আল নাসরের জয়ের ম্যাচে নতুন উচ্চতায় রোনালদো

আল নাসরের জয়ের ম্যাচে নতুন উচ্চতায় রোনালদো সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে আল নাসর। শুক্রবার রাতে আল তাউওনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৫–০ গোলের বড় জয় পেয়েছে তারা। এদিন স্মরণীয় এক অভিষেক হলো পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি। গোলের দেখা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোও। দলের হয়ে অন্য গোলটি করেছেন কিংসলে কোম্যান। এই ম্যাচে গোল করে অনন্য এক কীর্তি গড়েন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করলেন ‘সিআর সেভেন।’ রোনালদোর মোট গোলসংখ্যা এখন ৯৪০। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর ৬০ গোল। বয়স ৪০ পেরোনোর পর এ নিয়ে ৪০ গোলে অবদান রাখলেন রোনালদো। এই ম্যাচ শেষে প্রথম ধাপ পেরোনোর বার্তা দিয়ে একাধিক ছবিও পোস্ট করেন পর্তুগিজ কিংবদন্তি। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী পেনাল্টি থেকে এ নিয়ে তাঁর গোলসংখ্যা ১৭৬। রোনালদোর মাইলফলকের রাতটা অবশ্য বিশেষভাবে নিজের করে নিয়েছেন ফেলিক্স। খেলার শুরুতেই মাত্র সাত মিনিটে গোল করে এগিয়ে দেন আল নাসরকে। এরপর ৬৭ ও ৮৭ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে তুলে নেন হ্যাটট্রিক। এর মাঝে এক মিনিটের ব্যবধানে গোল করেন রোনালদো ও আল নাসরের আরেক নতুন খেলোয়াড় কোমান। সৌদি লিগে আল নাসর পরের ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর রাতে। সেই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল খোলুদ।
ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব–১৯ দল ঘোষণা

ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব–১৯ দল ঘোষণা ২০২৬ যুব বিশ্বকাপের প্রস্তুতি ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ডে যাচ্ছে তারা। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। আর সেই সিরিজের জন্য শুক্রবার আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। যুবাদের সাম্প্রতিক সিরিজগুলোতেও অধিনায়কত্ব করেছেন অলরাউন্ডার আজিজুল হাকিম। সম্প্রতি তার নেতৃত্বে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই দলের বেশির ভাগ সদস্যই আছেন ইংল্যান্ড সফরের দলে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজটি খেলতে ৩১ আগস্ট লন্ডনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছে পরদিন লাফবোরোয় অনুশীলন করবেন ক্রিকেটাররা। ৩ সেপ্টেম্বর সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ যুবাদের। ৫ সেপ্টেম্বর লাফবোরোতেই শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে। ব্রিস্টলে ১০ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে। আর বেকেনহামে সিরিজের শেষ দুই ম্যাচ ১২ ও ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ার।
টানা বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

টানা বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। এই সিরিজকে ঘিরে সিলেটের ক্রিকেটপ্রেমীদের মাঝেও আছে উন্মাদনা। তবে টানা বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত কয়েকদিন ধরে সিলেটে টানা ভারী বর্ষণ হচ্ছে। এতে স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে গেছে এবং উইকেট ঢেকে রাখা হলেও মাঠ পুরোপুরি খেলার উপযোগী করতে সময় লাগতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও কয়েকদিন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টি বাধায় সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
‘বি’ ক্যাটাগোরিতে বেতন কমল বাবর-রিজওয়ানের

