আমি ভীষণ মিথ্যেবাদী ছিলাম: জয়া আহসান

আমি ভীষণ মিথ্যেবাদী ছিলাম: জয়া আহসান দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান। আজ ঢাকা তো কাল কলকাতা—এভাবেই চলছে তার দিনকাল। নতুন কাজের জন্য এখন কলকাতায় অবস্থান করছেন জয়া। বেশ সময় ঢাকায় অবস্থান করে এবার কলকাতায় গিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কাজ নিয়ে যেমন কথা বলেছেন, তেমনই ব্যক্তিগত নানা বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করেছেন জয়া। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, জয়া আহসানের ভালো থাকার চাবিকাঠি কী?  এ প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, “আমি তো বরাবরই প্রকৃতির কাছাকাছি থাকা মানুষ। আমার নিজের একটা জগৎ আছে, আমার পোষ্যদের নিয়ে দিনের অনেকটা সময় কাটে। ওগুলোই আমাকে ভালো রাখে। পাশাপাশি বোধহয় আমি ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই বলে জীবনে জটিলতা কম। আমাকে বাইরে থেকে মানুষ যেভাবে চেনেন, সেটা জয়া আহসানের ইমেজ, ভেতরের মানুষটা সম্পূর্ণ আলাদা।” ছোটবেলার এমন কোনো স্মৃতি আছে, যা এখনো আপনার মনে ছাপ রেখেছে? জবাবে জয়া আহসান বলেন, “আমি ছোট থেকেই একটু অন্যরকম ছিলাম। একা থাকতে ভালো লাগত, আর কল্পনা প্রবণতা তো আমার শুরু থেকেই ছিল। এখন বললে অনেকে ভুল বুঝবেন, আমি ভীষণ মিথ্যেবাদী ছিলাম। নিজের মনে যা বিশ্বাস করতাম, তাই বলতাম। আর সবাই সেটা বিশ্বাসও করে নিত। এখনো অনেক সত্যি উদঘাটন হলে সবাই চমকে ওঠে। এই সমস্যার উৎপত্তির কারণ আমার জানা নেই। কিন্তু একটা সমস্যা যে ছিলই সেটা বুঝেছি। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছি।” জয়া আহসানের পরবর্তী সিনেমা ‘ওসিডি’। সিনেমাটিতে জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামে একজন চিকিৎসকের চরিত্রে। অতীতের ধূসর ছায়া যেন তার পুরো জীবন জুড়ে লেপ্টে আছে। মনের গভীরে জমে থাকা অন্ধকার তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। একসময় তার অতীত সম্পর্কে এক রোগী জেনে যাওয়ার পর শ্বেতার জীবনে নেমে আসে ভয়াবহ পরিণতি। আশপাশের মানুষজন এবং যারা তার বিরুদ্ধাচরণ করে, তাদের প্রতি ক্রমশ বিতৃষ্ণ হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত শ্বেতার পরিণতি কী, তার উত্তর মিলবে ‘ওসিডি’ সিনেমার গল্পে।  সৌকর্য ঘোষাল পরিচালিত এ সিনেমা আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, অনসূয়া মজুমদার, কনীনিকা ব্যানার্জি প্রমুখ।

