আদিবাসীদের শ্মশান ও ভূমি সমস্যার সমাধানের আশ্বাস সদর ইউএনওর

আদিবাসীদের শ্মশান ও ভূমি সমস্যার সমাধানের আশ্বাস সদর ইউএনওর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুরে আদিবাসীদের শ্মশান ও ভূমি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছমিনা খাতুন। বৃহস্পতিবার বিকেলে আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। তাছমিনা খাতুন বলেন, এই এলাকায় যেখানে খাসজমি আছে সেগুলোর তথ্য আমাদের জানালে আপনাদের শ্মশানের জন্য সেই জমি অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া যাদের জমি নেই, সরকারিভাবে খাসজমি দেয়ার সুযোগ থাকলে সেখানে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে বিশেষ অতিথি ছিলেন- গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাকিবুল করিম ও নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- অরক্ষিত শ্মশান ও শ্মশানের জমি বেদখল হয়ে যাওয়া, মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও আদিবাসী এলাকার সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়ার ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোরাতলা ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা রাকিবুল করিম বলেন, উপজেলা থেকে আদিবাসী শিক্ষার্থীদের জন্য ১২টি বাইসাইকেল বরাদ্দ পাওয়া গেছে। আপনারা শিক্ষার্থীদের একটা তালিকা করে দিলে তাদেরকে বাইসাইকেলগুলো দেয়া হবে। প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালামের সঞ্চলনায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা ও সময় টিভি’র জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১৫ বছর কারাদণ্ড একজনের

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১৫ বছর কারাদণ্ড একজনের চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জনি রহমান (৩৬) নামে একজনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর মকরমপুর গ্রামের কুরবান আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান দণ্ডিতের অনুপস্থিতিতে (পলাতক) এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ৩১ জানুয়াররি গোমস্তাপুরের রহনপুর বংপুর মোড় এলাকায় সড়কে র্যাবের হাতে ৩টি ওয়ান শুটারগানসহ আটক হয় জনি। এ ব্যাপারে পরদিন গোমস্তাপুর থানায় মামলা করেন র্যাবের উপপরিদর্শক আবু সাব্বির রাবু। মামলার তদন্ত কর্মকর্তা এবং গোমস্তাপুর থানার পরিদর্শক দিলীপ কুমার দাস ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জনিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত বুধবার সন্ধ্যায় রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, থানাকে দালালমুক্তসহ নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় ওসি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিম, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল বারি এবং সাংবাদিকদের মধ্যে আতিকুল ইসলাম আজম, আসাদুল্লাহ আহমদ, শফিকুল ইসলাম, নাহিদ ইসলাম, আল-মামুন বিশ্বাস, ইয়াহিয়া খান রুবেল, সারওয়ার জাহান সুমন, এমরান আলী বাবু, শাহরিয়ার শাহাদাৎ, মনিরুল ইসলাম দোয়েল, আব্দুস সালাম তালুকদার, নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম, সামিরুল ইসলামসহ অন্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর ও নাচোলে মাছের পোনা বিতরণ

গোমস্তাপুর ও নাচোলে মাছের পোনা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রয়াস মানবকি উন্নয়ন সোসাইটির ১০ জন মৎস্যচাষির মধ্যে গুলসা ও দেশী শিং মাছের পোনা বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে রহনপুর ও নাচোল শাখার সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় এইসব পোনা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, রহনপুর ও নাচোল শাখার ব্যবস্থাপক জামাল হোসেন ও কাউসার আলী, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। চাষিদের মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝেমধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা, ইত্যাদি পরামর্শ প্রদান করেন।
আদিবাসীদের নিয়ে দেলবাড়ীতে কমিউনিটি সংলাপ

আদিবাসীদের নিয়ে দেলবাড়ীতে কমিউনিটি সংলাপ চাঁপাইনবাবগঞ্জে সমতলের আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন। কমিউনিটি সংলাপে বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। আদিবাসী নেতারা জানান, বিভিন্ন সমস্যার মধ্যেই তাদের বসবাস করতে হয়। তাই দ্রুতই এগুলোর প্রতিকার দরকার। আদিবাসীদের তুলে ধরা সমস্যার মধ্যে ছিল- অরক্ষিত শ্মশান ও শ্মশানের জায়গার স্বল্পতা, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক গণশিক্ষা কার্যক্রম, মাধ্যমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক স্থাপন, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন, মন্দির সংস্কার, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলার মাঠের ব্যবস্থা করা ইত্যাদি। এই সময় প্রধান অতিথি সমস্যাগুলো লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দেন এবং এ বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সইবুর রহমান, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দেলবাড়ী গ্রামের মোড়ল মাতিন হেমব্রম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। বৃহস্পতিবার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুর সরকারি প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একই ধরনের কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হবে। ফ্র্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।
নাচোলে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধনসহ ১১ দাবিতে মানববন্ধন

