দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়: অবশেষে মুখ খুললেন হিরণ

দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়: অবশেষে মুখ খুললেন হিরণ ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে অনিন্দিতা চ্যাটার্জির সঙ্গে ঘর বেঁধেছেন। তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে নাইসা নামে একটি কন্যাসন্তান রয়েছে; যার বয়স ১৯ বছর। গত ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন হিরণ। তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। ২১ বছর বয়সি ঋত্বিকা পেশায় একজন মডেল। বিয়ের নানা মুহূর্তের ছবি দ্রুত অন্তর্জালে ছড়িয়ে পড়ে; শুরু হয় তোলপাড়। পরে তা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন হিরণ। কিন্তু এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন ‘নবাব নন্দিনী’খ্যাত এই নায়ক। এই বিয়েকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন হিরণ। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।  ঘটনার প্রায় ১০ দিন পর ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন হিরণ। বিজেপির এই বিধায়ক বলেন, “আমি এত দিন কলকাতায় ছিলাম না, চেন্নাইয়ে ছিলাম। যে বিষয়টি বিচারাধীন তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান তো করতে পারি না।” হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার দাবি—হিরণের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। ফলে ঋত্বিকাকে বিয়েটি আইনিভাবে বৈধ নয়। গত ২১ জানুয়ারি বিষয়টি নিয়ে থানায় মামলা করেছেন তিনি। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার কিছু বক্তব্য শুনেছেন ঋত্বিকা গিরি। তার কিছু বিষয় পরিষ্কার করা দরকার বলে মনে করেন তিনি। কয়েক দিন আগে ঋত্বিকা বলেন, “আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। উনাকে বিবাহবিচ্ছেদের আইনি চিঠি পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা আগেই করেছি। গত ৫ বছর বছর ধরে একসঙ্গে আছি। আর এসব বিষয় অনিন্দিতা জানতেন।”  হিরণের সঙ্গে ঋত্বিকার বিয়েকে ইলিগ্যাল বলে মন্তব্য করেছেন অনিন্দিতা। এ বিষয়ে ঋত্বিকা বলেন, “যদি মনে হয় এটা (বিয়ে) অবৈধ, তাহলে আমার একটাই কথা—উনাকে লিগ্যাল পদক্ষেপ নিতে বলেন। এরপর এ বিষয়ে আমার কিছু বলার নেই।”

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর বেঙ্গালুরুর অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দাখিল করেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল। খবর ইন্ডিয়া টুডের। এ প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযোগ দাখিলের পর চলতি বছরের ২৩ জানুয়ারি আদালত হাই গ্রাউন্ডস থানাকে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৭৫(৩) ধারায় একটি মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটি বিএনএস-এর ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় নথিভুক্ত করা হয়। মামলার নথিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ নভেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ এর সমাপনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানের একটি অংশে উপকূলীয় কর্নাটকের ভুত কোলা প্রথার পূজিত এক দেবতাকে উপহাস করার অভিযোগ আনা হয়েছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি যে মঞ্চে ঘটেছিল, সেখানে ‘কানতারা: চ্যাপ্টার-১’ সিনেমার প্রধান অভিনেতা ঋষভ শেঠিও উপস্থিত ছিলেন। অভিযোগকারী দাবি করেছেন, চাভুন্ডি দৈব ভূত কোলা আচার-অনুষ্ঠানে পূজিত এক রক্ষক আত্মা এবং তাদের পারিবারিক দেবতা। এই দেবতাকে উদ্দেশ করে রণবীর সিং পাঞ্জুরলি/গুলিগা দৈবের ঐশ্বরিক অভিব্যক্তি অশ্লীল ও হাস্যকর ভঙ্গিতে অনুকরণ করেন। কেবল তাই নয়, অভিনেতা মৌখিকভাবে চাভুন্ডি দৈবকে ‘নারী ভূত’ বলেও উল্লেখ করেন, যা অভিযোগকারীর মতে অত্যন্ত আপত্তিকর। দৈব-সংক্রান্ত কোনো অভিনয় না করার অনুরোধ জানানোর পরও অভিনেতা রণবীর সিং ‘কানতারা: চ্যাপ্টার-১’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে চাভুন্ডি দৈবের দৃশ্য মঞ্চায়ন করেন। চাভুন্ডি দৈব কোনো ভূত নন, বরং তিনি ন্যায়বিচার, সুরক্ষা, দিব্য নারীত্বের প্রতীক এক শক্তিশালী রক্ষক আত্মা; উপকূলীয় কর্নাটকে যার গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। তাকে ‘ভূত’ বলে উল্লেখ করাকে নিন্দাজনক, হিন্দু ধর্মীয় বিশ্বাসের প্রতি গুরুতর অপমান হিসেবে অভিহিত করেছেন অভিযোগকারী। রণবীর সিংয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আগামী ৮ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