‘বি’ ক্যাটাগোরিতে বেতন কমল বাবর-রিজওয়ানের পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত ১৯ আগস্ট ২০২৫–২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। তবে এ ঘোষণায় সবচেয়ে বড় চমক এসেছে দুই সিনিয়র তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রে। ধারাবাহিক ব্যর্থতার কারণে তারা আর ‘এ’ ক্যাটাগরিতে নেই, নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে। গত মৌসুমে (২০২৪–২৫) এই দুজনই ছিলেন একমাত্র ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। অথচ সাম্প্রতিক সিরিজগুলোতে প্রত্যাশা পূরণ করতে না পারায় দুজনকেই অবনমন দেওয়া হলো। ফলে নতুন মৌসুমে তাদের মাসিক বেতনও কমে যাবে উল্লেখযোগ্য হারে। বর্তমানে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা মাসে পান ৪৫ লাখ পাকিস্তানি রুপি। এর মধ্যে ২০ লাখ ৭০ হাজার আসে আইসিসির ভাগ থেকে। অন্যদিকে, ‘বি’ ক্যাটাগরির বেতন ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ১০ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরিতে মাসিক ৭ লাখ ৫০ হাজার রুপি। অর্থাৎ বাবর ও রিজওয়ান এখন থেকে মাসে পাবেন ৩০ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ ৮৭ হাজার। এর আগে তাদের আয় ছিল ৪৫ লাখ রুপি বা প্রায় ১৯ লাখ ৩১ হাজার টাকা। এই হিসেবে মাসে প্রায় ৬.৫ লাখ টাকা কমে গেল তাদের পারিশ্রমিক। এদিকে ক্রিকেট পাকিস্তান এর প্রতিবেদনে জানা গেছে, পিসিবি কেন্দ্রীয় চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা বাদ দেওয়ার কথা ভাবছে। বর্তমানে খেলোয়াড়রা আইসিসি থেকে পাওয়া মোট আয়ের ৩ শতাংশ বোনাস হিসেবে পেয়ে থাকেন। বোর্ড মনে করছে এই বোনাস অযৌক্তিক। তাই এশিয়া কাপের পরবর্তী চুক্তি থেকেই হয়তো এই সুযোগ আর থাকবে না। ফলে শুধু বাবর বা রিজওয়ান নন, পাকিস্তান দলে যারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন— সবার বেতনই আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দল চূড়ান্ত

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দল চূড়ান্ত ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের জন্য ৩৬ দলের মূল পর্ব চূড়ান্ত হয়েছে। প্লে-অফ পর্ব শেষে গত মঙ্গলবার নিশ্চিত হয়েছে শেষ ছয় দল। তাদের সঙ্গে আগেই সরাসরি মূল পর্বে জায়গা পাওয়া ৩০টি দল মিলিয়ে পূর্ণ হলো চূড়ান্ত তালিকা। এবার সবচেয়ে বেশি দল অংশ নিচ্ছে ইংল্যান্ড থেকে মোট ছয়টি ক্লাব। পর্তুগিজ জায়ান্ট বেনফিকা ফিরেছে মূল পর্বে, জোসে মরিনিয়োর কোচিংয়ে থাকা তুরস্কের ফেনেরবাচেকে পিছনে ফেলে। দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তবে সবচেয়ে বড় চমক এসেছে বেলজিয়ান ক্লাব ক্লাব ব্রুগ থেকে। স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে দুই লেগে ৯-১ ব্যবধানে বিধ্বস্ত করে তারা জায়গা পাকা করেছে চ্যাম্পিয়ন্স লিগে। এর আগের দিন মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল নরওয়ের বোডো/গ্লিমট, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং সাইপ্রাসের পাফোস তিন নবাগত ক্লাব।
আবারও স্থগিতাদেশের মুখে ভারতীয় ফুটবল, কড়া অবস্থানে ফিফা

