দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন এনদ্রিক

দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন এনদ্রিক রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দিয়েই নজর কাড়ছেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিক। গ্তকাল লিগ ওয়ানে মেটজের বিপক্ষে ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে ক্লাব ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এই হ্যাটট্রিকের মাধ্যমে লিগ ওয়ানে লিওঁর হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিন গোল করার রেকর্ড গড়েছেন এনদ্রিক। ১৯ বছর ১৮৮ দিন বয়সে তিনি ছাড়িয়ে গেছেন ক্লাব কিংবদন্তি বার্নার্ড লাকোম্বকে, যিনি ১৯ বছর ১৯৬ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে কিছুটা স্বস্তি পেয়েছে কোচ পাওলো ফনসেকার দল লিওঁ। ম্যাচে এনদ্রিকের পাশাপাশি রুবেন ক্লাইভার্ট ও টাইলার মর্টনও গোলের দেখা পান। ২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে গত ডিসেম্বরে রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দেন এনদ্রিক। নতুন ক্লাবে দারুণ শুরু করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে লিওঁর হয়ে প্রথম তিন ম্যাচেই চার গোল করেছেন এই ব্রাজিলিয়ান তরুণ। ২০১৭ সালের আগস্টে মারিয়ানো দিয়াজের পর লিওঁর হয়ে কোনো খেলোয়াড়ের এটি সেরা সূচনা বলে জানিয়েছে পরিসংখ্যান সংস্থা অপ্টা। ২১ শতকে এনদ্রিকের চেয়েও কম বয়সে লিগ ওয়ানে হ্যাটট্রিক করেছেন কেবল তিনজন ফুটবলার—জেরেমি মেনেজ, কিলিয়ান এমবাপ্পে উসমান দেম্বেলে। ফলে এই তালিকায় নিজের নাম তুলে ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত দিচ্ছেন এনদ্রিক। এছাড়া, লিওঁর হয়ে লিগে গোল করা ২৫তম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবেও রেকর্ড গড়েছেন তিনি। মেটজের বিপক্ষে ম্যাচে তার ছিল ছয়টি অন-টার্গেট শট, যা ক্লাবের জন্য যুগ্মভাবে সর্বোচ্চ। দুর্দান্ত এই পারফরম্যান্সে লিওঁ সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছেন এনদ্রিক।

সাফজয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সাফজয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ‍্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। রোববার (২৫ জানুয়ারি) টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাবিনা খাতুনের দল। বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ জানুয়ারি) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি জানানো হয়। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা।

মেয়েদের টুর্নামেন্টে রেকর্ড প্রাইজমানি বরাদ্দ করল ফিফা

মেয়েদের টুর্নামেন্টে রেকর্ড প্রাইজমানি বরাদ্দ করল ফিফা নারী ফুটবলের ইতিহাসে নির্দিষ্ট টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজমানি বরাদ্দ দিয়েছে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর্সেনালের স্টেডিয়ামে পরবর্তী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ওমেন্স চ্যাম্পিয়ন্স কাপ। পুরো টুর্নামেন্টটির জন্য ৪৭ কোটি ৩৪ লাখ টাকা (৩.৯ মিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছে। ২০২৮ সালে লন্ডনে হতে যাওয়া নারী ক্লাব বিশ্বকাপের প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবেই আয়োজিত হতে যাচ্ছে ওমেন্স চ্যাম্পিয়ন্স কাপ। গ্তকাল ফিফা জানিয়েছে, আগামী সপ্তাহে আর্সেনালের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম ওমেন্স চ্যাম্পিয়নস কাপে চ্যাম্পিয়ন ক্লাবকে ২৩ লাখ মার্কিন ডলার (২৭ কোটি ৯২ লাখ টাকা) প্রাইজমানি দেওয়া হবে। সবমিলিয়ে ৩৯ লাখ ডলার ছয়টি মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নের মাঝে বণ্টন করা হবে। মেয়েদের নির্দিষ্ট কোনো টুর্নামেন্টে এটি সর্বোচ্চ বরাদ্দ। আসন্ন চ্যাম্পিয়ন্স কাপে ইউরোপীয় চ্যাম্পিয়ন আর্সেনাল মুখোমুখি হবে মরক্কোর ক্লাব এএসএফএআরের সঙ্গে। যুক্তরাষ্ট্রের গোথাম লড়বে ব্রাজিলের করিন্থিয়ান্সের বিপক্ষে। এই দুটি সেমিফাইনাল ম্যাচই বুধবার ব্যাক-টু-ব্যাক অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগ ক্লাব ব্রেন্টফোর্ডের মাঠে। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি আর্সেনালের স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হবে। শিরোপাজয়ী মেয়েদের দল ২৩ লাখ ডলার এবং রানার্সআপ পাবে ১০ লাখ ডলার (১২ কোটি ১৪ লাখ টাকা)। এ ছাড়া সেমিফাইনালে পরাজিত দুই দল প্রত্যেকে পাবে ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা) করে। আগের রাউন্ডে বিদায় নেওয়া দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন ওশেনিয়ার অকল্যান্ড ইউনাইটেড এবং এশিয়ার প্রতিনিধি উহান চেগু জিয়াংদা প্রত্যেকেই ১ লাখ ডলার (১ কোটি ২১ লাখ টাকার বেশি) করে পাবে। মেয়েদের লিগে রেকর্ড বরাদ্দ প্রদানের বিষয়ে ফিফার মহাসচিব মাত্তিয়াস গ্রাফস্ট্রম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই প্রাইজমানি নারী ক্লাব ফুটবল এবং এর ধারাবাহিক উত্থানকে এগিয়ে নেওয়ার পাশাপাশি খেলোয়াড়, ক্লাব ও প্রতিযোগিতার প্রতি বিশ্বাসের একটি স্পষ্ট বার্তা।’ এর আগে সর্বশেষ মৌসুমে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল পেয়েছিল ১৫ লাখ ইউরোর বেশি (প্রায় ১৮ লাখ ডলার) প্রাইজমানি। অন্যদিকে, ছেলেদের সর্বশেষ ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে মোট ১ বিলিয়ন ডলার প্রাইজমানি বিতরণ করেছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টটি সৌদি আরবের অর্থায়নে সম্পন্ন হয়েছিল, যাতে প্রভাবশালী ইউরোপীয় ক্লাবগুলো অংশ নিতে সম্মত হয় এবং প্রত্যাশিত প্রাইজমানি নিশ্চিত করা যায়।