‘দীপিকা’ চমক নিয়ে আসছেন অ্যাটলি

‘দীপিকা’ চমক নিয়ে আসছেন অ্যাটলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি। তার আসন্ন প্রজেক্টে থাকছেন এই বলিউড নায়িকা। অ্যাটলির আগামী প্রজেক্টের সাময়িক নাম দেয়া হয়েছে এএ২২Xএ৬। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অ্যাটলি ও আল্লু অর্জুন। অন্যদিকে জওয়ানের পর এটিই হবে দীপিকার সঙ্গে অ্যাটলির দ্বিতীয় সিনেমা।  আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনার তুঙ্গে। যদিও এখনও সিনেমার কাহিনী ও চরিত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবু ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই প্রজেক্টকে অ্যাটলির ক্যারিয়ারের অন্যতম বড় কাজ বলে ধরা হচ্ছে। ভিজ্যুয়ালের বিস্তৃতি, তারকার উপস্থিতি মিলিয়ে কাজে নামার আগেই অ্যাটলির দিকে চোখ পড়েছে সিনেমাপ্রেমীদের। দীপিকার সঙ্গে আবার কাজ করা প্রসঙ্গে অ্যাটলি বলেছেন, হ্যাঁ, ও (দীপিকা) আমার লাকি চার্ম। দীপিকার সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। ওর সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। ও সত্যিই অবিশ্বাস্য। উল্লেখ্য, এএ২২Xএ৬ হতে চলেছে মা হওয়ার পর দীপিকা পাডুকোনের প্রথম সিনেমা। অ্যাটলি বলেছেন, মাতৃত্বের পর ও এই সিনেমাটা শুরু করছে। দর্শক এবার একেবারে আলাদা দীপিকাকে দেখবে, এটা আমি নিশ্চিত।

প্লেব্যাক ছেড়ে দিচ্ছেন অরিজিৎ সিং!

প্লেব্যাক ছেড়ে দিচ্ছেন অরিজিৎ সিং! প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী এই শিল্পী। ব্যাটল অব গালওয়ান ছবির সাম্প্রতিক গান ‘মাত্রুভূমি’ মুক্তির কয়েক দিনের মধ্যেই তার এই ঘোষণা সংগীতাঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টে অরিজিৎ সিং লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনো নতুন কাজ গ্রহণ করব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই দয়ালু ছিলেন। তবে প্লেব্যাক থেকে অবসর নেওয়া মানেই সংগীতজগৎ থেকে বিদায় নয়, এ কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। অরিজিৎ লিখেছেন, ‘আমি গান গাওয়া বন্ধ করছি না। ভালো সংগীতের একজন অনুরাগী হিসেবে আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।’ উল্লেখ্য, অরিজিৎ সিংয়ের কোনো অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট নেই। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই এই ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই অনুরাগীদের মধ্যে আবেগের ঢেউ বয়ে যায়। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকেই তার এই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। ২০১৩ সালে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি টু’ সিনেমার কালজয়ী গান ‘তুম হি হো’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অরিজিৎ সিং। এর আগে তিনি বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে শ্রোতাদের নজর কাড়েন। পরবর্তীতে একের পর এক চার্টবাস্টার গানের মাধ্যমে তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠে পরিণত হন। ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘হাওয়ায়েঁ’, ‘আপনা বানা লে’, ‘সাজনি’, ‘ভে মাহী’, ‘গেহরা হুয়া’, কিংবা সাম্প্রতিক ‘ঘর কাব আওগে’ প্রতিটি গানে নিজের আলাদা স্বাক্ষর রেখে গেছেন অরিজিৎ।

