১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে মোস্তাফিজ

১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে মোস্তাফিজ ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড-এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ মৌসুমের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। লন্ডনে অনুষ্ঠিত নিলামে ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স। টি-টোয়েন্টি স্বীকৃত ১০০ বলের এই ফরম্যাটের টুর্নামেন্টে এবারই প্রথম খেলতে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার। দ্য হানড্রেডের এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার ছিলেন—মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়।
১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে

১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে আইসিসির বৈশ্বিক ইভেন্টে দাপট চলছে ভারতের। গেল দু’বছরে তিনটি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। তবু সন্তুষ্ট নন দেশটির ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আগেই পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছিলেন তারা! ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন পেসার আর্শদীপ সিং। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ভারতীয় দল। প্রথম দেশ হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। প্রথম দেশ হিসেবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। প্রথম দেশ হিসেবে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। একের পর এক ট্রফি ভারতীয় দলের সাফল্যের তাড়না যেন আরও বাড়িয়ে দিয়েছে। দলের পরবর্তী লক্ষ্য নিয়ে আর্শদীপ বলেছেন, ‘২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমি, হার্দিক ভাই (পাণ্ডিয়া) এবং দলের কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম, পরের ১০ বছরে অন্তত পাঁচটা আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে। এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারলে এই লক্ষ্য অর্জন করা কঠিন নয়। ঠিকমতো পারফর্ম করতে পারলে সাফল্য আসবেই। তাই আমরা একটি পদ্ধতি মেনে চলার চেষ্টা করছি। নিজেদের পারম্যান্স আরও ভালো করার চেষ্টা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পেস বোলিংয়ের ক্ষেত্রে মূলত তার এবং জসপ্রীত বুমরাহের ওপর ভরসা রেখেছিল ভারত। বুমরাহর সঙ্গে জুটিতে বল করার অভিজ্ঞতা কেমন? আর্শদীপ বলেছেন, ‘‘বুমরাহ ভাইয়ের সঙ্গে বল করতে খুব ভালো লাগে। মজা হয়। ওর কাছে ক্রিকেট ব্যাপারটা খুব সহজ। দেখলে মনে হয় কম্পিউটারে ক্রিকেট খেলছে! অসাধারণ পদ্ধতি অনুসরণ করে বুমরাহ ভাই। অসম্ভব পরিশ্রম করতে পারে। আমাদের সকলকেও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করে।
বড় সংগ্রহের পথে পাকিস্তান

বড় সংগ্রহের পথে পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তায় পায়নি পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু পায় তারা। ব্যাটিংয়ে নেমে ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন ওপেনার মাজ সাদাকাত। তবে এরপর হঠাৎ ছন্দ পতন হয় পাকিস্তানের। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ব্যাটে বড় সংগ্রহের পথেই আছে সফরকারীরা। শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত। অন্যদিকে তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাদাকাত। সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন তিনি। তবে দলীয় ১০৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তানকে। ৪৬ বলে ৭৫ রান করে মিরাজের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন সাদাকাত। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় পাকিস্তান। শাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। তার বিদায়ের পর পরই শামিল হুসাইন ২২ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান সালমান আগাকে সঙ্গে নিয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ বলে ফিফটি তুলে নেন সালমান। আর তাকে ভালো সঙ্গ দিচ্ছেন রিজওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী

ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দেশের পক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ সালের বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচ খেলার কথা ছিল। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল তাদের। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হওয়ার কথা ছিল ইরানের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও জানা গেছে। এদিকে এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন যে ইরানকে এই গ্রীষ্মের বিশ্বকাপে অংশ নিতে ‘স্বাগত জানানো হবে’। তবে মঙ্গলবার আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ কোনোভাবেই নেই। তিনি আরো বলেন, ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয় এবং অংশগ্রহণের মতো পরিস্থিতিও নেই। গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো সম্ভাবনাই নেই।’
নিষ্প্রভ মেসি, ড্র করল মায়ামি

নিষ্প্রভ মেসি, ড্র করল মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিল এসসির মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। এ ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছিলেন নিষ্প্রভ। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মেসির মায়ামি, তবে আক্রমণে তুলনামূলক বেশি দাপট দেখিয়েছে স্বাগতিক ন্যাশভিল। মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রেখে মোট পাঁচটি শট নেয়, যার মাত্র একটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ন্যাশভিল ১১টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের ৫৫ মিনিটে মেসি বাঁ দিক দিয়ে দৌড়ে এসে একটি জোরালো শট নেন। তবে দারুণ দক্ষতায় সেটি রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক। এটাই ছিল ম্যাচে মেসির একমাত্র লক্ষ্যে রাখা শট। ৬৫ মিনিটে গোলের সবচেয়ে ভালো সুযোগ পায় ন্যাশভিল। কর্নার থেকে আসা বলে রিড বেকার-হোয়াইটিং হেড নিলেও বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে শেষ পর্যন্ত গোলশূন্যই থাকে ম্যাচের ফল। ন্যাশভিলের বিপক্ষে এর আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। ২০২৪ সালের এপ্রিল থেকে এই প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন তিনি। সেই সময় ১২ গোলের পাশাপাশি পাঁচটি সহায়তাও করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবার গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে মায়ামিকে। কোয়ার্টার ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় লেগে। সেই ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেবে মেসির মায়ামি।
সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম

সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চান। বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াই করার কথা ছিল তামিমের। তবে সে সময় সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশও নির্বাচন বর্জন করে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে সেই সিদ্ধান্ত বদলে আবার জাতীয় দলে ফিরে একটি ওয়ানডে ম্যাচও খেলেন। কিন্তু নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা না গেলেও ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন এই তারকা ব্যাটার। সম্প্রতি ‘সামিরস্কেন’ নামের একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে, অবশ্যই।’ নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেন বলেও জানান তিনি। তামিম বলেন, ‘আমি মনে করি, আমার সামর্থ্য আছে। ক্রিকেটিং সার্কেলে আমার কাজ সম্পর্কে অনেকেরই ধারণা আছে।’ অভিজ্ঞতার চেয়ে সৎ উদ্দেশ্যকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। তার ভাষায়, ‘অভিজ্ঞতা, বয়স—এসবের ওপরে সবচেয়ে জরুরি বিষয় হলো ইচ্ছা ও উদ্দেশ্য। অনেক অভিজ্ঞ মানুষ তো দীর্ঘদিন বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে যারা ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন অভিজ্ঞদের ওপর বিশ্বাস করেছেন, একবার আমাদের মতো অনভিজ্ঞদের ওপরও বিশ্বাস করে দেখতে পারেন।’
পেনাল্টি মিস করে সমালোচনার মুখে ভিনিসিয়ুস

পেনাল্টি মিস করে সমালোচনার মুখে ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের বড় জয়ের রাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি মিস করার কারণে ম্যাচ শেষে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ফরোয়ার্ডকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি পেলে স্পট কিক নিতে এগিয়ে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এই পেনাল্টি মিসের পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল উইঙ্গার স্টিভ ম্যাকম্যানামান ভিনিসিয়ুসের পেনাল্টি নেওয়ার কৌশল নিয়ে কড়া মন্তব্য করেন। ম্যাকম্যানামান বলেন, “আমি এ ধরনের পেনাল্টি পছন্দ করি না। যদি ‘পানেনকা’ স্টাইলে নেন, তাহলে গোল করতেই হবে। কারণ জোরে মারলে গোলরক্ষক ঠেকাতে পারে। এভাবে শট নেওয়ার মানে হলো একটু দেখানো। এটা খুবই বাজে পেনাল্টি ছিল। ম্যাচ যদি তখন ০-০ থাকত, সে কখনোই এমনভাবে পেনাল্টি নিত না ‘যদিও পেনাল্টি মিস করেছেন ভিনিসিয়ুস, তবু ম্যাচের সামগ্রিক চিত্র ছিল রিয়াল মাদ্রিদের দাপট। ভালভার্দের হ্যাটট্রিকে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছে স্পেনের এই ক্লাবটি।
পাকিস্তানকে ৮ উইকেটে হেসেখেলে হারাল বাংলাদেশ

পাকিস্তানকে ৮ উইকেটে হেসেখেলে হারাল বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ১১৪ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ২০৯ বল হাতে রেখেই জয় পেছেছে টাইগাররা। আজ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মাত্র ৩০ ওভার ৪ বলে ১১৪ রানেই গুটিয়ে যায় দলটি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা সাত ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। এ ছাড়া মিরাজ পেয়েছেন তিন উইকেট। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান পেয়েছেন একটি করে উইকেট।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি ঘিরে দুই দলের মধ্যেই রয়েছে বাড়তি উত্তেজনা। ঘরের মাঠে সিরিজ শুরু হওয়ায় ভালো শুরু করতে মরিয়া বাংলাদেশ দল। অন্যদিকে সফরকারী পাকিস্তানও চায় প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে। প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে পারলে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। তিন ম্যাচের সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন

অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে দুই ভিন্ন ম্যাচে একই রকম গল্প দেখা গেল। একদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ ক্লাবকে বিধ্বস্ত করেছে অ্যাতলেতিকো, অন্যদিকে ইতালিয়ান প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে টটেনহামকে ৫-২ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। ম্যাচের শুরুতেই গোলরক্ষক আন্তোনিন কিনস্কির একের পর এক ভুলে বিপর্যয়ে পড়ে টটেনহাম। প্রথম ১৫ মিনিটেই তিন গোল হজম করে বসে দলটি। ৬ মিনিটে কিনস্কির ভুল থেকে বল পেয়ে যান হুলিয়ান আলভারেজ, তার পাস থেকে গোল করেন মার্কোস লরেন্তে। এরপর ১৪ মিনিটে ব্যবধান বাড়ান আঁতোয়ান গ্রিয়েজমান। এর এক মিনিট পর আবারও কিনস্কির ভুলে সহজ গোল পান আলভারেজ। পরিস্থিতি সামাল দিতে কিনস্কিকে তুলে মাঠে নামানো হয় গুলিয়েলমো ভিকারিওকে। কিন্তু কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৪–০ করেন রবিন লে নরমান্ড। পরে পেদ্রো একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। শেষদিকে ডমিনিক সোলান্কে গোল করে ব্যবধান কমান। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল অ্যাতলেতিকো। অন্য ম্যাচে ইতালির আতালান্তার মাঠে গোল উৎসব করেছে বায়ার্ন। আতালান্তাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মান জায়ান্টরা। এই জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মাইকেল ওলিসে। দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। এ ছাড়া গোল করেন জসিপ স্ট্যানিসিস, সের্জ গানাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা। শেষদিকে মারিও প্যাসিালিক একটি সান্ত্বনার গোল করলেও তাতে বড় পরাজয় এড়াতে পারেনি আতালান্তা। প্রথম লেগের এমন বড় জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখও।