সফল রান তাড়ায় সিরিজ ইংল্যান্ডের

সফল রান তাড়ায় সিরিজ ইংল্যান্ডের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে জিতেছিল ইংল্যান্ড। এবার সফলভাবে রান তাড়া করল ইংলিশরা। তাতে এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। রোববার ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৯৬ রান করে। জবাব দিতে নেমে ইংল্যান্ড ৯ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ইংল্যান্ডের এবারের ম্যাচে জয়ের নায়ক পেসার লুক উড। ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন দ্রুতগতির বোলার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে এদিন সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক শেই হোপ। ৩৮ বলে ২ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। তার চেয়ে ২ রান কম করেছেন জনসন চার্লস। ৩৯ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৭ রান করেন চার্লস। দুজন ৯০ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। এই জুটি ভাঙার পর তেমন জুটি হয়নি। তবে বড় রানের জন্য ব্যক্তিগত ইনিংসগুলো কাজে এসেছে। রোভমান পাওয়েল ১৫ বলে ৩৪ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। ১১ বলে ১৯ রান করেন রোমারিও শেফার্ড। সাতে নেমে জেসন হোল্ডার ৯ বলে ২ চার ও ৩ ছক্কার ঝড়ে ২৯ রান করলে দুইশর কাছাকাছি যায় ওয়েস্ট ইন্ডিজের পুঁজি। লুক উড বাদে ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন ব্রাইডন চার্স, জ্যাকব বেথেল ও আদীল রশিদ। জবাব দিতে নেমে দলীয় ৯ রানে জেমি স্মিথ (৪) সাজঘরে ফেরেন। সেখান থেকে বেন ডাকেট ও জস বাটলার দলকে এগিয়ে নেন। আগের দিন মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন বাটলার। আজ ৩ রানের জন্য ফিফটি বঞ্চিত হন তিনি। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেন বাটলার। ডাকেট ১৮ বলে ৩০ করেন ৪ চার ও ১ ছক্কায়। মিডল অর্ডারে দলের হাল ধরেন হ্যারি ব্রুক ও বেথেল। ব্রুক ২টি করে চার ও ছক্কায় ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। বেথেল ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৬ রান করেন। তবে ব্যবধান গড়ে দেন টম ব্যানটন। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় দ্রুত ৩০ রান করলে ইংল্যান্ডের সহজ জয় নিশ্চিত হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ৪৫ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন আকিল হোসেন, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও রস্টন চেজ। সাউদাম্পটনে ১০ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ এড়াতে পারে কিনা সেটাই দেখার।
পা ভাঙতে হলে ভাঙুক, আমাকে ট্রফি জিততে হবে: রোনালদো