মেয়ের ছবি তুলতেই রেগে গেলেন বিপাশা

মেয়ের ছবি তুলতেই রেগে গেলেন বিপাশা ছবি শিকারিদের দৌরাত্ব্যে বিপর্যস্ত বলিউডের নায়ক-নায়িকারা। পরিবার-প্রিয়জনের সঙ্গে হোক বা সন্তানের সঙ্গে, তাদের দেখা গেলেই ক্যামেরা রীতিমতো তাক করে ‘এক্সক্লুসিভ’ ছবি বা ভিডিও পাওয়ার জন্য। আর তাতেই বিরক্তির মাত্রা এমন চরমে পৌঁছায় যে মাঝেমাঝেই তা নিয়ে গর্জে ওঠেন তারকারা। এবার সেই তালিকায় উঠে এলে বাঙালি কন্যা ও বলিউড নায়িকা বিপাশা বসুর। সম্প্রতি মুম্বাইয়ে বান্দ্রায় মেয়ে দেবীকে নিয়ে পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন বিপাশা। কোলে ছিল তার সন্তান। গাড়ি থেকে নামামাত্রই বিপাশার কোলে তার মেয়েকে দেখামাত্রই ক্যামেরার ফ্ল্যাশ ঝলক দিয়ে ওঠে। তা বুঝতে পেরেই রীতিমতো মেজাজ হারান বিপাশা। ওই সময় রীতিমতো প্রতিবাদ করেন বিপাশা। মেয়ের মুখ হাত দিয়ে ঢেকে ক্যামেরা থেকে আড়াল করে মুখে বিরক্তি নিয়ে বিপাশা ওই ফটোগ্রাফারকে বলেন, ‘কে আপনি?’ প্রশ্ন ছুড়েই তাড়াতাড়ি লিফটের দিকে পা বাড়ান তিনি। তার পিছনেই দেখা যায় তার স্বামী করণ সিং গ্রোভারকেও। ক্যামেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনিও। বলে রাখা ভালো, এর আগে বিপাশাকে ক্যামেরাবন্দি করে তার আমূল পাল্টে যাওয়া চেহারা নিয়ে নানা ট্রোল ও মিম হয়েছে সামাজিকমাধ্যমে। সেক্ষেত্রেও একটা বড় ভূমিকা ছিল পাপারাজ্জিদের। ক্যামেরাবন্দি করা বিপাশার বিভিন্ন ভিডিও সেইসময় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে পাপারাজ্জিদের থেকে সন্তানকে আড়াল করার এমন ঘটনা ঘটেছে দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও। মেয়ে দুয়াকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার সময় বিনা অনুমতিতে মেয়ে দুয়ার ছবি ক্যামেরাবন্দি করলে রীতিমতো বিরক্ত হয়েছিলেন দীপিকা।

আমি মন থেকে বিবাহিত

আমি মন থেকে বিবাহিত রিনা দত্ত, কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর বলিউড অভিনেতা আমির খানের একাকীত্ব নিয়ে আলোচনা কম হয়নি। মাঝে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে তার নাম জড়ালেও সেটি গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করলেন আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ক এখন টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ৬০ পেরিয়ে ৬১ বছরে পা রাখা এই অভিনেতা। গৌরীর সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে আমির বলেন, গৌরী ও আমি দুজনেই এই সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তার কথায় স্পষ্ট, এই সম্পর্ক কেবল আবেগের নয়, দায়িত্ব ও বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আছে। আবেগপ্রবণ হয়ে আমির আরও বলেন, আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত। তবে সামাজিক নিয়মকানুন কিংবা আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। আমিরের ভাষায়, বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব। আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক। জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা ৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত জীবনে স্বাবলম্বী। তিনি এক পুত্রসন্তানের জননী। বর্তমানে তিনি মুম্বাইয়ে আমির খানের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছেন। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর হলেও তাদের সম্পর্কের রসায়নে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

