চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন, প্রতিষ্ঠানের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। মহানন্দা প্রবীণ নিবাসে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিরতণ করা হয়েছে। গত বুধবার রাতে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় অবস্থিত প্রবীণ নিবাসের নিবাসীদের মধ্যে কম্বলগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসকের সহধর্মিণী ও কন্যাসহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, মহানন্দা প্রবীণ নিবাসের পক্ষে ডা. মো. আব্দুস সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০ জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। এ উপলক্ষে সিসিডিবি নাচোল শাখা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মাহফুজ আলমের সভাপতিত্বে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সিসিডিবির চাঁপাইনবাবগঞ্জ এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জের শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, হিসাবরক্ষক সুনি পাহান, মাঠ সংগঠক আব্দুল কাদের ও সোহেল রানা এবং তানজিরুল ইসলাম। অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ-অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে ই-কমার্স ও লালসবুজ ডটকম প্ল্যাটফরম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণে উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) শাহনাজ বেগম নীনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এস নাজিমুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফারুক ইকবাল, প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এছাড়া তথ্যকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ সদরের তথ্যসেবা কর্মকর্তা আছিয়া খাতুনসহ জেলার সকল উপজেলার তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল উপজেলা থেকে ১০ জন করে মোট ৫০ জন লালসবুজ.কম’র উদ্যোক্তাকে দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হয়। গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাপ্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার ‘তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জানানো হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনযাত্রা আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।
শিবগঞ্জে মতবিনিময় ও সমন্বয় সভা

শিবগঞ্জে মতবিনিময় ও সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত ইউএনও মো. আজাহার আলীর মতবিনিময় ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক ও সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সাদিকুল ইসলাম। সভায় শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দুর্গাপুর মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ। লিখিত বক্তব্যে তিনি বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিকদের সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করে বলেছেন, যারা বাস, মিনিবাস ও যাত্রীবাহী কোচে কর্মরত রয়েছেন, আপনারা অতিসত্বর আপনাদের সংগঠনে যোগদান করুন। আপনাদের একটি টাকাও খরচ লাগবে না। আপনারা যারা প্রকৃত মোটরের সদস্য ড্রাইভার, হেলপার, সুপারভাইজার ও ক্লিনার আছেন, আপনাদের জন্য রেজি. নং- রাজ ৩০৬৩ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (যাত্রীবাহী) সংগঠনটির দরজা খোলা রয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। একটি টাকাও আপনাদের ব্যয় করা লাগবে না। শহিদুল ইসলাম আরো বলেন- আমাদের সংগঠনের চালিকাশক্তি, সার্ভিস চার্জ। আমরা বাস, মিনিবাস ও যাত্রীবাহী কোচ পরিবহন মালিকগণের কাছ থেকে সংগঠন পরিচালনা ব্যয় বাবদ ৩০ টাকা সার্ভিস চার্জ নিই। আমাদের সংগঠনটি বৈধ রেজি. নং- রাজ ৩০৬৩ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (যাত্রীবাহী) আমাদের সার্ভিস চার্জ উত্তোলনের জন্য আমরা আগামীকাল থেকে কার্যক্রম শুরু করব। এ জন্য সর্বস্তরের মহোদয়গণের সার্বিক সহযোগিতা কামনা করছি। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার, বিআরটিএ, সকল থানার অফিসার ইনচার্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপসহ বাংলাদেশ সমগ্র কোচ প্রোপ্রাইটরদের অবহিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান শহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ যুলমাতসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভুয়া পরিচয় দেয়ায় দুজন আটক

ভুয়া পরিচয় দেয়ায় দুজন আটক চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে বাংলাদেশ বিমানবাহিনীর একজন ভুয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী ও তার এক সহযোগী আটক হয়েছেন। বুধবার বিকেল ৫টায় জেলার সদর উপজেলার পেয়ারাবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদ্বয় হলেন- বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ভুয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী মো. শাহরিয়ার সুলতান বাবু (৪১) ও তার সহযোগী মো. আবু সালেহ বায়েজিদ (২৬)। শাহরিয়ার সুলতান বাবু পেয়ারাবাগান শ্মশানঘাট এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। আর বায়েজিদ তারুনবাড়ী এলাকার মো. সাদেকুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, শাহরিযার সুলতান বাবু কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সেনাক্যাম্পে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। ফোনে কথোপকথনের সময় তিনি নিজেকে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন পরিচয় দিয়ে তার ও তার সহযোগীর একটি পারিবারিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর সহায়তা চান। পরবর্তীতে ৮ জানুয়ারি তিনি তার পারিবারিক সমস্যার বিষয়ে কথা বলতে ক্যাম্পে আসেন। সেনা সদস্যদের সাথে কথা বলার সময় তার দেওয়া তথ্য ও পরিচয় সম্পর্কে যথেষ্ট সন্দেহ হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তির পিতা বাংলাদেশ বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং বড়ভাই ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট। সেনাবাহিনী ও র্যাব বিস্তারিত তদন্তের জন্য তার এলাকায় গেলে তার দেওয়া পরিচয় এবং সমস্ত তথ্য ভুয়া প্রমাণিত হওয়ায় তাদেরকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।
মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লিয়াকত আলী নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুুপরে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডিত লিয়াকত আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোনাপাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বটতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ লিয়াকত আলীকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাবের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আতাউর হোসেন তদন্ত শেষে লিয়াকত আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দন্ড প্রদান করেন।
গোমস্তাপুরের চৌডালায় শীতবস্ত্র বিতরণ

গোমস্তাপুরের চৌডালায় শীতবস্ত্র বিতরণ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নাচোলে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাচোলে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাচোলে খোলসি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চেয়ারম্যান ইসমাইল হক অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান। এছাড়া আরো বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, সহকারি প্রোগ্রামার (আইসিটি) সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মির্জাপুর কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, খোলসি দ্বীমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও খাতিজা খাতুন মিম। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, “নতুন উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।” পরে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রেস্তাাঁরা ও ফার্মেসীর অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রেস্তাাঁরা ও ফার্মেসীর অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা টাস্কফোর্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে একটি রেস্তোরা ও একটি ফার্মেসিকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। আজ দুপুরে নতুনহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লিমা ফার্মেসি ও বিনয় মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৪৩ ধারায় অর্থদন্ড করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী,সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হাই প্রমুখ।
অধ্যাপক গোলাম কবিরের দাফন সম্পন্ন

অধ্যাপক গোলাম কবিরের দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান রাজশাহী কলেজের সাবেক শিক্ষক, লেখক, গবেষক অধ্যাপক গোলাম কবির মো. নূরুল হুদার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আরামবাগ পোল্লাডাঙ্গা গোরস্থানে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ শিক্ষক, মরহুমের ছাত্রসহ বহু মানুষ অংশগ্রহণ করেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজিউন)। অধ্যাপক গোলাম কবির চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা মহল্লার মাওলানা হেশাম উদ্দিনের ছেলে এবং প্রয়াত সাংবাদিক অধ্যাপক জিকেএম শামসুল হুদার ছোট ভাই ও সাংবাদিক শহীদুল হুদা অলকের চাচা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।