বিশ্বকাপের আগে উরুগুয়ে ও জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড

বিশ্বকাপের আগে উরুগুয়ে ও জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে ও এশিয়ার পরাশক্তি জাপানকে। গ্তকাল বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ৬০ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে প্রস্তুতি জোরদার করছে টমাস টুখেলের দল। সেই পথেই আগামী ২৭ মার্চ ওয়েম্বলিতে উরুগুয়েকে আতিথ্য দেবে ইংল্যান্ড। চার দিন পর একই ভেন্যুতে জাপানের বিপক্ষেও মাঠে নামবে থ্রি লায়ন্স। বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়ে প্রথম ইউরোপীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে উরুগুয়ে রয়েছে ১৬তম অবস্থানে, জাপান ১৮তম। ফলে দুই ম্যাচই যে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা সহজেই অনুমেয়। দুই দলই এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। মে মাসে টুখেল তার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। ফলে ওয়েম্বলির এই দুটি ম্যাচই খেলোয়াড়দের সামনে ঘরের মাঠে নিজেদের প্রমাণের শেষ সুযোগ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে ইংল্যান্ডের। ২০২৬ বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড। তাদের সঙ্গী ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা—যা টুখেল ও তার দলের জন্য কঠিন চ্যালেঞ্জই বয়ে আনবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার মিশনে অজিদের নেতৃত্ব দেবেন ভিক্টোরিয়ার ব্যাটার অলিভার পিক। পিক যুব দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও। ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে টেস্ট স্কোয়াডের সঙ্গে শ্রীলঙ্কা সফরও করেছেন তিনি। ২০২৪ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন পিক। বিশ্বকাপের জন্য ঘোষিত দলে রয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন নাডেন কুরে, নিথেশ স্যামুয়েল এবং উইলিয়াম টেইলর। বিশ্বকাপে দলটি অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ টিম নিলসেনের অধীনে। সহকারী হিসেবে থাকবেন লুক বাটারওর্থ এবং ট্রাভিস ডিন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল : অলিভার পিক (অধিনায়ক), কেইসি বার্টন, নাডেন কুরে, জেডেন ড্রেপার, বেন গর্ডন, স্টিভেন হোগান, থমাস হোগান, জন জেমস, চার্লস লাখমুন্ড, উইল মালাইচজুক, নিথেশ স্যামুয়েল, হেইডেন শিলার, আরিয়ান শর্মা, উইলিয়াম টেইলর, অ্যালেক্স লি ইয়ং।

রিয়ালের তিন ফুটবলার ২ ম্যাচ নিষিদ্ধ

রিয়ালের তিন ফুটবলার ২ ম্যাচ নিষিদ্ধ স্প্যানিশ লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে লাল কার্ড দেখেন রিয়ালের তিন খেলোয়াড়। এর মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই ডিফেন্ডার ফ্রান গার্সিয়া ও আলভারো ক্যারেরাস। অন্যদিকে শেষ বাঁশি বাজার পর বেঞ্চ থেকে লাল কার্ড দেখেন এনদ্রিক। লা লিগার শৃঙ্খলা কমিটি গতকাল তিন খেলোয়াড়কে দুই ম্যাচ করে নিষিদ্ধ করে। তবে কারভাহালের শাস্তি পাওয়া বেশ অদ্ভূত। সেলতা বিপক্ষে ম্যাচে স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে ‘রেফারির ওপর চড়াও হওয়ায়’ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। রিয়ালকে ওই রাতে অনেকটা সময় ১০ জন ও শেষের কিছু সময় ৯ জন নিয়ে খেলতে হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ফ্রান গার্সিয়া। সেলতার বিপক্ষে ম্যাচে পরপর দুই মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন তিনি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আলভারো কারেরাস। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। রেফারিকে এই ডিফেন্ডার বলেছিলেন, ‘আপনি খুব বাজে। চলতি বছর লা লিগায় আর খেলা হচ্ছে না তার। একই ম্যাচে উত্তপ্ত পরিস্থিতিতে লাল কার্ড দেখেছিলেন বেঞ্চে থাকা এন্দ্রিকও। বেঞ্চ থেকে উঠে অনেকটা দূর গিয়ে ম্যাচের চতুর্থ অফিসিয়ালকে লক্ষ্য করে চিৎকার করেছিলেন তিনি। পরে তাকে থামান কোচিং স্টাফরা। এজন্য দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি। স্প্যানিশ ফুটবলের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। চ্যাম্পিয়নস লিগ বা অন্য কোনো প্রতিযোগিতার জন্য নয়। লা লিগায় ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে শিরোপাধারী বার্সেলোনা। লা লিগায় আগামী রবিবার আলাভেসের মাঠে নামবে রিয়াল। এই ম্যাচে এনদ্রিক, ক্যারেরাস, ফ্রান গার্সিয়া ও কারবাহালকে পাবেন না কোচ জাবি আলোনসো। গার্সিয়া লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। বাকি তিন খেলোয়াড়কে আলাভেস ম্যাচের পাশাপাশি ২১ ডিসেম্বর সেভিয়ার বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হবে। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল।

