ব্রাজিলে সহকারী কোচ হিসেবে কাকাকে চান আনচেলত্তি

ব্রাজিলে সহকারী কোচ হিসেবে কাকাকে চান আনচেলত্তি ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি কার্লো আনচেলত্তি। তবে তার আগমন ঘিরে দেশটির ফুটবল মহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হিসেবে চলতি মৌসুম শেষ হওয়ার পরই আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। এরই মধ্যে তার কোচিং দলের জন্য এক কিংবদন্তির নাম সামনে এসেছে—তিনি আর কেউ নন, কাকা। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ও ২০০৭ সালের ব্যালন ডি’অর জয়ী কাকাকে আনচেলত্তি তার সহকারী হিসেবে চাচ্ছেন ব্রাজিল দলের কোচিং স্টাফে যুক্ত করতে। ব্রাজিলের প্রভাবশালী গণমাধ্যম ‘সিএনএন ব্রাসিল’ জানিয়েছে, আনচেলত্তি চাইছেন তার সঙ্গে এমন একজন অভিজ্ঞ ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার থাকুন, যিনি দেশের ফুটবল সংস্কৃতি, জাতীয় দলের পরিবেশ ও মানসিকতা ভালোভাবে বোঝেন। সেই চাহিদার সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে যায় কাকার নামটি। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এ প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে। তাদের মতে, কাকার মতো একজন কিংবদন্তির উপস্থিতি দলের খেলোয়াড়দের মধ্যে অতীত ও বর্তমানের মাঝে একটি সেতুবন্ধ তৈরি করতে পারবে। এদিকে জানা গেছে, আনচেলত্তির ছেলে ও দীর্ঘদিনের সহকারী কোচ দাভিদ আনচেলত্তি হয়তো বাবার সঙ্গে ব্রাজিলে না। ইতোমধ্যে তিনি নিজেই প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন, যেখানে ইতালির কোমো এবং স্কটল্যান্ডের রেঞ্জার্স ক্লাব রয়েছে আলোচনায়। আনচেলত্তির অধীনে কাকার সোনালি সময় ইতালির এসি মিলান ক্লাবে খেলার সময় কাকা তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেন আনচেলত্তির অধীনে। সেই সময় তিনি ২৭০টি ম্যাচে অংশ নিয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইতালিয়ান লিগ (সিরি আ), ক্লাব বিশ্বকাপ, ইউরোপীয়ান সুপার কাপ এবং ইতালিয়ান সুপার কাপ। ২০০৭ সালে পেয়েছেন ব্যালন ডি’অর। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে তারা আবার একত্র হলেও, কাকা খুব একটা খেলার সুযোগ পাননি। মাত্র দুই মাসের মধ্যেই তিনি ফেরত যান এসি মিলানে।
৭ গোলের মহারণে রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা

৭ গোলের মহারণে রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা লা লিগা শিরোপার আরেক ধাপ কাছে চলে এলো বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ‘এল ক্লাসিকো’তে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু শেষ হাসি হেসেছে বার্সাই। ম্যাচের শুরুতেই আগুন ঝরান এমবাপ্পে। মাত্র ১৪ মিনিটেই জোড়া গোল করে রিয়ালকে এগিয়ে নেন। কিন্তু প্রথমার্ধের মধ্যেই বাজিমাত করে বার্সা—এরিক গার্সিয়া ও লামিন ইয়ামাল একটি করে এবং রাফিনহা করেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন এমবাপ্পে, যা তার অভিষেক মৌসুমে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ড (মোট ৩৯ গোল)। এরপর ফেরমিন লোপেজ একবার জালে বল পাঠালেও হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়। উত্তেজনায় ঠাসা ম্যাচের শেষে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে রিয়ালের থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগের হারের পর দলের কোনো পরিবর্তন না এনে কোচ হান্সি ফ্লিক দেখালেন আস্থা। শুরুতে কিছুটা ক্লান্ত দেখালেও বার্সা দ্রুত ফিরে পায় ছন্দ। গোলরক্ষক ভয়েচেক সেজনি এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ফরাসি তারকা। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। কিন্তু এরপর শুরু হয় বার্সার পাল্টা আক্রমণ। কর্নার থেকে গার্সিয়ার হেডে ব্যবধান কমে আসে। এরপর ১৭ বছরের লামিন ইয়ামাল দুর্দান্ত এক শটে সমতা ফেরান। মুহূর্ত বাদেই রাফিনহা গোল করে দলকে এগিয়ে নেন। এরপর আবারও রাফিনহার গোল—বার্সার আধিপত্য নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামাল আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। পরে এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। শেষ মুহূর্তে রাফিনহার একটি সহজ সুযোগ মিস এবং রিয়ালের তরুণ ভিক্টর মুনিওজের ভুলে আর সমতা ফেরাতে পারেনি রিয়াল। চলতি মৌসুমে এটি বার্সার রিয়ালের বিপক্ষে চতুর্থ জয়—লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে আগেই জিতেছিল তারা। রিয়াল এই মৌসুমে ক্লাসিকোতে মোট ১৬ গোল হজম করেছে—যা তাদের রক্ষণভাগের দুরবস্থার পরিচয় দেয়। অপরদিকে, বার্সার উন্নতি চোখে পড়ার মতো। আগামী বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে বার্সার লিগ শিরোপা। অন্যদিকে, রিয়াল মায়োর্কার বিপক্ষে হেরে গেলে আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা।
ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।
বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন

বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন সাফজয়ী ১৮ নারী ফুটবলার গ্রুপ বেঁধে ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তুচ্ছ অভিযোগ তুলে বিদ্রোহ করেছিলেন। পিটার থাকলে তারা খেলবেন না। পিটারও অবস্থান নিয়েছিলেন। শেষ পর্যন্ত দুই পক্ষের এগিয়ে আসায় আপাতত সমস্যা সমাধান হয়েছে। বিদ্রোহ করা ১৮ ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি সম্পন্ন হয়েছে। ভুটানে লিগ খেলতে গেছেন ১০ ফুটবলার, ঢাকায় বাফুফের ক্যাম্পে রয়েছেন আট ফুটবলার। সবার সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে বাফুফের দাবি। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন। তিনি বলেন, ‘১৮ ফুটবলার চুক্তি করেছে। ১০ জন ভুটানে গেছেন লিগ খেলতে, তারা ওখানে বসে চুক্তিপত্রে স্বাক্ষর করে পাঠিয়েছেন।’ কিছু কিছু ফুটবলারের বেতন বাড়ানো হয়েছে। ৫ হাজার টাকা করে বেড়েছে বলে জানা গেছে। ভুটানের খেলোয়াড়রা কবে আসবেন, তা জানা নেই বাফুফের। লিগ শুরু হবে ১০ মে। খেলার ফাঁকে ফাঁকে লম্বা সময় বিরতি রয়েছে। লিগের খেলা শেষ হবে আগস্ট। নাম বেতন রূপনা চাকমা ৫৫ হাজার শিউলি আজিম ৫৫ হাজার শামসুন্নাহার (সিনিয়র) ৫৫ হাজার মনিকা চাকমা ৫৫ হাজার মারিয়া মান্দা ৫৫ হাজার ঋতুপর্ণা চাকমা ৫৫ হাজার তহুরা খাতুন ৫৫ হাজার শামসুন্নাহার (জুনিয়র) ৫৫ হাজার সানজিদা আক্তার ৫৫ হাজার সাবিনা খাতুন ৫৫ হাজার নিলুফা ইয়াসমিন নিলা ৫৫ হাজার কৃষ্ণা রানী সরকার ৫৫ হাজার মাসুরা পারভিন ৫৫ হাজার মোসাম্মাৎ সাগরীকা ৩০ হাজার সুমাইয়া মাতসুশিমা ৩০ হাজার সাথী বিশ্বাস ২২ হাজার স্বর্ণা রানী মণ্ডল ২২ হাজার নাসরিন আক্তার ২০ হাজার
ইংল্যান্ডে নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করছে এফএ

