শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। আজ সকালে শিবগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য কেরামত আলী। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। তাদের এই ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক আবহ। শেষে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সড়কে বিচরণকারী একটি ছাগলের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি এক তরুনের মৃত্যু হয়েছে। মৃত তরুণ ছিলেন সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড় ভাটোপাড়া গ্রামের এলাকার মো. সেলিমের ছেলে এবং বালিয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফয়সাল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির অদূরে সড়কে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় একটি ছাগলের সাথে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে গুরতর আহত হন ফয়সাল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।

চাঁপাইনবাবঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে এক গৃহবধুর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শান্তিমোড় রামকৃষ্টপুর মহল্লার দুবাই প্রবাসী কোরাইসিন আলীর স্ত্রী ও নুরুজ্জামানের মেয়ে ৩ সন্তানের জননী নুরজাহান বেগম নামে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ৬টার দিকে স্বামীর বাড়ির নিজ শোবার ঘরের ছাদের বাঁশের আড়ার (তীর) সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া অবস্থায় মাকে ঝুলতে দেখে তার সাথে একই বিছানায় ঘুমিয়ে থাকা মেয়ে। পরে সকাল সাড়ে ৮ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার পরিদর্শক (তদন্ত) সূকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, ওই গৃহবধু দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল নিতে পাম্পগুলোয় দীর্ঘ লাইন; পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল নিতে পাম্পগুলোয় দীর্ঘ লাইন; পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং রাস্তা যানজট মুক্ত করতে কোনো কোনো পেট্রোল পাম্পে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। গ্তকাল সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা গেছে, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। তেল পাওয়ার আশায় অনেক চালককে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরতে দেখা যায়। কোনো পাম্পে ডিজেল শেষ হয়ে গেছে। ছুটির কারণে তেল কম পাওয়ায় এমন পরিস্থিতি বলে জানা গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেগুলোতেও সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে একজন গ্রাহককে সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। কোনো চালক যেন বঞ্চিত না হন সেজন্য এমনটি করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শহরের মেসার্স এমদাদুল হক অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের ব্যবস্থাপক সামসুল আলম। তিনি জানান, এই পাম্পে দুই দিনে পেট্রোল ও ডিজেলের চাহিদা ৯ হাজার লিটার করে। সেখানে গত ১৬ মার্চ চাহিদামাফিক ডিজেল পেলেও আজ মঙ্গলবার পর্যন্ত ডিজেল পাইনি। ফলে গ্রাহকদের ডিজেল দিতে পারছি না। তাছাড়া (গত সোমবার) পেট্রোল পেয়েছি অর্ধক। একদিনেই বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার লিটার। আজ মঙ্গলবার থেকে জনপ্রতি ২০০ টাকার তেল দেয়া হচ্ছে। তিনি আরো জানান, কোনো মোটরসাইকেলের চালক পরিবর্তন করে দুই থেকে তিনবার তেল নিয়ে যাওয়ার ঘটনাও লক্ষ্য করা গেছে। এখানে দায়িত্বরত এসআই রাসেল জানান, সকাল ৮টা থেকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। এই পাম্পে মোটরসাইকেল চালকদের লাইন পাম্প থেকে কালেক্টরেট শিশু পার্ক পর্যন্ত দেখা গেছে।এসআই রাসেলসহ পুলিশ সদস্যরা যানজট নিরসনে কাজ করেন। চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, জেলায় মোট ৩২টি ফিলিং স্টেশন রয়েছে। সাত দিন ধরে এসব স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। সংগঠনটির সভাপতি রাশিদুল হাসান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান ইরান-সংক্রান্ত অস্থিরতার প্রভাবের কারণে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে এক সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। এ কারণে পাম্পগুলোও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ দিতে পারছে না।

গোমস্তাপুরে গণহত্যা দিবস পালিত

গোমস্তাপুরে গণহত্যা দিবস পালিত গোমস্তাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে স্মৃতিচারণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। আলোচনা সভায় স্মৃতিচারণমূলক সূচনা বক্তব্য দেন সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যন্যরা। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিল ও মোনাজাত করা হয়।

