এবার বন্ধ হচ্ছে মার্কিন এয়ারলাইন্স এক বছরে দুইবার দেউলিয়া

এবার বন্ধ হচ্ছে মার্কিন এয়ারলাইন্স এক বছরে দুইবার দেউলিয়া ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম দ্বিগুণ হওয়ায় তীব্র সংকটের মুখে পড়ে দেউলিয়া হয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্র সরকারের প্রস্তাবিত বেইলআউট পরিকল্পনার জন্য ঋণদাতাদের সমর্থন পেতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ইরান যুদ্ধের কারণে প্রথম কোনও বড় শিল্প বিপর্যয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। দুই মাস ধরে চলা ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে কোম্পানিটি টিকে থাকার সক্ষমতা হারিয়েছে। এর ফলে প্রায় ১৭ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। কোম্পানিটিকে বাঁচানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ কোটি ডলারের একটি সরকারি বেলআউট প্রস্তাব করেছিলেন। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং কংগ্রেসের অনেক রিপাবলিকান সদস্যের বিরোধিতার কারণে পাওনাদারদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থ হয় এই পরিকল্পনা। দুই বছরের কম সময়ের মধ্যে এটি ছিল স্পিরিট এয়ারলাইন্সের দ্বিতীয়বারের মতো দেউলিয়া হওয়ার ঘটনা। স্পিরিট এয়ারলাইন্স এক সময় যুক্তরাষ্ট্রের মোট ফ্লাইটের ৫ শতাংশ পরিচালনা করত। বড় এয়ারলাইনসগুলোর সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে যাত্রীদের জন্য ভাড়া কম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সংস্থাটি। উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এই যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করার পাশাপাশি অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের

ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রসিকতা ছলে কিউবাকে ‘খুব দ্রুত দখলে নেওয়া হবে’ বলে ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিতে গিয়ে ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন। এসময় তিনি বলেন, মিকার মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি আমরা খুব দ্রুত দখলে নিতে যাচ্ছি। ট্রাম্প বলেন, ‘কিউবার কিছু সমস্যা আছে। আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।’ পরে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো যুদ্ধজাহাজ—সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী কিউবার উপকূলে পাঠানো হতে পারে।’ ট্রাম্প রসিকতার সুরে বলেন, ‘জাহাজটি যদি উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে তারা বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।
হরমুজ নিয়ে আরও কড়াকড়ি ইরানের, বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা

হরমুজ নিয়ে আরও কড়াকড়ি ইরানের, বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য রুট হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র প্রতিবেদনে বলা হয়, দেশটির আইআরজিসি নৌ শাখার কমান্ড থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আরব উপসাগর থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে। বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো, এ জলসীমাকে ‘ইরানের মানুষের জন্য গর্ব ও শক্তির উৎস’ এবং ‘এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র’ হিসেবে গড়ে তোলা। প্রেস টিভি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেওয়া এক নির্দেশনার পরদিন এই ঘোষণা এল। ওই নির্দেশনায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আরব উপসাগরকে লক্ষ্য করে নীলনকশা সাজাচ্ছে, সেসব বিদেশিদের জন্য এই অঞ্চলে কোনও জায়গা নেই, একমাত্র সমুদ্রের তলদেশ ছাড়া তাদের আর কোথাও ঠাঁই হবে না।
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং সমুদ্রবন্দরে অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, এর ফলে এখন থেকে পাকিস্তানের ওপর দিয়ে ইরানের পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাওয়া যাবে। এ পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এক বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখার যে চেষ্টা করছে, পাকিস্তানের এই পদক্ষেপ কি সেই চেষ্টাকে দুর্বল করে দেবে—উঠেছে সেই প্রশ্ন। এ ছাড়া যুদ্ধ বন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেই বা এর কী প্রভাব পড়বে, তা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এ সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান তেহরানকে এই সুবিধা দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে নতুন কোনো টানাপোড়েন তৈরি হয় কি না, সেটিই এখন দেখার বিষয়। সূত্র: আল–জাজিরা
নোবেল শান্তি পুরস্কারে ২৮৭ মনোনয়ন, সম্ভাবনায় ট্রাম্প!

