এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয়

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয় লা লিগায় ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে একাদশ সাজিয়ে চমক দেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। শুরুর তালিকায় জায়গা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের। তবে বেঞ্চ থেকে মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন তিনি। নিজে গোল করলেন, করলেন এমবাপ্পেকেও অ্যাসিস্ট। তাদের দুজনের দাপটেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। ম্যাচের শুরুটা ছিল এমবাপ্পের। ৩৭ মিনিটে তার গোলেই এগিয়ে যায় দল। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর পরিবর্তে ৬৩ মিনিটে মাঠে নামেন ভিনি। ৮৩ মিনিটে তার পাস থেকে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় গোল। আর যোগ হওয়া সময়ে ভিনিসিয়ুস নিজেই বল জালে জড়িয়ে দেন, নিশ্চিত করেন মাদ্রিদের বড় জয়। তবে গোল-অ্যাসিস্টের বাইরে ভিনির আচরণও আলোচনায় আসে। অ্যাসিস্ট করার পর রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাকে। সতীর্থ এমবাপ্পে এগিয়ে এসে মুখ ঢেকে শান্ত করার চেষ্টা করেন। পরে গোল করার পর প্রতিপক্ষ সমর্থকদের সামনেই উদযাপন করেন ভিনি।

 নতুন মুখ নিয়ে পাকিস্তান নারী বিশ্বকাপের দল ঘোষণা

নতুন মুখ নিয়ে পাকিস্তান নারী বিশ্বকাপের দল ঘোষণা আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান নারী ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। নারী ক্রিকেট নির্বাচক কমিটি এই দল চূড়ান্ত করেছে। একই দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে, যা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই দলে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মুনিবা আলী সিদ্দিকী। অভিজ্ঞ ডায়ানা বেগ থাকছেন নবীন খেলোয়াড়দের সঙ্গে মিশে দলকে শক্তিশালী করতে। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটার আয়মান ফাতিমা। যিনি সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। দলে দুটি পরিবর্তন এসেছে। আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব থেকে গুল ফেরোজা ও নাজিহা আলভিকে সরিয়ে মূল দলে আনা হয়েছে আয়মান ফাতিমা ও সাদাফ শামাসকে। ওই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে, ২৯ আগস্ট থেকে। পাকিস্তান নারী দল বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর বাংলাদেশ নারীদের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৫ অক্টোবর অপেক্ষা করছে ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৪ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তান নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ২০২৫: ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেইগ, আয়মান ফাতিমা, নাশরা সন্দহু, নাটালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবাজ (উইকেটকিপার), সাইদা আরুব শাহ। নন-ট্রাভেলিং রিজার্ভ: গুল ফেরোজা, নাজিহা আলভি, তুবা হাসান, উম্মে-হানি ও ওয়াহিদা আখতার।

প্রথমবারের মতো ফিফা ই-বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ

প্রথমবারের মতো ফিফা ই-বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ চলতি বছরের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ফিফা ই-বিশ্বকাপ। এর আগে ই-ফুটবল কনসোল, মোবাইল ও রকেট লীগ-এ তিন বিভাগের বাছাই অনুষ্ঠিত হবে অক্টোবরে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলোয়াড় বাছাই করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৫ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর, তিন বিভাগে তিন ধাপে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। এখান থেকে বাছাইকৃত প্রার্থীরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এশিয়া-ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে। সেখান থেকে কনসোল বিভাগে ৩ দল ও মোবাইল বিভাগে ৪ জন খেলোয়াড় সরাসরি টিকিট পাবেন রিয়াদে অনুষ্ঠিতব্য ফিফা ই-বিশ্বকাপে খেলার। গতকাল সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা আরেকটা যাত্রায় পা দিলাম, সেটা হলো ই-স্পোর্টস। সব খেলা ই-স্পোর্টসের আওতায় পড়ে। আমরা শুধু ফুটবল নিয়ে কাজ করবো। আমরা আশাবাদী, অন্যান্য দেশ যেভাবে ই-স্পোর্টসের মাধ্যমে ফুটবলে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও সেভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘এক সময় ই-স্পোর্টসকে কেবল বিনোদন হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক ও বাণিজ্যিকভাবে সফল একটি ক্ষেত্র। বাংলাদেশের গেমারদের জয় শতাংশ বিবেচনা করলে আমরা আশাবাদী। খুব শিগগিরই বাংলাদেশের নাম শীর্ষ তালিকায় দেখা যাবে।’ প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে বিশ্বের বিভিন্ন দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার ধারায় এবার যোগ হয়েছে হয়েছে বাংলাদেশের নামও। গত ১৩ই জুলাই এক প্রজ্ঞাপনে ‘ই-স্পোর্টস’কে এ স্বীকৃতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আর্জেন্টিনাকে আনতে বিশাল অঙ্ক খরচ ভারতের 