৪৮ ঘণ্টা কারাগারে নুসরাত ফারিয়া: লতি দিয়ে খেয়েছেন ভাত, ভেঙে গেছে প্রেম

৪৮ ঘণ্টা কারাগারে নুসরাত ফারিয়া: লতি দিয়ে খেয়েছেন ভাত, ভেঙে গেছে প্রেম বিদেশ যাবার সময় ২০২৫ সালের মে মাসে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী নুমরাত ফারিয়া। এরপর কয়েকদিনের কারাভোগ করতে গিয়ে জীবনের বৈচিত্রময় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। অচেনা মানুষদের কাছ থেকে পাওয়া মানবিকতা তাকে অবাক করেছিল। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন, গ্রেফতার হওয়ার পর তার প্রেমও ভেঙে গেছে। ভয়ে তার সঙ্গে আর যোগাযোগই করেনি তার প্রেমিক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক পডকাস্টে তিনি সেইসব অভিজ্ঞতার জানান। জেলে থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনো তাদের সঙ্গে দেখা হবে কি না, তাও জানি না।’ ফারিয়ার ভাষ্য, ‘কারাগারে কাটানো ৪৮ ঘণ্টা তাকে নতুনভাবে মানুষ চিনতে শিখিয়েছে।’ তিনি বলেন, ‘এটা থেকে অনেক কিছু শিখেছি। সবাইকে বদলে যেতে দেখেছি। ওই সময়ে একজনের সঙ্গে আমি সম্পর্কে ছিলাম। জেল থেকে বের হওয়ার পর সে আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করেনি। মানুষের ওপর থেকে আস্থা-ভালোবাসা উঠে গেছে এরপর থেকে। কাছের বন্ধুরা সোশ্যাল মিডিয়া থেকে আমার সঙ্গে তোলা ছবি মুছে দিয়েছে। আমি বিপদে পড়েছি বুঝতে পেরে অনেকে যোগাযোগ বন্ধ করে দেয়। ওই ৪৮ ঘণ্টায় আমি বুঝে গেছি, কে আমার আপন, আর কে নয়।’ ২০২৫ সালের ১৮ মে গানের ভিডিওর শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া। সময়মতো বিমানবন্দরে পৌঁছান। কিন্তু ফারিয়া জানতেন না, তার জন্য অপেক্ষা করছিল অন্য কিছু। বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে পুলিশ। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ১৯ মে ফারিয়ার জামিন নামঞ্জুর হলে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয় তাকে। পরদিন ২০ মে জামিন হয় নুসরাত ফারিয়ার। জেল থেকে ফিরে এসে মানসিক অবসাদে ভোগার কথাও জানিয়েছিলেন তিনি। তবে সেই অবস্থা দ্রুত কাটিয়ে ওঠেন। এত দিন গ্রেফতার ও জেলের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেননি ফারিয়া। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের এক পডকাস্টে সেই অভিজ্ঞতা জানালেন তিনি।   ফারিয়া জানান, মামলার বিষয়টি অত গুরুত্ব দেননি সে সময়। কারণ, জুলাই অভ্যুত্থানের সময় তিনি ছিলেন কানাডায়। ফারিয়া বলেন, ‘আমি শুনেছিলাম আমার নামে একটা মামলা হয়েছে। কিন্তু আমি যেহেতু সে সময় দেশে ছিলাম না, তাই এটা নিয়ে সিরিয়াস ছিলাম না। সেদিন থাইল্যান্ডে যাচ্ছিলাম আমার গানের শুটিংয়ে। এয়ারপোর্টে যাওয়ার আগেও ভাবিনি, এ রকম কিছু হতে পারে। ইমিগ্রেশন শেষ করে লাউঞ্জে বসে আলু ভাজি আর রুটি খাচ্ছিলাম। এরপর কী হয়ে গেল বুঝতে পারছিলাম না। তাৎক্ষণিক আমার মা ও শিক্ষককে ফোন করি। আটকের পর আমাকে অনেক প্রশ্ন করা হয়। একসময় তারা বুঝতে পারেন, আমি এর সঙ্গে জড়িত নই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পরদিন সকালে প্রথমবারের মতো আমি এজলাসে দাঁড়াই; যেটা এত দিন শুধু সিনেমায় দেখে এসেছি।’ ফারিয়াকে গ্রেফতারের পর শোবিজের সহকর্মী থেকে শুরু করে সাধারণ অনেক মানুষ, যারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারিয়া। অভিনেত্রী আরও জানান, এখনো সেই মামলা শেষ হয়নি। প্রতি মাসে আদালতে হাজিরা দিতে হয় তাকে। এ ঘটনার পর অনেকে তাকে নিয়ে কাজ করতে ভয় পান বলেও জানান ফারিয়া।

