ট্রফি বুকে জড়িয়ে দেশে ফেরার অপেক্ষা মোরশেদ আলীর

ট্রফি বুকে জড়িয়ে দেশে ফেরার অপেক্ষা মোরশেদ আলীর সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশের ফুটবলাররা। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ। টাইব্রেকারে বাংলাদেশের প্রথম শটে লক্ষ্যভেদ করা মোরশেদ আলী উচ্ছ্বাস প্রকাশের ভাষাই খুঁজে পাচ্ছেন না। ওই সময়ের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, খুবই এক্সাইটেড ছিলাম, খুবই রোমাঞ্চিত! আর কী বলব, বলার মতো ভাষা নাই। আমরা ইনশাআল্লাহ এইবার চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ। ভামোস! দেশবাসীর সঙ্গে দেখা হচ্ছে! পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকার ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে মোরশেদ আলী লেখেন, গুড নাইট।
আসছে বিশ্বকাপে নতুন যে ৫ নিয়ম আনল ফিফা

আসছে বিশ্বকাপে নতুন যে ৫ নিয়ম আনল ফিফা আসন্ন ফুটবল বিশ্বকাপের আর মাত্র বাকি আড়াই মাস। মহামরণের লড়াইয়ে নামার আগে দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেলে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত এই বৈশ্বিক টুর্নামেন্ট। বিশ্বকাপকে আরো গতিশীল করতে ফুটবলের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা। ক্রীড়াভিত্তিক সংবাদসংস্থা ইএসপিএন সকারের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিশ্বকাপ সামনে রেখে ফিফা ঘোষণা দিয়েছে ৫ নিয়ম পরিবর্তনের। ম্যাচের গতি ধরে রাখা, সময় অপচয় রোধ করা এবং মাঠের রেফারিদের ওপর চাপ কমানোর লক্ষ্যে এই পরিবর্তনগুলো কার্যকর হবে বলে মনে করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার ঘোষিত নতুন ৫ নিয়ম হলো- নির্ধারিত সময়ের মধ্যে বদলি খেলোয়াড়ের মাঠে প্রবেশ যেকোনো ম্যাচেই খেলোয়াড় পরিবর্তনের সময় দলগুলো অযথা সময় নষ্ট করে। বিশ্বকাপের ম্যাচগুলোতে এমন যেন না হয়, সে জন্য খেলোয়াড় বদলের নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে ফিফা। পরিবর্তন হওয়া খেলোয়াড়কে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। এর বেশি সময় নিলে বদলি খেলোয়াড়কে মাঠে প্রবেশের আগে এক মিনিট অপেক্ষা করতে হবে। ওই সময়টা তার দলকে খেলতে হবে ১০ জন নিয়ে। দ্রুততম সময়ে খেলা শুরুর বাধ্যবাধকতা গোলকিক এবং থ্রো-ইনেও সময়ক্ষেপণ খুব সাধারণ একটি বিষয়, বিশেষ করে ম্যাচে এগিয়ে থাকা দল প্রায়ই এই কাজটা করে থাকে। বিশ্বকাপে এমন কিছু যাতে না হয়, তাই গোলকিক ও থ্রো-ইন নিতে হবে পাঁচ সেকেন্ডের মধ্যে। এর বেশি সময় নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে। ম্যাচের সময় খেলোয়াড়েরা চোট পেলে প্রাথমিক চিকিৎসা মাঠেই দেওয়া হয়। ফলে খেলা বন্ধ রাখা হয় সেই সময়ে। বিশ্বকাপে অবশ্য এমন কিছুর সুযোগ থাকছে না। নতুন নিয়মে চোট পাওয়া কোনো খেলোয়াড় চিকিৎসা চাইলে তাকে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় যদি ফাউল করে হলুদ বা লাল কার্ড দেখেন, সে ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। রেফারির সঙ্গে কথা বলবেন শুধু অধিনায়ক রেফারির দেওয়া কোনো সিদ্ধান্ত বিপক্ষে গেলেই তাকে ঘিরে খেলোয়াড়দের জটলা চলে। খেলোয়াড়েরা তর্ক করতে থাকেন রেফারির সঙ্গে। এতে সময়ের অপচয় হয়। খেলার পরিবেশও নষ্ট হয়। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা বা আপত্তি জানানোর এখতিয়ার থাকবে শুধু অধিনায়কেরই। তিনি ছাড়া অন্য কেউ রেফারির দিকে এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখানো হবে। ক্রমেই ফুটবলে বাড়ছে ভিডিও সহকারী রেফারি বা ভিএআরের ভূমিকা। সেই ধারায় ২০২৬ বিশ্বকাপে দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ডের সিদ্ধান্তও পর্যালোচনা করা হবে এই প্রযুক্তি দিয়ে। পাশাপাশি রেফারি যদি কোনো কর্নারের সিদ্ধান্ত ভুল দিয়েছেন বলে সন্দেহ থাকে, তাহলে সেটিও ভিএআরের মাধ্যমে শোধরানো হবে। ফুটবলবোদ্ধাদের মতে, ফিফার এই নতুন নিয়মগুলো কার্যকর হলে খেলায় নাটুকেপনা ও সময় নষ্ট করার প্রবণতা অনেকাংশেই কমে আসবে।
বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে অনিশ্চিত বিশ্বকাপ যাত্রায় নেইমার

