চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ২ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৪ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১০ জন রোগী। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা

জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশরা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘কলম বিরতি’। নকলনবিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষণা ও নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল থেকে নাচোল সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে নকলনবিশরা এই কর্মসূচি পালন করেন। নাচোল উপজেলা নকলনবিশ নজরুল ইসলাম বলেন, নকলনবিশরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি দপ্তরের গুরুত্বপূর্ণ ও জনসেবার কাজ করি আমরা, অথচ আমাদেরকে সরকারের কোষাগার থেকে কোনো বেতন-ভাতা দেওয়া হয় না। তিনি আরো বলেন, আমাদের জাতীয়করণ করা হলে রাষ্ট্রকে আমারা যে টাকা আয় করে দেই, সেই অর্থ থেকেই আমাদের বেতন দেওয়া সম্ভব। অন্য কোনো রাজস্ব খাত থেকে আমাদের এক টাকাও দিতে হবে না। এমনকি নিজেদের টাকা দিয়ে কাগজ-কলম কিনে কাজ করতে হয় আমাদের। নকলনবিশ সদস্যরা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সর্বাত্মক আন্দোলন কর্মসূচি ঘোষণা করে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলাম। আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন, আপনারা ঘরে ফিরে যান। আপনাদের সকল দাবি দাওয়া এমনকি জাতীয়করণের দাবি মেনে নেয়া হবে। আমরা যখন ঘরে ফিরে যাই তখন ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি উপেক্ষা করে। আমরা এ মিথ্যা প্রতিশ্রুতি ও বৈষম্যের তীব্র নিন্দা জানাই। সদস্যরা আরো বলেন, আমরা দলিলের নকল লেখা বাবদ বর্তমানে প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা হারে পাই। এতে মাসে কয়েক হাজার টাকা আয় হয়, যা একজন নকলনবিশের সংসার চালানোর জন্য অতি নগণ্য। অথচ আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি। নকলনবিশ সদস্যরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের চাকরি স্থায়ীকরণের (জাতীয়করণের) দাবিতে আন্দোলন করে আসছি। কর্মবিরতি পালন করেছি কয়েকবার। তৎকালীন সরকারের আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সঠিক সমাধান না হওয়ায় আবার কর্মবিরতি শুরু করেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আমাদের এই দাবি মানা না হলে আমরা সর্বাত্মক কর্মসূচি নিয়ে রাজপথে নামব। নারী নকলনবিশ সদস্যরা বলেন, আমরা রাষ্ট্রের কোনো সুযোগ-সুবিধা পাই না। এমনকি নারী হিসেবে আমাদের মাতৃকালীন কোনো সুযোগ-সুবিধাও নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বৈষম্যের বিলোপ চাই এবং আমাদের চাকরির জাতীয়করণ চাই।
বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর দাফন সম্পন্ন

বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এবং এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় তার নয়াগোলাস্থ বাসভবনের পিছনে চাতালে প্রথম, এরফান গ্রুপ মসজিদের সামনে সকাল ১১টায় দ্বিতীয় এবং তার পৈত্রিক নিবাস নামোশংকরবাটির আব্দুল আজিজ গোরস্থান মাঠে দুপুর ২টায় তৃতীয় নামাজে জানাজার পর সেখানে তাকে দাফন করা হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, হারুনুর রশীদ হারুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১২ জন রোগী। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জে ১২ হাজার ৬’শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষণীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় মোট ১২ হাজার ৬৯০ জন চাষীকে রবি শস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৪ হাজার ১৮০ জন, গম ৭ হাজার ২০০ জন, ভূট্টা ৫০০ জন, চিনাবাদাম ৬০ জন, শীতকালীন পেঁয়াজ ১০০ জন, মসুর ১৮০ জন, খেসারি ৪৫০ জন এবং অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এদিকে, নাচোল উপজেলায় ১৪ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। আজ সকালে নাচোল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ কর্মসূচির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, গম বীজ ৭ হাজার, সরিষা বীজ ৭ হাজার, ভুট্টা বীজ ১০০ জন, মসুর বীজ ২২০, খেসাড়ি বীজ ১২০, পেঁয়াজ বীজ ৮০ জন, চিনাবাদাম ২০ ও অড়হর বীজ ২০ জন কৃষক এ সুবিধা পাবেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন জমে উঠছে