ইংল্যান্ডে নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করছে এফএ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আগামী মৌসুম থেকে নারী ফুটবলে ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতি আগামী ১ জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ইএসপিএন। শুধু জৈবিক নারীদেরই আইনত নারী হিসেবে স্বীকৃতি দিয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্টে একটি আইন পাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। এক বিবৃতিতে এফএ জানায়, আইন, বিজ্ঞান বা স্থানীয় ফুটবলের জন্য এই নীতি পরিবর্তিত হলে আমরা এই বিষয়ে আবারো পর্যালোচনা করব। সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা নারী ফুটবলে ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করছি। চলতি মৌসুমে ইংল্যান্ডে প্রায় ২০ জন ট্রান্স নারী স্থানীয় লিগে খেলছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, নারীদের খেলায় জৈবিক পার্থক্য রাখার পাশাপাশি আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৬ বিশ্বকাপের লাল জার্সি ঘিরে বিতর্কে উত্তাল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের লাল জার্সি ঘিরে বিতর্কে উত্তাল ব্রাজিল ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি স্কেচ ফাঁস হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্ক কেবল মাঠের খেলা নিয়েই নয়—তা ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনেও। বিখ্যাত ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’ প্রথম খবরটি প্রকাশ করে, যেখানে দাবি করা হয়—পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল ঐতিহ্যবাহী নীল অ্যাওয়ে জার্সির পরিবর্তে পরতে পারে একটি লাল জার্সি, যার ডিজাইনে থাকবে কালো রঙের ছোঁয়া। ১৯১৭ থেকে ১৯১৯ সালের মধ্যে জাতীয় দল যে লাল জার্সি পরত, এই নতুন ডিজাইনটি তারই একটি আধুনিক রূপ বলে ধারণা করা হচ্ছে। সমালোচনার ঝড়, নানান প্রশ্ন ডিজাইনটি সামনে আসতেই তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই এমন পরিবর্তনকে ব্রাজিলীয় ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন। কারও কারও দৃষ্টিতে এটি নিছক ‘অপ্রয়োজনীয় রঙের রাজনীতি’। রাজনৈতিক ব্যাখ্যায় রঙ পায় বিতর্ক বিতর্কটি নতুন মাত্রা পায় যখন ব্রাজিলের রাজনৈতিক মহলেও তা নিয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করে। সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো-সমর্থক ও ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীগুলো জার্সির লাল রঙকে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বামপন্থী রাজনৈতিক দর্শনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। তাদের ভাষায়, “আমাদের পতাকা কখনো লাল হবে না!” ডানপন্থি সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিলও প্রস্তাব করেছেন, যেখানে বলা হয়েছে—ব্রাজিলকে প্রতিনিধিত্বকারী যেকোনো প্রতীক বা পোশাকে কেবল জাতীয় পতাকার রঙ—সবুজ, হলুদ, নীল এবং সাদা—ব্যবহার করা যাবে। সিবিএফ-এর ব্যাখ্যা ও প্রতিক্রিয়া সামগ্রিক প্রতিক্রিয়ার মুখে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, ফাঁস হওয়া ডিজাইনটি কোনোভাবেই চূড়ান্ত নয়; এটি একটি প্রাথমিক খসড়া মাত্র। নাইকি-এর সঙ্গে চূড়ান্ত আলোচনার পরেই নতুন জার্সির বিষয়টি নিশ্চিত করা হবে। একবার হয়েছিল ব্যতিক্রমও ২০২৩ সালে ব্রাজিল একটি প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে কালো জার্সি পরে মাঠে নেমেছিল। সেটি ছিল বর্ণবাদের বিরুদ্ধে একটি প্রতীকী বার্তা, এবং তা এককালীন ব্যতিক্রম হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু এবার লাল জার্সি আনার বিষয়টি যদি সত্যি হয়, তাহলে সেটি হবে স্থায়ী দ্বিতীয় কিট হিসেবে ব্যবহারের লক্ষ্যে—এবং সেখানেই মূলত সমস্যা দেখছে অনেকেই।
