নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। তবে দেশে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। গতকাল আইসিসি নতুন করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী ৩ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ হবে ২০ অক্টোবর। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩-১৫ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। সূচিতে পরিবর্তন আসলেও গ্রুপে কোনো পরিবর্তন আনা হয়নি। যথারীতি ‘এ’ গ্রুপে আছে— অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে আছে— বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।দুই গ্রুপের প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে দুটি করে সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। বিশ্বকাপ শুরুর আগে দলগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

সাকিবকে আইসিসির শাস্তি, কাটা হলো বাংলাদেশ দলের পয়েন্টও

সাকিবকে আইসিসির শাস্তি, কাটা হলো বাংলাদেশ দলের পয়েন্টও রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে পাকিস্তান। সেই আনন্দের মাঝেই এলো দুঃসংবাদ। আইসিসির নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। কাটা হয়েছে বাংলাদেশ দলের পয়েন্টও। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে বোলিং করছিলেন সাকিব। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাকিব বল করতে যাওয়ার সময় শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান। এ সময় সাকিব বল ছুঁড়ে মারেন ব্যাটিং প্রান্তে। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি, উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে বল জমা পড়ে। সাকিবের এমন আচরণ নিয়ে সমালোচনা হচ্ছিল। এর মধ্যে আইসিসির শাস্তি পেলেন সাকিব। আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশি অলরাউন্ডারকে, সেইসঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাকিব নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এদিকে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে টাইগাররা। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে শান মাসুদের দল। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ

সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে অপরাধ মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

ফারুক ও ফাহিমের বৈধতা নিশ্চিত করলো ক্রীড়া মন্ত্রণালয়

  ফারুক ও ফাহিমের বৈধতা নিশ্চিত করলো ক্রীড়া মন্ত্রণালয় নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এ ছাড়াও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তবে ফারুক ও ফাহিমের নিয়োগের বৈধতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কারণ, নিয়ম অনুসারে বিসিবিতে প্রভাবে খাটাতে পারবে না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা পেতে পারে ক্রিকেট বোর্ড। তবে আজ এক বিবৃতিতে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমের নিয়োগের বৈধতা নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিবৃতি জানানো হয়েছে, বিসিবির অপরদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতিপূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়া হয় যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ দাপুটে পারফরম্যান্সে নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে সে অনুসারে ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল, যা হয়নি। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশি যুবারা ইতোমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করেছে। দুই ম্যাচই হেরে বিদায় নিয়েছে লঙ্কানরা। আজ (মঙ্গলবার) নেপালের আনফা কমপ্লেক্সে পাসিং ফুটবল ও বল দখল সর্বত্র দাপট ছিল বাংলাদেশের। লাল-সবুজের প্রতিনিধি হয়ে ম্যাচের ১৮তম মিনিটে মিরাজুল ইসলাম এবং শেষদিকে আরেকটি গোল করেন পিয়াস আহমেদ নোভা। আরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া যায়নি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের রেশ দেখা গেল এই ম্যাচেও। দলকে লিড এনে দেওয়া গোলের পর উদযাপনে নিহত মীর মুগ্ধ ও আবু সাঈদকে স্মরণ করেন গোলদাতা মিরাজসহ সতীর্থরা।

করাচি নয়, রাওয়ালপিন্ডিতেই হবে দুই টেস্ট

করাচি নয়, রাওয়ালপিন্ডিতেই হবে দুই টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। সূচি অনুসারে আগামী ২১ আগস্ট এই মাঠেই গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে। তবে এবার ভেন্যুতে পরিবর্তন এনেছে পিসিবি। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। আর তাই শহর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। দিন তিনেক আগে পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল করাচিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কারণ স্টেডিয়ামটিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সংস্কার কাজ চলছে। তবে গতকাল এক বিবৃতি দিয়ে ভেন্যুই পরিবর্তন করে দিয়েছে পিসিবি। অবশ্য এই পরিবর্তনের কারণ হিসেবে তারা সংস্কার কাজের কথাই বলেছে। বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ভেন্যুটিতে (করাচি) চলমান সংস্কার কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করার পরে এবং অপারেশনাল ও লজিস্টিকাল বিষয়গুলো পর্যালোচনা করার পরে, রাওয়ালপিন্ডিতে দুটি টেস্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। যে কারণে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ। যে কারণে গত ১৪ আগস্ট পিসিবি জানায়, দ্বিতীয় টেস্টে দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না। এবার দুই টেস্টের জন্যই এক ভেন্যু নির্ধারণ করা হলো।