ভারতের পর পাকিস্তানকে হারিয়ে শিরোপার কাছে বাংলার সাবিনারা

ভারতের পর পাকিস্তানকে হারিয়ে শিরোপার কাছে বাংলার সাবিনারা এক দিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিয়েছিল পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে গতকাল তারা ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তার একদিন পর আজ পাকিস্তানের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। সুযোগ পেয়ে সেই পরাজয়ের হারটা যেন সুদে-আসলে নিয়ে নিল বাংলার বাঘিনীরা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। এই ম্যাচে একাই ৪ গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি গোলটি আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে। পাঁচ ম্যাচে ৪ জয় আর ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথেও দারুণ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। যেখানে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত।

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে কোচ সাঈদ খোদারাহমির শিষ্যরা। ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ১২তম মিনিটে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে দল। এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করে শ্রীলঙ্কা। ০-২ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ১৮তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কৃষ্ণা রানী সরকারের সাথে দারুণ ওয়ান-টু-ওয়ান পাসিংয়ে দলের প্রথম গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে কৃষ্ণার চমৎকার কাটব্যাক থেকে সাবিনা আবারও লক্ষ্যভেদ করলে ২-২ সমতায় বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। ২৮তম মিনিটে সাবিনার কর্নার থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান মাতসুশিমা সুমাইয়া, যা বাংলাদেশকে লিড এনে দেয়।ম্যাচের ৩৫তম মিনিটে সাবিনার পাস থেকে গোলমুখে আলতো টোকায় ব্যবধান ৪-২ করেন কৃষ্ণা।

ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল বাংলাদেশ

ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল বাংলাদেশ সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে নেপালকে ৩–০ গোলে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে সাবিনা খাতুনের দল। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। খেলার প্রথম পাঁচ মিনিটেই লিড নেওয়ার সুযোগ আসে। মাতসুশিমা সুমায়ার পাসে গোলের সামনে বল পেলেও সুযোগটি কাজে লাগাতে পারেননি অধিনায়ক সাবিনা। তবে ১৩ মিনিটে ভুল পুষিয়ে দেন সাবিনা। কৃষ্ণা রানি সরকারের নিখুঁত পাস পেয়ে নেপালের গোলরক্ষককে কাটিয়ে বক্সের বাইরে থেকে শান্ত ফিনিশে দলকে এগিয়ে নেন তিনি। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানি নিজেই। ডিফেন্ডারকে কাটিয়ে বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে কোনো সুযোগ দেননি নেপালের গোলরক্ষককে। গোল হজমের পর নেপাল গোলরক্ষক বদলালেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। ৩৩ মিনিটে আবারও সহায়কের ভূমিকায় মাতসুশিমা সুমাইয়া। তার পাসে বক্সের ভেতর জায়গা করে নিয়ে সহজ ফিনিশে তৃতীয় গোলটি করেন লিপি আক্তার। এই জয়ে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এখন ৭ পয়েন্ট। টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারতকে ৩–১ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে তারা। আগামী বুধবার (২১ জানুয়ারি) লিগের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাবিনারা।