পা ভাঙতে হলে ভাঙুক, আমাকে ট্রফি জিততে হবে: রোনালদো চোখের জলে ভিজছে তার মুখ। আনন্দাশ্রু। উন্মাতাল, উচ্ছ্বাস, উৎসব সবই এই রাতে তার প্রাপ্য। সেই প্রাপ্যটাই জার্মানির আলিয়াঞ্জ এরিনায় বুঝে পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতল পর্তুগাল। ২০১৯ সালে রোনালদো পেয়েছিলেন এই শিরোপা। ছয় বছর পর শিরোপা পুনরুদ্ধার। লম্বা সময় পর রোনালদোর ট্রফির আনন্দ। বয়স চল্লিশ পেরিয়ে যাচ্ছে। ঠিক এমন সময়ে নিজে গোল করে শিরোপা জয়ের অবদানে শামিল হওয়ার আনন্দ, আবেগ, আতিশজ্য ছুঁয়ে যাচ্ছিল তাকে। চোখের জলের মতো অনুভূতি প্রকাশেও রোনালদো ছাড়িয়ে গেলেন নিজেকে, ‘‘কী আনন্দ! এই প্রজন্মের জন্য এটা জরুরি ছিল, এই মানের একটি ট্রফি যাদের প্রাপ্য। আমাদের পরিবারের জন্যও.. আমার বাচ্চারা এসেছে এখানে, আমার স্ত্রী, ভাই, বন্ধুরা…।” ম্যাচের পুরোটা সময় মাঠে থাকতে পারেননি রোনালদো। ম্যাচের আগে খানিকটা অস্বস্তিও ছিল তার। কিন্তু সব পাশ কাটিয়ে সবুজ গালিচায় নেমে খেলেছেন সিআরসেভেন। গোল করেছেন। এই ফাইনাল ও শিরোপা তার কাছে কতটা অরাধ্য সেটা বোঝা গেল কথায়, ‘‘ম্যাচের আগে গা গরমের সময়ই কিছুটা অস্বস্তি ছিল। কিছুটা সময় খারাপ লাগছিল। তবে এটা জাতীয় দলের ম্যাচ। খেলার জন্য আমার পা ভাঙতে হলে ভাঙুক। আমাকে ট্রফি জিততে হবে, খেলতে হবে, নিজের সর্বস্ব উজাড় করে দিতে হবে। কারণ এটা আমার দেশের জন্য। আমরা মানুষ অল্প, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা অনেক বড়।’’ পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছেন রোনালদো। ২০১৬ ইউরোর পর ২০১৯ ও ২০২৫ নেশন্স লিগ। জাতীয় দলের জার্সিতে খেলা নিয়ে পর্তুগিজ সুপারস্টার বলেছেন, ‘‘পর্তুগালের কথা যখন হয়, এই অনুভূতিই বিশেষ কিছু। এই প্রজন্মের অধিনায়ক হতে পারা দারুণ গর্ব ও সম্মানের। জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে পারা মানে সবসময়ই প্রাপ্তির চূড়া।” “পর্তুগালের জন্য কিছু জিততে পারা সবসময়ই স্পেশাল। ক্লাবের জয়ে অনেক ট্রফি জিতেছি, কিন্তু পর্তুগালের হয়ে জয়ের চেয়ে সুখের কিছু আর নেই। এজন্যই এই কান্না। দায়িত্ব পালন করেছ এবং এই আনন্দের সীমা নেই।” –যোগ করেন তিনি। চল্লিশেও রোনালদো অপ্রতিরোধ্য। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল তিনটি ম্যাচেই গোল করেছেন। পেশাদার ক্যারিয়ারে সহস্র গোলের রেকর্ড গড়ার ইচ্ছা তার। সেদিকে এগিয়েও যাচ্ছেন। ৯৩৮ তো হয়েই গেল। তবুও প্রশ্নটা বারবার এসেই যায়, কোথায় থামবেন? উত্তরটা বেশ পরিস্কার তার কাছে, “ভবিষ্যৎ ভাবনা চলতে থাকবে সংক্ষিপ্ত মেয়াদ ধরে। তবে আপাতত সময়টা বিশ্রামের। চোট নিয়ে খেলেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি, নিজেকে ঠেলে নিয়েছি সবটুকু… কারণ, জাতীয় দলের জন্য নিজেকে সর্বোচ্চটুকু চেষ্টা করতেই হবে।”
রিঙ্কুর বাজিমাত, এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন

রিঙ্কুর বাজিমাত, এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫ বলে ৫ ছক্কা মেরে রিঙ্কু সিং এমন আলোচনায় এসেছিলেন যে, তার দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তার বিয়েতে নাচবেন বলে কথা দিয়েছিলেন। শুধু তা-ই বলিউড বাদশাহর মেয়ে সুহানা খানের সঙ্গে রিঙ্কুর প্রেম চলছে এমন খবরও ছড়িয়ে পড়ে। বিশেষ করে শাহরুখ তার মান্নাতে রিঙ্কুকে ডিনারে ডাকায় গুঞ্জনটা আরো চর্চা হওয়া শুরু করে। কিন্তু সেসবের আদতে কিছুই হয়নি। আইপিএলের পর ভারতের জার্সি গায়ে জড়িয়ে মহাতারকা হয়েছেন রিঙ্কু। এবার বাজিমাত করলেন গাঁটছড়া বেধে। ভারতের রাজনীতিতে প্রিয়া সরোজ এখন পরিচিত মুখ। রাজনীতিতে নবাগত এবং বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সী নারী এমপি প্রিয়া সরোজ। তার সঙ্গেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রিঙ্কু। দুজন প্রেম করেই বিয়ের পিঁড়িতে বসেছেন। চলতি বছরের জানুয়ারিতে তাদের সম্পর্কের খবর সামনে আসে। এরপর পারিবারিক আলোচনায় বিয়ের আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়। রোববার লক্ষ্ণৌর একটি সাত তারকা হোটেলে তাদের বাগদান হয়। আর বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, বেনারসে। ২০২৩ সালের আইপিএলের পরেই প্রিয়ার সাথে বন্ধুত্বের ঘনিষ্ঠতা বাড়ে রিঙ্কুর। তারপরেই শুরু হয় দুজনের প্রেম। অবশেষে তাদের চারহাত এক হলো। রিঙ্কু সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। আইপিএলে খেলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে। কলকাতার হয়ে শিরোপা জিতেছিলেন মারকুটে ব্যাটসম্যান।
থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা বাংলাদেশের

থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা বাংলাদেশের জর্ডানে ত্রিদেশীয় সিরিজ শেষ করে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাগজ-কলমের শক্তিতে অনেক এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র করে ফিরেছে তারা। আগামীকাল থেকে আবারও অনুশীলন শুরু করবেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। চলতি মাসে জুনের শেষ দিকে মিয়ানমারে নারী এশিয়ান কাপের বাছাইয়ে খেলতে যাবে দল। ২৩ জুন শুরু হবে এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশ, বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারকে নিয়ে ‘সি’ গ্রুপের খেলা শুরু হবে ২৯ জুন। প্রথম দিনই বাংলাদেশের ম্যাচ, প্রতিপক্ষ বাহরাইন। মিয়ানমারের এই গুরুত্বপূর্ণ মিশন সামনে রেখে বাংলাদেশের জন্য আরও দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। আজ সেই আভাস দিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, আমরা চেষ্টা করছি মিয়ানমার যাওয়ার আগে দল থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
করোনা ভাইরাসে আক্রান্ত নেইমার

করোনা ভাইরাসে আক্রান্ত নেইমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলীয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। পরে পরীক্ষা করানো হয় তাকে। ক্লাবের চিকিৎসকরা পরীক্ষার পর নিশ্চিত করে যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরপরই তিনি সব ধরনের অনুশীলন ও কার্যক্রম থেকে দূরে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতে বিশ্রামে আছেন এবং তার চিকিৎসা চলমান রয়েছেন। এটি নেইমারের দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। এর আগে ২০২১ সালের মে মাসে পিএসজিতে খেলার সময়ও করোনা ধরা পড়েছিল তার। তখন চার মাস বিশ্রামের পর মাঠে ফিরেছিলেন ‘খুশি মনে’।
বাটলার ঝড়ে উড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ

বাটলার ঝড়ে উড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিলো ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজকে। ২১ রানের জয়ে সিরিজে শুভ সূচনা করলো ইংলিশরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে ইংলিশরা। জস বাটলার ঝড় তোলেন তিনি করেন ৯৬ রান। জবাব দিতে নেমে লিয়াম ডসনের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৯ উইকেটে ১৬৭ রানে থেমে যেতে বাধ্য হয় ক্যারিবীয়রা। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস জেতেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। শুরুতে বেন ডাকেটের (১) উইকেট হারালেও জেমি স্মিথ এবং জস বাটলার ঝড় তোলেন। ৮ ওভারে তারা দলীয় স্কোরকে উন্নীত করেন ৯৫ রানে। এ সময় আউট হন জেমি স্মিথ। ২০ বলে ৩৮ রান করেন তিনি। এরপর হ্যারি ব্রুক ৬ রান করে, টম ব্যান্টন ৩ রান করে আউট হওয়ার পর জ্যাকব বেথেলকে নিয়ে ঝড় অব্যাহত রাখেন বাটলার। দলের ১৭৬ রানের মাথায় আউটর হন তিনি। আফসোস মাত্র ৪টি রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৫৯ বলে ৬ বাউন্ডারি এবং ৪ ছক্কা মেরে ৯৬ রান করে আউট হন বাটলার। জ্যাকব বেথেল ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের একেবারে শেষ বলে ৯ রান করে রানআউট হন উইল জ্যাকস। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। রোমারিও শেফার্ড নেন ২ উইকেট। জবাব দিতে নেমে ক্যারিবীয় ব্যাটারদের কেউ খুব বড় কোনো ইনিংষ খেলতে পারেননি। সর্বোচ্চ ২৩ বলে ৩৯ রান করেন এভিন লুইস। এছাড়া ২০ বলে ২৪ রান করেন রস্টোন চেজ। রোমারিও শেফার্ড এবং জ্যাসন হোল্ডার ১৬ রান করে সংগ্রহ করেন। আন্দ্রে রাসেল ১৩ বলে করেন ১৫ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকটে হারিয়ে ১৬৭ রান তুলতে সক্ষম হয় ক্যারিবীয়রা। লিয়াম ডসন ৪ ওভার ২০ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাথিউ পটস ৪৮ রান দিয়ে এবং জ্যাকব বেথেল ২৭ রান দিয়ে নেন ২টি করে উইকেট।
এবার মামলা হলো কোহলির বিরুদ্ধে