আর্জেন্টিনাকে আনতে বিশাল অঙ্ক খরচ ভারতের আগে থেকেই গুঞ্জন ছিল ভারতে আসছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। তবে অনিশ্চয়তা আর টানাপড়েনের কারণে একপর্যায়ে আইনি লড়াইয়ের মতো কঠিন পরিস্থিতি তৈরি হয়। তবে সব প্রতিবন্ধকতা শেষে ভারত সফরে আসতে রাজি হয়েছে আলবিসেলেস্তেরা। এজন্য অবশ্য বিশাল অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে ভারতকে। আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে লিওনেল মেসি-মার্টিনেজরা। এএফএ জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ৩টি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এবং বাকিটি ভারতের কেরালায়। প্রীতি ম্যাচ চূড়ান্ত হলেও এখনও নির্ধারিত হয়নি প্রতিপক্ষ। একটি প্রীতি ম্যাচের জন‌্য ভারতের যা খরচ হচ্ছে তা চোখ কপালে উঠার মতো! শুধু আর্জেন্টিনা ফুটবল দলকে ভারতে আনতে এবং ম‌্যাচ খেলাতে ভারতের খরচ হচ্ছে ১৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় ১৩০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮১ কোটি টাকা। এর আগে সর্বশেষ ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে মেসি ম্যাজিক ছড়িয়েছিলেন দারুণ অ্যাসিস্ট দিয়ে নিকোলাস ওতামেন্দিকে গোল করিয়ে।

বাংলাদেশকে সান্ত্বনার জয়ও দিলেন না সেঞ্চুরিয়ান হার্ভি

বাংলাদেশকে সান্ত্বনার জয়ও দিলেন না সেঞ্চুরিয়ান হার্ভি ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মাততে চেয়েছিলেন নুরুল হাসান সোহানরা। অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। তবে মুখে বলা সেই কথার প্রমাণ কাজে দিতে পারেননি সোহানরা। উল্টো গতবার ফাইনালে খেলার সুযোগ পেলেও এবার সেমিফাইনালেই উঠতে পারেনি তারা। আজ শেষ চার নিশ্চিত করতে হলে অসম্ভবকে জয় করতে হতো। সেটা যে ভীষণ কঠিন ছিল তা ম্যাচ শেষে ভালোভাবেই প্রমাণিত হয়েছে। নিজেদের এবং টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্ত্বনার জয়ও পায়নি বাংলাদেশ। উল্টো ৭ উইকেটের বড় পরাজয়ে দেশে ফেরার টিকিট কাটতে হচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে জয়ে শেষ চার নিশ্চিত করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়টি এনে দিয়েছেন সেঞ্চুরিয়ান ম্যাকেঞ্জি হার্ভি। তার বিধ্বংসী সেঞ্চুরিতেই শিরোপা ধরে রাখার সুযোগ পাচ্ছে অ্যাডিলেড। বাংলাদেশকে আজ একাই হারিয়ে দিয়েছেন হার্ভি। মৃত্যুঞ্জয় চৌধুরিকে যখন বাউন্ডারি হাঁকিয়ে অ্যাডিলেডের জয় নিশ্চিত করেন তখন তিন অংকও স্পর্শ করেন অস্ট্রেলিয়ার ওপেনার। তাতে ১১ বল হাতে রেখে জয় পায় অ্যাডিলেড। ১৭৬ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ১২৩ রানের জুটি গড়েন হার্ভি ও জ্যাক উইন্টার। ব্যক্তিগত ৩৫ রানে উইন্টার ফিরলেও জয় নিয়েই মাঠ ছেড়েছেন হার্ভি। মাঝে হ্যারি নিয়েলসন (৩) ও টম ও’কননেল (৬) দ্রুত ফিরলেও হার্ভির ঝোড়ো সেঞ্চুরিতে জয় পেতে সমস্যা হয়নি অ্যাডিলেডের। চতুর্থ উইকেটে হ্যারি মান্নেতির সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে জয়ের কাজ সারেন তিনি। ১৯২. ৪৫ স্ট্রাইকরেটে খেলেছেন ১০২ রানের ইনিংস। টুর্নামেন্টের চতুর্থ সেঞ্চুরিয়ান ইনিংসটি সাজিয়েছেন ১৫ চার ও ১ ছক্কায়। অন্যদিকে ২৫ রানে অপরাজিত থাকেন মান্নেতি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন অফস্পিনার সাইফ হাসান। এর আগে টস জিতে চল্লিশোর্ধ্ব দুটি ইনিংসটি ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার জিশান আলম। আর টুর্নামেন্টে চতুর্থ অপরাজিত চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেও ফিফটির দেখা না পাওয়া আফিফ হোসেন করেছেন ৪৯ রান। প্রতিপক্ষের হয়ে ৪ উইকেটের তিনটিই নিয়েছেন হান্নো জ্যাকবস।

