কোহলির জন্যই ক্রিকেটের খবর রাখেন জোকোভিচ

কোহলির জন্যই ক্রিকেটের খবর রাখেন জোকোভিচ টেনিসের কিংবদন্তি নোভাক জোকোভিচ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির জন্যই তিনি ক্রিকেট অনুসরণ করতে শুরু করেছেন। লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ফাঁকে এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, কোহলি তার বন্ধু এবং তিনি তাকে গভীরভাবে শ্রদ্ধা করেন। তার ভাষায়, ‘ভিরাটের কারণেই আমি ক্রিকেট অনুসরণ করা শুরু করি। আগে আমি খোঁজখবর রাখতাম না, কিন্তু তার মাধ্যমে এই খেলাটির প্রতি আগ্রহ জন্মেছে।’ তিনি আরও জানান, কোহলির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন এবং ভবিষ্যতে ভারতে গেলে দু’জন একসঙ্গে সময় কাটাতে চান। জোকোভিচ বলেন, তারা একসঙ্গে টেনিস ও ক্রিকেট খেলে আনন্দ ভাগাভাগি করতে চান এবং খেলাধুলার ইতিবাচক দিক ছড়িয়ে দিতে চান। অন্যদিকে কোহলি এর আগে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জোকোভিচের সঙ্গে তার পরিচয় শুরু হয়। প্রথমে ইনস্টাগ্রামে বার্তা পাঠাতে গিয়ে ভুল বোঝাবুঝিও হয়েছিল, তবে পরে নিশ্চিত হয়ে নিয়মিত যোগাযোগ শুরু হয়। কোহলি আরও জানান, জোকোভিচের বড় অর্জনগুলোতে তিনি নিয়মিত শুভেচ্ছা জানান।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বুমরাহদের বিশ্রামের কথা ভাবছে ভারত

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বুমরাহদের বিশ্রামের কথা ভাবছে ভারত আগামী ২৪ মে আইপিএলের লিগ পর্বের ম্যাচ শেষ হবে। এরপর প্লেঅফ হয়ে ৩১ মে পর্দা নামবে চলমান আসরের। টুনামেন্ট শেষে আগামী ৬ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে অংশ নিবে ভারত। ভোগান্তি এবং চোট এড়াতে গিল, বুমরাহদের মতো প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রামের কথা ভাবছে বিসিসিআই। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, নির্বাচকরা টেস্ট খেলোয়াড় এবং তাদের ফিটনেসের ওপর নজর রাখছেন। টেস্ট খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার মূল কারণ হলো, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি এই ম্যাচে কোনো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। এতে ভারতের অধিনায়ক শুভমান গিল, জসপ্রিত বুমরাহ এবং অন্যান্য টেস্ট খেলোয়াড়রা আফগানিস্তান টেস্টটি এড়িয়ে যেতে পারেন। গুজরাট টাইটানস এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্লেঅফে গেলে গিল, বুমরাহ, মোহাম্মদ সিরাজ বিশ্রাম পেতে পারেন। তবে এ সুযোগে সাই সুধারশনের মতো খেলোয়াড়রা সুযোগ পেতে পারেন। কারণ তিনি ওয়ানডে বা টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ নন। শুধু এই কারণে নয়, এক ম্যাচের টেস্টটি চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। এমন পরিকল্পনায় নির্বাচকরা এমন খেলোয়াড়দের দিকে নজর দেবেন যারা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন এবং এর আগে প্রচুর দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন। শুভমান গিল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের অংশ ছিলেন না। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ ডব্লিউটিসি ম্যাচগুলোর আগে কিছু লাল বলের অনুশীলন করতে চাইবেন। চূড়ান্ত সিদ্ধান্তটি তিনি নিজেই নিতে পারেন। এদিকে প্রথম সারির খেলেয়াড়রা অংশ না নিলে নিয়মিত টেস্ট খেলোয়াড়দের অনুপস্থিতিতে কিছু ঘরোয়া খেলোয়াড় টেস্ট খেলার অভিজ্ঞতা পেতে পারেন। বাঁ-হাতি পেসার গুরনূর ব্রার, বাঁ-হাতি স্পিনার মানব সুথার, জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী প্রথমবারের মতো দলে ডাক পেতে পারেন। এছাড়াও বাড়তি গতি যোগ করার পর নীতীশ কুমার রেড্ডি এখনও আলোচনায় রয়েছেন। আগাসী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলের বড় তারকাদের বেছে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। পরবর্তীতে ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে। এমন সম্ভাবনা রয়েছে, ভারত টি-টোয়েন্টি সিরিজে আইপিএলের অংশ নেওয়া তরুণ খেলোয়াড়দের পরীক্ষা করে দেখতে পারে এবং সব ফরম্যাটের খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারে।
সৌদি আরবে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম বানাবে পাকিস্তান