এবার মামলা হলো কোহলির বিরুদ্ধে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এবার থানায় মামলা হলো বিরাট কোহলির বিরুদ্ধে। মামলার এজাহারে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর জন্য কোহলিকেই দায়ী করা হলো। স্থানীয় সমাজকর্মী এইচএম বেঙ্কটেশ এই মামলা করেন। উল্লেখ্য, বুধবার বেঙ্গালুরুতে বেঙ্গালুরুর আইপিএল উৎসবে শামিল হতে গিয়ে প্রাণ হারান ১১ জন। কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী বেঙ্কটেশ মামরা দায়ের করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। তিনি জানান, কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে এত বেশি সমর্থক হাজির হয়েছিলো! পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরও কেন উৎসব চালিয়ে যাওয়া হল, তাও জানতে চেয়েছেন তিনি। কাবন পার্ক থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্কটেশের মামলায় যে অভিযোগ আনা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। তদন্ত প্রক্রিয়া চলার সময় এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। এখনই কোহলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হচ্ছে না। শোনা গেছে, সেই অনুষ্ঠানের পরই স্ত্রী আনুশকা শর্মা এবং সন্তানদের নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয়োৎসবের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেইনমেন্ট, কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধে স্বঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। গ্রেফতারের আশঙ্কা করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্নাটক ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সেই মামলায় শুক্রবার বিচারপতি এসআর কৃষ্ণ কুমার নির্দেশ দেন, পরবর্তী শুনানি পর্যন্ত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া যাবে না। কর্নাটক ক্রিকেট বোর্ডের যে সব কর্মকর্তা এই মামলায় জড়িয়ে পড়েন, তাদেরও আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে নিষেধ করেছেন বিচারপতি। তার আরও নির্দেশ, বোর্ডের কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা করতে হবে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এরইমধ্যে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে বরখাস্ত করেন। বহিস্কার করা হয়েছে পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তাকেও। বৃহস্পতিবারই তিনি জানিয়েছিলেন, আরসিবি এবং কেএসসিএ কর্মকর্তাদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিপর্যয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুনছে কর্নাটক হাইকোর্ট। রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছ থেকেও। সেখানেই কর্নাটক সরকার জানিয়েছে, এ ঘটনার তদন্ত করবে সিআইডি। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হচ্ছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে। কাউকে রেহাই দেয়া হবে না বলেই আদালতে জানিয়েছে সিদ্দারামাইয়া সরকার। যদিও আদালতের নির্দেশে খানিক স্বস্তি পেলেন বোর্ডের কর্তারা।
রোনালদোর শেষের গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

রোনালদোর শেষের গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্স, এরপর গোল হজম পিছিয়ে পড়া। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। জার্মানির মাটিতে, তাদের সমর্থকদের সামনে ২-১ গোলে সেমিফাইনাল জিতে চমক দেখিয়েছে রবের্তো মার্তিনেসের শিষ্যরা। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ফ্রান্সিসকো কন্সেইসাও ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ম্যাচ নিজেদের করে নেয় পর্তুগাল। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে ফ্লোরিয়ান ভিরৎজ গোল করে জার্মানিকে এগিয়ে নেন। তবে এর মাত্র সাত মিনিট পরেই বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কন্সেইসাও নিজের দ্রুত গতির ড্রিবল ও চোখধাঁধানো শটে পর্তুগালকে সমতায় ফেরান। ২২ বছর বয়সী এই উইঙ্গার হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পর্তুগাল। ৬৩তম মিনিটে বাঁ দিক থেকে নুনো মেন্দেসের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১৩৭তম গোল, আর চলতি নেশন্স লিগে ৮ ম্যাচে ৭ম। এই জয়ে দীর্ঘদিনের অপেক্ষারও অবসান হয়েছে পর্তুগালের। ২০০০ সালের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে জার্মানিকে হারাতে সক্ষম হলো তারা। সেবার ইউরোর গ্রুপ পর্বে জার্মানিকে ৩-০ গোলে হারিয়েছিলেন সের্জিও কন্সেইসাও। এবার তারই ছেলে ফ্রান্সিসকো বড় মঞ্চে গড়ে দিলেন আরেক স্মরণীয় মুহূর্ত। ম্যাচের শেষ দিকে জার্মানি কিছুটা জোরালোভাবে ফিরে আসার চেষ্টা করে। নির্ধারিত সময়ের এক মিনিট আগে দুর্দান্ত ডাবল সেভ করেন টের স্টেগেন, ঠেকান দিয়োগো জটা ও কন্সেইসাওয়ের শট। যোগ করা সময়েও জটার আরেকটি প্রচেষ্টা রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক। তবু জয় আটকাতে পারেনি জার্মানিকে। পিএসজির হয়ে কয়েকদিন আগেই এই মাঠে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দ পাওয়া চার পর্তুগিজ ফুটবলার এবার দেশের জার্সিতে আরেকটি ট্রফির দ্বারপ্রান্তে। আগামী রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও স্পেন এর মধ্যকার জয়ী দল।
বেঙ্গালুরুতে পদদলিত হয়ে নিহত ১১, শচিনের শোক

