শিবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

শিবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ গুড়া পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানীপাড়া গ্রামে ৪ নং বেড়িবাঁধ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগে ২ কেজি ৭০০ গ্রাম ও ৩ কেজি কালো রং এর, পৌনে ৩ কেজি সাদা রং এর এবং ৭০০ গ্রাম ধুসর রং এর গান পাউডার সদৃশ গুড়া পদার্থ, একটি প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম কাচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, একটি পলিথিন ব্যাগে রাখা ৩০টি জর্দার কৌটা, ১০টি লাল রং এর স্কচটেপ এবং ১৫টি গ্যাস লাইটার জব্দ হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
গোমস্তাপুরে ভারতীয় স্কাপ সিরাপসহ আটক ১

গোমস্তাপুরে ভারতীয় স্কাপ সিরাপসহ আটক ১ গোমস্তাপুরে ২১৭ বোতল ভারতীয় নেশা জাতীয় স্কাপ সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সকাল ৭টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিসকালিপুর গ্রামের মাফির আলী ছেলে আরিফ। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, বাঙ্গাবাড়ি বিওপির একটি টহলদল ওই সীমান্তের বিভিন্নস্থানে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই বিওপির টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে বিজিবির অন্য সদস্যরা আজ সকাল ৭টার দিকে বেগুনবাড়ি এলাকায় অভিযান চালান। পরে অভিযান চালিযে আরিফকে আটক করা হয়।
চরবাগডাঙ্গায় সিএসডব্লিউএফের নেতৃত্বে সানোয়ার ও আল আমিন

চরবাগডাঙ্গায় সিএসডব্লিউএফের নেতৃত্বে সানোয়ার ও আল আমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)-এর ২০২৬-২০২৭ কার্যবছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সাবেক শিক্ষার্থী ও আরটিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সানোয়ার হোসেনকে সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর শিক্ষার্থী আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আরো জানানো হয়েছে, সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য মো. ফারুক মিয়া, মাহবুবুল আলম, ইউসুফ আলী মন্ডল ও সোহাইল রানা সুমনসহ অন্য উপদেষ্টাদের সম্মতি এবং কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি মো. নাহিদ হাসান (এমএআরএমসি), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (রাবি), অর্থ সম্পাদক মো. সারাফাত হোসাইন (রাবি), সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান (এনইউ), সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল হক (জবি), শিক্ষা সম্পাদক মোহাম্মদ আলী (ঢাবি), প্রচার ও আইটি সম্পাদক সারোয়ার হোসাইন (এনইউ), দপ্তর সম্পাদক মো. মাসুম (এনইউ), স্বাস্থ্য সম্পাদক মাশরুফা তাহসিন (রামেক), ছাত্রকল্যাণ সম্পাদক মো. খাইরুল ইসলাম (বেরোবি), সহ-ছাত্রকল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (এনইউ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আহাদুজ্জামান আহাদ (ডুয়েট), ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. মাকসুদা খাতুন রিনা (ইবি), সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান (ইবি), ক্রীড়া সম্পাদক আবু বকর বাদশা (এনইউ), সহ-ক্রীড়া সম্পাদক মো. শহীদ রানা (মাভাবিপ্রবি), সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল্লাহ (এনইউ), সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. তারেক আহমেদ (এনইউ) এবং আপ্যায়ন সম্পাদক তুহিন রেজা (ডিআইইউ)। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সানোয়ার হোসেন ও আল আমিন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরবাগডাঙ্গা ইউনিয়ন একসময় শিক্ষার দিক থেকে বেশ পিছিয়ে ছিল। ২০১৫ সালের আগে শিক্ষার সুযোগ ছিল সীমিত, আর উচ্চশিক্ষা ছিল অনেকটাই স্বপ্নের মতো। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষেই তৎকালীন সাতজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণের উদ্যোগে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ধারাবাহিকভাবে শিক্ষামূলক ও সামাজিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, গণিত অলিম্পিয়াড, রক্তদান কর্মসূচি ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ফলে তাদের আত্মবিশ্বাস, লক্ষ্য নির্ধারণ ও স্বপ্ন দেখার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
জেলায় জ্বালানি তেল নিয়ে সমস্যার সমাধানে একগুচ্ছ সিদ্ধান্ত

জেলায় জ্বালানি তেল নিয়ে সমস্যার সমাধানে একগুচ্ছ সিদ্ধান্ত বৈশ্ব্যিক পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের পথ বের করতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফিলিং স্টেশন মালিক, পরিবহন নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভা করেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। ‘চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় সংক্রান্ত’ এ সভায় জানানো হয়, প্রকৃত কৃষকদের চিহ্নিত করতে এখন থেকে কৃষকরা প্রথমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং পরে উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়ন নিয়ে ফিলিং স্টেশনগুলোতে গেলে তারা জ্বালানি তেল নিতে পারবেন। এতে পাম্পগুলোয় ভিড় কমবে এবং প্রকৃত কৃষকরা হয়রানি থেকে রক্ষা পাবেন। তাছাড়া ভুয়া কৃষক সেজে কেউ আর তেল নিয়ে খোলাবাজারে বিক্রি করতেও পারবে না। জেলা প্রশাসক জ্বালানি তেল নিয়ে জাতীয়ভাবে গৃহীত সিদ্ধান্তগুলো সবাইকে স্মরণ করিয়ে দেন। এসময় তিনি আজকের রবিবার মধ্যেই সরকারি কর্মকর্তাদের পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ প্রদান করেন। সভায় আরো জানানো হয়, যারা মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে পারবেন এবং হেলমেট পরিহিত থাকবেন তারাই তেল পাবেন। এর ব্যতিক্রম হলেই মোবাইল কোর্টের আওতায় আনা হবে। এছাড়া যারা খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ফিলিং স্টেশনসহ মহসড়কে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিংয়ের ব্যবস্থাও করা হবে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জ্বালানি তেল সম্পর্কিত মূল বিষয়বস্তু তুলে ধরেন। ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তার দাবি জানান জেলা ফিলিং স্টেশন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন। জবাবে নিরাত্তা নিশ্চয়তার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক। সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি রাশিদুল ইসলাম ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গোয়েন্দা বিভাগের প্রতিনিধিসহ ফিলিং স্টেশন মালিকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম: আজ দুপুর পর্যন্ত ভর্তি ৯৩ জন

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম: আজ দুপুর পর্যন্ত ভর্তি ৯৩ জন চাঁপাইনবাবগঞ্জে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ হারে বৃদ্ধি পাচ্ছে। আজ দুপুর ২টা পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছে ৭৭ জন শিশু। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান এই তথ্য নিশ্চিত করে বলেন— স্মরণকালে হামের তীব্রতা অনেক বেশি। হুহু করে বাড়ছে রোগীর সংখ্যা। বাংলাদেশের ইতিহাসে বিশ বছর পর এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে কোনো আসন খালি নেই। রাজশাহীর অবস্থাও খুব খারাপ। ডা. রায়হান আরো বলেন— হামের রোগীদের পরীক্ষা রিপোর্ট তিন মাস পর পাওয়া যায়। তবে আমরা ধারণা করছি এরা সবাই হামে আক্রান্ত। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন— মাসখানেক থেকেই হামের উপদ্রব দেখা দিয়েছে। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। আজ সকাল পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি ছিল। এদের মধ্যে দুয়েকজন বয়স্ক রয়েছেন। বাকি সবাই শিশু। হামের জন্য আলাদা কক্ষ ও চিকিৎসক ও নার্সদের আলাদা টিম করে দেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, হামের লক্ষণের মধ্যে রয়েছে— প্রথমে জ্বর হয় ও শরীর ম্যাজ ম্যাজ করে বা হালকা ব্যথা লাগে। প্রথম এক-দুই দিন তীব্র জ্বরও হতে পারে। চোখ-মুখ ফুলে উঠতে পারে। চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। নাক দিয়ে পানি পড়তে পারে এবং হাঁচিও হতে পারে। শরীরে ছোট ছোট লালচে গুটি/ফুসকুড়ি দেখা দেয় এবং দ্রুতই তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ সময় বিশেষত শিশুরা কিছুই খেতে চায় না এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে।
নাচোলে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক সেমিনার

নাচোলে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক সেমিনার নাচোল এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় ধর্মী নেতৃবর্গের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর হলরুমে সোনাইচন্ডী কারিগরি কলেজের জেষ্ঠ্য সহকারী প্রভাষক(অবসরপ্রাপ্ত) মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও পুরোহিত আশিষ কুমার চক্রবর্তী। এসময় আরো উপস্থিত ছিলেন, মহানইল এ্যাডভ্যানটেজ মিশন স্কুলের ধর্মীয় নেতা সুনিল চঁড়ে, আদিবাসী একাডেমীর সভাপতি বিধান সিং ও সাবেক সভাপতি যতীন হেমরম, কলিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, নাচোল প্রেসক্লাব ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেীমর সভাপতি অলিউল হক ডলার, সোনাইচন্ডী ব্রাইট স্টার কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এরিয়া ম্যানেজার এ্যামব্রোস টুডু, প্রজেক্ট এনিমেটর ষ্টেফান টুডু, এরিয়া সুপারভাইজার রিতা বালাসহ অন্যরা। বক্তারা সমাজে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সমাজ ও ধর্মীয় নেতৃবর্গের ভূমিকা ও করনীয় বিষয়ে আলোচনা করেন।
গোমস্তাপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

