তরুণদের প্রতি আস্থা রাখার আকুতি রাউফের

তরুণদের প্রতি আস্থা রাখার আকুতি রাউফের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর বড় পরিবর্তন এসেছে পাকিস্তান দলে। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে দলটি। তবে কিউইদের বিপক্ষে পরপর দুটি ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বীতা না গড়েই হারতে হয় পাকিস্তানকে। এরপরও দেশটির গতি তারকা হারিস রাউফ আহ্বান জানালেন তরুণদের প্রতি আস্থা ও ধৈর্য রাখার। এই পেসারের বিশ্বাস, নবাগতদের প্রতি আস্থা রাখলে ভবিষ্যতে পুরস্কৃত হবে দলই। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। এই সিরিজে আব্দুল সামাদ, হাসান নওয়াজ এবং মোহাম্মদ আলীর মতো ক্রিকেটাররা খেলেছেন প্রথম দুই ম্যাচেই। যারা আবার নিউ জিল্যান্ড সফরের মাধ্যমেই পাকিস্তান স্কোয়াডে প্রথম ডাক পেয়েছিলেন। এই ত্রয়ীকে সমর্থন জানিয়ে রাউফ সাংবাদিকদের বলেন, “আপনারা যদি সমালোচনার ব্যাপারে বলেন, আমি মনে করি এটা পাকিস্তানে সাধারণ হয়ে গেছে। এরা তরুণ খেলোয়াড়। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, যে কোনো দলের দিকে তাকান, তারা তরুণদের পুরো স্বাধীনতা দেয়। যদি তারা তরুণদের সুযোগ দেয়, তবে তারা ১০-১৫টি ম্যাচের জন্যই সুযোগ দেয়। এর মাধ্যমে তারা খেলোয়াড় হয়ে ওঠে।” রাউফের মতে তরুণরা সব সময়ই প্রথমে সংগ্রাম করেন। তবে তাদের সঙ্গে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকলে সে ব্যাপারটা কাটিয়ে উঠা সম্ভব। পাকিস্তানের এই দলে তরুণ এবং অভিজ্ঞতার সেই মিশ্রণটা আছে। রাউফ বলেন, “যে কেউই আন্তর্জাতিক ক্রিকেটে আসলে, শুরুতে সংগ্রাম করে। আপনি সমালোচনার কথা বলছেন, এটা এখন একটা প্রথা হয়ে গেছে। সবাই বসে থাকে এবং পাকিস্তান দল হারলে তারা সেই নিয়ে কথা বলে।” রাউফ আরও যোগ করেন, “সমালোচকদের মতামত আছে, কিন্তু আমরা আমাদের দল গড়ার চেষ্টা করছি। আমরা তরুণদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি, সিনিয়ররাও সেখানে আছেন। আমরা সিনিয়ররা আমাদের জুনিয়রদের অনুপ্রাণিত করি, এবং তাদের পরামর্শ দেই যে, আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে কী কী দরকার। তারা যত দ্রুত শিখবে, তাদের জন্য ততো ভালো হবে।”প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটে হারার পর, পাকিস্তান মঙ্গলবার (১৮ মার্চ, ২০২৫) বৃষ্টিতে সংক্ষিপ্ত হওয়া দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারে। ১৫ ওভারে পাকিস্তানকে ১৩৫/৯ রানে সীমাবদ্ধ রাখার পর, ব্ল্যাক ক্যাপসরা ১১ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে। রাউফ বিশ্বাস করেন, পাকিস্তানের পেসাররা ডানেডিনে ভালো পারফর্ম করলেও ভাগ্য সহায় হয়নি, “সব খেলোয়াড়ই চেষ্টা করেছে। এখানে যে ধরনের মাঠ রয়েছে, সেখানে সাধারণত আমরা হাই স্কোরিং ম্যাচ দেখি। এমন না যে, আমরা ভালো বলিং করিনি, আমাদের ভাগ্য কিছুটা খারাপ বটে। কয়েকটি টপ এজ ছিল, যেগুলো ছক্কা হয়ে গেছে। মাঠ ছোট, সাথে বাতাসের কারণে বল ওভার বাউন্ডারি হয়ে গেছে। আমরা বোলিং ইউনিট হিসেবে চেষ্টা করেছি, কিন্তু আমরা চাওয়া অনুযায়ী ফল পাইনি।” রাউফ আশাবাদী যে, নবাগতদের প্রতি আস্থা রাখা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে। কারণ পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জনের দিকে তাকিয়ে রয়েছে, যা তরুণরাই এনে দিবে। রাউফ বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে, আমাদের ক্রিকেট ধীরে-ধীরে অবনতির দিকে গেছে। তবে আমরা একটি দল হিসেবে গড়ে উঠছি এবং একটি সমন্বয় তৈরি করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জিনিস চেষ্টা করছি। যখন নতুন কিছু চেষ্টা করবেন, তখন কিছু পরাজয় আসবেই। কিন্তু আমরা শিখব। ভবিষ্যতে এমন এক দিন আসবে যখন আপনি পাকিস্তান দলের ভালো ক্রিকেট দেখতে পাবেন।”