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে অনিশ্চিত বিশ্বকাপ যাত্রায় নেইমার ইনজুরি ও ফিটনেস সমস্যায় দীর্ঘ দিন দলের বাইরে ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। বির্তক যেনো পিছু ছাড়ে না এই ব্রাজিলিয়ানের। আসছে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে দলে জায়গা নিতে দেখাতে হবে শতভাগ ফিট। কারণ ব্রাজিলিয়ান বস কার্লো আনচেলত্তির আগেই হুমকি দিয়ে রেখেছেন শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা হারাবেন। এরই মাঝে আবার জন্ম দিয়েছে নতুন বির্তকের। স্কোয়াড ঘোষণার ১৪ ম্যাচ বাকি আছে। সেই হিসেবে ব্রাজিলের ঘরোয়া লিগে নিজেকে প্রমাণের সুযোগ ছিল সান্তোসের হয়ে মাঠে নেমে ভালো পারফর্ম করে। সেই মিশনে এক ম্যাচ খেলতে না খেলতেই কার্ডজনিত নিষেধাজ্ঞায় পড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের পরের ম্যাচ মিস করতে হবে জেনে রেফারির ওপর মেজাজ হারিয়েছেন তিনি। বেফাঁস মন্তব্যের জেরে আরও বড় নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা তৈরি হয়েছে। কারণ মন্তব্যটি ছিল নারী-সম্পৃক্ত বিষয়। এই একই কারণে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পান রেডবুল ব্রাগান্তিনোর ডিফেন্ডার গুস্তাভো মারকুইস। এমন বড় শাস্তি নেইমারও পেতে পারেন বলে উল্লেখ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো। এক প্রতিবেদনে বলা হয়, আনচেলত্তি আগামী ১৮ মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের কোড অব স্পোর্টস জাস্টিস অনুসারে ১০ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন সান্তোস তারকা। ২৪৩-জি অনুচ্ছেদে অপরাধের বর্ণনায় বলা হয়েছে, কুসংস্কারের ভিত্তিতে জাতিগত উৎস, বর্ণ, লিঙ্গ, গাত্রবর্ণ, বয়স, বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তির অবস্থা সম্পর্কিত বৈষম্যমূলক, অবজ্ঞাপূর্ণ বা জঘন্য মন্তব্য কিংবা আচরণ করা। এতে নিষেধাজ্ঞায় পড়লে ভেস্তে যাবে নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্ন। কারণ জাতীয় দলে ডাক পেতে তাকে সান্তোসের আসন্ন ম্যাচগুলো কেবল খেললেই হবে না, পুরোপুরি ফিট থাকার প্রমাণও দেখাতে হবে। ও গ্লোবো’র তথ্যমতে লিঙ্গ-সম্পৃক্ত আপত্তিকর মন্তব্য করলে, তাদের ৫ থেকে ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞায় পড়তে হবে। আর সমর্থক পর্যায়ে এমন অপরাধ সংঘটিত হলে নিষেধাজ্ঞা হতে পারে ১২০ থেকে ৩৬০ দিন পর্যন্ত। এছাড়া ১ লাখ ব্রাজিলিয়ান ডলার পর্যন্ত জরিমানারও সুযোগ রয়েছে।
ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা

ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক শিরোপা জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব দল। তাদের বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য ছাদ খোলা বাসে একটি শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। এই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার গিয়ে শেষ হবে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী ফুটবলারদের। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে ঘিরে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আমন্ত্রণ জানিয়েছে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) শিরোপার লড়াইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতায় যখন ম্যাচের ভাগ্য ঝুলে থাকে, তখন শেষ শট নিতে এগিয়ে আসেন রোনান সুলিভান। গোল হলেই শিরোপা বাংলাদেশের, আর মিস মানেই ভারতের আরেকটি সুযোগ। চাপের সেই মুহূর্তে অবিশ্বাস্য ধীরস্থিরতায় ‘পানেনকা’ শটে বল জালে জড়ান রোনান।
ভারতকে টপকে শিরোপার লক্ষ্যে বাংলাদেশ

ভারতকে টপকে শিরোপার লক্ষ্যে বাংলাদেশ মালদ্বীপের রাজধানী মালেতে আজ রাতে নির্ধারিত হচ্ছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের নতুন চ্যাম্পিয়ন। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত ৯টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। গ্রুপ পর্বে দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। ১-১ গোলে শেষ হওয়া সেই ম্যাচে মাঠের পাশাপাশি ডাগআউটেও উত্তাপ ছড়িয়েছিল। দুই দলের কোচিং স্টাফের একজন করে লালকার্ড দেখেন। সেই উত্তেজনার রেশ নিয়েই এবার ফাইনালের মঞ্চে নামছে দুই দল।
রিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে কাতালানরা

রিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে কাতালানরা মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আক্ষরিক অর্থেই খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুর সবুজ গালিচায় কাল শুরু থেকেই রাজত্ব করেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের হাইভোল্টেজ ম্যাচে রিয়ালকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বার্সা কন্যারা। দুই লেগ মিলিয়ে ১২-২ গোলের পর্বতসম ব্যবধানে এগিয়ে থেকে টানা অষ্টমবারের মতো ইউরোপসেরার লড়াইয়ের শেষ চারে নাম লেখাল বর্তমান চ্যাম্পিয়নরা।
বাড়ল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য

বাড়ল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়েছে গতকাল। এর পরই শুরু হয়েছে বিশ্বকাপের সর্বশেষ টিকিট বিক্রির উইন্ডো। যেখানে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করেছে ফিফা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা! গত উইন্ডোর তুলনায় বুধবার শুরু হওয়া বিক্রয় উইন্ডোতে ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির টিকিটের দাম বেড়েছে। গত ডিসেম্বরে ড্রয়ের পর যখন টিকিট বিক্রি হয়েছিল, তখন ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনাল ম্যাচের ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার ও ‘ক্যাটাগরি ৩’-র দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে। নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের দামও বেড়েছে। টুর্নামেন্টের দুইটি সেমি-ফাইনালের টিকেটের দাম ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে এই উইন্ডোতে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে। ১১ জুন মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ডিসেম্বরের ২ হাজার ৩৫৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ৯৮৫ ডলার হয়েছে। দাম বেড়েছে ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচের টিকিটেরও। নির্দিষ্ট ঘোষণা ছাড়াই টিকিটগুলো ছাড়ায় ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা ফিফার সাইটে অনুসন্ধান করতে হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক লিংকে অনেকেই প্রবেশ করতে পারেননি, যদিও পরে ফিফা জানায় ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে। তবে ১০৪টি ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরো টিকিট ছাড়া হবে বলে জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং মডেলে টিকিট বিক্রি করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়বে বা কমবে। নতুন এই পদ্ধতি গ্রহণ করার ফলে শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
রোমাঞ্চকর ম্যাচে বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