গোমস্তাপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা গোমস্তাপুরে স্থানীয় ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজে মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, শিক্ষক, ইমামসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। বাঙ্গাবাড়ি মাদক নির্মুল কমিটির আয়োজিত এই মতবিনিময় সভায় সংগঠনের উপদেষ্টা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। এসময় আরো উপস্থিত ছিলেন, গোমন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি বিওপির ক্যাম্প কমান্ডার আতিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক তার বক্তব্যে বলেন, যারা মাদক বাব্যসায়ী তাদের সামাজিক ভাবে বয়কট করতে হবে এবং গোপনে তাদের তালিকা তৈরি করে আমাদের দিবেন আমরা ব্যবস্থা নিবো। পরিবারের সন্তানরা সারাদিন কি করছে তার খোঁজ রাখবেন। পুলিশ যদি কোন অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাঙ্গাবাড়ি মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মেসবাহুল হক বুলেট। এতে বক্তব্য দেন বাঙ্গাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সাবেক ইউপি সদস্য মুনিরুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন জামায়াতের নেতা ডা. আব্দুল গনি, স্থানীয় বাসিন্দা আব্দুল রাকিব, নুইমুদ্দিন হাজি, শিক্ষক লিটন, বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রাজ, শিক্ষক রুহুল আমিন এবং বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়ে গেছে এবং সহজলভ্য হয়ে উঠেছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এতে যুবসমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। তারা অভিযোগ করেন, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও লোকজন এসে এখানে মাদক সেবন ও ক্রয় করছে। এ অবস্থায় বক্তারা মাদক ব্যবসায়ীদের অবিলম্বে এ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
চাঁপাইনবাবগঞ্জে বাপসা’র নির্বাচন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাপসা’র নির্বাচন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা)’র জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। সভাপতি পদে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ২০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এটি তার টানা তৃতীয়বারের মতো সভাপতি হওয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি পাল পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিবুল করিম ডিগন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মেনুয়ার জাহান পেয়েছেন ১০ ভোট। ভোটগ্রহণ ও গণনা শেষে বিকেল ৩টার দিকে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুণ অর রশিদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের প্রধান দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম।
মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের বার্ষিক হালখাতা ও হিসাব নবায়ন অনুষ্ঠিত

মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের বার্ষিক হালখাতা ও হিসাব নবায়ন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক হালখাতা ও হিসাব নবায়ন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। মেসার্স লুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্ব অনুষ্ঠিত উৎসবে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন-ট্রাষ্ট ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার মিসেস রুবিনা, শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার আল মারুফ, সেভেন রিংস সিমেন্টের আর এস এম শ্রী নিশিত বাবু, একেএস রডের এরিয়া ম্যানেজার শ্রী সুজিত কুমার বিশ্বাস, গরু মার্কা ঢেউটিনের এরিয়া ম্যানেজার চঞ্চল কুমার দাস, বিএসআরএম রডের ডেপুটি ম্যানেজার প্রদীপ কুমার পাল, আনোয়ার সিমেন্ট সিটের সিনিয়র ম্যানেজার মো. খায়রুজ্জামান লিটু, আনোয়ার সিমেন্টের সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মি. শাহীন, মীর সিমেন্টের এরিয়া ম্যানেজার মো. আমিরুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের এসিসটেন্ট ম্যানেজার মোঃ সোলাইমান হোসেন, যমুনা গ্যাসের ডেপুটি ম্যানেজার আদম শফিউল্লাহ, শরিফ হোম অ্যাপ্লায়েন্সের মি. পিন্টু, কিয়াম মেটালের আর এম শামিম হোসাইন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তারা বলেন- রাইহানুল ইসলাম লুনার হাত ধরে চাঁপাইনবাবগঞ্জে শুধু রড সিমেন্ট নয়, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যাবে এই জেলা। এসময় তিনি লুনার সামাজিক কর্মকাণ্ড ও তুলে ধরেন। রাইহানুল ইসলাম লুনা উপস্থিত ব্যবসায়ীদের বলেন- ইট বিক্রি হয় আগাম টাকায়, রড বিক্রি হয় আগাম টাকায়, তাহলে শুধু সিমেন্ট কেন বাকিতে বিক্রি করবেন। এখন থেকে আপনারা সকল পণ্য নগদ টাকায় বিক্রি করবেন। তাহলে আপনার, আমার এবং কোম্পানির লাভ হবে। তা না হলে আপনারা ব্যবসায় টিকে থাকতে পারবেন না। আলোচনা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং শেষে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের ডিলার ও বিক্রেতারা অংশগ্রহণ করেন।