গোপন ছবি তুলে নারীকে ব্ল্যাকমেইল, আবার গ্রেফতার হতে পারেন নোবেল

গোপন ছবি তুলে নারীকে ব্ল্যাকমেইল, আবার গ্রেফতার হতে পারেন নোবেল নানা বিতর্কে জড়ানো, বেফাঁস মন্তব্য করা যেন ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী নোবেলের স্বাভাবিক চরিত্র। গ্রেফতার হয়ে কারাবাসও করেছেন তিনি। আবারও গ্রেফতার হতে পারেন গায়ক নোবেল। অর্থ আত্মসাৎ, প্রতারণাসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় এই তরুণ শিল্পীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন। ভুক্তভোগী নারীর আইনজীবী সাজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে উপস্থাপিত অভিযোগ ও প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এতে পর্ণোগ্রাফি অভিযোগ আনা হয়েছিলো। মামলাটি আদালতে গত বছরের ১৩ আগস্ট করা হয়। ঘটনা তদন্তে দায়িত্ব পেয়েছিলো পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী অভিযোগ করেন নোবেল বিভিন্ন সময়ে তার গোপন ছবি তুলে সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতেন। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পারিবারিকভাবে নোবেলের সঙ্গে তার বিয়ের উদ্দেশ্যে এনগেজমেন্ট সম্পন্ন হয়। তবে শারীরিক সম্পর্কের জন্য নোবেল চাপ সৃষ্টি করলে তিনি তাতে সম্মতি দেননি। ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, পরবর্তীতে ওই গোপন ছবি দেখিয়ে নোবেল তাকে ভয়ভীতি প্রদর্শন করে ২০ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন। আইনজীবী সাজিদুল ইসলাম বলেন, আদালত এসব অভিযোগ আমলে নিয়ে নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

১৬ সেকেন্ডে শাকিবের বাজিমাত!

১৬ সেকেন্ডে শাকিবের বাজিমাত! ষোলো সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুক! গায়ে কাটা দিয়ে ওঠার মতো বিজিএম! সেখানে মুখভর্তি দাঁড়ি, মাথায় লম্বা চুল, চোখে সানগ্লাস, হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক! পরনে কালো গাউন, মারকাটারি অ্যাকশন লুক! বলছিলাম, আসন্ন ঈদে মুক্তি টার্গেট করে প্রকাশিত ‘প্রিন্স’ সিনেমার ফার্স্টলুক মোশন লুকে শাকিব খানের ঝলকের কথা। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এই ফার্স্টলুকে নজর কেড়েছেন এই মেগাস্টার। এর মাধ্যমে সিনেমাটিতে শাকিবের চরিত্রের ইঙ্গিত পাওয়া গেল। বোঝা গেল, তিনি একজন গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন। একইসঙ্গে মোশন লুক ইঙ্গিত দিচ্ছে, এ যাবতকালের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে ‘প্রিন্স’। প্রকাশিত লুক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সংশ্লিষ্টরা ক্যাপশনে বলেছেন, “সে ক্ষমতার পিছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।” শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে বাকি কাজ শেষ করার জোর চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। ‘প্রিন্স’ সিনেমার ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এতে শাকিব ছাড়াও অভিনয় করছেন— তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর। আরো আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিষ্কার করেন, তারা যে গল্প নিয়ে ‘প্রিন্স’ নির্মাণ করছেন-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা স্রেফ গুজব ছাড়া কিছু নয়। তিনি বলেন, “এটি বড় আয়োজনের কমার্শিয়াল সিনেমা।”

আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক: পরীমণি

আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক: পরীমণি প্রায় ৩ বছর আগে ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিবাহবিচ্ছেদ হয়েছে। এই সংসার ভাঙার পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা চলছিল। অবশেষে সেই আলোচনার ইতি টানলেন পরীমণি।  সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ, ব্যক্তিগত সম্পর্ক এবং তৃতীয় পক্ষের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।  এ আলাপচারিতায় পরীমণি পরিষ্কারভাবে বলেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়; কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে যে চেষ্টা করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।” বিনোদন অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও তুলে ধরেন পরীমণি। তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে—আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা।” এ প্রসঙ্গে শরিফুল রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানান অভিনেত্রী। পরীমণির ভাষায়, “আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।” বলে রাখা ভালো, ২০২২ সালের জানুয়ারিতে পরীমণি অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন শরিফুল রাজ। একই সময় তারা তাদের বিয়ের বিষয়টিও নিশ্চিত করেন। দুজনের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। পরবর্তীতে ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের পুত্র সন্তান। তবে সন্তান জন্মের কিছুদিন পর থেকেই সম্পর্কে টানাপড়েন শুরু হয়। আলাদা হওয়ার পর দুজনই বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। সবশেষে ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়।  বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই দুই তারকা। পরীমণিকে চলতি বছর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ফেলুবক্সী’ সিনেমায় দেখা গেছে। সম্প্রতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত একই নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’ শিরোনামে দুটো সিনেমা। অন্যদিকে, শরিফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। বর্তমানে তিনি ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’ নামে দুটি নতুন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আরশের সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন সুনেরাহ