ব্রাজিল ম্যাচে নেই মেসি

ব্রাজিল ম্যাচে নেই মেসি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচের দলে নেই লিওনেল মেসি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আজ ২৬ সদস্যের স্কোয়াড দিয়েছেন। যেখানে নেই ইন্টার মায়ামি তারকা। মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরো ৬ ফুটবলার- গনসালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা নেই দলে। আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেকবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে হবে ম্যাচটি। পরের ম্যাচে ২৬ মার্চ, ব্রাজিলের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, , নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্তার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো

ভারতের বিপক্ষে গোল করতে চান হামজা

ভারতের বিপক্ষে গোল করতে চান হামজা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দুই দলের লড়াই বেশ হাড্ডাহাড্ডি হয়। এবার সেটি জমজমাট হওয়ার কথা। কারণ এবারের বাংলাদেশ দলে আছেন হামজা চৌধুরী।  ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। দলের সঙ্গে যোগ দিতে আজ দেশে এসেছেন তিনি। নিজের জন্মভূমি সিলেটে আজকের দিনটি পরিবারের সঙ্গে কাটিয়ে আগামীকাল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।  হবিগঞ্জে নিজের বাড়িতে বসেই হামজা জানালেন, ভারতের বিপক্ষে গোল করতে চান তিনি। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি চাপ। তবে এই ম্যাচের আগে শুধুই নিজেদের নিয়েই ভাবছেন হামজা।  বাংলাদেশ দলে হামজা-ফাহামেদুলের এর মতো ফুটবলার যোগ হওয়ায় ভিন্ন পরিকল্পনা করতে হয়েছে প্রতিপক্ষদের। দলের সেরা তারকা সুনীল ছেত্রী ফিরে এসেছেন অবসর ভেঙে। তবে এসব নিয়ে ভাবছেন না হামজা। তার চোখ শুধু নিজেদের উন্নতির দিকেই। তিনি বলেন, ‘আমরা ভারত নিয়ে ভাবছি না। আমরা খালি আমরার কতা কনসানট্রেট করছি (আমরা শুধু নিজেদের দিকেই মনোযোগ দিচ্ছি। দেখা যাক কিতা হয় (দেখা যাক কী হয়)। ‘ভারতের বিপক্ষে গোল করতে চান কিনা, এমন প্রশ্নের উত্তরে হামজা বলেন, ‘ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ‘ এর আগে বিমানবন্দরে নেমে তিনি বলেন, ‘কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। (ভারতের বিপক্ষে) ইনশাল্লাহ আমরা জিতব। বাংলাদেশকে নিয়ে কোচ হাভিয়েরের সঙ্গে বড় স্বপ্ন আছে আমার। ইনশাল্লাহ আমরা জিতে উন্নতি করতে পারব। ‘দলের সঙ্গে আগামীকাল যোগ দিলেও আগে থেকেই কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বলে জানিয়েছেন হামজা। তিনি বলেন, ‘আগে থেকেই যোগাযোগ ছিল। সর্বশেষ কয়েক মাস ধরে কোচের সঙ্গে নিয়মিত কথা হয়েছে। জামাল ভূঁইয়ার সঙ্গে কিছু কিছু কথা হইছে আমার। ইনশাআল্লাহ খুব ভালোই হবে। কোচের অধীনে তারা ভালো অনুশীলন করেছে। কোচ আমাকে কিছু বিষয়ে বলেছে। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে,’ যোগ করেন তিনি। পরিশেষে বাংলাদেশ দলের সমর্থকদের উদ্দেশে হামজা বলেন, ‘সবাইরে ভালবাসি, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা। ‘