নোবেল শান্তি পুরস্কারে ২৮৭ মনোনয়ন, সম্ভাবনায় ট্রাম্প! ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন প্রার্থী বিবেচনায় আছেন বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এ তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার সম্ভাবনাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, ৩১ জানুয়ারির মধ্যে জমা পড়া মনোনয়নের মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। আগের বছরের তুলনায় এবার তালিকায় নতুন নামের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতি বছর তালিকায় নতুনত্ব আসার বিষয়টি তাকে অবাক করে বলে জানান ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়া হার্পভিকেন। বিশ্বজুড়ে সংঘাতের বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা চাপের মুখে থাকলেও শান্তিতে নোবেল পুরস্কারের গুরুত্ব এখনও অর্থবহ বলেই মনে করেন তিনি। হার্পভিকেন বলেন, ‘আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে শান্তি পুরস্কার আরও বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্পের মনোনয়ন পাকিস্থান, ইসরায়েল ও কম্বোডিয়ার নেতারা জানিয়েছেন, তারা এ বছরের শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন। যদি এসব মনোনয়ন ২০২৫ সালের নির্ধারিত সময়সীমা ৩১ জানুয়ারি মধ্যে জমা পড়ে থাকে, তবে সেগুলো বৈধ হিসেবে বিবেচিত হবে। যেহেতু পুরো মনোনয়ন তালিকা ৫০ বছর গোপন রাখা হয়। ফলে ট্রাম্প সত্যিই তালিকায় আছেন কি-না তা যাচাই করা সম্ভব নয়। কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো নিশ্চিয়তা দেওয়া হয়নি। কাউকে মনোনীত করার মানেই যে পুরস্কার প্রদানকারী সংস্থার অনুমোদন পাওয়া তা নয়। নোবেল কমিটির সদস্যরা ছাড়াও বিশ্বের অনেকেই এই পুরস্কারের জন্য যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম প্রস্তাব করতে পারেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সরকার ও সংসদের সদস্য, রাষ্ট্রপ্রধান, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের বিশ্ববিদ্যালয় অধ্যাপক, পূর্ববর্তী নোবেল বিজয়ীরা। সম্ভাব্য প্রার্থীদের তালিকা ২০২৬ সালের সম্ভাব্য মনোনীতদের তালিকায় রয়েছেন- রাশিয়ার বিরোধীনেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, পোপ লিও, সুদানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’, মার্কিন সিনেটর লিসা মারকাওস্কি, গ্রিনল্যান্ড থেকে ডেনিশ পার্লামেন্ট সদস্য আজা কেমনিটজ। বিশেষ করে আর্কটিক অঞ্চলে শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তাদের ভূমিকা উল্লেখযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৯ অক্টোবর। আনুষ্ঠানিকভাবে ১০ ডিসেম্বর অসলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।
লিমন বৃষ্টির মরদেহ পাওয়া গেলো চলছে দেশে পাঠানোর প্রক্রিয়া

