গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২টায় চাঁড়ালডাঙ্গা গ্রামে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দারেশ আলী, মঞ্জুর হোসেন, বজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্যমুক্ত দেশ গড়তে শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্যমুক্ত দেশ গড়তে শপথ গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় কর্মসূচির শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারাদেশের সকল জেলা-উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি একযাগে শপথবাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শপথে অংশগ্রহণকারীরা দেশ গঠনে অঙ্গীকার করেন। শপথে বলা হয়, দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ব। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধপরিকর। সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। অঙ্গীকার করছি, নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপীঠে, সাইবার স্পেসে গড়ে তুলব নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করব। এদিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন— সরকার এককভাবে কোনো দায়িত্ব পালন করতে পারবে না। সবাই মিলে আমাদের দায়িত্ব পালন করতে হবে, জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন— জুলাই আন্দোলনে তরুণ ছাত্রসমাজ আমাদের পথ দেখিয়েছে, তাদের সঙ্গে ছিল আমাদের কন্যাগণ। সেই কন্যাযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে আজকের এই অনুষ্ঠান মালা। জেলা প্রশাসক বলেন— আমরা দেখেছি, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হলেন— সেদিন আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ হয়। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীদের ওপর পেটুয়াবাহিনী ও টোকাইরা এবং নামধারী ছাত্র সংগঠন (নিষিদ্ধ ছাত্রলীগ) ন্যক্কারজনক হামলা চালায়, তখন জুলাই আন্দোলন আরো বেগবান হয়। জুলাই আন্দোলনে জুলাইকন্যাদের অনেক ভূমিকা রয়েছে। সেই কন্যাদের আমরা শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থাতা কামনা করি। মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন— সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে যেসব সেবা দেয়া হয় তা আপনাদের সামনে তুলে ধরতে এই আয়োজন করার আরেকটি কারণ। আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় যোগাযোগ করে যারা প্রকৃতই সেবা পাওয়ার যোগ্য, তারা আবেদন করবেন। এখানে কোনো স্বজনপ্রীতি করা হবে না। যদি কেউ করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অতীতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। আমরা সেগুলোর তদন্ত করছি। উপকারভোগীদের যাচাই-বাছাই চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন এ কে এম শাহাব দ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক সাহিদা আখতার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের চাঁপাইনবাবগঞ্জের নেতা আব্দুর রাহিম। সূচনা বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম। ভোলাহাট : ভোলাহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জুলাই চেতনাধারী তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিনের সভাপতিত্বে শপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ (ভার্চুয়াল) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১০টায় উপজেলা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সফিকুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল শপথ গ্রহণ শেষে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক শিক্ষক আবু মাসুদ, জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক রাশেল আলী, জুলাই যোদ্ধা মোত্তাকিম, জুলাইকন্যা উম্মে হাবিবা হিমা। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোমস্তাপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

গোমস্তাপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। চলতি বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্তের দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা সভাপতি জিন্নাউল আওয়াল। এসময় বক্তব্য দেন— উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, রহনপুর ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল। মানববন্ধনে উপজেলার ২৮টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাসহ প্রতিষ্ঠানের পরিচালক, প্রতিষ্ঠান প্রধান, কর্মচারীরাও অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৬ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৭৮ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৬ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৭৮ জন চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৬ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৩৬ জন এবং বহির্বিভাগে ৩৮ জন শনাক্ত হয়েছেন। অন্যান্য উপজেলার মধ্যে গোমস্তাপুর ও নাচোলে ১ জন করে রোগী শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭৫ জন, শিবগঞ্জে ১ জন ও গোমস্তাপুরে ২ জন ভর্তি আছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ৭৫ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ৩২ জন মহিলা ও ৯ জন শিশু রয়েছেন। আর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্তরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩২ জনকে। এই ৩২ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১৯ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় গোমস্তাপুর থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১০৭২ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬০০ জনে।

