চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা করা আমাদের অঙ্গীকার” এই স্লোাগনে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার রেজাউল করিম। এই সময় আরও উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, জেলা কালচার অফিস ফারুকুর রহমান ফয়সলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত শিশু, অভিভাবকসহ সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সোনামসজিদে ১৮ কেজি ইলিশ ও ভারতীয় ট্রাকসহ চালক আটক

সোনামসজিদে ১৮ কেজি ইলিশ ও ভারতীয় ট্রাকসহ চালক আটক শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন ইমিগ্রেশন চেকপোষ্টে বন্দরে আসা পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক পণ্য খালাসের পর পূণরায় ভারতে ফিরে যাবার সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ ওই  ট্রাকে করে চোরাচালানের চেষ্টাকালে বিজিবির তল্লাশীতে আটক হয়েছে। এ সময় মাছ ও  ট্রাকটি জব্দ করা হয় ও ট্রাক চালককে আটক করা হয়। আটক চালক ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চাণ্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে অলক মন্ডল। ৫৯বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, আজ সকালে  ইলিশ চোরাচালানের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ভারতীয় নাগরিককে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মাছগুলি কাষ্টমস এর মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস  উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস  উদযাপন ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি-প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ-মাহবুব-উল ইসলাম। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন, গণপূর্ত বিভাগ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন, উপ বিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি প্রকৌশলী খোন্দকার নাদিম মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী সত্যজিৎ রায়, ফিরোজ হোসেন প্রমুখ। বক্তারা দিবসের গুরুত্ব তুলে ধরেন।

ক্ষতির মূখে ১৬ হাজার বিঘা জমির ফসল ও  ৮,১১৫ জন কৃষক

ক্ষতির মূখে ১৬ হাজার বিঘা জমির ফসল ও  ৮,১১৫ জন কৃষক চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে সেপ্টেম্বরে প্রথম দফার পর অক্টোবরের শুরুত্ইে দ্বিতীয়বারের মত বাড়তে শুরু করেছে পদ্মা,মহানন্দা,পূণর্ভবা সহ জেলার নদ-নদীগুলোর পানি। তবে জেলার সব নদীই এখনও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রধান নদী পদ্মা এই দফায় এখনও গত দফার সর্বোচ্চ বৃদ্ধি অতিক্রম না করলেও মহানন্দা  ও পূণর্ভবা করেছে।  এদিকে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও অব্যহত রয়েছে।  গত দফার বৃদ্ধিতে পুরোপুরি বন্যা পরিস্থিতি সৃস্টি না হলেও সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার নদীতীরবর্তী  বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দি  হয়  বেশ কয়েক হাজার পরিবার। ক্ষতিগ্রস্থ হয় নদীতীরবর্তী নীচু জমির ফসল। চলতি দফায় জেলার আরও দুটি উপজেলা নাচোল ও ভোলাহাটের নি¤œাঞ্চলও  মহানন্দা ও পূণর্ভবার পানিবৃদ্ধিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষি বিভাগ বলছে, এখন পর্যন্ত পানিবৃদ্ধিতে ক্ষতির মূখে ২ হাজার ২২৫ হেক্টর জমির ফসল ও ৮ হাজার ১১৫ জন কৃষক। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার কিছু নীচু জমিতে পানি ঢুকে পড়েছে। পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার। গত ২৫ সেপ্টেম্বর পদ্মা সর্বোচ্চ ২১.৩০ মিটারে প্রবাহিত হয়। যা ছিল বিপৎসীমার ৭৫  সেমি নীচে।  এরপর পদ্মা কমতে শুরু করে। গত মঙ্গলবার (১ অক্টোবর)  ২০.৬৮ মিটার পর্যন্ত কমার পর গত বুধবার (২অক্টোবর)  সকাল থেকে আবারও বাড়তে শুরু করে।  ৪ সেমি বেড়ে প্রবাহিত হয় ২০.৭২ মিটারে। আজ সন্ধ্যা ৬টায় পদ্মা  ২০. ৯৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ নতুন করে পদ্মা ২৫ সেমি বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ৮ সোিম। চাঁপাইনবাবগঞ্জের অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। গত দফায় নদীটি  ২৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ১৯.১৪ মিটারে প্রবাহিত হবার পর কমতে শুরু করে।  ৩০ সেপ্টেম্বর নদীটি সর্বনি¤œ ১৯.০০ মিটারে প্রবাহিত হবার পর গত মঙ্গলবার থেকে আবার বাড়ছে।  আজ সন্ধ্যায় নদীটি প্রবাহিত হচ্ছিল ১৯.২৮ মিটারে। বিগত ২৪ ঘন্টায় নদীটি ৬ সেমি বেড়েছে। যা গত দফার সর্বোচ্চ বৃদ্ধির তুলনায় ১৪ সেমি বেশি। জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি আজ সন্ধ্যা পর্য়ন্ত বিগত ২৪ ঘন্টায়  ৮ সেমি বেড়ে  ১৯.৮৮ মিটারে প্রবাহিত হচ্ছিল। এর বিপৎসীমা ২১.৫৫ মিটার। জেলা পনি উন্নয়ন বোর্ড নির্বাহি প্রকৗেশলী এস.এম আহসান হাবিব বলেন, উজানে ভারতে বৃষ্টিপাতই  আবার এই বৃদ্ধি কারণ। দেশে ও জেলাতেও বৃষ্টিপাত বেড়েছে।  আরও ২/৪ দিন পানি বাড়তে পারে। তবে এখনও বন্যার কোন পূর্বাভাস না থাকলেও  আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কৃষি বিভাগ জেলায় গত দফার বন্যায় ১ হাজার ৯৮৯ হেক্টর জমির ফসল ও ৬ হাজার ৮১০জন কৃষকের ক্ষতির হিসাব করেছিল ( ২৫ সেপ্টেম্বর পর্যন্ত)। শুক্রবার রাতে জেলা কৃষ্টি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, মহানন্দা ও পূণর্ভবা নদীর পানি গত দফার চেয়ে এ দফা আরও বেশিতে প্রবাহিত হওয়ায় নতুন করে  ২৩৫.৫ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। ক্ষতির মূখে পড়েছেন আরও ১ হাজার ৩০৫ জন কৃষক। ক্ষতিগ্রস্থ ফসলের প্রায় ৯৫ শতাংশই মাসকলাই। তবে  জনপ্রতিধিসহ বিভিন্ন সূত্র এই ক্ষতির পরিমান আরও অনেক বেশি বলে দাবি করেছেন।

