গোদাগাড়ীতে র‌্যাবের হাতে ২ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে র‌্যাবের হাতে হেরোইনসহ গ্রেপ্তার ১ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ২ কেজি হেরোইনসহ সাইফুল ইসলাম(৪২) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। সে নাটোরের সিংড়া থানার চকগোপাল এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। র‌্যাব জানায়,গতকাল রাত ৯টার দিকে গোদাগাড়ীর সিএন্ডবি মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর অভিযান চালিয়ে হাতেনাতে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় সরবরাহ জড়িত। তার বাড়ি নাটোর হলেও সে প্রায়ই গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করত। গোয়েন্দা সূত্রে সাইফুলের সন্দেহজনক চলাফেরার খবরে র‌্যাব নজরদারি বাড়িয়ে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সা তল্লাশী করে যাত্রীবেশী সাইফুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।

ভোলাহাটে কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

ভোলাহাটে কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ ভোলাহাট উপজেলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় এসব সার-বীজ বিতরণ করা হয়। উপজেলা কুষি কর্মকর্তা কুষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে কৃষকদের হাতে সার-বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা খাতুন, উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুল ইসলামসহ উপকারভোগী কৃষকবৃন্দ। উপজেলার ৪টি ইউনিয়নের ৬শ’ ৫০জন কৃষকের মাঝে ৫ কজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি বিতরণ করা হয়।

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সভা

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সভা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিসেফ’র পক্ষে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ জাতীয় অফিসের জেন্ডার অফিসার তহমিনা হক, শিশু সুরক্ষা স্পেশালিস্ট মনিরা হাসান, শাবনাজ জাহেরিন, এস বি বি স্পেসালিস্ট তানিয়া সুলতানা, শিশু সুরক্ষা অফিসার (রাজশাহী ও রংপুর বিভাগ) জেসমিন হোসাইন, সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ অফিসার (রাজশাহী ও রংপুর বিভাগ) মনজুর আহম্মেদ। এসময় তারা চাঁপাইনবাবগঞ্জের বাল্যবিয়ের কারণ ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক কুদরত ই খুদা, পুরোহিত রানা প্রতাপ, ইসলামী চিন্তাবিদ মো. আবু হানিফ, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার, অতিরিক্ত দায়িত্ব) উম্মে সুমাইয়া, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেনদেনিক সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলা এই সভার আয়োজন করে।

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই ফসলের আবাদ বৃদ্ধির ল„ক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আবদুন নুর, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৪৫০ জন কৃষকের মধ্যে মাসকালাই ও ৫৫০ জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে।

কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার

কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের বা গ্রুপের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না। পুলিশ আইনের মধ্যে থেকেই তার দায়িত্ব পালন করবে। পুলিশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীন কাজ করছে। বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথাগুলো বলেন। চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার হিসেবে তার যোগদান উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে জেলা পুলিশ। পুলিশ সুপার বলেন, মাদকের মতন খারাপ জিনিস হয় না, মাদক জাতিকে ধ্বংস করে দেয়, কাজেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে পুলিশ, পুলিশের কোনো সদস্যও যদি জড়িত থাকে এবং তার বিরুদ্ধে যদি তথ্যপ্রমাণ মিলে তাহলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আয়নাঘর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, চাঁপাইনবাবগঞ্জে কোনো আয়নাঘর থাকবে না, আইনের আলোকে যতটুকু সময় আটকে রাখার বিধান আছে, ততটুকুই রাখা হবে। এখানে কীভাবে এটা হয়েছে তা আমি দেখছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন- কোনো ঘটনা ঘটলে তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো একজন অফিসারকে দায়িত্ব দেয়া থাকবে অথবা যে থানার অধীন ঘটনা ঘটবে সেই থানার ওসি কিংবা এসআই তথ্য দিবেন। যদি না দেন তাহলে আপনারা আমাকে ফোন করবেন। জরুরি কোনো বিষয় হলে প্রয়োজনে একাধিকবার ফোন করবেন। অথবা মেসেজ দেবেন। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, কোনো বক্তব্য নেয়ার পর যদি দেখেন কোনো অসামঞ্জস্য থেকে গেছে তাহলে সেই বক্তব্যটুকু বাদ দেবেন। পুলিশ সুপার রেজাউল করিম বলেছেন, জঙ্গি নাটক তদন্ত করা হবে। তবে শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, সারাদেশে যেসব ঘটনা ঘটেছে তা কর্তৃপক্ষ তদন্ত করছে। পুলিশ বিশাল একটা বাহিনী, এটি একটি বড় কাজ। নবাগত পুলিশ সুপার বলেন- দেখেন ৫ আগস্টের পর মাঠপর্যায়ে পুলিশের যে স্থবিরতা তা আস্তে আস্তে কাঠিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। সেটার জন্য আগের সেটআপকে বদলি করা হচ্ছে এবং নতুন সেটআপ হচ্ছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে। আমাদের এখান থেকেই প্রায় ৫০-৬০ জন বদলি হয়ে গেছে, সেই জায়গায় নতুন লোক আসবে। আমি বলতে পারি, পুলিশ ইতোমধ্যেই সক্রিয় হয়ে গেছে। তবে আরেকটু সময় লাগবে, আপনারা সহযোগিতা করেন। স্থানীয় গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ করে পুলিশ সুপার বলেন- আমার প্রতিদিন সকাল হলেই স্থানীয় পত্রপত্রিকা দেখার প্রয়োজন। ঢাকার পত্রিকার খবর পরে দেখলেও চলবে কিন্তু স্থানীয় সংবাদ আগে দেখার দরকার। কারণ, কোনো সংবাদের গুরুত্ব থাকলে সেই বিষয়ে পদক্ষেপ নেয়া জরুরি, তা না হলে হয় বড় ধরনের ঘটনা ঘটে যাবে। তাই স্থানীয় পত্রপত্রিকাকে অধিক গুরুত্ব দিই। পুলিশ সুপার মতবিনিময়কালে বলেন- আমি জেনে খুবই খুশি হলাম, এখানে কমিউনিটি রেডিও আছে। সুযোগ পেলে রেডিওটি পরিদর্শনের ইচ্ছে ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকরিয়া। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাব-চাঁপাইনবাবগঞ্জ’র সভাপতি কামাল সুকরানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দেশের বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধিগণ। এছাড়া স্থানীয় পত্রিকা হিসেবে দৈনিক চাঁপাই দৃষ্টির প্রকাশক ও সম্পাদক এমরান ফারুক মাসুম, দৈনিক গৌড় বাংলার প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন, দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু এবং চাঁপাই চিত্রের নির্বাহী সম্পাদক ওয়ালিউজ্জামান রুবেল উপস্থিত ছিলেন। পরিচয়পর্বের পর সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন পুলিশ সুপার। এসময় তিনি জানান, দেশের পরিস্থিতির উন্নতির সাথে সাথে আমাদের জেলার সমস্যাগুলো সমাধান করা হবে। এই জন্য কিছুটা সময় প্রয়োজন। উল্লেখ্য, ২৫তম বিসিএসের সদস্য পুলিশ সুপার রেজাউল করিম এর আগে সিরাজগঞ্জে পিবিআইয়ে কর্মরত ছিলেন। বরগুনা জেলার পাথরঘটা উপজেলার বাসিন্দা রেজাউল করিম ১৯৯২ সালে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৪ সালে বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ২০০০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স), এমএসএস ডিগ্রি অর্জন করেন ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালের ২১ আগস্ট পুলিশ বাহিনীতে যোগ দেন। পুলিশ সুপার রেজাউল করিম ২ কন্যাসন্তানের জনক।