শচীনের নেতৃত্বে ভারতের ঘরে আরও একটি শিরোপা

শচীনের নেতৃত্বে ভারতের ঘরে আরও একটি শিরোপা ভারতের ইনিংসের সময় স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হলো গ্যালারিতে দর্শক উপস্থিতি ৪৭ হাজার ৩২২ জন। ভারতীয় ব্যাটসম্যানদের একেকটি শটে দর্শকদের সে কী উল্লাস। তাদের আনন্দ দ্বিগুণ করে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের শিরোপা জিতলেন শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংরা। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ছয় দলের প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ভারত মাস্টার্স দল। রায়পুরে গতকাল ফাইনালে ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারতীয় দল। ফাইনালে লারা অবশ্য ভালো করতে পারেননি। ৬ বলে ৬ রান করে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। লেন্ডল সিমন্সের ৪১ বলে ৫৭ ও ডোয়াইন স্মিথের ৩৫ বলে ৪৫ রানের সুবাদে ২০ ওভারে ১৪৮ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের ভিত গড়ে দেন টেন্ডুলকার ও আম্বাতি রায়ডু। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার ১৩ বছর পূর্তির দিনে ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন টেন্ডুলকার। রায়ডু ৯ চার ও ৩ ছক্কায় ৫০ বলে করেন ৭৪ রান। ইউসুফ পাঠান শূন্য রানে ফিরলেও, দলের জয় নিয়ে মাঠ ছাড়েন যুবরাজ (১৩*) ও স্টুয়ার্ট বিনি (১৬*)। ১৭ বল হাতে রেখেই জিতে যায় ভারত।

পিছিয়ে পড়েও জয় পেল মায়ামি

পিছিয়ে পড়েও জয় পেল মায়ামি আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। আজ ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আটলান্টা। গোল করেন দলটির আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ। এরপরেই ২০তম মিনিটে মেসির সেই গোল। তবে আটলান্টাকে স্তব্ধ করে দেন ফাফা পিকল্ট। হাইতির এই অভিজ্ঞ উইঙ্গারকে ৮৩ মিনিটে বদলি নামান মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। ৮৯ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে হেডে জালে জড়ান ৩৪ বছর বয়সী পিকল্ট। দারুণ এ জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) গত মৌসুমের প্রতিশোধও নিয়ে ফেলল মায়ামি। ২০২৪ মৌসুমে প্লে-অফ পর্বে এই আটলান্টার কাছে দুই লেগেই হেরে ছিটকে পড়েছিল মায়ামি। টানা তিন জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মায়ামি। লিগের আগের দুই ম্যাচে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারিয়েছিল। আর মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির সঙ্গে করেছিল ড্র। ৪ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ১০। আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে মেসি শিগগিরই আর্জেন্টিনা দলে যোগ দেবেন। তার আগে মেসিকে এমন ছন্দে থাকতে দেখা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য আনন্দের ব্যাপার। বাংলাদেশ সময় আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

