প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ রাজশাহীতে

বিভিন্ন সময় সফরকারী দল রাজশাহীতে খেললেও সেগুলো সীমাবদ্ধ ছিল বয়সভিত্তিক ক্রিকেটে। সাম্প্রতিক বছরগুলোতে এমন ম্যাচ নিয়মিত হলেও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে বঞ্চিতই ছিল নগরবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। সোমবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এটিই রাজশাহীর মাটিতে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। সিরিজকে সামনে রেখে রোববার দুপুরে স্টেডিয়াম মাঠে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন দুই দলই। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যেতি বলেন, বিশ্বকাপের আগে এই সিরিজটি দলের জন্য দারুণ প্রস্তুতির সুযোগ তৈরি করেছে। এর আগে এমন সুযোগ খুব একটা পাওয়া যায়নি। নির্বাচকেরা সবকিছু বিবেচনা করেই দল গঠন করেছেন এবং এই সিরিজে পারফরম্যান্সের মাধ্যমে খেলোয়াড়দের নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, সিরিজই এখন প্রধান লক্ষ্য।

রাজশাহীতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে দল, যেখানে উইকেট ভালো এবং আবহাওয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করতে পারে।অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাত্তু জানান, এই মাঠে আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও সার্বিক আয়োজন সন্তোষজনক। বিশ্বকাপ সামনে থাকায় সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, উইকেট ব্যাটারদের সহায়ক হতে পারে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তার দল। একই সঙ্গে স্বাগতিক বাংলাদেশ নিজেদের মাঠে ভালো করার চেষ্টা করবে বলেও উল্লেখ করেন তিনি। রাজশাহীতে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, বুধবার ও আগামী শনিবার, প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।