সৌদি আরবে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম বানাবে পাকিস্তান সৌদি আরবের জেদ্দায় একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভবিষ্যতে এই ভেন্যুতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। লাহোরে অনুষ্ঠিত বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে পাকিস্তানের বাইরে ক্রিকেট সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাটির প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পিসিবি সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য একটি ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ অনুমোদন করেছে। এই উদ্যোগের মাধ্যমে জেদ্দায় একটি পূর্ণাঙ্গ ক্রিকেট অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সৌদি আরব সফর করেন এবং দেশটির প্রিন্স সৌদ বিন মিশাল আল-সাউদের সঙ্গে বৈঠক করেন। সেই সময়ই সৌদি আরবে ক্রিকেট উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে সহযোগিতার বিষয়টি সামনে আসে। বর্তমানে সৌদি আরবে বিপুল সংখ্যক ভারত ও পাকিস্তানি প্রবাসী থাকায় দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। ২০২০ সালে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন গঠনের পর স্থানীয় পর্যায়ে ক্রিকেট কার্যক্রম আরও সংগঠিত হয়। সৌদি আরব ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যপদ লাভ করে এবং ২০১৬ সালে সহযোগী সদস্যের মর্যাদা অর্জন করে।
নাহিদের তোপে দুই শর নিচে থামল নিউজিল্যান্ড

নাহিদের তোপে দুই শর নিচে থামল নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। বাঁচা-মরার ম্যাচে দায়িত্বটা কাঁধে তুলে নিলেন নাহিদ রানা। মিরপুরে আজ গতির ঝড় তুলে নিউজিল্যান্ডকে অল্পতে আটকে দিলেন বাংলাদেশি পেসার। এক ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে নেমে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নাহিদের তোপের মুখে পড়ে অতিথিরা। দলীয় স্কোর ৩০ হওয়ার আগেই পর পর দুই ওভারে ২ উইকেট নেন নাহিদ। মাঝে চতুর্থ উইকেটে মুহাম্মদ আব্বাসকে সঙ্গী করে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন নিক কেলি। ঠিক তখই আবার কিউইদের ধাক্কা দেন নাহিদ। ব্যক্তিগত ১৯ রানে আব্বাসকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। নাহিদকে এ সময় সঙ্গ দেন শরীফুল ইসলাম। তবে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার মূল কাজটা নাহিদই করেন। ডিন ফক্সক্রফট ও জেইডেন লিনক্সকে আউট করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন। মিরপুরেই গত মার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ২৩ বছর বয়সী পেসার। আজ ১০ ওভারে ১ মেডেন ওভার দিয়ে ৩২ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। নাহিদের কীর্তির আগে কেলিকে তুলে নিয়ে নিউজিল্যান্ডের রানের চাকা বন্ধ করে দেন শরীফুল। তাতে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি পাওয়া হয়নি কিউই ওপেনারের। তিন অংক স্পর্শ করতে ১৭ রান প্রয়োজন ছিল তার। ৮৩ রানের ইনিংসটি অবশ্য তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শরীফুল।
প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ রাজশাহীতে

