কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রাজিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে উরুগুয়েকেও একই ব্যবধানে হারিয়েছিল তারা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল বেশি করায় শীর্ষে আর্জেন্টিনা। আজ কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইয়াগো তেওদোরো দা সিলভা নগুয়েইরা। ভেনেজুয়েলাতে শুরু হওয়া ম্যাচটির ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কর্নার থেকে উড়ে আসা বল বক্সে বাড়ান পেদ্রো। সেখান থেকে লফিয়ে নিঁখুত হেডে জাল খুঁজে নেন ইয়াগো সিলভা। ম্যাচে আরো বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি হয়েছিল সেলেসাওদের সামনে। তবে তারা কাজে লাগাতে পারেননি। ৮৭তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন ব্রাজিলের ইগোর সেলোতে। এতে অবশ্য সমস্যা হয়নি তাদের। জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। গ্রুপ পর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।

শিরোপা জিতে পুরো দলকে আইফোন উপহার ফরচুন বরিশালের

শিরোপা জিতে পুরো দলকে আইফোন উপহার ফরচুন বরিশালের চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জিতে উচ্ছ্বসিত বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রুপও। তারই নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাসে। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। খেলোয়াড়দের এই বোনাসের খবর নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরইমাঝে আইফোন ১৬ পৌঁছে দেওয়া হয়েছে। বিপিএলের একাদশ আসরে চ্যাম্পিয়ন হয়ে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার জিতেছে ফ্রাঞ্জাইজিটি। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে তারা।

সিটির চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে রদ্রি

সিটির চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে রদ্রি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের জন্য দলে পরিবর্তন এনেছে ম্যানচেস্টার সিটি। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিকে স্কোয়াডে রেখেছে তারা। রেয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্লে অফে অবশ্য খেলতে পারবেন না তিনি। ২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী রদ্রি সেপ্টেম্বরে এসিএল ইনজুরির পর থেকে আর মাঠেই নামেননি। তারপর থেকে অনুমান করা হচ্ছিল হয়তো এই মৌসুমে আর খেলা হবে না তার। তবে স্কোয়াডে নতুন করে তার অন্তর্ভুক্তিতে চ্যাম্পিয়ন্স লিগের কোনও এক পর্যায়ে এই মিডফিল্ডারের খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। ২২ সদস্যের স্কোয়াডে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দেরও রাখা হয়েছে। তারা হলেন-ওমার মারমুশ,আবদুকুদির খুসানভ ও নিকো গঞ্জালেস। শেষ ষোলোর প্লে-অফে আগামী মঙ্গলবার ইতিহাদে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটি। বার্নাব্যুতে দ্বিতীয় লেগ হবে ১৯ ফেব্রুয়ারি। এই দুই লেগে অবশ্য রদ্রির খেলা হচ্ছে না। যেহেতু এখনও সুস্থ হওয়ার লড়াইয়ে আছেন।

ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগং কিংসকে হায়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের শিরোপা নিজেদের ঘরে তুললো ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশালকে ১৯৫ রানের টার্গেট দিয়েছিলো চিটাগং। চিটাগংয়ের দেয়া বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন তারা। ডেভিড মালান ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও চারে নেমে হাল ধরেন কাইল মায়ার্স। ২৮ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে শেষের দিকে চাপে পড়ে বরিশাল। সেই চাপ অবশ্য সামলে নিয়েছেন রিশাদ হোসেন। তার ঝড়েই জয় পেয়েছে বরিশাল। এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করে চিটাগং। ৭৬ বলে ১২১ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৬৬ রানে নাফি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলেছেন ইমন। বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন বিপিএলের ফাইনালে এর আগে শতরানের কোনো উদ্বোধনী জুটি ছিল না। বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন গত বছর, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। তিনে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্কও। ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি।নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পেরেছে মোহাম্মদ মিঠুনের দল। বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ আলি।