লিমন বৃষ্টির মরদেহ পাওয়া গেলো চলছে দেশে পাঠানোর প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) এক হোয়াটসঅ্যাপ বার্তায় বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।তিনি জানান, ফ্লোরিডার একটি পুলিশ বিভাগ বৃষ্টির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মরদেহের পরিচয় নিশ্চিত করে। পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের সমন্বয়ে এরই মধ্যে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে। গোলাম মোর্তোজা জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে একটি ফিউনারেল হোম মরদেহটি গ্রহণ করে ও ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে দুবাই হয়ে ফ্লাইটে পাঠানো হবে। লিমন ও বৃষ্টি দুজনই ২৭ বছর বয়সী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। লিমনকে সর্বশেষ দেখা যায় একটি অফ-ক্যাম্পাস আবাসিক কমপ্লেক্সে, যেখানে তিনি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিশাম আবুঘারবিয়েহ (২৬) ও আরেক রুমমেটের সঙ্গে থাকতেন। মার্কিন গোয়েন্দারা মোবাইল ফোনের লোকেশন ও লাইসেন্স প্লেট রিডার ডেটা ব্যবহার করে আবুঘারবিয়েহর গাড়ি এবং লিমনের ফোনের অবস্থান শনাক্ত করেন। এর মাধ্যমে ২৪ এপ্রিল একটি সেতু থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। প্রসিকিউটরদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল ও তাকে বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। পরে ২৬ এপ্রিল কাছাকাছি একটি জলাশয় থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়, যা পরে বৃষ্টির বলে নিশ্চিত করা হয়েছে। ঘটনার কয়েকদিন পর সন্দেহভাজন হিশাম আবুঘারবিয়েহকে তার বাবা-মায়ের বাসা থেকে একটি সোয়াত টিম গ্রেফতারর করে। আদালত তাকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দিয়েছে। টাম্পায় সংক্ষিপ্ত শুনানিতে হিলসবরো কাউন্টির বিচারক লোগান মারফি নির্দেশ দেন, আবুঘারবিয়েহ কোনো সাক্ষী বা ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। আদালতের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে প্রথম ডিগ্রির দুটি হত্যার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে, যদিও প্রসিকিউটররা এখনো চূড়ান্তভাবে মৃত্যুদণ্ড চাইবেন কি না তা জানাননি। সূত্র: ইউএনবি
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের হাতে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন এক ইরানি কূটনীতিক। সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি আজ শুক্রবার বলেছেন, পাকিস্তানের কাছে গতকাল প্রস্তাবটি পাঠানো হয়। ইরানের এ নতুন প্রস্তাবের জন্য অপেক্ষা করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ইরান যে প্রস্তাবটি দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের ওই প্রস্তাবে আগে যুদ্ধ বন্ধ ও পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প যুদ্ধাবস্থা চলার মধ্যেই পারমাণবিক চুক্তি করতে চান। নতুন সংশোধিত প্রস্তাবে ইরান কি বলেছে সেটি এখনো জানা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। এতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইরান প্রথমে দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করে তখন ইরান পাল্টা হামলা হিসেবে আরব দেশগুলোর অবকাঠামোতে হামলা করে। এমন হামলা ও পাল্টা হামলার মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যা এখনো চলছে। তবে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে যদি আলোচনা সফল না হয় তাহলে ইরানে নতুন করে হামলা চালানো হবে। সূত্র: আলজাজিরা
নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ শুরু করছে যুক্তরাষ্ট্র| মার্কিন সেন্টকমের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে| সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে| প্রতিবেদন অনুযায়ী, ছবিতে থাকা এ রণতরি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা করছে|
বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭ ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি হাসপাতাল কমপ্লেক্সের ৮ ফুট (২.৫ মিটার) উঁচু দেয়াল ধসে সাতজন নিহত হয়েছেন। গত বুধবার রাজ্যের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।কর্ণাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এক বিবৃতিতে জানান, দেয়াল ধসে এক শিশু ও চারজন হকার ছাড়াও কেরালা রাজ্যের আরও দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, দেয়াল ধসের পর আহত এক নারীকে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কয়েক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর গত বুধবার বেঙ্গালুরুর আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন আসে। শহরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়।
লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ আরও ৯

লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ আরও ৯ লিবিয়ার ভূমধসাগরের উপকূলে নৌকা ভেঙে শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন অভিবাসনপ্রত্যাশী এবং এখনও নিখোঁজ আছেন আরও অন্তত ৯ জন। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের লিবিয়া শাখা এবং দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নৌকাটি ভেঙে পড়েছিল এবং আট দিন ধরে সাগরে ভাসছিল। দেশটির নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল এবং তার চার-পাশ থেকে এ পর্যন্ত ১৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বাকি যে ৯ জন নিখোঁজ আছেন, তাদের মরদেহ সাগরে ঢেউয়ে তীরে ভেসে আসবে বলে আশা করা হচ্ছে।আফ্রিকার দারিদ্র্যপীড়িত সাব-সাহারান অঞ্চরের দেশগুলোর অভিবাসনপ্রত্যাশীদের কাছে সাগরপথে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া বেশ জনপ্রিয় একটি রুট।আফ্রিকা মহাদেশে মোট দেশের সংখ্যা ৫৪টি। এসব দেশের ৪৭টিই সাব সাহারান অঞ্চলভুক্ত। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই সাব-সাহারান অঞ্চলের। তবে কে কোন দেশের নাগরিক— তা জানা যায়নি।