প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ রাজশাহীতে বিভিন্ন সময় সফরকারী দল রাজশাহীতে খেললেও সেগুলো সীমাবদ্ধ ছিল বয়সভিত্তিক ক্রিকেটে। সাম্প্রতিক বছরগুলোতে এমন ম্যাচ নিয়মিত হলেও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে বঞ্চিতই ছিল নগরবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। সোমবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এটিই রাজশাহীর মাটিতে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। সিরিজকে সামনে রেখে রোববার দুপুরে স্টেডিয়াম মাঠে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন দুই দলই। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যেতি বলেন, বিশ্বকাপের আগে এই সিরিজটি দলের জন্য দারুণ প্রস্তুতির সুযোগ তৈরি করেছে। এর আগে এমন সুযোগ খুব একটা পাওয়া যায়নি। নির্বাচকেরা সবকিছু বিবেচনা করেই দল গঠন করেছেন এবং এই সিরিজে পারফরম্যান্সের মাধ্যমে খেলোয়াড়দের নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, সিরিজই এখন প্রধান লক্ষ্য। রাজশাহীতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে দল, যেখানে উইকেট ভালো এবং আবহাওয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করতে পারে।অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাত্তু জানান, এই মাঠে আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও সার্বিক আয়োজন সন্তোষজনক। বিশ্বকাপ সামনে থাকায় সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, উইকেট ব্যাটারদের সহায়ক হতে পারে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তার দল। একই সঙ্গে স্বাগতিক বাংলাদেশ নিজেদের মাঠে ভালো করার চেষ্টা করবে বলেও উল্লেখ করেন তিনি। রাজশাহীতে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, বুধবার ও আগামী শনিবার, প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আন্তর্জাতিক ক্রিকেটে সেকেন্ড টিম থার্ড টিম বলে কিছু নেই