নতুন করে প্রশাসক নয়, আইনি জটিলতায় স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব : প্রতিমন্ত্রী শাহে আলম

নতুন করে প্রশাসক নয়, আইনি জটিলতায় স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব : প্রতিমন্ত্রী শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, এখন পর্যন্ত পৌরসভা বা উপজেলাতে প্রশাসক নিয়োগের কোন সিদ্ধান্ত সরকারের নেই। আইনি জটিলতার কারণে স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব হচ্ছে, তবে দ্রুত সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানে নির্বাচন দেয়া হবে এবং জনগনের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন শুরু করবেন। বিগত অন্তবর্তী সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে বিগত স্থানীয় সরকার নির্বাচন বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, ওই বাতিলের সাথে দলীয় বা জাতীয় প্রতীকে এসব প্রতিষ্ঠানে যে নির্বাচন হত, সেই পদ্ধতিও বাতিল করে দিয়েছে। সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য ওই অধ্যাদেশে বিধান করা হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কাঁচার বিলের খালের উপর বীজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী শাহে আালম। তিনি আরও বলেন, বর্তমান সংসদের প্রথম অধিবেশনে বিগত অন্তবর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ আইন আকারে পাস করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কাজ শুরু করেছে। সকল অধ্যাদেশের মধ্যে সিটি কর্পোরেশন, জেলা পারিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই ৫ টি অধ্যাদেশ রয়েছে। যেখানে জাতীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচনের বিধান রয়েছে। এখন যদি সংসদ সদস্যরা অধ্যাদেশগুলো আইন আকারে পাস করেন তবে তা আইন মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রনালয় তখন সেটি আইন আকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে এবং আমরা সঙ্গে সঙ্গে নির্বাচনের পদক্ষেপ নিব। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যন্ত চরাঞ্চলে নির্মিয়মান সংযোগ সড়কবিহীন দীর্ঘদিন পড়ে থাকা এই সেতুর বিষয়টি সামাজিক যোগাযাগ মাধ্যম ও গণমাধ্যমে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রীর নজরে এসেছে। তাদের নির্দেশনায় আমি নির্মাণাধীণ এই সেতু পরিদর্শন করে গেলাম। সংযোগ সড়কের অভাবে সেতুটি বহুদিনেও ব্যবহারযোগ্য হয় নি। ৭ কোটি টাকা ব্যয়ে এপ্রোচ সড়কসহ নির্মিয়মান এই সেতু কার্যকর করতে মন্ত্রনালয় ৭ সদস্যের একটি সরকারি কমিটি করে দিয়েছে যারা আগামী ১৫দিনে মধ্যে সেতুটি জনগণের ও পরিবহন চলাচল উপযোগি করতে কার্যকর পদক্ষেপ নিবে। এ জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী সহ সংশ্লিস্ট মন্ত্রণালয় সহযোগিতা করবেন। মন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী, সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ,সাবেক এমপি আমিনুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জে অসাধু উদ্দ্যেশে অকটেন মজুদের দায়ে দোকানিকে অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অসাধু উদ্দ্যেশে অকটেন মজুদের দায়ে দোকানিকে অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি মুদি দোকানে অসাধু উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে এক দোকানীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া গ্রামের মকবুল হোসেনের মুদি দোকান এবং দোকান সংলগ্ন বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানকালে ছদ্মবেশে ওই দোকনে তেল কিনতে গেলে দোকানি অকটেনের মূল্য প্রতি লিটার ২৭০ টাকা দাবি করেন। এছাড়াও অভিযানে দোকানির বাড়ি তল্লাশী করেও অসাধু উদ্দেশ্যে তেল মজুদ ও চড়া মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে দোকানির স্বীকারোক্তির ভিত্তিতে আদালত ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করে। এছাড়া জব্দ ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ নির্ধারিত কোডে চালানের মাধ্যমে, সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বেঞ্চ সহকারীকে নির্দেশ প্রদান করা হয়। এছাড়া, সদর থানা পুলিশের সহযোগীতায় এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ইকরামুল হক নাহিদ অভিযানটি নিশ্চিত করে বলেন, অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

ঈদের ছুটিতেও ৫৪০ মা ও শিশুকে দেয়া হয়েছে স্বাস্থ্য সেবা

ঈদের ছুটিতেও ৫৪০ মা ও শিশুকে দেয়া হয়েছে স্বাস্থ্য সেবা চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদুল ফিতরের ছুটিতেও জরুরি প্রসূতি সেবা কার্যক্রম চালু রেখেছিল পরিবার পরিকল্পনা বিভাগ। গত ১৭ মার্চ হতে ২৩ মার্চ দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু রাখা হয়। এ সময়ে জেলায় প্রসব-পূর্ব ১৪৬ জন মাকে সেবা দেয়া হয় এবং স্বাভাবিক প্রসব সেবা দেয়া হয় ৪৮ জনকে। এছাড়া প্রসব পরবর্তী ৮৩ জন, নবজাতকের সেবা ৭৩ জন এবং মা ও শিশু পরিচর্যা সেবা দেয়া হয় ১৯০ জনকে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আগত সেবাগ্রহীতাদের মধ্য থেকে প্রসব-পূর্ব ৩ জনকে সেবা, স্বাভাবিক প্রসব সেবা ৬ জনকে, প্রসব-পরবর্তী সেবা ৭ জনকে, নবজাতকের সেবা ৬ জনকে এবং মা ও শিশু পরিচর্যা সেবা ২২ জনকে দেয়া হয়েছে। এই ৭ দিন ছুটিকালীন জেলায় মোট ৫৪০ জনকে মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। জেলার মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমটি তদারকি করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য ও সহকারী পরিচালক (সিসি) ডা. আবু সাঈদ মুহাম্মদ মাসুদ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য এই তথ্য নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে জেলার প্রসূতি মা ও নবজাতকের কথা বিবেচনায় রেখে ঈদুল ফিতরের ছুটির মধ্যেও জেলার সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে, যাতে সেবাগ্রহীতারা এই সেবা থেকে বঞ্চিত না হয়।

চাঁপাইনবাবঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঈদের ছুটিতে রাজশাহী থেকে দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এসে শহর ঘেঁষা মহানন্দা নদীতে পিতার সাথে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন এক কিশোর। এ সময় প্রাণে বেঁচে গেছেন প্রায় ডুবতে বসা তার পিতা। মাহিনুজ্জজামান চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর নতুনপাড়া মহল্লার কৃষিবিদ মো. রোকনুজ্জামানের বড় ছেলে এবং ওই মহল্লার বাসিন্দা ৪ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়ার নাতি। মাহিনুজ্জামান রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। কৃষিবিদ রোকনুজ্জামান বলেন, আজ সকাল ১১টার দিকে নিজ বাড়ির অদুরে একই এলাকায় শ্মশুড় মটন মিয়ার বাড়িতে বেড়াতে গিয়ে, বাড়ির পাশের নদীতে দুই ছেলেকে নিয়ে গোসলে নামেন। এক পর্যায়ে পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয় জেলেরা আমাকে উদ্ধার করলেও নিখোঁজ হয় বড় ছেলে মাহিনুজ্জামান। বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সাার্ভিসের ডুবুরী দল মাহিনুজ্জমানকে নদী থেকে উদ্ধার করে। বাবা-ছেলে দুজনই সাঁতার জানতেন বলেও জানান রোকনুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশীদ বলেন, দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘাটে, মাহিনুজ্জামান ডোবার পর রাজশাহী থেকে ডুবুরী দল ডাকা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে তারা মরদেহ উদ্ধার করে। এদিকে, মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, কৃষিবিদ রোকনুজ্জামানের বাড়ি দারিয়াপুর হলেও তিনি বর্তমানে পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করেন।

চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠক-কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১

চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠক-কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুথানীপাড়া গ্রামে, সালিশ বৈঠককে কেন্দ্র করে অন্তত: অর্ধশতার্ধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় মোজাফফর আলীসহ দুই ব্যক্তি আহত হন। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।