর রেলবন্দর গত টানা ৮ দিন বন্ধের পর পূণরায় চালু হয়েছে। গত ১৬ মার্চ থেকে ২৩ মার্চ ঈদের জন্য বন্দর বন্দ ছিলো। বন্দর চালুর প্রথম দিন ২৪ মার্চ দুটি পণ্যবাহী ভারতীয় ট্রেন বাংলাদেশের রহনপুর রেলবন্দরে প্রবেশ করে। এরপর গত ২৫ মার্চ আরও দুটি পণ্যবাহী ভারতীয় ট্রেন রহনপুরে প্রবেশ করে। ভারতের বিহার রাজ্যের কাটিহার ষ্টেশনে এসব ট্রেনে আমদানীকৃত ভুট্টা-পশুখাদ্য বোঝাই করা হয়। এছাড়া আজ রাতে আরও ১টি ও আগামীকাল শনিবার ও ২৯ মার্চ রোববার আরও অন্তত ৩ টি ট্রেন প্রবেশের কথা রয়েছে বলে জানিয়েছে রেল সূত্র। রহনপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, এসকল ট্রেন ভারতের বিহারের কাটিহার ষ্টেশন থেকে ছেড়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমদানী পন্যবাহী এ সব ট্রেনে যথাক্রমে ৪২, ৪১, ৩৯ ও ২১টি ওয়াগন ছিল। ট্রেনগুলোর ৩টি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশন হয়ে ঈশ্বরদী, উল্লাপাড়া ও সিরাজগঞ্জ বাজার ষ্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমনূরা জংশন ষ্টেশনে গন্তব্যে যাবার জন্য অপেক্ষমান রয়েছে একটি ট্রেন। আমনুরা জংশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, ভারত থেকে আমদানীকৃত ট্রেনের কাষ্টমস প্রক্রিয়া রহনপুরে সম্পন্ন হবার পর আমনুরা জংশনে এসে পৌঁছায়। এরপর ট্রেনগুলি গন্তব্যে ছেড়ে যায়। ঈদের বন্ধের পর গতকাল পর্যন্ত ভারত থেকে আমদানীকৃত মেইজ বোঝাই ৩টি ট্রেন গন্তব্যে রওনা হয়েছে বলেও জানান আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার।
চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর জেলা প্রশাসন ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে, জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিস্তম্ভে পূস্প স্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। এদিকে, সকাল ৮টায় নতুন ষ্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান দিনব্যাপী তাদের নিজ নিজ কমসূর্চী পালন করে।
একটি শোক সংবাদ ———— ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

একটি শোক সংবাদ ———— ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক রাধানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। তিনি ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৭৮ বছর বয়সী নি:সন্তান নাজিম উদ্দিন মৃত্যুকালে স্ত্রী সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ২টায় বজরাটেক সবজা ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে বজরাটেক বড় জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজের পর সংলগ্ন গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক, ভোলাহাটের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ভোলাহাট ইউপির সাবেক চেয়ারম্যান ইয়াজদানী আল রাজী, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, মনিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ককটেল বিস্ফোরণের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় মামলা

ককটেল বিস্ফোরণের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় মামলা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুথানীপাড়া ও শিবগঞ্জ ঘোড়াপাখিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুথানীপাড়া গ্রামের স্থানীয় দুই গ্রুপের সালিশ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনায় ২টি মামলা দায়ের হয়েছে। গতকাল সদর ও শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনের একাধিক ধারায় পৃথক মামলা দুটি দায়ের করেন দু’পক্ষের স্থানীয় দুই ব্যাক্তি। তবে এসব মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, শুধু সদর থানা এলাকার ঘটনার জন্য সদর থানায় বিস্ফোরক আইনে মামলায় এজাহারনামীয় আসামী করা হয়েছে ২১ জনকে। অজ্ঞাতনামা আসামী রয়েছেন আরও কয়েকজন। অপরদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, মূল ঘটনাস্থল শিবগঞ্জ থানা এলাকার ঘটনার জন্য সাবেক ২৫ জনকে এজাহারনামীয় সহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের মীমাংসার সালিশের সময় গত ২৪ মার্চ সকাল সাড়ে ৯টার দিক থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ছাড়াও খড়ের গাদায় আগুন, বাড়িঘরে হামলা ও লুটপাটের মত ঘটনাও ঘটে। আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস। ককটেলের আঘাতে গুরুতর আহত স্থানীয় এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রানীহাটী ইউপি চেয়ারম্যান রহমত আলীর নেতৃত্বে সালিশটি শুরু হবার পরপরই দু’পক্ষের বাকবিতন্ডা শুরু হয় এবং প্রথমে ৪/৫ টি ও পরে মূহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটান হয়। এসময় রানীহাটী ও প্রতিপক্ষ গোড়াপাখিয়া এলাকার লোকজন পরস্পরের প্রতি ককটেল ছুঁড়ে মারে। এ সময় এলাকায় ব্যপক আতংকের সৃষ্টি হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার কোন রাজনৈতিক সংশ্লিস্টতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ও পুলিশ কর্তৃপক্ষ।