আন্তর্জাতিক ক্রিকেটে সেকেন্ড টিম থার্ড টিম বলে কিছু নেই নিউ জিল্যান্ডের যে দলটা বাংলাদেশ সফরে এসেছে দলটিকে নিশ্চিতভাবেই তাদের দ্বিতীয় কিংবা তৃতীয় সারির দল বলা যায়। দলটির কোচ রব ওয়াল্টার তো বলেই দিয়েছিলেন তাদের ৫৪ ক্রিকেটার বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগে জাতীয় দলের প্রথম সারির সব খেলোয়ড়রা ব্যস্ত। তাইতো বাধ্য হয়ে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশে এসেছে কিউইরা। অথচ সেই দলটাই বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে ২৬ রানের ব্যবধানে হারিয়েছে। জয়ের তীব্র ইচ্ছা, হাল না ছাড়া মানসিকতায় নিউ জিল্যান্ড মাঠে ছিল অনন্য, অসাধারণ। তাদের পেশাদারিত্ব, তাদের সামর্থ্যের প্রশংসা করছে সবাই। শক্তি ও সামর্থ্যে বাংলাদেশ পিছিয়ে নেই। কিন্তু মাঠের ক্রিকেটে পেরে ওঠেনি লাল-সবুজের প্রতিনিধিরা। অতিথি দলটার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশের সেরা ছিলেন শরিফুল ইসলাম। ১০ ওভার হাত ঘুরিয়ে ২৭ রানে ২ উইকেট নেন। প্রতিপক্ষ হিসেবে নিউ জিল্যান্ডকে মূল্যায়ন করতে গিয়ে রোববার শরিফুল মিরপুরে বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সময় সেকেন্ড টিম, থার্ড টিম বলে কিছু নেই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই আন্তর্জাতিকে এসেছে। প্রথম ম্যাচের হারের যন্ত্রণা ভুলে আগামীকাল বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস শরিফুলের, “এখনও আমাদের হাতে দুটি ম্যাচ আছে। আমাদের ওই সামর্থ্য আছে যে আমরা ঘুরে দাঁড়াতে পারব। একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল।। আমরাও ভালো দল।। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।মোস্তাফিজুরের আচমকা চোটে শরিফুল প্রথম ম্যাচে খেলার সুযোগ পান। ১৬ মাস পর ওয়ানডেতে তার প্রত্যাবর্তন হয়। সেদিনের ঘটনা তুলে এনে শরিফুল বলেছেন, “টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলা হলো যে আমি খেলব। রিশাদ তখন বলল, ‘হয়তো তোমার রিজিকে আছে।’ আমি ওভাবেই প্রস্তুতি নিয়েছি, তারপর রানআপ মেপেছি, ওয়ার্ম আপ বোলিং করেছি। কাজেই আলহামদুলিল্লাহ… আল্লাহ রিজিকে রেখেছিল, তার জন্য আর কী। লম্বা সময় পর মাঠে ফিরে পারফর্ম করায় খুশি শরিফুল। কিন্তু দল না জেতায় মন খারাপ তারও, “সবশেষ ওয়ানডে খেলছিলাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তারপর একটা গ্যাপ ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের বাইরে ছিলাম। তবে আমি সবসময় বেসিক কাজগুলা করার চেষ্টা করি আর সুযোগ এলে ভালো করার চেষ্টা করি। নিজের সঙ্গে লড়াই করেছি। সুযোগটা যখন এসেছে, ভালো করার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে মোটামুটি একটা বোলিং করেছি, তবে দিনশেষে আমরা ম্যাচটা হেরেছি।। সেক্ষেত্রে অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে।
৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রীড়া প্রতিবেদকসব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ মে থেকে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়েই শুরু হবে এবারের আসর। আগের মতো এবারও ১২টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। গ্তকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এর আগে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে ১৮ ও ১৯ এপ্রিল দলবদলের তারিখ নির্ধারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলবদলের পরই লিগ ঘিরে ক্লাবগুলোর প্রস্তুতি শুরু হবে। রফিকুল ইসলাম বাবু বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাঠের মান উন্নয়নে কাজ চলছে। আম্পায়ারিং থেকে শুরু করে উইকেট—সবকিছু আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। ক্রিকেটারদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, গরমের কথা বিবেচনায় লাঞ্চের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠে অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম রাখার পরিকল্পনাও রয়েছে। আম্পায়ারিং নিয়ে অতীতের বিতর্ক দূর করার বিষয়ে তিনি বলেন, আম্পায়ারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। উইকেটের মান নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খেলোয়াড়রা যেন স্পোর্টিং উইকেট পান, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে এবং অভিজ্ঞ কিউরেটররা এ কাজে নিয়োজিত আছেন।
ছয় ম্যাচ শেষে জয়শূন্য কলকাতা, গড়লো লজ্জার রেকর্ড

ছয় ম্যাচ শেষে জয়শূন্য কলকাতা, গড়লো লজ্জার রেকর্ড চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চরম বাজে সময় পার করছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬ ম্যাচ খেলে এখনও জয়শূন্য শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার (১৭ এপ্রিল) গুজরাটের কাছে ৫ উইকেটে হারের পর নতুন লজ্জার নজির গড়েছে কলকাতা।আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকলো কেকেআর। প্রথম দল হিসেবে লজ্জার এই নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম)। তারা ২০১২ সালের আইপিএলের প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। আর দ্বিতীয় দল হিসেবে ২০১৩ সালে দিল্লি ডেয়ার ডেভিলস (তৎকালীন নাম) মৌসুমের প্রথম ছ’টি ম্যাচে জয় পায়নি। ২০১৯ সালে একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও। ২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। পঞ্চম দল হিসেবে এই তালিকায় নাম উঠলো তিনবারের চ্যাম্পিয়ন কলকাতার। ইডেন গার্ডেন্সের পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পায় কলকাতা। বাকি পাঁচ ম্যাচেই হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। ফলে মৌসুমের প্রথম ছ’টি ম্যাচ খেলে এখনও জয়শূন্য নাইট শিবির। পয়েন্ট টেবিলে ১০ নম্বরে রয়েছে শাহরুখের দল।
আসন্ন ডিপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন বিজয়