কেইনের হ্যাটট্রিক, বড় জয়ে মৌসুম শুরু জয় বায়ার্নের

কেইনের হ্যাটট্রিক, বড় জয়ে মৌসুম শুরু জয় বায়ার্নের ৬৪ থেকে ৭৮-এই ১৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ল-ভ- করেন হ্যারি কেইন। ৩ বার বল জালে পাঠিয়ে করেন হ্যাটট্রিক। এতেই বড় জয়ে নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। কেইনের হ্যাটট্রিকে আরবি লাইপজিগকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। এছাড়া জোড়া গোলের দেখা পেয়েছেন মাইকেল ওলিস। আর একটি গোল করেছেন লিভারপুল থেকে বায়ার্নে আসা লুইস দিয়াজ। টটেনহাম থেকে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর এটি কেইনের নবম হ্যাটট্রিক। শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন ইংল্যান্ড তারকা। বায়ার্নের অধিনায়ক জশুয়া কিমিখ ম্যাচ শেষে বলেছেন, কেইন শুধু গোল করে না, বরং সতীর্থদের দিয়ে করায় এবং রক্ষণেও সাহায্য করে। দলের জন্য এটাই সবচেয়ে বড় উপকার।

অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুট ইমরানুরের

অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুট ইমরানুরের বাংলাদেশ অ্যাথলেটিকসে উজ্জ্বল নাম ইমরানুর রহমান আবারও প্রমাণ করলেন নিজের শ্রেষ্ঠত্ব। দীর্ঘ সাত-আট মাস চোটের কারণে ট্র্যাকের বাইরে থাকার পর জাতীয় অ্যাথলেটিকসের ১৭তম সামার মিটে দুর্দান্তভাবে ফিরেছেন তিনি। প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ৩২ বছর বয়সী এই স্প্রিন্টার আবারও অর্জন করলেন দেশের দ্রুততম মানবের মুকুট। গত বছরের প্যারিস অলিম্পিকে চোটের কারণে দৌড় শেষ করতে পারেননি ইমরান। এরপর থেকে পুনর্বাসন আর কঠোর অনুশীলনের মধ্য দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জাতীয় স্টেডিয়ামে আজ সেই প্রস্তুতির ফলই ধরা দিল। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে না পারায় দ্রুততম মানবের খেতাব হারান ইমরানুর। সে সময় নৌবাহিনীর আরেক স্প্রিন্টার মোহাম্মদ ইসমাইল এই খেতাব জিতেছিলেন। তবে এবার প্রতিযোগিতায় ইসমাইলকে পেছনে ফেলে আবারও শীর্ষে ফিরলেন ইমরানুর। দুজনই বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করেন। যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর এর আগেও তিনবার দেশের দ্রুততম মানবের খেতাব জিতেছেন। জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার সাফল্য নজর কাড়ে। ২০২৩ সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে স্বর্ণপদক জিতে তিনি তাক লাগিয়ে দেন সবাইকে। একই বছর লন্ডনে এক প্রতিযোগিতায় ১০.১১ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গড়ে তোলেন বাংলাদেশের জাতীয় রেকর্ড।