আবারও স্থগিতাদেশের মুখে ভারতীয় ফুটবল, কড়া অবস্থানে ফিফা ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আবারও ফিফার শাস্তির মুখে। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার সরাসরি সতর্ক করেছে যে, সংবিধান সংশোধন ও কার্যকর না হলে এআইএফএফকে স্থগিতাদেশের মুখে পড়তে হবে। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র খবরে বলা হয়েছে, এআইএফএফ’কে পাঠানো চিঠিতে ফিফা জানিয়ে দিয়েছে, ৩০ আগস্টের মধ্যে নতুন সংবিধান চূড়ান্ত করে কার্যকর করতে হবে। অন্যথায় ফিফা শাস্তি দেবে। একটি কড়া ভাষার চিঠিতে ফিফা এআইএফএফ-কে মনে করিয়ে দিয়েছে, তাদের অবশ্যই স্বাধীনভাবে সংস্থার কার্যক্রম চালাতে হবে এবং কোনোভাবেই সরকারের মতো বাহ্যিক বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। আগামীকাল ২৮ আগস্ট ভারতের সুপ্রিম কোর্টে শুনানি হবে। ফিফা চায়, সেদিনই আদালত এআইএফএফের সংবিধান অনুমোদন করুক। পাশাপাশি সংবিধানকে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর গঠনতন্ত্র ও বিধির সঙ্গে মিল রেখে সাজাতে বলা হয়েছে। ফিফার চিঠিতে আরও বলা হয়েছে, ‘দীর্ঘসূত্রিতা একটি শাসন ও পরিচালন সংকট তৈরি করেছে। দেশীয় প্রতিযোগিতার ক্যালেন্ডার নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে; ২০২৫ সালের ডিসেম্বরের পর বাণিজ্যিক অংশীদারিত্ব নিশ্চিত হয়নি; আর উন্নয়ন, প্রতিযোগিতা ও বিপণনসংক্রান্ত কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে, যা ভারতীয় ফুটবলের পরিবেশকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলা ফুটবলাররা, যারা এআইএফএফের অধীনে থাকা ক্লাবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ। ’ এআইএফএফ ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)-এর মধ্যে অচলাবস্থার কারণে ২০২৫-২৬ মৌসুমের ইন্ডিয়ান সুপার লিগের সূচি চূড়ান্ত করা যায়নি। এ কারণেই উভয় পক্ষকে বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিফা তার চিঠিতে স্পষ্ট করেছে, সংবিধান চূড়ান্ত না হলে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না সরালে কঠোর শাস্তি দেওয়া হবে। তারা লিখেছে, ‘এই শর্ত মানতে ব্যর্থ হলে ফিফা ও এএফসি-র গঠনতন্ত্রে উল্লেখিত শাস্তি কার্যকর হতে পারে, যার মধ্যে স্থগিতাদেশ অন্যতম। এমনকি যদি সংস্থা সরাসরি দায়ী না-ও হয়, তৃতীয় পক্ষের প্রভাব থাকলে সদস্যসংস্থা শাস্তি পেতে পারে। এআইএফএফ স্থগিত হলে ফিফা ও এএফসি সদস্য হিসেবে তার সব অধিকার হারাবে। ’ ফিফা আরও জানিয়েছে, খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো (FIFPRO) থেকে পাওয়া রিপোর্টে বলা হয়েছে, আর্থিক অস্থিতিশীলতার কারণে বিভিন্ন ক্লাব একতরফাভাবে খেলোয়াড়দের চাকরিচুক্তি বাতিল করছে। এর ফলে খেলোয়াড়দের জীবন-জীবিকা ও ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে।
ঢাকায় পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল দীর্ঘ এক দশকের বেশি সময় পর আবারও বাংলাদেশে পা রেখেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। আজ সকালে ঢাকায় পৌঁছায় ডাচরা, সেখান থেকে দুপুরেই রওনা হয় সিলেটের উদ্দেশ্যে। এবারের সফরে তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এল নেদারল্যান্ডস। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে তারা এসেছিল। তবে তখন সেটি ছিল বহুজাতিক টুর্নামেন্ট। এবারই প্রথম পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এল ডাচরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার ৩১ আগস্ট শুরু হবে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। আসন্ন সিরিজের জন্য স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে বাদ পড়েছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং, তরুণ পেসার সেবাস্টিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট, টিম প্রিঙ্গেল।
বাবরকে এশিয়া কাপে না নেওয়ায় হতাশ ওয়াসিম আকরাম