চাঁপাইনবাবঞ্জে পদ্মা’র তীরবর্তী ধানের জমিতে ১৪টি রাসেলস ভাইপার সাপ মারল কৃষকরা

চাঁপাইনবাবঞ্জে পদ্মা’র তীরবর্তী ধানের জমিতে ১৪টি রাসেলস ভাইপার সাপ মারল কৃষকরা শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী পাঁকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গমেরচর জামাইপাড়া এলাকার নদীঘেঁষা একটি ধানক্ষেতে আজ, গতকাল ও গত সোমবার ৩ দিনে বড়, ছোট ও মাঝারি তিন আকৃতির ১৪টি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরে নদীতে ভাসিয়ে ও মাটিতে পুঁতে ফেলেছে জমির মালিক ও স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, পদ্মাপাড়ের ওই এলাকায় বহুপূর্ব থেকেই রাসেলস ভাইপারের উপদ্রব রয়েছে। কয়েকটি দূর্ঘটনাও ঘটেছে অতীতে। কৃষকরাসহ স্থানীয় সকলেই সাপটির প্রজাতি ভাল করে চেনে ও জানে। ইন্টারনেটের কারণে এখন তারা ওই সাপ সহজেই শনাক্ত করতে পারে বলেও দাবি স্থানীয়দের। গত ৩দিনে সাপগুলি কেটে রাখা ধানের নীচে পাওয়ার পর লাঠি দিয়ে পিটিয়ে মারার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিস্ট ইউপি সদস্য মো.জালাল, গ্রাম পুলিশ জমশেদ আলী,২বিঘা ওই জমির মালিক কৃষক ইব্রাহীমের(৫৬) ছেলে সৈয়বুর(২৬) ও স্থানীয় বাসিন্দা শাহিন(২৮)। জানা গেছে, কেটে জমিতে ফেলে রাখা ধান গত সোমবার সকাল ১০টার দিকে আঁটি বাঁধতে গেলে ধানের নীতে সাপ দেখতে পান ইব্রাহীম ও তার ছেলেরা। তারা সোমবার ৬টি সাপ মারেন। এ সময় আশেপাশের বহু লোক জড়ো হয়ে যায়। ওইদিন পাশের জমির মালিক একরামুলে ছেলে টুটুল,মন্টুর ছেলে হবু, হুমায়ুন কবিরের ছেলে রুবেলরা আরও ৩টি সাপ মারেন। মঙ্গলবার দিনব্যাপী ইব্রাহীম ও তার ছেলেরা আরও ৩টি সাপ মারেন। বুধবার মারা পড়ে আরও ২টি সাপ।

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা   শিবগঞ্জে একটি ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, বিকেলে কয়লা দিয়াড় এলাকায় ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্মার্ট ব্রিকসের মালিক মামুনুর রশীদকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধিত) আইন, ২০১৯ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৪ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড ও পরবর্তী কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়। তিনি আরো জানান, এলাকার বিভিন্ন সচেতন নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে অপর ইট ভাটাগুলোতে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অভিযান পরিচালনায় পরিবেশ অধিদপ্তর ও শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন  মোঃ আব্দুস সামাদ। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের  সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪বিসিএস  ব্যাচের একজন সদস্য।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন- ১ শাখার উপসচিব মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।  একই প্রজ্ঞাপনে ৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যক্রম হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এদিকে, দেশের আরো ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে নতুন করে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়নও করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, ৩৪ জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।  

সীমান্তে দিনভর সামাজিক কার্যক্রম ৫৩ বিজিবির

সীমান্তে দিনভর সামাজিক কার্যক্রম ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার ৭৯০ জনকে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এই সেবা প্রদান করে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণকে স্বাবলম্বী করার লক্ষে সেলাইমেশিন বিতরণ করা হয়। সেই সঙ্গে ছাতা, গামবুট ও রেইনকোট এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণের জন্য যুবকদের মধ্যে ফুটবল ও ২২ সেট জার্সি বিতরণ করা হয়। রবিবার জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে দিনভর এইসব সামাজিক কার্যক্রম চালায় ৫৩ বিজিবি। ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামানের নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য, অন্যান্য দ্রব্যাদি চোরাচালান, গরু চোরাচালান এবং অবৈধ পারাপার রোধে এলাকার মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাতাসমোড় মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরারুল হক, মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবিরসহ জহুরপুর বিওপির বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরনের কর্মকা- চলমান রাখবে বলে জানানো হয়।  

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতব্যক্তি ভোলাহাট সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের সেন্টু মিয়ার ছেলে মামুন। তিনি পেশায় রিক্সাচালক ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ দুপুর ১টার দিকে বাড়ির অদূরে মহানন্দার ঘাটে গোসলে নেমে ডুবে যান মামুন। স্থানীয়রা তাকে পৌনে ২টার দিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।