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন জমে উঠছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন জমে উঠছে। দুটি শক্তিশালী প্যানেলে ১৩ জন করে ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অন্যান্য কাজ ফেলে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আগামী ২৩ নভেম্বর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিলে জানা গেছে, ১৩ জন সাধারণ সদস্য, ৫ জন সহযোগী সদস্য, ৩ জন টাউন অ্যাসোসিয়েশন সদস্য ও ৪ জন গ্রুপ সদস্য পদে ভোটগ্রহণ করা হবে। এরপর ২৫ নভেম্বর নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্য হতে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর এই পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৬ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে বেলা ১২টার মধ্যে মনোয়ন ফরম দাখিল করবেন। ওই দিনই দুপুর আড়াইটায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন নির্বাচন পরিচালনা বোর্ড। একই দিন বিকেল ৪টা থেকে ৫টা পর্য়ন্ত এই ৩ পদে ভোটগ্রহণ শেষে নির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিদের নাম ঘোষণা করা হবে। নির্বাচনী ফলাফল নিয়ে কারো কোনো আপত্তি থাকলে ২৮ নভেম্বর নির্বাচন আপিল বোর্ডের কাছে আপিল করতে হবে এবং ৩০ নভেম্বর আপিলের ওপর শুনানি করবে নির্বাচন আপিল বোর্ড এবং আগামী ১ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। চেম্বার সূত্রে জানা গেছে, সাধারণ গ্রুপে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেনÑ বর্তমান সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, ঠিকাদার মো. খাইরুল ইসলাম, বর্তমান কমিটির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আখতারুল ইসলাম রিমন, মো. মফিজ উদ্দিন, মো. আব্দুল আওয়াল, মো. সৈবুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. নূর আমিন, মো. আরিফ উদ্দিন ইতি, মো. নাজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. মনিরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর কবীর। অপরদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেনÑ বিশিষ্ট শিল্পপতি মো. হারুন অর রশিদ, মো. আনোয়ার হোসেন, মো. তরিকুল আলম, ঠিকাদার মো. তৌহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. রাইহানুল ইসলাম লুনা, মো. কাজেম আলী, মো. মামুনুর রশিদ, মো. দুরুল হুদা, মো. শামসুজ্জোহা মুকুল, মো. ইসমাইল হোসেন, মো. আলমগীর, মো. আব্দুল হক, মো. আসাদুল হক। এই গ্রুপে পদ সংখ্যা ১৩টি। অন্যদিকে সহযোগী গ্রুপে ৫টি পদের জন্য দুটি প্যানেল থেকে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেম্বার সূত্রে জানা গেছে, সাধারণ গ্রুপে মোট ভোটার আছেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ভোটার আছেন ১৭৮ জন। এছাড়া ট্রেড গ্রুপ থেকে ৪ জন পরিচালক মনোনীত হবেন। এর মধ্যে জেলা চাল কল মালিক গ্রুপ থেকে ১ জন, জেলা পরিবহন মালিক গ্রুপ থেকে ১ জন, জেলা ট্রাক মালিক গ্রুপ থেকে ১ জন ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ থেকে ১ জন মনোনীত হবেন।
নাচোলের কাদের চেয়ারম্যান ও রয়েল বিশ্বাস কারাগারে

নাচোলের কাদের চেয়ারম্যান ও রয়েল বিশ্বাস কারাগারে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার সকালে ওই মামলায় নাচোল আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে তারা। আদালতের বিচারক মোসা. ইসিতা শবনম জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে বেলা ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের মাড়কৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে বাদী এস্তাব আলীর নিকট আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্য আসামিরা বাগানে অনধিকার প্রবেশ করে বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম এবং আমবাগানের ক্ষতি সাধন করে। এ ঘটনায় ২০ অক্টোবর এস্তাব আলী বাদী হয়ে আব্দুল কাদেরকে ১নং আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করে নাচোল থানায় মামলা দায়ের করেন। চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন : একাত্মতা ঘোষণা আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচির সঙ্গে

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন : একাত্মতা ঘোষণা আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচির সঙ্গে ঢাকায় কারিগরি শিক্ষকদের চলমান অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় অধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটক সংলগ্ন শহীদ মিনার পাদদেশে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী অরিফুল ইসলাম, কম্পিউটার টেকনোলজি বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী রিপন ইসলাম, আরইসি টেকনোলজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রাশিদুল ইসলাম, ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মোশারফ হোসেনসহ অন্যরা। পরে তারা অধ্যক্ষের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি ও মানববন্ধনে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৩৮ জন শিক্ষকের ৫১ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। ৫ বছর ধরে চলমান চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে না। যে কারণে সম্মানিত শিক্ষকরা আন্দোলনে রয়েছেন। শিক্ষকদের চলমান আন্দোলনের ফলে সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত পূরণ করে ক্লাসে ফিরিয়ে দেওয়ার জন্য কারিগরি অধিদপ্তর এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগকে অনুরোধ করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. ওমর ফারুক বলেন- ২০১২ সালে স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহেন্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে সারাদেশে বিভিন্ন টেকনোলজি বিভাগে শিক্ষক নিয়োগ দেয়া হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ১৭ জন শিক্ষক রয়েছেন। প্রজেক্টটি অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে প্রজেক্ট সমাপ্ত হলেও তাদেরকে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়। তাদেরকে রাজস্ব খাতে নেয়ার জন্য সরকারের সিদ্ধান্ত ছিল। কিন্তু তা হয়নি। বর্তমানে এইসব শিক্ষকরা কাজে বহাল থাকলেও তাদের ৫১ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। তাদেরকে রাজস্ব খাতেও নেয়া হচ্ছে না।
বিশিষ্ট চাল ব্যবসায়ী এরফান আলী আর নেই

বিশিষ্ট চাল ব্যবসায়ী এরফান আলী আর নেই দেশের বিশিষ্ট চাল ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার বাসিন্দা এবং এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরফান আলী করোনাকালীন (কোভিড-১৯) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। সমাজসেবী এরফান আলী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। এরফান আলীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেকে বক্তৃতা করেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা তাছমিনা খাতুন। ইউনিনেফের কমিউনিকেশন ডেভেলপমেন্ট সিএডি অফিসার মঞ্জুর আহমেদ প্রকল্প সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। মুক্ত আলোচনা অংশ নেন- রুট অব লাইফের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ কাফি, রুট অব লাইফের সভাপতি লাবনী আক্তার, বিডি ক্লিনের জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওয়ালিদ হাসান, নাচোলের আস্থা ফাউন্ডেশনের সভাপতি আলী আকবর, গ্রামপুলিশ ইসামাইল হোসেন। সভায় বাল্যবিয়ে প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।