রেফারিকে বরফ ছুঁড়ে ছয় ম্যাচ নিষিদ্ধ রুডিগার

রেফারিকে বরফ ছুঁড়ে ছয় ম্যাচ নিষিদ্ধ রুডিগার রিয়াল মাদ্রিদের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। মাঠ ও মাঠের বাইরে কঠিন বাস্তবতার সম্মুখীন লস ব্ল্যাঙ্কসরা। তারা চ্যাম্পিয়নস লিগেরে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে বিধ্বস্ত হয়ে বাদ পড়ে। এরপর শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে হেরে বসে। এই ম্যাচের অন্তিম মুহুর্তে একটা সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির দিকে তেড়ে যেতে চান রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। বেঞ্চের বাকিরা মিলে তাঁকে থামায়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইফ) এমন আচরণের জন্য জার্মান ডিফেন্ডারকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছে। আরএফইফের আচরণবিধির ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞার খড়গও আসতে পারত রুডিগারের উপর। একই ঘটনায় প্রতিক্রিয়া দেখানো লুকাস ভাসকেসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড ব্যালিংহ্যামের লাল কার্ড প্রত্যাহার করে নিয়েছে আরএফইফ। রেফারি রিকার্দো দে বুরহোসের তার রিপোর্টে লিখেন, “বদলি খেলোয়াড় রুডিগার ১২০তম মিনিটে টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মারার কারণে লাল কার্ড দেখেন। তাকে শান্ত করতে দলের কোচিং স্টাফের অনেক সদস্যকে হস্তক্ষেপ করতে হয়, কারণ তিনি আগ্রাসী মনোভাব দেখিয়েছিলেন।”
লিভারপুলের ঐতিহাসিক শিরোপা জয়: অ্যানফিল্ডে উচ্ছ্বাস আর বিজয়ের মহোৎসব

লিভারপুলের ঐতিহাসিক শিরোপা জয়: অ্যানফিল্ডে উচ্ছ্বাস আর বিজয়ের মহোৎসব লিভারপুল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো দুর্দান্ত স্টাইলে, ম্যানচেস্টার ইউনাইটেডের ২০টি লিগ শিরোপার রেকর্ডে সমতা এনে। টটেনহ্যাম হটস্পারকে বিধ্বস্ত করে, অ্যানফিল্ডে তারা উদযাপন করল এক আবেগঘন ও গৌরবময় দিন। আর্নে স্লটের দলকে শিরোপা নিশ্চিত করতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। যদিও সাবেক লিভারপুল স্ট্রাইকার ডমিনিক সোলাঙ্কে শুরুতেই গোল করে এক মুহূর্তের জন্য নাটকীয়তার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই ধাক্কা লিভারপুলকে আরও উজ্জীবিত করে তোলে। মাত্র ১৬ মিনিটে লুইস দিয়াজ, ডমিনিক সোবোস্লাইয়ের পাস থেকে সমতাসূচক গোল করেন। প্রথমে অফসাইডের অভিযোগ উঠলেও, পরে ভিএআরের সহায়তায় গোলটি বৈধ ঘোষণা হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৮ মিনিট পর, আলেক্সিস ম্যাক অ্যালিস্তারর এক অবিশ্বাস্য দূরপাল্লার শটে গোলকিপার গুলিয়েলমো ভিকারিওকে পরাস্ত করে লিভারপুলকে এগিয়ে নেন। ৩৪ মিনিটে কোডি গাকপো দুর্বল টটেনহ্যাম রক্ষণের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন। পুরো অ্যানফিল্ড তখন উৎসবের মঞ্চে রূপ নেয়। দ্বিতীয়ার্ধে লিভারপুল ছিল আরও আগ্রাসী। ৬৩ মিনিটে মোহামেদ সালাহ তার চিরচেনা কাট-ইন করে গোল করেন এবং এরপর গ্যালারি থেকে পাওয়া এক ভক্তের মোবাইল দিয়ে সামনে স্মরণীয় সেলফি তোলেন। আরও ছয় মিনিট পর, সালাহর চাপ সামলাতে না পেরে ডেস্টিনি উদোগি আত্মঘাতী গোল করে লিভারপুলের পঞ্চম গোলটি উপহার দেন। এই