পাকিস্তানকে পাত্তাই দিলোনা নিউজিল্যান্ড

পাকিস্তানকে পাত্তাই দিলোনা নিউজিল্যান্ড ব্যাটিং ব্যর্থতায় বড় হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করল সফরকারী পাকিস্তান। আজ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজকে হারায় পাকিস্তান। এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে পাকিস্তানের দুই ওপেনার খালি হাতে সাজঘরে ফিরলেন। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার আহমেদ শেহজাদ ও কামরান আকমল রানের খাতা খোলার আগেই আউট হন। এরপর ইরফান খান ১ ও শাদাব খান ৩ রানে থামলে দলীয় ১১ রানে চতুর্থ উইকেট পতন হয় পাকিস্তানের। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে প্রথম ৪ উইকেট পতনে এটি পাকিস্তানের নয়া রেকর্ড। পাকিস্তানের পতন হওয়া ৪ উইকেটের তিনটি নেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। পঞ্চম উইকেটে ৩৯ বলে ৪৬ রানের জুটিতে পাকিস্তানকে চাপমুক্ত করেন অধিনায়ক সালমান আগা ও খুশদিল শাহ। দলীয় ৬৪ রানের মধ্যে সালমান-খুশদিলের বিদায়ে পাকিস্তানের লড়াকু সংগ্রহের আশা শেষ হয়ে যায়। সালমান ১৮ ও খুশদিল ৩২ রান করেন। লোয়ার-অর্ডারে জাহানদাদ খানের ১৭ রানের সুবাদে কোনমতে নব্বইয়ের ঘরে পা রাখতে পারে পাকিস্তান। ১৮.৪ ওভারে ৯১ রানে অলআউট হয় তারা। নিউজিল্যান্ডের মাটিতে এটিই সর্বনিম্ন রান পাকিস্তানের। জ্যাকব ডাফি ১৪ রানে ৪টি এবং জেমিসন ৮ রানে ৩ উইকেট নেন। স্পিনার ইশ সোধি নেন ২ উইকেট। ৯২ রানের সহজ টার্গেটে ৩৫ বলে ৫৩ রানের সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। পাওয়ার প্লে শেষ হবার ১ বল আগে থামেন ৭টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৪৪ রান করা সেইফার্ট। দ্বিতীয় উইকেটে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫৯ বল বাকী রেখে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন অ্যালেন ও টিম রবিনসন। ঘরের মাঠে তৃতীয় সর্বোচ্চ বল হাতে রেখে জয়ের স্বাদ পেল কিউইরা। এই তালিকায় বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশী বল বাকী রেখে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। ২০১০ সালে হ্যামিল্টনে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৭৯ রানের টার্গেট ৭০ বল বাকী রেখে ১০ উইকেটে জয় পেয়েছিল ব্ল্যাকক্যাপসরা। ২টি করে চার-ছক্কায় অ্যালেন ১৭ বলে ২৯ ও রবিনসন ১৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের জেমিসন। আগামী ১৮ মার্চ ডানেডিনে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

আর ৭২ গোল হলেই ‘হাজার’ গোল সম্পূর্ণ রোনালদো

আর ৭২ গোল হলেই ‘হাজার’ গোল সম্পূর্ণ রোনালদো বয়স ৩০ এর ঘরে যাওয়ার আগে করেছিলেন ৪৬৩ গোল। অথচ বয়সের কোটা ৩০ পেরিয়ে যাওয়ার পর গোল করেছেন তারও বেশি! দিন কয়েক আগেই এই মাইলফক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকা গোল করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন গত রাতেও। গতকাল দিবাগত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-খলুদকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে আল-নাসর। এই ম্যাচে আল নাসরের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন রোনালদো। করেছেন দলের হয়ে প্রথম গোলটি। ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ী তারকার গোল সংখ্যা এখন ৯২৮টি। ক্যারিয়ার ‘১০০০’ গোল থেকে তিনি ৭২ গোল দূরে।