সুখবর দিলেন সোনম কাপুর

সুখবর দিলেন সোনম কাপুর কাপুর পরিবারে আবারও খুশির জোয়ার। দুই বছর আগে পুত্রসন্তান বায়ুর আগমনের পর এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি শেয়ার করে এই ঘোষণা দেন অনিল-কন্যা। শুধু সুখবর দিয়েই থামেননি সোনম; বরাবরের মতো নিজের ফ্যাশন সেন্স দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। সাধারণত গর্ভাবস্থায় ঢিলেঢালা পোশাকের চল থাকলেও সোনম বেছে নিয়েছেন সাহসের সঙ্গে শরীরের বাঁক ফুটিয়ে তোলা একটি ‘বডি-ফিটেড’ কালো পোশাক। বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সোনমের এই ‘ম্যাটারনিটি লুক’ ছিল আভিজাত্যে ভরপুর। হাই-নেক ক্রপ টপ, ডাবল কলার ব্লেজার আর পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্টে তিনি যেন এক আধুনিক দেবীর প্রতিচ্ছবি।  উল্লেখ্য, ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান বায়ু। বর্তমানে ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ নিতে যাওয়া এই অভিনেত্রী তার সাহসিকতা ও আভিজাত্যের জন্য অনুরাগীদের প্রশংসায় ভাসছেন।

রেগে গিয়ে সহ-অভিনেতার গায়ে হাত তুলেন পূজা?

রেগে গিয়ে সহ-অভিনেতার গায়ে হাত তুলেন পূজা? তামিল সিনেমা ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ভারতের দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের। অবশ্য মডেলিংয়ে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। দক্ষিণী সিনেমা থেকে বলিউডেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।  ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ সিনেমাতে হৃতিক রোশনের বিপরীতে দেখা য়ায় পূজাকে। সালমান খানের বিপরীতে ‘কিসি কি ভাই কিসি কি জান’-এও অভিনয় করেন তিনি। এই পূজাই নাকি ক্যারিয়ারের শুরুর দিকে বড় এক তারকাকে চড় কষান! বিতর্কের সূত্রপাত এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেই প্রতিবেদনে দাবি করা হয়, ক্যারিয়ারের শুরুর দিকে এক পুরুষ সহ-অভিনেতার সঙ্গে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা নাকি প্রকাশ্যে এনেছেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, একটি ‘প্যান-ইন্ডিয়া’ সিনেমার শুটিং চলছিল। এতে তার সহ-অভিনেতা অনুমতি ছাড়াই পূজার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন এবং অশোভন আচরণ করেন। আরও দাবি করা হয়, ওই ঘটনায় পূজা তৎক্ষণাৎ প্রতিবাদ জানান এবং পরে সিনেমার নির্মাতাদের জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি ওই অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না। ওই প্রতিবেদনে দাবি করা হয় অভিনেত্রী নাকি সহ-অভিনেতাকে চড়ও মারেন। এর পরই সামাজিকমাধ্যমে পূজাকে নিয়ে সমালোচনা করেছেন কেউ। আবার অনেকে সেই সহ-অভিনেতার খোঁজে বেরিয়ে পড়েন। এরপরই ইন্ডাস্ট্রির ট্র্যাকার রমেশ বালা জানান, পূজার নামে ছড়িয়ে পড়া এই সাক্ষাৎকার সম্পূর্ণ ভুয়া। তার কথায়, এই বক্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই। যাচাই না করা তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করলেও সে ভাবে হিট সিনেমা নেই পূজার ঝুলিতে। সামনে থালাপতি বিজয়ের সঙ্গে ‘জয়নয়াগন’ সিনেমায় দেখা যাবে পূজাকে।

৪২ বছর পর একসঙ্গে ফিরছেন রঞ্জিত-চিরঞ্জিত ও প্রসেনজিৎ!