নাচোলে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধনসহ ১১ দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধনসহ ১১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাচোল উন্নয়ন ফোরাম ও এনমাস এই মানববন্ধনের আয়োজন করে। এতে নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাসের সভাপতি শাকিল রেজা, ইসলামিক তরুণ প্রজন্মের সভাপতি আলীমূল আনসারীসহ আরো অনেকেই বক্তব্য দেন। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা নাচোল উপজেলাবাসীর চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষে হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন, বরাদ্দকৃত ডাক্তার নিশ্চিতকরণ, ওষুধ বরাদ্দ বৃদ্ধিসহ অপারেশন ও বৈকালী সেবা চালু করা, দালাল নির্মূল ও বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ করা, সার্জারি ও গাইনি বিশেষজ্ঞ সেবা প্রদান চালু করা, ডাক্তার ও নার্সদের মানবিক আচরণ নিশ্চিত করা, বেড ও যাবতীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, কর্মস্থলে উপস্থিত শতভাগ নিশ্চিত করা, ইমার্জেন্সি বিভাগকে আরো উন্নত করা ও অহেতুক রোগী রেফার্ড বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন দুই সংগঠনের নেতৃবৃন্দ।
মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনে জব্দ ৩ হাজার ৩০ মেট্রিক টন ইলিশ

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনে জব্দ ৩ হাজার ৩০ মেট্রিক টন ইলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ১৩ অক্টোবর থেকে গত ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার ২২ দিনে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। এই সময়ে প্রায় ৪৬ লাখ টাকার ২ লাখ মিটার জাল, প্রায় পৌনে ২ লাখ টাকার ৩০৫টি চায়নাদুয়ারি জালও জব্দ করা হয়েছে। একই সময়ে ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা এবং ৬১টি অভিযান চালানো হয়েছে। জেলা ও উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এসব অভিযান চালানো হয়। পাশাপাশি জেলেদের মধ্যে সচেনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন স্থানে সচেতনতামূলক ১৩টি সভা-সমাবেশ করা হয়েছে। এছাড়া এই কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভা করা হয়েছে, মাইকিং করা হয়েছে, ৬০০টি পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে, ৪০টি স্থানে ব্যানার টানানো হয়েছে, ৪৭টি মাছঘাট, ৩১০টি আড়ত, ৩২৪টি বাজার পরিদর্শন করা হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও সরকারি শিশুপরিবারে বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, জাতীয়ভাবে নিষেধাজ্ঞার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল

রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল অব্যাহতির ৪ দিনের মাথায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল করা হয়েছে। আজ অনুষ্ঠিত পৌরসভা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত রবিবার তাদের চলতি মাস থেকে কাজে না আসার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়। এবিষয়ে সোমবার অব্যাহতি পাওয়া কর্মচারীরা পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার শরণাপন্ন হলে তাদের বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বর্তমান পৌর প্রশাসক ও ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় আগের সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে। এখন তারা স্ব-স্ব পদে কাজ করতে পারবে।
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির পরিচালক পঙ্কজ কুমার সরকার। সভায় উপস্থিত ছিলেন- প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ ও শাহাদাত হোসেন, সকল জোনপ্রধান, আঞ্চলিক ব্যবস্থাপকসহ বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপকগণ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন পরিচালক পঙ্কজ কুমার সরকার।
নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা

নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, স্বাস্থ্য প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, ইউপি সদস্য মোজাম্মেল হক, আব্দুল জব্বার, সংরক্ষিত ইউপি সদস্য রেবিনা খাতুন, লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ এসিস্টেন্ট আজিজুর রহমান, সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ প্রিয়াঙ্কা রানী, কামরুন নাহার, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন, যুগ্ম সমন্বয়কারী আফিফা খাতুননহ অন্যরা। এসময় তারা কমিউনিটি ক্লিনিকের সমস্যার কথা জানান এর মধ্যে ক্লিনিকের বাউন্ডারি না থাকা, নিচু জায়গায় ভরাট করা ও পানির জন্য মটারের ব্যবস্থা করা। এসকল সমস্যা দ্রুত সমাধান করার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। সমন্বয় সভায় স্বাস্থ্য অধিকার ফোরামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ। পরে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং রুমে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো কামাল উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) ডা. বিউটি বেগম, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি আশীষ কুমার চক্রবর্তী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক মজিদুল ইসলাম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। এসময় হাসপাতালের কিছু সমস্যা উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের পরিদর্শন করা কিছু এজেন্ডা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চিহ্নিত করে জমা দেন। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।