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান পদের দায়িত্বেও ছিলেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পদত্যাগপত্র পাঠিয়ে তিনি পদত্যাগের কার্যক্রম সম্পন্ন করেন। এনএসসি থেকে মনোনীত হয়ে জালাল বিসিবির পরিচালক পদে আসেন। এনএসসির নির্দেশেই তাকে পদত্যাগ করতে হয়েছে। এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মায়োর্কার মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল

মায়োর্কার মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল মৌসুমের শুরুর ম্যাচে রিয়াল মাদ্রিদকে দেখা গেল অচেনা রূপে। বিবর্ণ এই দলের বিপক্ষে নিজেদের জাত চেনাল মায়োর্কা। শুরুতে রিয়াল এগিয়ে গেলেও বাকি সময়টা আধিপত্য বজায় রাখল স্বাগতিকরা। গত মৌসুমের চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসর শুরু করল তারা। লা লিগায় গতকাল রাতে মায়োর্কার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর গোলে তারা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মায়োর্কাকে সমতায় ফেরান ভেদাত মুরিচি। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মায়োর্কা। পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। তবে বক্স থেকে নেওয়া দানি রদ্রিগেসের শট উড়ে যায়। ত্রয়োদশ মিনিটে উল্টো এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র থেকে পাওয়া বল ডান পায়ের শটে জালে পাঠান রদ্রিগো। গোল পেয়ে রিয়াল মাদ্রিদ কিছুক্ষণ দাপট দেখালেও পরে তা আর ধরে রাখতে পারেনি। বিরতির পর ছন্দ খুঁজে পায় মায়োর্কা। এরই ধারাবাহিকতায় তারা এগিয়ে যায় ৫৩তম মিনিটে। রদ্রিগেসের কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন মুরিচি। ৬১তম মিনিটে ফের এগিয়ে যেতে পারত রিয়াল। তবে বক্স থেকে নেওয়া এমবাপ্পের শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ৭০তম মিনিটে তিনি সুযোগ পান আবারও। তবে গোলরক্ষকের প্রচেষ্টায় রক্ষা পায় মায়োর্কা। শেষদিকে বড় ধাক্কা খায় রিয়াল। বাঁশি বাজার ঠিক পূর্বে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফেরলান্দ মেন্দি। লা লিগায় পরের ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে তাকে পাবে না লস ব্লাঙ্কোসরা।

আবারও বাফুফেকে জরিমানা ফিফার

আবারও বাফুফেকে জরিমানা ফিফার দ্বিতীয়বারের মতো ফিফার জরিমানার কবলে পড়তে হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। এবার মাঠে দর্শক অনুপ্রবেশের কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা হয়েছে বাফুফের। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানিয়েছেন, ‘ফিফার চিঠিটি আমরা কয়েকদিন আগেই পেয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক প্রবেশের কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। ’ গত ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় একজন দর্শক মাঠে ঢুকে গিয়েছিলেন। ৮৮তম মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। ওই দর্শক মাঠে ঢুকে অস্ট্রেলিয়ান এক খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। দর্শক উচ্ছৃঙ্খলা জরিমানা গোনা বাফুফের জন্য নতুন নয়। ২০২০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করায় ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ আগামী বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও এশিয়া অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন ছয়টি ম্যাচ রয়েছে। এর মধ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক মালয়েশিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই পেরিয়ে আসা দল। প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্সে খেলবে। ঐ রাউন্ডে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো গ্রুপ-১’এ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো গ্রুপ-২’এ খেলবে। সুপার সিক্সে দুই গ্রপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ৩১ জানুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। শেষ চারের ম্যাচগুলোতে রিজার্ভ ডে রাখা হয়েছে। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালের জন্যও রিজার্ড ডে থাকছে। ২০২৩ সালের আসরে সুপার সিক্সে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট পেয়েও রান রেটে পিছিয়ে থাকার কারনে সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। সুপার সিক্সের টেবিলের তৃতীয়স্থান পেয়েছিলো তারা।