সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা

সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সীমান্ত বাণিজ্যের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় ভ্যাট, এক্সাসাইজ, কমিশনারেট কাস্টমস কমিশনার ও এই কমিটির আহ্বায়ক আব্দুল হাকিম; চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও পরিচালক আলহাজ মো. একরামুল হক; অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ৫৯ বিজিবির কোম্পানি কমান্ডার মো. শাহাজাহান, উদ্ভিদ সংগনিরোধ দপ্তরের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোস্তাক আহমেদসহ আরো অনেকে। সভায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা আনয়ন, সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির প্রতি তিন মাস অন্তর সভা আয়োজন এবং উপস্থিত প্রতিনিধিদের মতামতের আলোকে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তা দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নাচোলে স্মার্টকার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

নাচোলে স্মার্টকার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের দুটি পয়েন্টে স্মার্টকার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এবার ৫৪০ টাকায় মিলছে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি। বুধবার সকাল ৮টার দিকে কসবা ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। বুধবার দেওয়া হয় ১, ২ ও ৩নং ওয়ার্ডের কার্ডধারীদের। বাজারমূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে আনন্দ দেখা গেছে নিম্নআয়ের মানুষদের চোখেমুখে। এছাড়া তেল, চিনি, মসুর ডাল ও চাল একসাথে পেয়েও খুশি হয়েছেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা। আজ বৃহস্পতিবার টিসিবির পণ্য বিক্রি হবে বাকি ৬টি ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে। টিসিবির পণ্য নিতে আসা কসবা ইউনিয়নের আঝইর গ্রামের আব্দুল জব্বার বলেন, এভাবে প্রতিবার যদি একসঙ্গে টিসিবি পণ্য পাই তাহলে খুব ভালো হয়। একই গ্রামের আইয়ুব আলী বলেন, আগের দুই-একবার তেল ছিল না তাই নিতে আসিনি। এবার এসেছি। টিসিবির ডিলার মেসার্স নাহার ট্রেডার্সের মুসলিম উদ্দিন বলেন, সকাল থেকে টিসিবির পণ্য নিতে কার্ডধারীরা আসছে এবং পণ্য নিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, কসবা ইউনিয়নে ১ হাজার ২০ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। কসবা ইউনিয়ন পরিষদে কর্মরত আহসান হাবিব বলেন, কসবা ইউনিয়নের টিসিবির ফ্যামিলি কার্ডগুলো জমা নেয়ার পর আবারো তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে স্মার্ট মোবাইলে স্ক্যান হওয়ার পরে ওই নাম্বারে ওটিপি কোড যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের লাল কার্ড প্রদর্শন

বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের লাল কার্ড প্রদর্শন বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার মুন্দিখোর হিন্দুপাড়া ও রাইপাড়া, কালইর পাথরঘাটা ও তেঁতুলতলা গ্রামে এই মতবিনিময় সভার আয়োজন করে রেডিও মহানন্দা। এসময় উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫ নাচোলের হিসাব রক্ষক হাফিজুর রহমান, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, ফিল্ড অফিসার শাহিন আলম, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। প্রসঙ্গত, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১ টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর আগে গতকালও গোমস্তাপুর উপজেলার চৌডালা সাহেব গ্রাম, হাউসনগর, বোয়ালিয়ার ঘাটনগর ও কাওয়াভাসা গ্রামের শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আয়োজনে সহায়তা করেছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৪ চৌডালার ব্যবস্থাপক গোলাম মোস্তফা। এসময় শ্রোতাক্লাবের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।

নাচোলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কম্বল বিতরণ

নাচোলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নাচোল উপজেলা শাখার উদ্যোগে ডাকবাংলো চত্বরে সোমবার বিকেল সাড়ে ৪টায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতারণকালে উপস্থিত ছিলেন- নাচোল পৌর জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহিদুর রহমান।

নাচোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নাচোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক নীলুফা সরকার। এসময় কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, নাচোল পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, বাংলাদেশ উপজেলা শিক্ষক সমিতির নাচোল উপজেলা শাখার সভাপতি তাজাম্মুল হক ও সাধারণ সম্পাদক আমির উদ্দীন, সাবেক সভাপতি আব্দুর রহিম ও জহিরুদ্দীন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল হকসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন ব্যাডমিন্টন, ভলিবল (একক ও দ্বৈত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এবছর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ ও দীর্ঘলম্ফ, চাকতি ও গোলক নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে বালক ও বালিকা (বড়দের), বালক-বালিকা (ছোটদের) মাধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নতুন হুজরাপুরে মাছ-মাংস বাজার নির্মাণ কাজ শুরু

নতুন হুজরাপুরে মাছ-মাংস বাজার নির্মাণ কাজ শুরু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হুজরাপুর মহল্লার পানির ট্যাংকের ফাঁকা জায়গায় আধুনিক পাইকারি-খুচরা মাছ ও মাংস বাজার নির্মাণের কাজ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বাস্তবায়নাধীন এই নির্মাণ কাজ শেষ হবে আগামী জুন মাসের মধ্যে। টিনশেডের এই বাজারে থাকবে মাছপট্টি, মুরগিপট্টি, খাসিপট্টি ও গরুপট্টি। অর্থাৎ নিউমার্কেট এলাকা থেকে মাছ ও মাংসের বাজার স্থানান্তর করা হবে। নতুন এই বাজার নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার টাকা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সোমবার বেলা ১১টার দিকে শুরু হওয়া কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রোকনপুর সীমান্ত : ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ ৪ বাংলাদেশী আটক করেছে

রোকনপুর সীমান্ত : ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ ৪ বাংলাদেশী আটক করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের ওপারে ভারতের অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গত রবিবার রাত ৯টার দিকে তারা রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে। পরে  সোমবার সকালে বিএসএফের কাছে আটকদের হস্তান্তর করে গ্রামবাসী। সোমবার আটকদের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সীমান্তে বিএসএফ কর্তৃক আটকের কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে বিজিবি। আটকরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল আলমের ছেলে মো. মুকুল, মোশারফ হোসেনের ছেলে মো. আলিম, ইসাহাক আলীর ছেলে দুরুল হুদা, মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে মো. বাবু। এর মধ্যে দুজন রোকনপুর ও বাকি দুজন সাগরইল এলাকার বাসিন্দা। আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম বলেন, গরু দিবে বলে ভারতীয়রা সীমান্তে ডেকেছিল। সেই গরু আনতে আমার জামাইসহ ৪ জন রবিবার রাত ৯টার দিকে ভারতে গিয়েছিল। এসময় ভারতের আদমপুর গ্রামের লোকজন তাদের আটক করে। পরে তাদেরকে ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। রাধারনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন- শুনেছি, আমার ইউনিয়নের ৪ বাংলাদেশীকে বিএসএফ আটক করেছে। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। নওগাঁ ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আব্দুল জাব্বার বলেনÑ ভারতীয়রা ধরে নিয়ে গেছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই।

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সায়েম আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৩টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ^নাথপুর ঘোনটোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেলে নিজ বাড়িতে বাঁশের বেড়া নির্মাণ করছিলেন সায়েম আলী। এ সময় বিদ্যুতের তারে স্পর্শ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। শিবগঞ্জ থানার উপপরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজ বসতবাড়িতে বেড়া নির্মাণের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান সায়েম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল খেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল খেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জে উপজেলা ভিত্তিক ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধূলা উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান ও সাইমুম সাদাবসহ অন্যরা। এর আগে শিবগঞ্জ স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ফুটবল দল বনাম উপজেলা ক্রীড়া সংস্থা দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ৫-৪ গোলে উপজেলা প্রশাসন দলকে হারিয়ে জয়লাভ করে উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মহসিন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মহসিন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মহসিন আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বিকাল ৫টার দিকে আটরশিয়া পশ্চিমপাড়া গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সেখানেই তার মরদেহ দাফন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসসের সাবেক কমান্ডার বজলুর রশিদ সোনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।