বাবরকে এশিয়া কাপে না নেওয়ায় হতাশ ওয়াসিম আকরাম এশিয়া কাপ ২০২৫ শুরু হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর, আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই পাকিস্তান তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে ঘোষিত দলে নেই দেশের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রহের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, তাকে বাদ পড়তে হয়েছে ডিসেম্বর ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর থেকেই টি-টোয়েন্টি দল থেকে উপেক্ষিত হয়ে আসছেন তিনি। তার ধারাবাহিক অবহেলা এবারও অব্যাহত থাকল, যা নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বাবরের স্কোয়াডে অনুপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে ওয়াসিম আকরাম বলেন,’ব্যক্তিগতভাবে আমি চাইতাম বাবর আজমকে দলে দেখতে। তবে যেহেতু তাকে রাখা হয়নি, এখন স্কোয়াডে থাকা তরুণ খেলোয়াড়দেরকেই দায়িত্ব নিতে হবে নিজেদের প্রমাণ করার।’ আকরাম আরও যোগ করেন,’এই এশিয়া কাপ হবে ক্রিকেটপ্রেমীদের জন্য এক দুর্দান্ত উৎসব। আমি আশা করি, ভারত ও পাকিস্তান আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হবে। অনেক দিন হয়ে গেছে এটা হলে ক্রিকেটবিশ্বের জন্য দারুণ একটি আয়োজন হবে।’” বাবরের বাদ পড়া নিয়ে পাকিস্তানি ভক্তদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের অন্যতম ধারাবাহিক ব্যাটারকে বাদ দিয়ে কি সত্যিই দল গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব? উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে দুবাইয়ে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শিবিরে রয়েছে। এই সিরিজ শুরু হবে ২৯ আগস্ট এবং চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপরই শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড : সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
এশিয়ান কাপের আগে বড় প্রস্তুতিতে বাংলাদেশ নারী দল

এশিয়ান কাপের আগে বড় প্রস্তুতিতে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য এশিয়ার সেরা প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যেই বিস্তৃত প্রস্তুতি পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই পরিকল্পনার অংশ হিসেবে অক্টোবরের নারী ফিফা উইন্ডোতে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবে ঋতুপর্ণা চাকমারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ অক্টোবর। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আজ ফেডারেশন ভবনে সাংবাদিকদের জানান, থাইল্যান্ড সফর নিশ্চিত হয়েছে এবং নভেম্বর উইন্ডোতেও দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। এ জন্য ভিয়েতনামসহ কয়েকটি দেশের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করা হয়েছে। অক্টোবরের ম্যাচ শেষে বাংলাদেশ দল যাবে জাপানে। সেখানে প্রায় তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প হবে। যদিও জাপানে কোনো প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই, তবে শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য এ ক্যাম্পকে গুরুত্বপূর্ণ মনে করছেন কিরণ। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া কিংবা নিউজিল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও রয়েছে। এই অনুশীলন ও প্রীতি ম্যাচের পরিকল্পনায় সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দেরও রাখা হবে। বর্তমানে বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র্যাংকিংয়ে ১০৩ নম্বরে অবস্থান করছে। সর্বশেষ র্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করা দল হিসেবে ফিফার বিশেষ আলোচনায়ও এসেছে তারা। তবে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে এখনও ব্যক্তিগত যোগাযোগের ওপর নির্ভর করতে হচ্ছে বলে জানান কিরণ। তার ভাষায়, অনেক দেশের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, সেখান থেকেই আলোচনা এগিয়ে নিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। এশিয়ান কাপের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তবে কোচ পিটার আসতে দেরি করায় ক্যাম্প কিছুটা পিছিয়েছে। এখন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অস্ট্রেলিয়া মিশনের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ক্যাম্পের ভেন্যু হতে পারে বসুন্ধরা কিংসের মাঠ বা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বাজেট নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন কিরণ, কারণ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ বিষয়ে আশ্বস্ত করেছেন। অন্যদিকে দেশের নারী ফুটবল লিগ শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। ইতোমধ্যে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কিরণ আরও জানিয়েছেন, একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নারী দল গঠনে আগ্রহ প্রকাশ করেছে, সেটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে এতসব পরিকল্পনার মাঝেও একটি বড় ঘাটতি রয়ে গেছে। প্রায় দশ মাস হতে চলল বর্তমান বাফুফে কমিটি দায়িত্ব নেওয়ার পরও এখনো নারী ফুটবল কমিটি পূর্ণাঙ্গ হয়নি। ফলে পুরো দায়িত্ব সামলাচ্ছেন একাই মাহফুজা আক্তার কিরণ। গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সামনে নিয়মিত ব্রিফিং দিলেও, সবাই অপেক্ষায় আছেন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য।
নেদারল্যান্ডস সিরিজের টিকিটের মূল্য প্রকাশ বিসিবির

নেদারল্যান্ডস সিরিজের টিকিটের মূল্য প্রকাশ বিসিবির এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যের টিকিট কিনে দর্শকরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। বিসিবি জানিয়েছে, টিকিট কেনা যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং বিসিবি টিকিট অ্যাপ থেকে।