খেলা শেষে কাঁদলেন দিয়াজ

খেলা শেষে কাঁদলেন দিয়াজ অবিশ্বাস্য নাটকীয়তার মধ্যে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনস (এএফকন) শিরোপা জিতেছে সেনেগাল। রবিবার (১৮ জানুয়ারি) রাতে দুই দলের শিরোপা লড়াই ছিল নাটকীয়তায় ভরা। নির্ধারিত ৯০ মিনিটে সমতা, তারপর ইনজুরি টাইমে এমন এক মুহূর্ত আসে—যা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারত। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় মরক্কো। আফ্রিকার শ্রেষ্ঠত্বের মর্যাদার এই ট্রফি পাওয়ার আক্ষেপ মরক্কোর ৫০ বছরের। হয়ত একটি সফল স্পট কিকেই সেই অপেক্ষার অবসান ঘটাতে পারতেন ব্রাহিম দিয়াজ। ১২ গজ দূর থেকে দিয়াজের পা থেকে আসতে পারত শিরোপা নিশ্চিত করা গোল। কিন্তু যা ঘটল, তা অবিশ্বাস্য। ব্রাহিম জোরালো শট না নিয়ে মাঝখানে হালকা ‘প্যানেনকা’ চেষ্টা করেন। সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি সহজেই তা ঠেকিয়ে দেন। সেই একটি মুহূর্তই যেন বদলে দেয় পুরো ম্যাচের গল্প। দিয়াজের ওই ব্যর্থতার সুযোগই কাজে লাগায় সেনেগাল। পেপ গুইয়ের একমাত্র গোলে জয় নিশ্চিত করে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা উল্লাসে মাতে তারা। মাঠজুড়ে তখন আনন্দের জোয়ার, আর অন্য প্রান্তে দিয়াজের মুখে স্পষ্ট হতাশা—যেন একটি সিদ্ধান্তেই বদলে গেল পুরো টুর্নামেন্টের পরিণতি। টুর্নামেন্টে দুর্দান্ত সময় কাটিয়েছেন সাবেক ম্যানচেস্টার সিটির তারকা। দলকে ফাইনালে তুলতে অবদান রেখেছেন পাঁচ গোল করে। কিন্তু এদিন ‘পানেনকা’ শট নিতে গিয়ে ধরা পড়েন মেন্দির হাতে। পেনাল্টি শুটের সময় নিজের অবস্থান থেকে সরেননি মেন্দি, যে কারণে খুব সহজে বলটি গ্লাভসবন্দী করেন ভিয়া রিয়ালের এই গোলকিপার। পেনাল্টি থেকে গোল করতে না পারার পর বিচলিত ছিলেন দিয়াজ। টেলিভিশন ক্যামেরায় দেখা গেছে মরক্কোর বেঞ্চে চোখ ছলছল করছিল কারও কারও। ফাইনাল শেষে শিশুর মতো কেঁদেছেন দিয়াজও। টুর্নামেন্টের সেরা গোলস্কোরারের পুরস্কার যখন নিতে যাচ্ছিলেন পা এগোচ্ছিলো না যেন; দুই দলের খেলোয়াড়েরা করতালি দিয়ে তাকে অভিবাদন জানান, ঠোট চেপে কান্না লুকানোর চেষ্টাই কেবল করেছেন দিয়াজ। ওই পেনাল্টি নিয়ে আপত্তি ছিল সেনেগালের। বেশিরভাগ খেলোয়াড় মাঠ থেকে বেরিয়ে যান। স্পট কিক নিতে রিয়াল মাদ্রিদ তারকা দিয়াজকে অপেক্ষা করতে হয় দীর্ঘ ১৭ মিনিট। ম্যাচ শেষে ওই ঘটনাকে ইঙ্গিত করে মরক্কোর ম্যানেজার ওয়ালিদ রেগ্রাগুই বলেন, ‘পেনাল্টি নেওয়ার আগে অনেক সময় পার হয়েছে, যা তাঁকে (দিয়াজ) বিরক্ত করেছিল। কিন্তু যা ঘটেছে তা আমরা পরিবর্তন করতে পারব না। এভাবেই সে পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে।’ খেলোয়াড়দের এসব নিয়ে পড়ে থাকার সময় নেই। অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবেন দিয়াজ। তবে সেটি মোটেও সহজ হবে না তা বলাই যায়। তার জন্য কী অপেক্ষা করছে সেসবের কিছুটা ধারণা পাওয়া যেতে পারে মরক্কোর সাবেক মিডফিল্ডার হাসান কাচলুলের কথা থেকে, ‘আমি মনে করি ব্রাহিম দিয়াজ আগামী দিনে অনেক দুঃস্বপ্ন দেখবেন।’ নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড ড্যানিয়েল আমোকাচি বলেন, ‘ব্রাহিম দিয়াজ এই টুর্নামেন্টে পাঁচটি গোল করা সত্ত্বেও নিজের সমস্ত গৌরবময় মুহূর্ত নষ্ট করে দিয়েছেন।’আরেক নাইজেরিয়ান সাবেক মিডফিল্ডার জন ওবি মিকেল বলেন, ‘এই টুর্নামেন্টে দিয়াজের যত কিছু ভালো ছিল সব নষ্ট হয়ে গিয়েছে। সে বিধ্বস্ত। সামনের সময়টা তার জন্য কঠিন হতে চলেছে- কয়েক সপ্তাহ, হয়ত মাসের পর মাস ধরে।’ নাইজেরিয়ার আরেক সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় ইফান একোকু বলেন, ‘এটা এমন একটি মুহূর্ত যা ব্রাহিম দিয়াজ কখনই কাটিয়ে উঠতে পারবে না।’