রোমাঞ্চকর ম্যাচে বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই যেন একসঙ্গে দুই বিপরীত আবেগের বিস্ফোরণ। একদিকে উল্লাসে ভাসছে ইরাক, অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছে বলিভিয়া। তবে এই জয়ের পেছনে শুধু ফুটবল নয়—আছে দীর্ঘ সংগ্রাম, অস্থিরতা আর যুদ্ধের ছায়া পেরিয়ে উঠে দাঁড়ানোর গল্পও। আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ইরাক। প্রায় চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলবে মধ্যপ্রাচ্যের দেশটি। শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে কার্যত এগিয়ে ছিল ইরাক। ১০ মিনিটে আল-হামাদির হেডে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষদিকে সমতা ফেরায় বলিভিয়া। তবে বিরতির পর বদলি নামা খেলোয়াড়দের অবদানেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইরাক। শেষ পর্যন্ত আইমেন হুসেইনের গোলে নিশ্চিত হয় জয়। কিন্তু এই জয় কেবল একটি ফুটবল ম্যাচের ফল নয়। বহু বছর ধরে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংকটের মধ্যে দিয়ে যাওয়া একটি দেশের জন্য এটি প্রতীকী প্রত্যাবর্তনও। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগের মধ্যেও মাঠের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল ইরাক। দেশটির ফুটবল কাঠামো দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের মুখে ছিল। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সীমাবদ্ধতা, খেলোয়াড়দের বিদেশে অনুশীলন ও প্রস্তুতি—সব মিলিয়ে পথটা সহজ ছিল না। তবু সেই প্রতিকূলতাকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে ফেরার স্বপ্ন বাস্তবে রূপ দিল তারা। অন্যদিকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েও বিশ্বকাপের টিকিট ছোঁয়া হলো না বলিভিয়ার। পোস্টের নিচে বসে গোলরক্ষক গিলের্মো ভিসকারার অশ্রুসিক্ত মুখই যেন সেই আক্ষেপের প্রতিচ্ছবি। ৪৮ তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটে ইরাক আবারও মনে করিয়ে দিল— ফুটবলে আনন্দ আর বেদনা পাশাপাশি হাঁটে।
দারুণ লড়াইয়ের পর ১-০ ব্যবধানে হার বাংলাদেশের

দারুণ লড়াইয়ের পর ১-০ ব্যবধানে হার বাংলাদেশের দারুণ সূচনা, একের পর এক আক্রমণ; সবকিছুই ছিল বাংলাদেশের পক্ষে। কিন্তু শেষ পর্যন্ত গোলের অভাব আর একটি ভুলের মাশুল গুনে এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার দলকে। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল বাংলাদেশ। প্রথমার্ধের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে কয়েকটি ভালো সুযোগও তৈরি করে তারা। বিশেষ করে ১৪ মিনিটে সাদ উদ্দিনের নিখুঁত ক্রস থেকে সমিত সোমের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়া ছিল বড় আক্ষেপের মুহূর্ত। সেই সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় ৩১ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে হারিস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। এক গোল পিছিয়ে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৪৯ মিনিটেই ফাহামিদুলের বুদ্ধিদীপ্ত খেলায় কর্নার আদায় করে দল। মোরছালিনের নেওয়া কর্নার থেকে হামজাকে লক্ষ্য করে বল ভাসানো হলেও তপুর ফাউলে সম্ভাবনাময় সুযোগটি নষ্ট হয়ে যায়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে লাল-সবুজরা। ৫৫ মিনিটে তপুর লম্বা থ্রো থেকে আরেকটি আক্রমণ গড়ে ওঠে। কিন্তু সিঙ্গাপুরের রক্ষণভাগ তা সহজেই সামাল দেয়। বাংলাদেশ আক্রমণে ধারাবাহিকতা রাখলেও শেষ মুহূর্তে ছিল না প্রয়োজনীয় নিখুঁততা। ৬১ মিনিটে চোটে পড়ে সিঙ্গাপুরের ইরফান ফান্দি মাঠে বসে পড়লে ম্যাচে কিছুটা ছন্দপতন ঘটে। এই সময়েই প্রথম পরিবর্তন আনেন কাবরেরা। ফাহিমের জায়গায় নামেন শাহরিয়ার ইমন। এরপর ৭২ মিনিটে আরও দুটি পরিবর্তন এনে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করা হয়। তবে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ আসে ৭৯ মিনিটে। মাঝমাঠের কাছ থেকে পাওয়া ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে হামজা চৌধুরীর দারুণ ক্রস খুঁজে নেয় মিরাজুল ইসলামকে। কিন্তু তার নেওয়া প্রথম শটটি পোস্টে লেগে ফিরে আসে! সমতায় ফেরার সেরা সুযোগটি হাতছাড়া হওয়ায় হতাশায় ডুবে যায় বাংলাদেশ শিবির। শেষ ১০ মিনিটে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। ৮৫ মিনিটে শমিত সোমের কর্নার থেকে তৈরি সুযোগও কাজে লাগাতে পারেনি দল। ফিরতি বলে তার শট সরাসরি গোলরক্ষকের হাতে জমা পড়ে। অন্যদিকে, সময় ক্ষেপণ ও রক্ষণ জোরদার করতে একাধিক পরিবর্তন আনে সিঙ্গাপুর। শেষ মুহূর্তে চাপ বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ। যোগ করা সময়সহ শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও স্কোরলাইন আর বদলায়নি। ম্যাচজুড়ে পারফরম্যান্সে পিছিয়ে না থেকেও গোলের সামনে ব্যর্থতা এবং রক্ষণে একটি ভুল; এই দুই কারণেই শেষ পর্যন্ত পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে সিঙ্গাপুরের জন্য জয়টি সহজ ছিল না। তবে সুযোগ কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দুয়ের জোড়া গোলে ফ্রান্সের দাপুটে জয়

