টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই নাহিদ-রিয়াদ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই নাহিদ-রিয়াদ প্রস্তুতি ম্যাচ ভালো যায়নি বাংলাদেশের। হারতে হয়েছে পাকিস্তান শাহিনসের কাছে। সেই ধাক্কা সামলে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই টস ভাগ্য রইল নাজমুল হাসান শান্তর পক্ষে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। একাদশে জায়গা হয়নি আলোচিত পেসার নাহিদ রানার। নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। এর আগে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার ৫ উইকেটের জয়ে পেয়েছিল বাংলাদেশ। এরপর আর ভারতের বিপক্ষে জয় পাওয়া হয়নি তাদের। গত ১৮ বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও দশ ম্যাচ খেলেও ভারতকে হারাতে পারেনি তারা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালেও বাংলাদেশের স্বপ্ন থামিয়ে দিয়েছিল ভারত। এবার সময় হয়েছে সেই আক্ষেপ ঘুচানোর। বাকিটা দেখা যাবে মাঠেই। বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।
সদর উপজেলায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু

সদর উপজেলায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার থেকে সদর উপজেলা পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। বিকেল ৪টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন- হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাশেদ আলীসহ অন্যরা। উদ্বোধনী দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ বনাম বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ। খেলায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে। একই দিনের অপর খেলায় ঝিলিম ইউনিয়ন বনাম সুন্দরপুর ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দল ১টি করে গোল পেলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে ঝিলিম ইউনিয়ন পরিষদ দল জয়লাভ করে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন- মো. মিনাজুল ইসলাম, মো. তৌফিজুর রহমান পুতুল, মো. শামীম খান, মো. আনিসুর রহমান। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ এই খেলায় অংশগ্রহণ করছে। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, বারোঘরিয়া, মহারাজপুর, রানীহাটি, চরঅনুপনগর, দেবীনগর, আলাতুলী, শাহজাহানপুর, ইসলামপুর, চরবাগডাঙ্গা, নারায়ণপুর ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদ।
একুশে পদক নিতে মঞ্চে উঠবেন একজন বাকিরাও আমন্ত্রিত

একুশে পদক নিতে মঞ্চে উঠবেন একজন বাকিরাও আমন্ত্রিত ২০২৪ সালের সাফজয়ী নারী ফুটবল দলকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় চেয়েছিল নেপালকে ফাইনালে হারানো ম্যাচে সেরা একাদশে থাকা ১১ জন খেলোয়াড়কে এই পুরস্কার দিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে পাঠানো হয় খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফসহ ৩২ জনের নাম। এরপর শুরু হয় চিঠি চালাচালি। এতে পথ খুলেছে দলের সবার এই স্বীকৃতি পাওয়ার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মালেক সাক্ষরিত প্রজ্ঞাপণে ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলের পক্ষে একজন মঞ্চে প্রধান উপদেষ্টার নিকট হতে পদক গ্রহণের জন্য সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন ২০২৪ এর দলনেতার নাম ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম’ সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাতে। মঞ্চে উঠতে না পারলেও বাকিরাও আমন্ত্রিত ওই অনুষ্ঠানে। ২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৪ সালেও ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে সাফ শিরোপা অক্ষুণ্ণ রাখেন বাংলার মেয়েরা। দুই আসরেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন।
ট্রফির নিরাপত্তায় লাহোর-রাওয়ালপিন্ডিতে ১২ হাজার পুলিশ

ট্রফির নিরাপত্তায় লাহোর-রাওয়ালপিন্ডিতে ১২ হাজার পুলিশ নিরাপত্তায় কোনো রকমের ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পাওয়ায় তাই কঠোর নিরাপত্তা জোরদার করেছে তারা। শুধু দুই ভেন্যুর জন্যই ১২ হাজার পুলিশ সদস্য মোতায়েনের কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। পাকিস্তানের সেই দুই ভেন্যু হচ্ছে লাহোর ও রাওয়ালপিন্ডি। পাঞ্জাব প্রদেশে অবস্থিত দুটি ভেন্যুই। দুই শহরের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি পাঞ্জাব পুলিশের মুখপাত্রের মাধ্যমে নিশ্চিত করেছে সংবাদমাধ্যমগুলো। পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ১৮ সিনিয়র অফিসার, ৫৪ ডিএসপি, ১৩৫ পরিদর্শক, ১২ শর বেশি উপপরিদর্শক, এবং ১০ হাজার ৫৫৬ জন কনস্টেবলের সঙ্গে ২০০ বেশি নারী পুলিশ কর্মকর্তা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ হাজারের বেশি পুলিশ সদস্য। এর মধ্যে ১২ সিনিয়র অফিসার, ৩৯ ডিএসপি, ৮৬ পরিদর্শক, ৭০০ ঊর্ধ্বতন কর্মকর্তা, ৬ হাজার ৬৭৩ কনস্টেবল এবং ১২৯ জন নারী পুলিশ। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে থাকবেন ৫ হাজারের বেশি পুলিশ সদস্য। যার মধ্যে ৬ সিনিয়র অফিসার, ১৫ ডিএসপি, ৫০ পরিদর্শক, ৫০০ ঊর্ধ্বতন কর্মকর্তা, ৪ হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য। দেশি-বিদেশি সব খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শক-সমর্থকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছেন পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজি) উসমান আনোয়ার। সঙ্গে আইজি আরো জানিয়েছেন, খেলোয়াড়দের আবাসস্থল, যাতায়াত পথ এবং স্টেডিয়ামের আশপাশে সার্চ, সুইপ, কম্বিং ও গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে। ম্যাচটি হবে করাচিতে। টুর্নামেন্ট শুরুর পরের দিন ভারতের বিপক্ষে দুবাইয়ে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
আঙুলে চোট কুনেমানের তবু পিছাবে না বোলিং অ্যাকশনের পরীক্ষা

আঙুলে চোট কুনেমানের তবু পিছাবে না বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু কুনেমান। দুই টেস্টে ১৭ দশমিক ১৮ গড়ে ১৬ উইকেট শিকার করে বড় অবদান রেখেছেন এই বাঁহাতি স্পিনার। তবে সিরিজ শেষেই তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে, যার ফলে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার আগে কুনেমানের অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে একটি ম্যাচ খেলার কথা ছিল। তবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে তাসমানিয়ার হয়ে খেলতে পারছেন না তিনি। এর প্রধান কারণ হলো তার আঙুলের চোট। তবে এই চোটের কারণে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না। তিনি পুরোনো বুড়ো আঙুলের চোট নিয়েই পরীক্ষা দেবেন।
বিদ্রোহ শেষে মাঠে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা

বিদ্রোহ শেষে মাঠে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা অবশেষে বয়কট প্রত্যাহার করে জাতীয় দলে ফিরতে সম্মত হয়েছেন সাবিনারা। তাতে লম্বা সময়ের পরে দেশের ফুটবলাঙ্গনের ডেডলক শেষ হল। সাবিনাদের বয়কট প্রত্যাহারের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে সাবিনাদের দলে ফেরা নিয়ে তিনি বলেন,‘আমরা (বাফুফে) তাদের সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আজও তাদের সাথে বসেছিলাম। আজকের আলোচনার পর আমি যা বলতে পারি তা হলো, মেয়েরা ট্রেনিংয়ে ফিরে আসবে। তবে, তারা তৎক্ষণাৎ ট্রেনিংয়ে যোগ দেবে না।’ এ সময় তিনি আরো বলেন,‘ ‘আপনার জানেন, আমাদের দল (১৮ জন সিনিয়র খেলোয়াড় ছাড়া) দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে। সুতরাং আমাদের ক্যাম্প ২৪ ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে। আর মেয়েরাও একটি বিরতি চায়। তারা ক্যাম্পে ফিরে আসবে (যতটা শীঘ্রই ক্যাম্প পুনরায় শুরু হবে) এবং তারপর তাদের ট্রেনিং শুরু করবেন কোচ। একবার তারা ক্যাম্পে ফিরে আসলে, আমরা নারী উইং, উচ্চ কর্তৃপক্ষ, কোচ এবং টিম ম্যানেজমেন্ট, তাদের সাথে বসে ভুল বোঝাবুঝি মেটাবো। মেয়েরা আমাকে বলেছে যে তারা ট্রেনিংয়ে ফিরে আসবে এবং চুক্তি সই করবে।’ ২৯ জানুয়ারি থেকে প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত জানিয়েছিল সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা সহ দলের ১৭ জন সিনিয়র খেলোয়াড়। তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশেষ কমিটিও করে বাফুফে। তবে সেখান থেকে কোনো সমাধান না আসায় শেষপর্যন্ত বাফুফে প্রধান তাবিথ আউয়ালের কাছে গড়ায় বিষয়টি। তাই দেশের বাইরে থেকে ফিরেই মেয়েদের সাথে আলোচনায় বসেন তিনি। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো সমাধান না আসলেও আলোচনা জারি রেখেছিলেন বাফুফে প্রধান।
অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন লিটন

অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন লিটন ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। বিশেষ করে গেল বছর জাতীয় দলের জার্সিতে রান খরায় ভুগতে দেখা গেছে টপ অর্ডার এই ব্যাটারকে। সাদা বলের ক্রিকেটে লিটন নিজেকে হারিয়ে খুঁজেছেন বারবার। বাদ পড়েছিলেন ওয়ানডের ফরম্যাটের দল থেকেও। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি তারকা এই ক্রিকেটারের। বিপিএলের শুরুতেও ব্যাট হাতে রান ছিলেন না লিটন। তবে টুর্নামেন্টের শুরুর কয়েক ম্যাচ পরেই ব্যাট হাতে রানে ফেরেন তিনি। করেছিলেন ঝোড়ো এক সেঞ্চুরিও। বিপিএল শেষে নিজ জেলা দিনাজপুরে অবস্থান করছিলেন লিটন। পরিবারের সাথে সময় কাটিয়ে ফেরার পর আজ রোববার মাঠের অনুশীলনেও ফিরেছেন তিনি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ সকাল থেকেই অনুশীলন করতে দেখা গেছে লিটনকে। ইনডোরে ব্যাট হাতে নিজেকে প্রস্তুতে ব্যস্ত ছিলেন এই ওপেনার। বোলিং মেশিনে করেছেন দীর্ঘক্ষণ অনুশীলন, বড় বড় শট খেলতেও দেখা গেছে লিটনকে। আগামী মাসেই মাঠে গড়াবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। গেল বছর আবাহনীর হয়ে খেললেও এবার আকাশী নীল জার্সিতে দেখা যাবে না তাকে। কোন দলে খেলবেন সেটিও এখনো অনিশ্চিত। তার আগেই লিটন ফিরলেন অনুশীলনে।
চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেটে শাহ নেয়ামতুল্লাহ চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেটে শাহ নেয়ামতুল্লাহ চ্যাম্পিয়ন ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে শাহ নেয়ামতুল্লাহ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা ক্রিকেট দল। আজ বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা ক্রিকেট দল নির্ধারিত ১০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শাহ নেয়ামতুল্লাহ ক্রিকেট দল ৮ ওভার ৩ বল খেলে ৪৪ রান তুলে নেয়। উইকেট খোয়াতে হয় ৬টি। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মীর আল মনসুর শোয়াইব, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য আশিক নেহাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকিব মিয়া। আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ প্রতিষ্ঠান, ম্যান অব দ্য ম্যাচ ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে জেলার মোট ১০টি কলেজ ও মাদ্রাসা ক্রিকেট দল অংশগ্রহণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে।
দ্বিতীয়বারের মতো আইপিএলের সূচিতে আবারও পরিবর্তন

দ্বিতীয়বারের মতো আইপিএলের সূচিতে আবারও পরিবর্তন দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি পরিবর্তন এসেছে। নতুন সূচিতে ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের এ বছর আইপিএলের নতুন সূচি নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু পরে তা বদল করে ২১ মার্চ করা হয়েছে। এবার সেটি আরও একদিন পিছিয়ে ২২ মার্চ করা হয়েছে। পাকিস্তান ও আরব আমিরাতে হওয়া ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে আগামী ৯ মার্চ। তাই খুব তাড়াতাড়ি আইপিএল শুরু না করে তারিখ পেছানো হয়েছিল। ২২ মার্চ থেকে শুরু হলেও আগামী ২৫ মে আইপিএলের ফাইনাল হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সূচি খুব শিগরিই ঘোষণা করবে বলে জানা গেছে।
অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ড্র হলো ব্রাজিল-আর্জেন্টিনার

ড্র হলো ব্রাজিল-আর্জেন্টিনার, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ জয় পেলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ম্যাচটা ১–১ গোলে ড্র হয়েছে। আর তাই শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়েই হবে শিরোপা নির্ধারণ। আজ কারাকাসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আলবিসেলেস্তেরা। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যাহত রেখেছিল আর্জেন্টিনা। তবে গোলের দেখা পাচ্ছিলো না তারা। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন দেন রায়ান। তাতে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।