আরশের সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন সুনেরাহ এ সময়ের আলোচিত তারকা জুটি সুনেরাহ বিনতে কামাল ও আরশ খান। বেশ কিছু কাজ জুটি বেঁধে করেছেন তারা। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই যুগল। যদিও এই গুঞ্জন উড়িয়ে দাবি করেছেন “তারা সহকর্মী হিসেবে বন্ধু, এর বেশি কিছু নয়।” ফের যুগল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনার জন্ম দিলেন সুনেরাহ। সোমবার (২ ফেব্রুয়ারি) আরশ খানের জন্মদিন। এ উপলক্ষে গতকাল রাতে সুনেরাহ তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গাড়ির পেছনের সিটে বসে সেলফিবন্দি হয়েছেন সুনেরাহ-আরশ।  এ ছবির ক্যাপশনে সুনেরাহ লেখেন, “শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, তিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন।” আরশের জন্য শুভকামনা জানিয়ে সুনেরাহ লেখেন, “তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। ভালোবাসা ও আশীর্বাদ রইল। সামনে আসা বছরটি তোমার জন্য সুন্দর ও সফল হোক।” সবকিছু ঠিক থাকলেও সুনেরাহর এই ক্যাপশন নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, “দুজনকে বেশ মানিয়েছে।” কেউ কেউ বলছেন, “অটুট থাকুক এই ভালোবাসা।” মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে আরশের এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এই জার্নিতে একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তবে গত এক বছর ধরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে। কাজ করতে গিয়েই তাদের মাঝে তৈরি হয়েছে বন্ধুত্ব।

মার্কিন মুলুকে মুখোমুখি বরিশালের দুই তারা

মার্কিন মুলুকে মুখোমুখি বরিশালের দুই তারা নাটক-সিনেমায় তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন বরেণ্য অভিনেত্রী তানিয়া আহমেদ। নির্মাতা হিসেবেও তার আলাদা পরিচিতি রয়েছে। অন্যদিকে, চলচ্চিত্রের জনপ্রিয় মুখ জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায়।  মজার ব্যাপার হলো—এই দুই তারকা বরিশাল অঞ্চলের মানুষ। তানিয়া আহমেদের জন্ম পটুয়াখালীতে, আর জায়েদ খানের শৈশব-কৈশোর কেটেছে পিরোজপুরে। সেই বরিশালের দুই তারকাই এবার মুখোমুখি হয়েছেন সাত সাগর তেরো নদীর ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।  জায়েদ খানের উপস্থাপনায় নির্মিত জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন তানিয়া আহমেদ। প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারিত হওয়ার পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে অনুষ্ঠানটি।  বিশেষ এই পর্বে উপস্থাপক জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তানিয়া আহমেদ তুলে ধরেছেন তার দীর্ঘ অভিনয়জীবনের গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের নেপথ্যের নানা কথা এবং কিছু অজানা মুহূর্ত। খোলামেলা আলোচনা, আন্তরিক কথোপকথন আর তারকাখচিত উপস্থিতিতে পর্বটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, অনুষ্ঠানটি আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।  উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। একই বছরের আগস্ট মাসে দেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি আর বাংলাদেশে ফিরেননি। মাতৃভূমিতে ফেরার আগ্রহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।