চ্যাম্পিয়ন্স লিগ জিতে সাড়ে ২০ হাজার কোটি টাকা পেলো পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ জিতে সাড়ে ২০ হাজার কোটি টাকা পেলো পিএসজি ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে সর্বোচ্চ পুরস্কার অর্থ পেয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন হিসেবে তারা আয় করেছে ১৪৪.৪ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ মিলিয়ন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় প্রায় ২০ হাজার ৬৪৯ কোটি টাকা। নতুন ও সম্প্রসারিত ফরম্যাটে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে অতিরিক্ত ৪০০ মিলিয়ন ইউরো বিতরণ করেছে উয়েফা। মঙ্গলবার প্রকাশিত উয়েফার ২০২৪-২৫ মৌসুমের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়। আগামী মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফার বার্ষিক কংগ্রেসের আগেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রানার্সআপ ইন্টার মিলান পুরস্কার অর্থের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা পেয়েছে ১৩৬.৬ মিলিয়ন ইউরো (প্রায় ১৯ হাজার ৫৩৮ কোটি টাকা)। নতুন ফরম্যাটে ৩৬টি দল অংশ নেয়, যেখানে প্রতিটি দল লিগ পর্বে আটটি করে ম্যাচ খেলে। মোট ২.৪৭ বিলিয়ন ইউরো পুরস্কার অর্থ এই দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবার সাতটি ক্লাব অন্তত ১০০ মিলিয়ন ইউরো করে আয় করেছে, যেখানে আগের মৌসুমে (৩২ দল ও গ্রুপ পর্বের ফরম্যাটে) এই সংখ্যা ছিল পাঁচটি। তখন মোট পুরস্কার তহবিল ছিল ২.০৮ বিলিয়ন ইউরো। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে অ্যাস্টন ভিলা একমাত্র ক্লাব যারা ১০০ মিলিয়ন ইউরোর কম পেয়েছে। তাদের প্রাপ্তি ছিল ৮৩.৭ মিলিয়ন ইউরো। দীর্ঘ ৪১ বছর পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরা এবং তুলনামূলক কম উয়েফা র‍্যাঙ্কিং এর অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে। রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে পেয়েছে ১০২ মিলিয়ন ইউরোরও কম, যা ২০২৪ সালে শিরোপা জয়ের সময়ের তুলনায় প্রায় ৩৭ মিলিয়ন ইউরো কম। তবে উয়েফা সুপার কাপ জিতে তারা অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো আয় করে। সেই ম্যাচে পরাজিত আতালান্তা পেয়েছে ৪ মিলিয়ন ইউরো। ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ থেকে যে পরিমাণ অর্থ পেয়েছে, তা প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য চারটি ইতালিয়ান ক্লাবের প্রত্যেকটির আয়ের অন্তত দ্বিগুণ। ইংল্যান্ডের চারটি ক্লাবের মধ্যে সর্বনিম্ন আয় করেছে ম্যানচেস্টার সিটি। ২০২২-২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি ফেব্রুয়ারিতে নকআউট প্লে-অফে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেওয়ার পর পেয়েছে ৭৬ মিলিয়ন ইউরো। সবচেয়ে কম অর্থ পেয়েছে স্লোভাকিয়ার চ্যাম্পিয়ন স্লোভান ব্রাতিস্লাভা। তারা আটটি লিগ ম্যাচের সবগুলোতেই হেরে ২২ মিলিয়ন ইউরোরও কম আয় করেছে। চ্যাম্পিয়ন্স লিগ ও দ্বিতীয় স্তরের ইউরোপা লিগের আর্থিক ব্যবধানও স্পষ্ট হয়েছে। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম পেয়েছে মাত্র ৪১ মিলিয়ন ইউরো। রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ৩৬ মিলিয়ন ইউরো, তবে চলতি মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন না করায় তারা এবার উয়েফা থেকে কোনো অর্থই পাবে না। তৃতীয় স্তরের কনফারেন্স লিগ জিতে চেলসি পেয়েছে ২১.৮ মিলিয়ন ইউরো। বর্তমানে তারা আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে।

বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। বুধবার সকাল দশটার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। সেখানে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এই ট্রফি। আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে। তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না। বাংলাদেশে ট্রফির সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে গত ৩ জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা এর ষষ্ঠ আসর। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের সূচনা করা হয়। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম তিনটি দেশ- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আগের যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপে থাকবে আরও বেশি দল (৪৮টি), আরও বেশি ম্যাচ (১০৪) এবং ব্যাপক উৎসব আয়োজন। ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ভ্রমণ করবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে, যা ফুটবলপ্রেমীদের জন্য জীবনে একবার দেখার মতো এক অনন্য সুযোগ তৈরি করবে।

সুপার কাপ হারের পর আলোনসোর বিদায়, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

সুপার কাপ হারের পর আলোনসোর বিদায়, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া এল ক্লাসিকো হারের রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। সুপারকোপা দে এস্পানিয়ার ফাইনালে বার্সেলোনা„র কাছে নাটকীয় ৩-২ ব্যবধানে হারের একদিন পরই প্রধান কোচের পদ ছাড়লেন জাবি আলোনসো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ দায়িত্ব শেষ হয়েছে স্প্যানিশ এই কোচের। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের রিজার্ভ দল কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়া। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সুপার কাপ ফাইনালে পরাজয়ের পর গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে আলোনসোর বিদায়ের খবর নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা। বিবৃতিতে বলা হয়, “ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে প্রথম দলের কোচ হিসেবে তার অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ৪৪ বছর বয়সী আলোনসোর মেয়াদ খুব একটা দীর্ঘ হলো না। গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে তিন বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যেই সেই সম্পর্কের ইতি টানল রিয়াল মাদ্রিদ। ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, “জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি। তিনি সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধকে প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।” একই সঙ্গে তার কোচিং স্টাফদের কাজ ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে ক্লাব। আলোনসোর অধীনে লা লিগায় শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পায় রিয়াল। তবে ২০২৫ সালের শেষ ভাগে এসে ছন্দ হারাতে থাকে দল। লিভারপুল, সেল্তা ভিগো ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারসহ একাধিক হতাশাজনক ফলাফলের পর বাড়তে থাকে কোচের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন। মাঠের বাইরেও অস্বস্তির খবর সামনে আসে। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোনসোর সম্পর্ক ভালো ছিল না বলে আলোচনা চলছিল। তার কোচিং স্টাইল নিয়ে আপত্তির পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রের প্রকাশ্য ক্ষোভ; বদলি হিসেবে তুলে নেওয়া নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়নস লিগে আলোনসোর অধীনে ছয় ম্যাচে চার জয়ে ভালো অবস্থানেই ছিল দল। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলা সাবেক মিডফিল্ডার আলোনসো কোচ হিসেবে গত গ্রীষ্মে ক্লাবে ফেরেন। তার আগে বায়ার লেভারকুসেনকে ২০২৪ সালে ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা এনে দিয়ে আলোচনায় আসেন তিনি। এবার দায়িত্ব তুলে দেওয়া হলো ৪২ বছর বয়সী আলভারো আরবেলোয়ার হাতে। রিয়ালের সাবেক এই ডানপ্রান্তের ডিফেন্ডার সাত মৌসুমে ক্লাবের হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন। কাস্তিয়ায় তার কোচিং পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই তাকে মূল দলের হাল ধরতে দিল রিয়াল মাদ্রিদ। নতুন কোচের অধীনে মৌসুমের বাকি অংশে রিয়াল কীভাবে ঘুরে দাঁড়ায় সেদিকেই এখন তাকিয়ে সান্তিয়াগো বার্নাব্যু।