শিরোপার লড়াইয়ে বরিশালকে ১৯৫ রানের টার্গেট  চিটাগং এর

শিরোপার লড়াইয়ে বরিশালকে ১৯৫ রানের টার্গেট  চিটাগং এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে চিটাগং কিংস। টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করে চিটাগং। ৭৬ বলে ১২১ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৬৬ রানে নাফি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলেছেন ইমন। বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন। বিপিএলের ফাইনালে এর আগে শতরানের কোনো উদ্বোধনী জুটি ছিল না। বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন গত বছর, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। তিনে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্কও। ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পেরেছে মোহাম্মদ মিঠুনের দল। বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ আলি।

৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো

৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলো। পুরো ক্যারিয়ার জুড়ে ছিলেন দুর্দান্ত। দায়িত্ব পালন করেছেন স্প্যানিশ জায়ান্টদের অধিনায়কের। ক্লাবটির হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ছয়টি লা লিগাসহ মোট ২৫টি শিরোপা জিতেছেন তিনি। তার আমলে সোনালি সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে মাদ্রিদের অধ্যায় শেষ করে সেই বছরই যোগ দিয়েছেন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে। ক্লাবটিতে এক মৌসুমে খেলার পর ২০২৩ সালে নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের নাম লেখান তিনি। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার। তবে গেল নভেম্বর ফ্লুমিনেন্সের কোচ মানো মেনেজেসের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। যার কারণে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছেড়েছেন তিনি। এবার ঘোষণা দিয়েছেন ফুটবলে নিজের সমাপ্তির। মার্সেলো বলেন, ‘১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দরজায় কড়া নাড়ল। সেখান থেকে আমি এখানে পৌঁছেছি। এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমি একজন সত্যিকারের মাদ্রিদে। স্বপ্নের ক্লাবে ১৬ মৌসুমে ২৫টি শিরোপা, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, একজন অধিনায়ক এবং বার্নাব্যুতে এক জাদুকরী রাত। কী এক যাত্রা।’ এছাড়াও নিজেদের কিংবদন্তির অবসরে বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘মার্সেলো রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা লেফট-ব্যাক। আমরা তাকে দীর্ঘদিন নিজেদের ঘরে রাখার সৌভাগ্য পেয়েছি। তিনি আমাদের সেরা কিংবদন্তিদের একজন এবং রিয়াল মাদ্রিদ সর্বদা তার বাড়ি।’

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের একুশে পদকের জন্য দেওয়া হয়েছে। এ বছর ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে একুশে পদকের জন্য বিবেচনা করা হয়েছে। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একুশে পদক-২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন – আজিজুর রহমান (মরণোত্তর)—শিল্পকলা (চলচ্চিত্র); উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)—শিল্পকলা (সংগীত); ফেরদৌস আরা—শিল্পকলা (সংগীত); নাসির আলী মামুন—শিল্পকলা (আলোকচিত্র); রোকেয়া সুলতানা—শিল্পকলা (চিত্রকলা); মাহফুজ উল্লা (মরণোত্তর)—সাংবাদিকতা; মাহমুদুর রহমান—সাংবাদিকতা ও মানবাধিকার; ড. শহীদুল আলম—সংস্কৃতি ও শিক্ষা; ড. নিয়াজ জামান—শিক্ষা; মেহেদী হাসান খান—বিজ্ঞান ও প্রযুক্তি; মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)—সমাজসেবা; হেলাল হাফিজ (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; মঈদুল হাসান—গবেষণা। পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে। একুশে পদক পাওয়ার যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাছাই করে সংস্কৃতি মন্ত্রণালয়।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থেকেও আকস্মিক অবসরে স্টয়নিস