দুয়ের জোড়া গোলে ফ্রান্সের দাপুটে জয় ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। যেখানে পুরো একাদশই বদলে ফেলেন কোচ দিদিয়ের দেশম। স্কোয়াডের গভীরতাই যেন মেলে ধরলেন তিনি। সেই দল উপহার দিল দারুণ পারফরম্যান্স। তাতে সফলই হলেন ২০১৮ বিশ্বকাপজয়ী কোচ। দেজিরে দুয়ের জোড়া গোলে ৩-১ ব্যবধানে কলম্বিয়াকে হারাল ফরাসিরা। ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশে কিলিয়ান এমবাপে থাকলয়েও ফ্রান্সের বিপক্ষে মাথে নামেন বদলি হিসেবে ৭৮ মিনিটে। এই ম্যাচে গোল না পাওয়ার স্পর্শ করা হয়নি ফ্রান্সের হয়ে অলিভিয়ে জিরুর করা সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ড। অবস্থান করছেন এখনও এক গোল দূরে। হাঁটুর চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন এমবাপে, যে কারণে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও কিছু ম্যাচে খেলতে পারেননি। তুরামের অ্যাসিস্টে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে। এরপর ৭৭ মিনিটে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান জ্যামিন্তন কামপাস। ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স গত জুনের পর থেকে কোনো ম্যাচ হারেনি এবং বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান করছে দুইয়ে। অন্যদিকে ১৩ নম্বরে থাকা কলম্বিয়া এর আগে ক্রোয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল। আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল পাওয়ার দিনে হ্যাটট্রিকেরও সুযোগ ছিল দুয়ের সামনে। তবে ২০ বছর বয়সী এই উইঙ্গারকে ৬৩ মিনিটে তুলে হুগো একিতিকেকে নামান দেশম। এ ছাড়া কিলিয়ান এমবাপেসহ তিনি আরও চারটি বদলি নামান। বিপরীতে কলম্বিয়া তুলে নেয় হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজকে লাতিন দেশটি কাঙ্ক্ষিত গোল পায় ৭৭ মিনিটে। কামপাজ সতীর্থের পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন। বদলি নামা ফরাসি অধিনায়ক এমবাপেও একবার বল জালে জড়ান। তবে গোল বাতিল হয় অফসাইডের কারণে। তার আরেকটি শট গোললাইন থেকে ফেরান কলম্বিয়ান ডিফেন্ডার। তবে ৩-১ ব্যবধানে জয় পেতে অসুবিধা হয়নি ফ্রান্সের। দুই জয় নিয়েই তারা ফিফার মার্চ উইন্ডো শেষ করল। বিপরীতে, ফ্রান্সের আগে ক্রোয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল কলম্বিয়া।