বেঙ্গালুরুতে পদদলিত হয়ে নিহত ১১, শচিনের শোক বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া পদদলনের ঘটনাকে ‘মর্মান্তিকের চেয়েও বেশি’ বলে উল্লেখ করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। এই হৃদয়বিদারক ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩৩ জন। ঘটনাটি ঘটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইতিহাসের প্রথম আইপিএল শিরোপা জয়ের উদযাপনের সময়, যা মুহূর্তেই পরিণত হয় এক ভয়াবহ বিপর্যয়ে। এই ব্যাপারে এক্সে দেওয়া এক পোস্টে টেন্ডুলকার লিখেছেন, ‘বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটেছে, তা মর্মান্তিকের চেয়েও বেশি। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। সবাই যেন শান্তি পায় এবং ধৈর্যধারণ করতে পারে। ’ এই ঘটনার জন্য স্টেডিয়ামের ধারণক্ষমতাকে দায়ী করে রাজ্যের একজন মন্ত্রী জানান, ‘স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ৩৫,০০০ হলেও, সেখানে উপস্থিত হয়েছিল প্রায় ২ থেকে ৩ লাখ মানুষ। ’ এই কারণে বিজয় উদযাপনের অংশ হিসেবে পরিকল্পিত রোড প্যারেড বাতিল করা হয়, কারণ প্রশাসনের ধারণা ছিল জনতার ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা জয়োল্লাসের আনন্দকেও মুছে দিয়েছে। ’ তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আরও বলেন, ‘আমি এই ঘটনা নিয়ে কোনোরকম রাজনীতি করতে চাই না। এই দুঃখজনক ঘটনার দায় এড়াতে চাই না। আমরা ভিক্টিমদের পাশে আছি। ’
শান্তই থাকছেন টেস্ট দলের অধিনায়ক

শান্তই থাকছেন টেস্ট দলের অধিনায়ক আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন আগের অধিনায়কই। ২০২৫-২০২৭ চক্রে শ্রীলঙ্কা সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাওয়া বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আগের মতো সহ-অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। এক বছরের জন্যই এই দুজনের নেতৃত্বে আস্থা রাখার কথা জানিয়েছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক এবাদত হোসেন চৌধুরির ফেরা। দীর্ঘ প্রায় দুই বছর পায়ের চোটে মাঠের বাইরে ছিলেন এই পেসার। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে চোট পাওয়ার পর তাকে অস্ত্রোপচার করাতে হয়। এরপর দীর্ঘ পুনর্বাসন শেষে ঘরোয়া ক্রিকেট দিয়ে ফেরেন। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলার পর জাতীয় দলে ফিরলেন এবাদত। তাকে ঘিরেই পেস আক্রমণ সাজানো হয়েছে। দলে তার সঙ্গে আরও আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ। দলে জায়গা ফিরে পেয়েছেন লিটন কুমার দাসও। পাকিস্তান সুপার লিগে খেলার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে ছিলেন না। সেই সিরিজে অংশ নিয়ে পরে চলে যাওয়া নাহিদ রানাও দলে ফিরেছেন। দলে আছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, যিনি এখনো অভিষেকের অপেক্ষায় আছেন। এই স্পিনারের সঙ্গে স্পিন বিভাগে আরও থাকছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। অন্যদিকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব। জয় ব্যাট হাতে দীর্ঘদিন রান খরায় ভুগছেন। ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রান করলেও এরপর ১৭ ইনিংসে আর ফিফটির দেখা পাননি। তানজিম সাকিব অভিষেক ম্যাচে ৪১ রান করলেও বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ, ফলে এবার বাদ পড়েছেন। বাঁহাতি স্পিনার তানভির ইসলামও কোনো ম্যাচ না খেলেই স্কোয়াড থেকে ছিটকে গেলেন। আগামী ১৩ জুন শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ১৭ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।