‘এ+’ গ্রেড হারাতে পারেন কোহলি-রোহিত

‘এ+’ গ্রেড হারাতে পারেন কোহলি-রোহিত আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য সুখবরের পাশাপাশি রয়েছে কিছু চাঞ্চল্যকর দুঃসংবাদ। ৩৭ বছর বয়সী কোহলি দুই নম্বরে এবং ৩৮ বছর বয়সী রোহিত শর্মা শীর্ষে থাকা এই দুই অভিজ্ঞ ব্যাটার এখনও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন, তবে তাদের বেতন কমানোর সম্ভাবনা রয়েছে। ভারতের দলে শুধু ওয়ানডেতে খেলছেন এই দুই সিনিয়র ক্রিকেটার। ২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে তারা ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়-পরবর্তী অবসরের কারণে এবং এবার টেস্ট থেকে বিদায় নেয়ার পর সম্ভাবনা রয়েছে তাদের গ্রেড একটি ধাপ নেমে ‘এ’ ক্যাটাগরিতে চলে যাবে। এতে তাদের বার্ষিক বেতন বর্তমান ৭ কোটি রুপি থেকে কমে প্রায় ২ কোটি রুপি কমতে পারে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া বিসিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সভায় বেতন কাঠামার পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বেতন সংস্কার এবং বোর্ডের ডিজিটাল প্ল্যাটফর্মের হালনাগাদ বিষয়গুলোও আলোচনা হবে। বর্তমান সময়ে রোহিত-কোহলির পরে ভারতের ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে উঠে আসছেন শুভমান গিল। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাও এ+ ক্যাটাগরিতে থাকবেন। গিল পূর্বে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত হায়দার আলী, পেলেন বিপিএল খেলার ছাড়পত্র

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত হায়দার আলী, পেলেন বিপিএল খেলার ছাড়পত্র পাকিস্তান ক্রিকেটার হায়দার আলী ইংল্যান্ডের ম্যানচেস্টারে দায়ের হওয়া ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, হায়দারসহ ১০ ক্রিকেটারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। এতে পাকিস্তানি ক্রিকেটাররা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে অংশ নিতে পারবেন। ২৫ বছর বয়সী হায়দার আলী গত সেপ্টেম্বরে একটি ধর্ষণ মামলায় অভিযোগের মুখে পড়েন। অভিযোগ ওঠার পরই পিসিবি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ২৫ সেপ্টেম্বর মামলাটি বন্ধ করে দেয়। ফলে হায়দারের বিরুদ্ধে অভিযোগের আর কোনো আইনি ভিত্তি থাকেনি। দীর্ঘ বিরতির পর এবার তিনি ফিরছেন মাঠে। বিপিএলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস নিলামে ২৫ হাজার ডলারে দলে ভিড়িয়েছে পাকিস্তানের এই ব্যাটারকে। এছাড়া এনওসি পাওয়া খেলোয়াড়দের তালিকায় আরো আছেন মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হোসাইন তালাত, খাজা নাফে ও এহসানুল্লাহ।

এক রাতে দুই রেকর্ড হারালেন এমবাপ্পে!

এক রাতে দুই রেকর্ড হারালেন এমবাপ্পে! চ্যাম্পিয়নস লিগে এক রাতে কিলিয়ান এমবাপ্পের দুই রেকর্ড ভাঙলেন দুই উদীয়মান তারকা। যার একটি ভেঙেছেন বার্সেলোনার লামিন ইয়ামাল, অপরটি ভেঙেছেন বায়ার্ন মিউনিখের কিশোর প্রতিভা লেনার্ট কার। স্পোর্টিং লিসবনের বিপক্ষে বায়ার্নের ৩-১ গোলের জয়ে নায়ক ছিলেন লেনার্ট কার। হ্যারি কেইন থাকলেও সবচেয়ে বড় গোলভরসার নাম হয়ে ওঠেন এই কিশোর ফরোয়ার্ড। তার গোলেই প্রথমবার এগিয়ে যায় বায়ার্ন। আর সেই গোলেই লেনার্ট গড়লেন অনন্য এক রেকর্ড—চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোলের কীর্তি। বয়স মাত্র ১৭ বছর ২৯০ দিন। এতদিন এটি ছিল এমবাপ্পের দখলে, যিনি মোনাকো জার্সিতে ১৮ বছর ১১৩ দিন বয়সে করেছিলেন এই কীর্তি। বার্সেলোনার ইয়ামালও বসে থাকলেন না। আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে গোল না করলেও জুলস কুন্দেকে দিয়ে করানো গোলেই ইতিহাস লিখলেন তিনি। ১৮ বা তার কম বয়সীদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড এখন তার। এমবাপ্পের ১৩ গোলে অবদানের রেকর্ড টপকে ইয়ামালের সংগ্রহ এখন ১৪—সাত গোল, সাত অ্যাসিস্ট। যদিও ম্যাচ শেষে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা শুনতে হয়েছে, তবু রেকর্ডে রাতটি রঙিন করতে পেরেছেন এই তারকা।

‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য’-রোহিতকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি

‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য’-রোহিতকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, এই দু’জনকে দল থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তা একেবারেই অযৌক্তিক, কারণ তারা এখনো ভারতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। টেলিকম এশিয়া স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘বিরাট ও রোহিত ভারতের ব্যাটিংয়ের মূল শক্তি। সাম্প্রতিক ওডিআই সিরিজে তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সহজেই তারা দলকে টেনে নিতে পারবেন। তিনি আরো যোগ করেন, বড় সিরিজগুলোতে এই দুই তারকাকে নিয়মিত খেলানো উচিত। ‘তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। দুর্বল দলের বিপক্ষে খেললে নতুনদের সুযোগ দিন, আর রোহিত-কোহলিকে বিশ্রাম দিন,’- বলেন আফ্রিদি। গৌতম গম্ভীরকে উদ্দেশ করে আফ্রিদির কটাক্ষও ছিল তীর্যক। ‘গম্ভীর শুরুতে মনে করেছিলেন, তার ভাবনাই সবকিছু। কিন্তু পরে প্রমাণ হয়েছে, সবসময় তুমি ঠিক নও,’ মন্তব্য করেন তিনি। রোহিত শর্মা তার ওডিআই ছক্কার রেকর্ড ভাঙায় আফ্রিদি আনন্দও প্রকাশ করেন। ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি। আমি রোহিতকে সবসময়ই পছন্দ করেছি, তার হাতে আমার রেকর্ড ভাঙা দেখে ভালো লাগছে,’- বলেন তিনি। রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে রোহিত আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড পেরিয়ে ৩৫৫ ছক্কায় পৌঁছান। আফ্রিদি স্মরণ করেন ২০০৮ সালের আইপিএলে ডেকান চার্জার্সে রোহিতের সঙ্গে তার সময়ও। ‘অনুশীলনে তাকে দেখে বুঝেছিলাম, এই ছেলেটা একদিন ভারতের বড় তারকা হবে। সে এখন বিশ্বমানের ব্যাটার,’ যোগ করেন তিনি।

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব আইপিএল-২০২৬ এর মিনি নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা পাওয়া ৩৫০ ক্রিকেটারের মধ্যে আছেন ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি তারকা। যাদের মধ্যে আছেন কুইন্টন ডি কক ও স্টিভ স্মিথের মতো বিশ্বসেরা ক্রিকেটাররাও। আসন্ন মৌসুমের ১০ ফ্র্যাঞ্চাইজির জন্য মোট শূন্যপদ ৭৭টি। আর সেই আসনগুলোর দখল নিতে হবে এই তারকাদেরই। অবশ্য ৩৫০ জনের চূড়ান্ত তালিকায় নেই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে রয়েছেন আরও ৭ বাংলাদেশি। তার মধ্যে ২ কোটি রূপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মো. শরীফুল ইসলাম আছেন ৭৫ লাখ রূপি ভিত্তমূল্যের তালিকায়। আর ৩০ লাখ রূপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন রাকিবুল হাসান। এবারের নিলামের জন্য শুরুতে নিবন্ধন করেছিলেন ১,৩৯০ জন ক্রিকেটার। সেখান থেকে বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপে তালিকা নামানো হয় ১,০০৫ জনে। শেষ পর্যন্ত কঠোর বাছাই প্রক্রিয়া শেষে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। যারা লড়বেন বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের ১৯তম আসরের জন্য। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক প্রথমে নিবন্ধন না করলেও পরে যুক্ত হয়েছেন তালিকায়। সদ্য ওয়ানডে থেকে অবসর ভেঙে ফিরেছেন তিনি। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি। অন্যদিকে, অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ, যিনি শেষ আইপিএল খেলেছিলেন ২০২১ সালে, তিনিও তালিকায় স্থান পেয়েছেন ২ কোটি রুপি ভিত্তিমূল্যে। ভারতের দুই তরুণ প্রতিভা পৃথ্বী শ ও সারফরাজ খান নিলামের প্রথম সেটেই আছেন। দু’জনেই নিজের ভিত্তিমূল্য রেখেছেন ৭৫ লাখ রুপি। আইপিএলের প্রকাশিত তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক, নিউ জিল্যান্ড ও চেন্নাই সুপার কিংসের সাবেক ওপেনার ডেভন কনওয়ে, আর দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার। এদের প্রত্যেকের ভিত্তিমূল্যই ২ কোটি রুপি।