আসন্ন ডিপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন বিজয় সবশেষ বিপিএলসহ ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে দেখা যায়নি এনামুল হক বিজয়কে। মূলত ফিক্সিং সন্দেহে তালিকায় নাম থাকায় খেলা হয়নি তার। আসন্ন ডিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এবার বিজয়। তার আগে মোহামেডানের হয়ে আজ শনিবার দলবদল শেষ করেছেন। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় বলেন, ‘আসলে একদম ১০০ ভাগ তৈরি বলবো না যেটা খুবই সত্য। কিন্তু আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে এবং মানসিক প্রস্তুতি নিয়েছি সাথে অনুশীলনও করছিলাম গত কিছুদিন ধরে। তাই আশা করি প্রিমিয়ার লিগের আগেই খুব ভালোমতো ১০০ ভাগ তৈরি হয়ে যাবে। আরও যোগ করেন, ‘চারপাশ যতই দেখছি আমার কাছে মনে হচ্ছে যে অনেক নেতিবাচকতা, অনেক মন্তব্য করা হয়। ইতিবাচক কোনো কিছু দেখি না আমরা। যেকোনো সামাজিক মাধ্যমে তাকালেই মন্তব্যের মধ্যে শুধু নেতিবাচক কথা। তো আমি চাই যে এই জিনিসটা ইতিবাচকভাবে সবাই কথা বলুক। একটা ইতিবাচক শক্তি সবার মধ্যে থাকুক। নেতিবাচক জিনিসগুলো আমরা পেছনে রেখে দিই। বিসিবির কাছে নিজের চাওয়ার কথা জানিয়ে বিজয় বলেন, ‘আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করে এবং এটা এখনো চাই, এটা আলাদা কিছু না। এবং আমার ব্যক্তিগতভাবে সভাপতির সাথে কথা হয়েছে এবং বিসিবির সাথে কথা হয়েছে তারা আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সাথে কথা বলেছে এবং আশা করি এই জিনিসটা চলমান থাকবে। আমি যে কিছু করিনি সেই জিনিসটা স্বীকার করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা এবং আমাকে জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এভাবে না এভাবে বর্ণনা করা হয়েছে। দেখেন সংবাদমাধ্যমেও কিন্তু একেকজন একেকভাবে এটাকে বর্ণনা করেছে এবং বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপস্থাপন করছে আমাকে। পরে আবাহনী মোহামেডান খেলা নিয়ে বিজয় বলেন, ‘ছোটবেলার স্বপ্ন ব্যাপারটা এরকম না কিন্তু আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আবাহনী-মোহামডান আবাহনী-মোহামডানকে চিন্তা করে। সেই হিসাব করতে গেলে তো অবশ্যই এটা একটা বড় দল। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, আমি প্রাইম ব্যাংকার হয়ে খেলেছি। তো এবার একটা সুযোগ এসেছে এরকম একটা বড় দলে খেলার এবং বিজয়ী দলে খেলতে পারলে মানসিকতা সবদিক থেকে বিজয়ীদের মতোই থাকে।
মিরপুরে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

মিরপুরে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা। ডেথ ওভারের শুরুতে দলীয় ১৮৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তারপর ব্লেয়ার টিকনারের তোপ। ১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন টিকনার। শেষ জুটিতে হৃদয় ছক্কা মেরে ৫৮ বলে ফিফটি করেন। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে তিনি ক্যাচ হন। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ। তাতে ২২১ রানে থেমে যায় ইনিংস। এর আগে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ভালো হলো না নিউজিল্যান্ডের। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটি পরও ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থামল কিউইদের ইনিংস। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।