নাচোলে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন

নাচোলে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেই সঙ্গে স্মারকলিপিও দেয়া হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোল উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। বিকেল ৩টায় নাচোল বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ অংশ নেন। মানববন্ধন শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকামের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। এসময় নাচোল উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক আলহাজ মাইনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণীর গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাসের যোগ্যতায় নার্সরা জাতীয় পে-স্কেলের ১০ম গ্রেড পাচ্ছেন। একইভাবে উচ্চ মাধ্যমিকসহ ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি কর্মকতারা ১০ম গ্রেড, পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পাচ্ছেন। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান বেতন হয় ১৩তম গ্রেডে। এই বৈষম্য দূর করার জোর দাবি জানান বক্তারা।

বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার

বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল এইসব উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১০/২-এস কাছ দিয়ে ২ জন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি সদস্যরা। একপর্যায়ে ওই দুই ব্যক্তি বিজিবর টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। লে. কর্নেল মো. মনির-উজ-জামান আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি সীমান্ত রক্ষায় বিশেষ টহল পরিচালনা করছে।

কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল

কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল চাঁপাইনবাবগঞ্জে ‘ছাত্র-জনতার মঞ্চ’ আয়োজিত কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল নেমেছিল। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এনায়েতুল্লাহ নামের একজন স্বাগত বক্তব্য দেন। প্রথমে শিশুরা পরিবেশন করেন একটি ইসলামী সংগীত। এরপর মহানন্দা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা শোনান আরো একটি সংগীত। পরে ঢাকার জনএম্পেয়ার, রাজশাহী শিল্পী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সন্ধানী ও ফোয়ারা সাংস্কৃতিক সংসদ কাওয়ালি পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গম্ভীরা। অনুষ্ঠানে ছাত্র-জনতার মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ ও সদস্য সচিব আব্দুল্লা আল মারুফসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈষব্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চাঁপাইনবাবগঞ্জ ছাত্র-জনতার মঞ্চ’র ব্যানারে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কাওয়ালী ও নাশিদ’ সন্ধ্যার আয়োজন করা হয়।

গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, বিএমডিএ কর্মকর্তা আহসান হাবীব।

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকালে রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। রহনপুর পূর্ণভবা মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মুনিরুজ্জামান, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ভোলাহাট উপজেলার একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক, শিবগঞ্জ উপজেলার বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক, নাচোল উপজেলার মানবতার ফেরিওয়াল আব্দুল গনি ফিটু। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৪ জন আক্রান্ত : হাসপাতালে ভর্তি ১০ রোগী

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৪ জন আক্রান্ত : হাসপাতালে ভর্তি ১০ রোগী চাঁপাইনবাবগঞ্জে বুধবার ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৪ জন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে এই ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ জনে। এদিকে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি আছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।