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস  বুধবার পালিত হয়েছে। প্রত্যুষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। জুলাই আন্দোলনের ওপর নির্মিত দুটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসময় আলোচনা সভায় অংশগ্রহণকারীদের চোখ ছলছল করে ওঠে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ : নিজস্ব প্রতিবেদক : সকালে ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে জুলাই আন্দোলন সফল হয়। তাদের জন্য আমাদের করণীয় আছে। আর তা হলো, জুলাই শহীদরা যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।” জেলা প্রশাসক ছাত্রদের উদ্দেশ্যে বলেন— আপনারা তো কোনো কিছু পাওয়ার আশায় আন্দোলন সংগ্রাম করেননি। আপনারা চেয়েছিলেন, একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী রয়েছি, তারা চেষ্টা করছি আপনাদের সেই স্বপ্ন পূরণের। আপনাদের তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়, আর যেন কোনো ফ্যাসিস্ট হতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেজন্য আমাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। আলোচনা সভায় বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ কামলি মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেনসহ অন্যরা। জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন— বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সাব্বির আহমেদ, আকিব মিঞা, মাহাদি ইসলাম, রাউফুল সিয়াম রাজ ও জুলাই আহত তাহমিদুল হাসান। জুলাই যোদ্ধারা চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনের স্মৃতিচারণ করেন। গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য দেন— ডাবলু কুমার ঘোষ, ফয়সাল আজম অপু ও সেলিম রেজা। ছাত্রদলের স্মরণ সভা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল। বুধবার বিকেলে স্মরণসভার মধ্য দিয়ে তাদের স্মরণ করা হয়। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সদস্য নাজিব ওয়াদুদ, জাকির হোসেন, আব্দুল রাকিবসহ অন্য নেতৃবন্দ। বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের স্মৃতিচারণ করেন এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যদিকে আমাদের ভোলাহাট প্রতিনিধি জানিয়েছেন, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলা মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। সভায় বক্তব্য দেন— আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, আন্দোলনে নিহত শহীদ তারেকের বাবা আসাদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ছাত্রদের মধ্যে নাজমুল হক নাজিম ও হিজবুল্লাহ। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

গোমস্তাপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

গোমস্তাপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু গোমস্তাপুরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে ভিম দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ভিম দাস ওই ইউনিয়েনর সন্তেষপুর গ্রামের বাসিন্দা আনন্দ ঘোষের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল বিকেলে দিয়াড় এলাকায় ঘাস কেটে বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপে দংশন করে ভিম দাসকে। পরে তার আত্মচিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ র‌্যাবের হাতে ২ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ র‌্যাবের হাতে ২ কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের সদর এবং গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ১৮০ বোতল ফেনসিডিলসহ দ্ু’জন গ্রেপ্তার হয়েছেন। গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন সদরের দেবীনগর এলাকার আফসার আলীর ছেলে আনারুল হক। ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছেন জেলার ভোলাহাট উপজেলার চামুসা গ্রামের এরফান আলীর ছেলে এমদাদুল বধু। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল দুপুরে চালানো অভিযানগুলো সম্পর্কে জানানো হয়। র‌্যাব জানায়, গতকাল দুপুর ২টার দিকে সদরের চরঅনুপনগর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে মহানন্দা নদীর খসমুলের ঘাট থেকে গাঁজাসহ গ্রেপ্তার হন আনারুল। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলার গোমস্তাাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামে গোমস্তাপুর থেকে রহনপুরগামী সড়কের উপর একটি ব্যাটালিচালিত ভ্যানের যাত্রী সিটের নীচে বিশেষ কায়দায় নির্মিত পাটতনের মধ্যে লুকিয়ে রাখা ফেনসডিলিসহ গ্রেপ্তার হন এমদাদুল। র‌্যাব আরও জানায়, এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

নাচোলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত

নাচোলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত নাচোল উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় এবং রেলওয়ে সূত্র এবং পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কসবা ইউনিয়নের কালইর এলাকায় রাজশাহী থেকে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনগামী ১২৫ আপ পূর্ণভবা কমিউটার ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। সদর উপজেলার আমনুরা জংশন স্টেশন রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশহাী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে রাজশাহী জিআপি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ। সিআইডি, পিবিআইসহ পুলিশের বিভিন্ন টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে। জিআরপি কর্মকর্তা স্থানীয় সূত্রের বরাতে আরও বলেন, ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ষ্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম এবং আমনুরা জংশন ষ্টেশন মাস্টার হাসিবুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।    

গোমস্তাপুরে কৃষি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

গোমস্তাপুরে কৃষি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে তার সহকর্মীরা। আজ বিকেলে কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, আব্দুর রাকিব,মমিনুল ইসলাম, ইব্রাহিম খলিলসহ গণমাধ্যম কর্মীরা।

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ সকালে প্রথমে তিনি উপজেলা চত্বরে দেশীয় ফল মেলা, গার্ডেন টিলারের উদ্বোধন, কৃষকদের মধ্যে বিনামূল্য সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হত দরিদ্রের মধ্যে টেউটিন বিতরণ করেন। পরে তিনি উপজেলা সভাকক্ষে পার্টনার কংগ্রেস কর্মশালায় অংশ নেন। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশনফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওয়াত দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. ইয়াছিন আলী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনীসহ জুনিয়র মনিটরিং অফিসার ড.জহুরুল ইসলাম। এছাড়া বিকেলে তিনি রহনপুর ও আলিনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।