ট্রলিং নিয়ে মুখ খুললেন বুবলী, চাইলেন সাইবার ক্রাইমের সহযোগিতা

ট্রলিং নিয়ে মুখ খুললেন বুবলী, চাইলেন সাইবার ক্রাইমের সহযোগিতা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রলিংয়ের শিকার হন অভিনয়শিল্পীরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন তিনি।  সম্প্রতি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে ইদানিং মেয়েরা মেয়েদেরকে বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, বলতে বাধ্য হচ্ছি- তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয়, এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ, আমাদের ইসলামে গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়। এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে নায়িকা বলেন, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বুবলী, এমন গুঞ্জন বাজারে ছড়িয়েছে। অবশ্য বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রহস্য রেখেছেন তিনি। বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি তাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন।

আমরা অভিভাবকতুল্য একজন মানুষকে হারালাম: শাকিব খান

আমরা অভিভাবকতুল্য একজন মানুষকে হারালাম: শাকিব খান পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য, কিংবদন্তি অভিনেতা ও বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গনে। প্রিয় শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই। দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান শোক প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জাভেদের সাদা-কালো একটি ছবি পোস্ট করে শাকিব খান লেখেন, “চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।”শরীরিভাবে পৃথিবী থেকে বিদায় নিলেও জাভেদ বেঁচে থাকবেন তার কর্মে। এ তথ্য উল্লেখ করে শাকিব খান লেখেন, “তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।” বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাভেদ। তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন বর্ষীয়ান এই শিল্পী।  জাভেদের স্ত্রী ডলি চৌধুরী বলেন, “আজ সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ মারাত্মক অবনতি হয়। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। এক পর্যায়ে বাসায় রেখে চিকিৎসা চালানো হচ্ছিল। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স নিয়মিত এসে তাকে দেখতেন। সকালে নার্সরা এসে জানান, তার শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”  ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ইলিয়াস জাভেদ। কায়সার পাশা পরিচালিত উর্দু ভাষার সিনেমা ‘মালান’–এ প্রথম নৃত্য পরিচালনা করেন তিনি। ১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে তার অভিষেক ঘটে। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমায় শাবানার বিপরীতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন দর্শকপ্রিয় নায়ক।  জাভেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—মালকা বানু, অনেক দিন আগে, শাহজাদী, নিশান, রাজকুমারী চন্দ্রভান, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নরম গরম, তিন বাহাদুর, চন্দন দ্বীপের রাজকন্যা, চোরের রাজা, জালিম রাজকন্যা প্রভৃতি।

শাকিবের সঙ্গে ছুটি কাটানোর পর থেকে মা হওয়ার গুঞ্জন, যা বললেন বুবলী

শাকিবের সঙ্গে ছুটি কাটানোর পর থেকে মা হওয়ার গুঞ্জন, যা বললেন বুবলী প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পেরোতেই আবারও মা হতে যাচ্ছেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। শোবিজ অঙ্গনে যখন এমন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নে রহস্যময় জবাব দিলেন অভিনেত্রী। সেই কৌশলী উত্তর যেন তার মা হওয়ার গুঞ্জন আরও উস্কেই দিলো। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে  শবনম বুবলী দীর্ঘ ছুটি কাটান। এরপরই প্রকাশ্যে আসে বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। অনুষ্ঠান শেষে কাজ ও ব্যক্তিজীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী। রহস্যময় ভঙ্গিতে তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবেই, সেটাকে আমি সম্মান করি। সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত কোনো প্রোগ্রাম হবে তখনই এসব বিষয় নিয়ে কথা বলা উচিত। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।’ ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও নিজের অসন্তোষের কথা জানান বুবলী। তিনি বলেন, ‘আমি একাধিক নিউজ দেখেছি যেখানে আমার বক্তব্য না নিয়েই লেখা হয়েছে-‘বুবলী বলেছেন’। এটা ঠিক নয়। অনেক সময় বলা হয়, ফোনে আমাদের পাওয়া যায় না। আসলে শুটিংয়ে থাকলে ফোন ধরা সম্ভব হয় না। তখন অন্তত একটি মেসেজ আশা করি। মেসেজের উত্তর না দিলে সেটার মানে আমরা আপাতত ওই বিষয়ে কথা বলতে চাইছি না। অথচ আমার সঙ্গে কথা না বলেই বক্তব্য বানিয়ে নেওয়া হয়, যা সত্যিই দুঃখজনক।’  বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বুবলী। রোজার ঈদেও দেখা যাবে তার নতুন সিনেমা।