মোস্তাফিজের ফের ২ উইকেট, এবার জিতল দল

মোস্তাফিজের ফের ২ উইকেট, এবার জিতল দল দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক জয়ে রাঙাতে পারেননি মোস্তাফিজুর রহমান। বল হাতে নিজে ২ উইকেট নিলেও দুবাই ক‌্যাপিটালস জিততে পারেনি। তবে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি বাংলাদেশের পেসারের।  নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ম‌্যাচে বড় জয় পেয়েছে তারা। রোববার আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব‌্যবধানে হারিয়েছে মোস্তাফিজুর রহমানদের দুবাই ক‌্যাপিটালস। আগে ব‌্যাটিং করে দুবাই ৪ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে আবুধাবি নাইট রাইডার্স গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে। আসরের প্রথম জয়ের সঙ্গে কিছু রান রেটও বাড়িয়ে নিতে পেরেছে দুবাই। যা সম্ভব হয়েছে মোস্তাফিজদের দারুণ বোলিংয়ে। বাঁহাতি পেসার জয় পাওয়া ম‌্যাচেও পেয়েছেন ২ উইকেট। ৩ ওভারে ২২ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। পাওয়ার প্লে’তে দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে উন্মুক্ত চাঁদকে ফেরান মোস্তাফিজ। এরপর আক্রমণাত্মক ব‌্যাটসম‌্যান ফিল সল্টের উইকেট নেন। সল্টের ব‌্যাটেই দুই চার ও এক ছক্কা হজম করেন তিনি। পরে প্রতিশোধ নিয়ে শেষ হাসিটা তিনিই হাসেন।  দুবাইয়ের সেরা বোলার ছিলেন ওয়াকার সালামখেইল। ৩.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন। তবে তাদের জয়ের নায়ক রোভমান পাওয়েল। প্রথম ইনিংসে তার ঝড়ো ব‌্যাটিংয়েই দল জিতেছে। ৫২ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের এই হার্ডহিটার। ৮ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া জর্ডান কক্স ৩৬ বলে ৫২ রান করেন।

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব ঘোষণা দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে তিনি এখনও কোনো ফরম‌্যাট থেকে অবসর নেননি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার কথা বলেছিলেন তিনি। দেশে ফিরে আবার দেশের বাইরে যাওয়ার শর্ত দিয়েছিলেন সাকিব। কিন্তু নীতিনির্ধারকদের থেকে সাড়া পাননি। ‘হুমকি’ থাকায় তাকে নিয়ে ঝুঁকিও নেননি তারা। কানপুরে সাকিব টি-টোয়েন্টি থেকে সরে যাওয়ার এবং ভবিষ‌্যতে প্রয়োজন হলে ফেরার কথা বলেছিলেন। ২০২৫ সালে চ‌্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ছাড়ার ইচ্ছা ছিল তার। সেটাও হয়নি। আর টেস্টেও সুযোগ হয়নি। ফলে মাঠ থেকে অবসর নেওয়ার বাসনা পূরণ হয়নি বিশ্বের অন‌্যতম সেরা অলরাউন্ডার সাকিবের। তবে এখনও সেই ইচ্ছাটা পুষে রেখেছেন তিনি। । রোববার প্রকাশিত ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্ট-এ নিজের ইচ্ছা কথা বলেছেন বাঁহাতি অলরাউন্ডার, “আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর নেইনি আমি। এই প্রথম এটি প্রকাশ করছি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া।” “আমি বলতে চাই, একটি সিরিজে সব সংস্করণ থেকে অবসর নিতে পারি। এটি টি-টোয়েন্টি দিয়ে শুরু করে ওয়ানডে ও টেস্ট, অথবা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-এভাবে হতে পারে। এর যেভাবেই হোক, আমি খুশি; কিন্তু আমি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। এটাই আমি চাই।” – যোগ করেন তিনি।