ভারতের কাছে ২-০ গোলে পরাজিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

ভারতের কাছে ২-০ গোলে পরাজিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। শুক্রবার (২২ আগস্ট) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই এক গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল হজম করে ম্যাচ শেষ করে দুই গোলের ব্যবধানে। ১৪তম মিনিটে ভারতের পার্ল ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ। মাঝমাঠ থেকে বল কাড়ার পর বাংলাদেশের ডিফেন্স ভেদ করে দেওয়া পাস থেকে পাওয়া শটে গোল করেন তিনি। বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম চেষ্টা করেও শটটি ঠেকাতে পারেননি। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। কর্নার থেকে আলপি আক্তারের একটি হেড লক্ষ্যে ছিল না। দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণও অব্যাহত থাকে। ৭৬ মিনিটে কর্নার থেকে নিখুঁত ভলিতে দ্বিতীয় গোলটি করেন বনিপিলা শুলাই। এই হারে টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা থেমে গেল বাংলাদেশের। সর্বশেষ তারা হেরেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সিপিএলে উইকেট শিকারে নতুন কীর্তি গড়লেন আমির

সিপিএলে উইকেট শিকারে নতুন কীর্তি গড়লেন আমির আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও মাঠে তার ঝলক অম্লান। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বোলিংয়ে দেখালেন নতুন অধ্যায়। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলা আমির গতকাল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে বল হাতে নামেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফাবিয়ান অ্যালেনকে আউট করেই তিনি স্পর্শ করলেন অনন্য মাইলফলক। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন। এর মাধ্যমে তিনি বিশ্বের মাত্র নবম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন। আমিরের আগে পাকিস্তানের হয়ে একমাত্র ওয়াহাব রিয়াজ জায়গা করে নিয়েছিলেন এই ক্লাবে। ওয়াহাব ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়ে এখনও শীর্ষে আছেন পাকিস্তানি বোলারদের মধ্যে। এবার তার ঠিক পরেই নাম লেখালেন আমির।

পাঁচ ম্যাচে ৩ হার, অস্ট্রেলিয়ায় ভরাডুবি বাংলাদেশ ‘এ’ দলের

পাঁচ ম্যাচে ৩ হার, অস্ট্রেলিয়ায় ভরাডুবি বাংলাদেশ ‘এ’ দলের টপ এন্ড টি-টোয়েন্টিতে শিরোপার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। গত আসরে রানার্সআপ হওয়ার অভিজ্ঞতা ছিল পুঁজি। এবার অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন শিরোপা জয়ের প্রত্যাশার কথা। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন দেখা গেল। গ্রুপ পর্বেই প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের বিদায়। আজ ডারউইনে মেলবোর্ন স্টারস একাডেমির কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে আট নম্বরে। শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে হারালেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ, কারণ তাদের নেট রান রেট দাড়িয়েছে -০.৫১৩। এদিক থেকে অন্য দলগুলোর অবস্থান অনেক ভালো। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ১৫৬ রান। সাইফ হাসান করেন সর্বোচ্চ ৪৫, সোহান যোগ করেন ৩৩ ও ইয়াসির আলি ২৯ রান। তবে দলের সংগ্রহ বড় করতে পারেননি কেউই। মেলবোর্নের হয়ে হামিশ ম্যাকেনজি নেন সর্বোচ্চ ৩ উইকেট, খরচ করেন মাত্র ২১ রান। জবাবে মেলবোর্ন শুরুতেই ৩৪ রানের ওপেনিং জুটি গড়ে নেয়। যদিও পরে ৮১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু এক প্রান্ত আগলে দাঁড়িয়ে থাকেন জোনাথন মারলো। পাঁচ নম্বরে নেমে খেলেন ম্যাচসেরা ৬১ রানের ইনিংস, মাত্র ৩৮ বলে। ৩ ছক্কা ও ৪ চার মারেন ১৬০ স্ট্রাইকরেটের সেই ইনিংসে। শেষদিকে হাসান মাহমুদের বলে মারলো আউট হলেও ততক্ষণে জয় হাতছোঁয়া। ১১ রান দূরে থাকতেই বিদায় নেন তিনি, তবে কাজ শেষ করে দেন ক্রিস্টিয়ান হাউ। ১৫ রানে অপরাজিত থেকে দলকে জেতান তিনি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও হাসান মাহমুদ। এই হারে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। সোহানদের একমাত্র সান্ত্বনা; শেষ ম্যাচে লড়াই করে জয় তুলে কিছুটা সম্মান রক্ষা করা।