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থেকেও আকস্মিক অবসরে স্টয়নিস চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে একাধিক চোটে বিপর্যস্ত অস্ট্রেলিয়া দল। এবার আকস্মিকভাবে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন দলের তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। মূলত টি-টোয়েন্টিতে বাড়তি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার। অস্ট্রেলিয়ার জার্সিতে ৭১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্টয়নিস। এর মধ্যে ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপও আছে। গত বছর পাকিস্তানের বিপক্ষে পার্থে সর্বশেষ এই ফরম্যাটে খেলতে দেখা গেছে তাকে। এই ফরম্যাটে তার রান ১৪৯৫ এবং ৪৮ উইকেট। স্টয়নিস ২০২৩ সালের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন৩৫ বছর বয়সী স্টয়নিস ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন। এখন তার বিকল্প খুঁজে বের করতে হবে অজি নির্বাচকদের। তার আগে অলরাউন্ডার মিচেল মার্শ ইনজুরিতে ছিটকে গেছেন। এছাড়া দলের দুই মূল পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি।  সবমিলিয়ে অস্ট্রেলিয়াকে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সম্ভবত ৪টি পরিবর্তন আনতে হবে। তাদের বিকল্প হিসেবে স্পেন্সার জনসন, জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও শন অ্যাবটের নাম ভাবা হচ্ছে। এছাড়া অজি কিংবদন্তি রিকি পন্টিং ২৩ বছর বয়সী অলরাউন্ডার মিচ ওয়েনের নাম উল্লেখ করেছেন। তার মধ্যে অনেকেই স্টয়নিসের ছায়া দেখতে পান। স্টয়নিসের অবসরে অস্ট্রেলিয়ান প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘স্টয়নিস গত দশ বছর ধরে আমাদের ওডিআই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে শুধু ভালো খেলোয়াড়ই নয়, একজন অসাধারণ ব্যক্তিত্বও। তার ওয়ানডে ক্যারিয়ার এবং সমস্ত অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত। ’

লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সেটি ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। একের পর এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে লেগানেস। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে অভিভূত হন গন্সালো গার্সিয়া। ব্যবধান গড়ে দিয়ে রিয়ালকে তোলেন সেমিফাইনালে। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের উদ্বোধনী গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের এন্দ্রিক। পরে জোড়া গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান হুয়ান ক্রুস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন গার্সিয়া।  সামনে মাদ্রিদ ডার্বি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ থাকায় আজ মাঠে নামানো হয়নি নিয়মিত একাদশের অনেককেই। তারপরও এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ১৮তম মিনিটে তাদের লিড এনে দেন মদ্রিচ। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে মদ্রিচকে বক্সে খুঁজে নেন রদ্রিগো। নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ক্রোয়াট মিডফিল্ডার।  ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাস প্রতিপক্ষের কারও পা ছুঁয়ে পেয়ে যান তিনি। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেগানেসের ব্যবধান কমান হুয়াস ক্রুস। রিয়ালের বক্সে ইয়াকোবো রামনের হাতে বল লাগায় পেনাল্টি পায় স্বাগতিকরা। বিরতির পর পাল্টা আক্রমণে ঝড় তোলে লেগানেস। রক্ষণভাগ শক্ত রেখে তারা সমতায় ফেরে ৫৯তম মিনিটে। ক্রুসের শট ফেরলান্দ মন্দির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের। পাঁচ মিনিট পর সুযোগ পান ভিনিসিয়ুস। পায়ের কারিকুরিতে বল টেনে নিয়ে গোলরক্ষকের সামনে থেকে শট নিলেও পোস্টে লেগে প্রতিহত হয়।  চেষ্টা চালাতে থাকে রিয়াল। তার সুফল পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দলকে এগিয়ে নেন গার্সিয়া। সেবায়োসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সেই বল উপরে তুলে দেন ব্রাহিম দিয়াস। দারুণ হেডে জাল খুঁজে নিয়ে উল্লাসে ভাসেন কাস্তিয়ার এই তরুণ।

দায়িত্ব ছাড়লেন নারী ক্রিকেট দলের কোচ

দায়িত্ব ছাড়লেন নারী ক্রিকেট দলের কোচ বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছেড়েছেন হাসান তিলকরত্নে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়ে দিয়েছেন লঙ্কান কোচ। ২০২২ সালের অক্টোবরে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পান তিলকরত্নে। পড়ে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। সেই মেয়াদ শেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী বিভাগের ইন-চার্জ হাবিবুল বাশার ক্রিকবাজকে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিলকরত্নে জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, তিলকারত্নের অধীনে জাতীয় দলের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট ছিল না বিসিবি। যে কারণে চুক্তি নবায়নের ব্যাপারে আগ্রহী ছিল না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বরং বিকল্প খোঁজার কথা ভাবা হচ্ছিল। শোনা যাচ্ছে, বিসিবি এবার দেশি কোনো কোচকে দায়িত্ব দিতে চাচ্ছে। সম্ভাব্য কোচ হিসেবে উঠে আসছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের কোচ সারোয়ার ইমরানের নাম।