শিবগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

শিবগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শিবগঞ্জ পৌরসভা এলাকায় সড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধভাবে স্থাপনা সরিয়ে নিতে ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন। আজ বিকেলে পৌর এলাকার নিউ মার্কেট, গমপট্টি ও পৌর মার্কেটসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, পৌর এলাকার সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশনার পাশাপাশি সর্তক করা হয়েছে। একই সঙ্গে উপজেলা ভূমি অফিসের সামনে হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্টের ড্রেনেজের উপর চুলা তৈরি করায় তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় হোটেল মালিককে সাতদিনের মধ্যে চুলা সরিয়ে নিতে নির্দেশনাও দেয়া হয়। তিনি আরও বলেন, পৌর মার্কেটের পূর্বপাশে গড়ে উঠা ফুটপাত দখলমুক্ত করতে বাড়তি সর্তক করা হয়েছে। তাছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আগামী দুদিন মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে। এরপরও যারা ফুটপাত দখল করে যত্রতত্রভাবে গড়ে উঠা অবৈধ দোকানপাট নিজ দায়িত্বে সরিয়ে না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মৃধা চাঁন ও কোষাধ্যক্ষ হাফিজুর রহমান সুমনসহ অন্যান্যরা।
চাঁপাইনবাবগঞ্জে ১৭০০ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ পাউবো’র

চাঁপাইনবাবগঞ্জে ১৭০০ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ পাউবো’র শিবগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় ১৭০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী, ঝাইলপাড়া গ্রামে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি আরো বলেন-আপনারা দেখতেই পাচ্ছেন, পদ্মার নদীর ভাঙনের কারণে এই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে নদী ভাঙনের কারণে খুবই খারাপ অবস্থায় রয়েছে। পদ্মা নদীর অন্যান্য এলাকায় পাড় বেঁধে ফেলা হয়েছে। বাকি ২৫ কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। এমনকি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, সরকার অনুমোদন দিলেই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা যাবে। ২৫ কিলোমিটার এলাকায় নদী রক্ষা বাঁধ নির্মাণ হলে পদ্মা নদীতে আর কোনো পাড় বাঁধায়ের কাজ থাকবে না এবং এতে ফসলী জমি ও বসতবাড়ি রক্ষা করা যাবে। বস্থায়ীভাবে বসতবাড়ি ও ফসলী জমি রক্ষার জন্য এই বড় প্রকল্পটি প্রয়োজন আছে এবং সরকারও এই অর্থের সংস্থান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার ২৫ কিলোমিটার পদ্মা নদীর এলাকাজুড়ে বাঁধ নির্মাণ করা হবে। এরমধ্যে ৪ কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে। আশা করছি, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে বাকি সকল ধাপ সম্পন্ন করতে পারব। প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার ৮০০ শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে শাড়িগুলো বিতরণ করা হয়। এর মধ্যে ধাইনগর, মনাকষাসহ কয়েকটি ইউনিয়নে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী নিজে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন। এ সময় তিনি বলেন- ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার ৮০০ শাড়ি বিতরণ করা হলো। ইকর’অ-র ঈদ উপহার পেল ৫০ পরিবার চাঁপাইনবাবগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বল্প আয়ের ৫০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ। শনিবার সকালে জেলাশহরের বিশ্বরোড মোড়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ও সমাজসেবক ওমর ফারুক, সভাপতি ওবায়দুল হক, সহসভাপতি শাহিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য মাশরাফি, সংগঠনের সদস্য বাঁধন, হাসান আলীসহ অন্যরা। ঈদের উপহারের মধ্যে ছিল- আতপ চাল, লাচ্চা সেমাই, চিনি, সয়াবিন তেল, দুধ, পাপড়, নুডলসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সংগঠনটির সভাপতি ওবায়দুল হক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন- স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ-র পক্ষে থেকে ৫০টি পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে। এটি সামান্য হলেও পরিবারগুলোকে ঈদ উদ্যাপনে সহায়তা করবে। ভবিষ্যতে বড় পরিসরে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিবগঞ্জে “সেবা সংস্কৃতিতে আমরা” এর উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ “সেবা সংস্কৃতিতে আমরা” সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জে গরিব মেহনতি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ এবং ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। সংগঠনের সভাপতি আবু মহারিপের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল, ৭১ টিভি ও সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন, ডেইলি ট্রাইবুনাল জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, প্রভাষক নুরতাজ আলম সহ অন্যরা।
শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচ সন্তানের জননী রুলিয়ারা বেগম (৪৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া রুলিয়ারা উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর-সাহাপড়া নুরেশ মোড় গ্রামের শরিফুল ইসলামের প্রথম স্ত্রী। শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় স্বামী শরিফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী শরিফুল ইসলাম পুলিশি হেফাজতে রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে।
শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ক্রিকেট ব্যাট হারিয়ে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। একই সঙ্গে কয়েকটি দোকানপাটে ভাঙচুরের পর লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মনাকষা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা ও খড়িয়াল শেখটোলা গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে নামোটোলা গ্রামের যুবকদের একটি ব্যাট হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে ঘটনাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। সংঘর্ষ চলাকালে অন্তত ২০-২৫টি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় পুলিশ। এ সময় পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এছাড়া মনাকষা বাজারের কয়েকটি দোকানে ভাঙচুরের পর লুটপাটের অভিযোগ ওঠে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি শিবগঞ্জে অগ্নিকা-ে আমের আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আড়ৎ মালিক উপজেলার পারদিলালপুর গ্রামের আইনাল হকের ছেলে আরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোবড়া বাজারে একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিভাতে গেলেও সক্ষম হতে পারিনি। তবে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের আনার আগের সব পুড়ে যায়। আরিফুল ইসলামের আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। নিজ বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত আরিফুল ইসলাম বলেন, প্রতি বছর ধোবড়া বাজারে আমের আড়ৎ করে সংসার চালায়। অন্যান্য সদস্যদের নিয়ে কোন রকমে সংসার চালায়। আড়তে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী। এতে আমি একেবারের নিঃশ^ হয়ে পড়েছি। আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি আইনের কাছে আশ্রয় নিবো। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমার সংসারের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আড়ৎ মালিক জানিয়েছেন, তার ৬ হাজার ক্যারেট পুড়েছে। তবে প্রাথমিক ধারণা- লাখ টাকার ক্ষতি হয়েছে তার। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি

ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী এবং সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম ২৮ মার্চ শুক্রবার থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন বন্ধ থাকবে। বন্ধ শেষে আগামী ৬ এপ্রিল রবিবার যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে। তবে এ সময় পণ্য লোড-আনলোড, গুদামজাত, পরিবহনের মত কিছু আভ্যন্তরীন কার্যক্রম চালু থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন যৌথভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে। ইতমধ্যে আমদানী ও রপ্তানীকারক গ্রুপ পত্রের মাধ্যমে বন্দর কার্যক্রম বন্ধের বিষয়টি দুই দেশের সকল সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পক্ষকে জানিয়ে দিয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, টানা ৯ দিন ছুটির মধ্যে আগামী ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর ২৯ মার্চ রোববার থেকে শুরু হবে টানা ৮ দিনের ঈদের ছুটি। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, বন্দর বন্ধ থাকলেও ঈদের দিনসহ প্রতিদিনই খোলা থাকবে ইমিগ্রেশন। ফলে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতে গমন প্রতিদিনই যথারীতি চালু থাকবে।
শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া গোলাম আজম (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার আবদুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ে একটি গোখাদ্যের দোকান রয়েছে আজমের। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে দোকান থেকে ইফতারির জন্য নিজ বাড়ি যাচ্ছিলেন গোলাম আজম। এ সময় শেখটোলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এদিকে রবিবার বিকেল সোয়া ৫টায় শেখটোলা কেন্দ্রীয় গোরস্থানে গোলাম আজমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
শিবগঞ্জে ট্রাক চাপায় কৃষক নিহত

শিবগঞ্জে ট্রাক চাপায় কৃষক নিহত শিবগঞ্জে ট্রাক চাপায় মোজাম্মেল হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সকালে বাইসাইকেলযোগে নিজ জমিতে কাজ করতে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, আল বশরী সোহান, আসাদুল আলী, মামুন, মুকুল, শাহাদাৎ হোসেন ও হাফেজ শামিম হোসাইন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইজরায়েল। এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে ইজরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান বক্তারা। ফিলিস্তিনে ও গাজায় মুসলমানদের হামলা ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের নিকট পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। ফিলিস্তিনে হত্যা ও গাজায় হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয় সমাবেশে। এদিকে, ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরবতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজের পর রহনপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা কলোনিমোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের শিক্ষক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, মাওলানা শাহজালাল, তৌহিদ বিন মুফাজ্জল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র হিজবুল্লাহসহ অন্যরা। বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানানো হয়। সমাবেশ শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।