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবরে এই সিরিজ মাঠে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে দুই বোর্ড। মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ আয়োজন করবে বিসিবি। এক প্রতিবেদনে বিষয়টি জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে এ বিষয়ে বিস্তারিত জানায়। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরো আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি। ’ সিরিজটি অক্টোবরে হতে পারে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি। ’আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে গত বছরের নভেম্বরে। সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি আয়োজিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে। এছাড়া গত জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দলটির। তবে ওয়ার্কলোডের কারণে বিসিবি সেটি স্থগিত করেছে। এবার অবশ্য আত্মবিশ্বাসী দুই বোর্ড। বিস্তারিত জানা যাবে অফিসিয়াল ঘোষণা আসলেই।

লম্বা সময় পর ফ্রান্স দলে এমবাপ্পে

লম্বা সময় পর ফ্রান্স দলে এমবাপ্পে কিলিয়ান এমবাপ্পের জাতীয় দলে না থাকা নিয়ে কম জলঘোলা হয়নি এর আগে। এমনকি কোচ দিদিয়ের দেশমকেও নিয়ে হয়েছিল সমালোচনা।সব কিছু কাটিয়ে লম্বা সয় পর জাতীয় দলে ফিরেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফিরবেন তিনি। নেতৃত্বের ভারও থাকবে তার কাঁধে। দল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছেন দেশম। সবশেষ বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে স্রেফ ২৩ মিনিট খেলেন। পরে লম্বা সময় ধরে থাকেন জাতীয় দলের বাইরে।ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার অঁরিলিয়ে চুয়ামেনি। এছাড়া ডাক পেয়েছেন পিএসজির হয়ে উড়ন্ত ফর্মে থাকা উসমান দেম্বেলে। জায়গা পেয়েছন তরুণ ফরোয়ার্ড দিসায়ার দুয়েও। ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। একনজরে ফ্রান্স স্কোয়াড: গোলরক্ষক: মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা ডিফেন্ডার: জোনাথন ক্লস, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্দ, থিও হার্নান্দেস, লুকাস দিগনে মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অঁরিলিয়ে চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, ওয়ারেন জাইরে-এমেরি ফরোয়ার্ড: দিসায়ার দুয়ে, ব্রাদলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।

ওয়ানডে ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর যা বলছে বিসিবি

ওয়ানডে ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর যা বলছে বিসিবি আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে ক্রিকেট। সেখান থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মিস্টার সাইলেন্ট কিলার। এতে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদউল্লাহ। বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যেখানে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।’ মাহমুদউল্লাহর অবসর ঘোষণার প্রতিক্রিয়ায় এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিভিন্ন ফরম্যাটে সব মিলিয়ে মাহমুদউল্লাহ ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে রান করেছেন ১১,০৪৭ রান এবং উইকেট নিয়েছেন ১৬৬টি। আইসিসি ইভেন্টে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সর্বাধিক সেঞ্চুরি (৪) করার গৌরব তার রয়েছে এবং ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ এবং টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তিনি ছয়টি টেস্ট ম্যাচ এবং ৪৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন।’ মাহমুদউল্লাহর অবদানের প্রশংসা করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত সকলের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত, কারণ মাহমুদউল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে। তার নিষ্ঠা এবং পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’ বিসিবি সভাপতি বলেন, ‘মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ব্যাটিং হোক বা বোলিং, যখন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই তিনি সেরাটা করে দেখিয়েছেন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার শান্ত আচরণ এবং মাঠে তার নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে তার মর্যাদাকে সুদৃঢ় করেছে।’ ফারুক আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, আমরা মাহমুদউল্লাহর অসাধারণ ক্যারিয়ার উদযাপন করছি এবং দল এবং খেলাধুলার প্রতি তার অমূল্য সেবার জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তার ভবিষ্যতের সকল প্রচেষ্টায় তার সাফল্য কামনা করি এবং আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতার ভাণ্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে।’