৪২ বছর পর একসঙ্গে ফিরছেন রঞ্জিত-চিরঞ্জিত ও প্রসেনজিৎ! ১৯৮৪ সালে মুক্তি পায় অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’। সেই সময় সিনেমাটি বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। সেখানে একত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। দীর্ঘ ৪২ বছর পর রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে নতুন সিনেমার ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এত বছর পর এই ত্রয়ীকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে হইচই। রোববার (১৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে এসভিএফ প্রযোজিত এবং চন্দ্রাশিস রায় পরিচালিত সিনেমা ‘বিজয়নগরের হীরে’ সিনেমার ট্রেলার। এই অনুষ্ঠানেই এই বোমা ফাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন তার ইচ্ছে তিনি চিরঞ্জিত চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করবেন আবার। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় তিনি আর চিরঞ্জিত চক্রবর্তী আবার একসঙ্গে কাজ করবেন কিনা? সেই প্রশ্নের জবাবে বুম্বাদা বলেন, আমরা একটা সিনেমা করব, খুব শিগগিরই। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে, আমি দীপক দা (চিরঞ্জিত চক্রবর্তী), রঞ্জিত দা একসঙ্গে সিনেমা করব। তার কথার রেশ ধরেই চিরঞ্জিত চক্রবর্তীও বলেন, হ্যাঁ, এটা অনেকদিন ধরে বলছে। প্রসঙ্গত, ২৫ বছর পর ‘বিজয়নগরের হীরে’ সিনেমায় একসঙ্গে কাজ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এই চতুর্থ সিনেমাটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও থাকবেন আরিয়ান ভৌমিক, রাজনন্দিনী পাল, শ্রেয়া ভট্টাচার্য, অনুজয় চট্টোপাধ্যায়, প্রমুখ।

এক শর্তে ডন করবেন শাহরুখ

এক শর্তে ডন করবেন শাহরুখ জনপ্রিয় বলিউড ছবি ‘ডন’-এর পরবর্তী কিস্তিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা ছিল। সেভাবেই চলছিল প্রস্তুতি। কিন্তু শেষ মুহূর্তে এসে ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়ান রণবীর। দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কে হবে ডন? এ অবস্থায় জানা গেছে, নিজ ভূমিকায় ফিরতে পারেন স্বয়ং শাহরুখ খান। তবে এক শর্তে! শাহরুখের শর্ত, ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি কুমারকে ছবির সঙ্গে যুক্ত করতে হবে। যদিও এখন পর্যন্ত শাহরুখের সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি নির্মাতাদের। এমন কি এই শর্ত নিয়ে ‘ডন’ সিরিজের পরিচালক ফারহান আখতারও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। ১৯৭৮ সালে প্রথম মুক্তি পায় চন্দ্র ভরত পরিচালিত ‘ডন’। ওই ছবিতে ‘ডন’ হয়েছিলেন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ এবং ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’-এ অভিনয় করেন শাহরুখ খান। শেস দুই ছবির পরিচালক ছিলেন ফারহান আখতার। গত বছর নির্মাতারা ‘ডন থ্রি’র ঘোষণা দেন। শাহরুখের জায়গায় ঘোষণা করা হয় রণবীর সিংয়ের নাম। সম্প্রতি ছবি থেকে সরে দাঁড়ান তিনি। এরই মধ্যে তার অভিনীত ‘ধুরন্ধর’ গ্যাংস্টার ঘরানায় ছবি হিসেবে অবস্থান তৈরি করেছে। আবারও ওই একই ঘরানায় আসতে চান না তিনি। বরং সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতার সঙ্গে কাজ করার আগ্রহ তার! জানা গেছে, রণবীরের মতোই কিয়ারা আদভানিও সরে দাঁড়িয়েছেন ‘ডন’ থেকে। ছবিতে তার জায়গায় নেওয়া হতে পারে কৃতি শ্যাননকে। এ ছাড়া খলনায়ক চরিত্রে বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবরাকোন্ডাকে প্রস্তাব দেওয়া হলে তারা দুজনই তা ফিরিয়ে দেন।