জয়ে লিভারপুল ১৯৯০ সালের পর প্রথমবারের মতো সমর্থকদের সামনে লিগ শিরোপা জয় উদযাপন করল। ২০২০ সালের কোভিড মহামারির সময় তাদের শিরোপা জয় ঘটেছিল দর্শকশূন্য স্টেডিয়ামে, তাই এবারের উল্লাস ছিল অতুলনীয়। তিন দশকের অপেক্ষার অবসান প্রায় ৩৫ বছর আগে, ১৯৯০ সালের ২৮ এপ্রিল, কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়ে অ্যানফিল্ডে শেষবারের মতো সমর্থকদের সামনে লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। দীর্ঘ এই অপেক্ষার শেষে এবার অ্যানফিল্ড যেন ফিরে পেল তার হারানো গৌরব। ম্যাচের আগেই লাল ধোঁয়ার মেঘে ঢেকে গিয়েছিল চারপাশ। লিভারপুলের টিম বাস যখন স্টেডিয়ামে পৌঁছায়, তখন থেকেই চারদিকে উন্মাদনা আর বিজয়ের প্রত্যাশা স্পষ্ট হয়ে উঠেছিল। আর্নে স্লট, যাকে অনেকেই ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হওয়ার ‘অসম্ভব কাজ’ হিসেবে দেখেছিলেন, অসাধারণ দৃঢ়তা আর মসৃণ পরিকল্পনায় লিভারপুলকে পুনরায় ইংল্যান্ডের সিংহাসনে বসিয়েছেন — তাও তার প্রথম মৌসুমেই। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে অ্যানফিল্ড জুড়ে ছড়িয়ে পড়ে লাল রঙের ধোঁয়া। স্লট এবং তার সহকর্মীরা মাঠের কেন্দ্রে এসে দাঁড়ান, আর পুরো দল ছুটে যায় কপের সামনে — চ্যাম্পিয়নদের প্রাপ্য শ্রদ্ধা জানাতে।
কোপা দেল রে ফাইনালে ১১ বছর পর মুখোমুখি বার্সা-রিয়াল

কোপা দেল রে ফাইনালে ১১ বছর পর মুখোমুখি বার্সা-রিয়াল সবশেষ ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে কাতালানদের ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা উচিয়ে ধরেছিল লস ব্লাঙ্কোসরা। ১১ বছর পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই স্প্যানিশ জায়ান্ট। শিরোপার লড়াইয়ে আজ এস্তাদিও লা কার্তুজা ডি সেভিলায় বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। গত বুধবার রাতে গেটাফের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিফেন্ডার ডেভিড আলাবা। যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না এই দুই রিয়াল তারকা। এছাড়াও দলের গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিয়সের অফ ফর্ম দলের চিন্তার অন্যতম কারণ।
হঠাৎ স্থগিত চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপ

হঠাৎ স্থগিত চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপ চলতি বছর সাফ চ্যাম্পিয়ন আয়োজন নিয়ে বেশ ধোঁয়াশা ছিল আগে থেকেই। তবে আজ হঠাৎ করেই আসরটি স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাফ। আসরটি ২০২৬ সাল পর্যন্ত পেছানো হয়েছে বলে ঘোষনা দিয়েছেন সংস্থাটি। নিজেদের ওয়েসবাইটে এক বিবৃতিতে বিষয়টি জানায় তারা। আজ সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, সাফের সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। সবশেষ ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। রীতি অনুযায়ী দুই বছর বিরতি দিয়ে এ বছর ফের হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। সম্প্রতি সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ২৪ মে নেপালের কাঠমান্ডুতে সাফ নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সভার আগেই আজ হঠাৎ করে স্থগিতের সিদ্ধান্ত আসল। এ নিয়ে সালাউদ্দিন এখনও কোনো মন্তব্য করেননি। এখন পর্যন্ত ১৪টি সাফ চ্যাম্পিয়নশিপের আসর মাঠে গড়িয়েছে। ভারত সর্বোচ্চ ৯ এবং মালদ্বীপ ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।