তাহসানের হবু স্ত্রী কে এই রোজা

তাহসানের হবু স্ত্রী কে এই রোজা ক্লাসিক আর আধুনিক গানের মেলবন্ধনে তাহসান খান তৈরি করেন অন্যরকম সুরের জাদু। রোজা আহমেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা ছবিগুলো জানান দিচ্ছে তিনিও ক্লাসিক ও আধুনিকতা একসঙ্গে বুনতে ভালোবাসেন। মিষ্টি চেহারার রোজা আহমেদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তার নামের সঙ্গে যুক্ত হয়েছে অভিনেতা, সংগীত শিল্পী ও উপস্থাপক তাহসানের নাম। ঘরোয়া আয়োজনে হলুদ রাঙানো বর-কনে রূপে ধরা দিয়েছেন তাহসান-রোজা। ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবারে ছড়িয়ে পড়েছে। কে এই রোজা? জানা গেছে,  তাহসানের নতুন স্ত্রী রোজা আহমেদ বাংলাদেশের বরিশালে বেড়ে উঠেছেন। ক্যারিয়ার গড়েছেন বাংলাদেশ ও  মার্কিন মুলুকে। রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন রোজা। এরপর উদ্যোক্তা বনে যান তিনি। নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেকওভার।  প্রায় ১০ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। সাজিয়েছেন বাংলাদেশের নামি দামি মডেল থেকে শুরু করে অনেককেই। মীম, তিশা, বারিশ হক থেকে শুরু করে এই শহরের অনেক মডেলই নিজেকে রাঙিয়েছেন তার মেকআপে। রোজার বিজনেস পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ এর অনুসারী সংখ্যা নয় লক্ষের ওপরে। তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট বেশ সাদামাটা। মাত্র অল্প কয়েকজন অনুসারী সংখ্যা রয়েছে রোজার। রোজার পছন্দের সংগীতশিল্পী খোদ তাহসানই!

অঞ্জনার মৃত্যুতে যা বললেন শাকিব খান

অঞ্জনার মৃত্যুতে যা বললেন শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের মানুষ। ঢালিউড সুপারস্টার শাকিব খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি . . .’’ উল্লেখ্য, অঞ্জনা ঢালিউড সিনেমা ছাড়াও ৯টি দেশের ১৩টি ভাষার সিনেমাতে অভিনয় করেছেন। আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন এই নায়িকা অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাচসাস পুরস্কার । নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

৩০ বছরের পুরোনো শাড়ি পরে বিয়ে কীর্তির

৩০ বছরের পুরোনো শাড়ি পরে বিয়ে কীর্তির কীর্তি সুরেশ। দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা। গত বছরটা বিশেষ ছিল এই অভিনেত্রীর জন্য। কারণ, গত বছর তিনি সাত পাঁকে বাঁধা পড়েছিলেন। আর ২০২৪-এ অভিনেত্রীর বলিউডে অভিষেক হয়েছে। সম্প্রতি কীর্তি সুরেশ তার বিয়ের পোশাককে ঘিরে বিশেষ এক তথ্য জানালেন। গত ১২ ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থাটিলকে বিয়ে করেছেন কীর্তি সুরেশ। গোয়ায় দক্ষিণি রীতি মেনে তারা চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের দিন অ্যান্থনি সাদা রঙের ধুতি-পাঞ্জাবিতে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। আর শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন কীর্তি সুরেশ। সম্প্রতি এই দক্ষিণি নায়িকা বিয়ের সাজপোশাকের প্রসঙ্গে জানিয়েছেন যে এদিন তিনি ৩০ বছরের পুরোনো লাল শাড়ি পরেছিলেন। আর শাড়িটি তার মায়ের বলে জানিয়েছেন কীর্তি। অভিনেত্রী বলেছেন যে লাল শাড়িটি মায়ের থেকে পাওয়া এক অমূল্য জিনিস। আর শাড়িটি ৩০ বছরের পুরোনো পারিবারিক ইতিহাসের এক অংশ বলে জানিয়েছেন তিনি। সাবেকি শাড়িতে আধুনিকতার ছোঁয়া দিয়ে আরও সুন্দর করে তুলেছিলেন খ্যাতনামা ডিজাইনার অনিতা ডোংগরে। এই শাড়িজুড়ে রুপালি সুতার কাজ করেছিলেন ডিজাইনার। টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, ‘বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল। শুরুতে আমার পরিকল্পনা ছিল যে বরের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসব। মায়ের আলমারি ঘাঁটাঘাঁটির সময় আমার নজরে আসে সুন্দর লাল শাড়িটি। শাড়িটির প্রতি আমার তৎক্ষণাৎ ভালোবাসা জন্মায়। আমি তখনই সিদ্ধান্ত নিই যে বিয়ের দিন এই শাড়িটাই পরব।’ বিয়ের দিন দক্ষিণি সাজে সেজেছিলেন কীর্তি সুরেশ। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। আর শাড়ির সঙ্গে মানানসই জমকালো অলংকার পরেছিলেন তিনি। মাথার খোঁপায় লাগানো সাদা ফুলে আরও স্নিগ্ধতা ছড়িয়েছিলেন কীর্তি। এদিকে এই দক্ষিণি নায়িকা ‘বেবি জন’ ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়া পা রেখেছেন। অ্যাটলি কুমার প্রযোজিত ছবিটিতে কীর্তি ছাড়া আছেন বরুণ ধাওয়ান, বামিকা গাব্বি, জ্যাকি শ্রফ। কালীস পরিচালিত ‘বেবি জন’ ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে।

প্রচারের আলো নিয়ে বলিউডে অজানা তথ্য ফাঁস করলেন সোনু 

প্রচারের আলো নিয়ে বলিউডে অজানা তথ্য ফাঁস করলেন সোনু প্রচারের আলোয় কে না থাকতে চায়। বলিউড তারকাদের মধ্যেও তা নিয়ে প্রতিযোগিতা চলে। সম্প্রতি অভিনেতা সোনু সুদ তারকাদের এই ‘প্রতিযোগিতা’ প্রসঙ্গেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকার বিষয়ে সোনু জানান, নিরাপত্তা কর্মীদের অনেক সময়েই প্রকাশ্যে ইচ্ছাকৃত ভাবে কোনও সমস্যা তৈরি করতে বলা হয়। তার ফলে তারকারা আরও নজরে আসেন। অভিনেতার কথায়, ‘নিরাপত্তারক্ষীদের মাঝেমধ্যেই প্রকাশ্যে কোনও সমস্যা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়, বিশেষ করে বিমানবন্দরে। যার ফলে সাধারণ মানুষ তখন ঘুরে তারকাদের দেখতে বাধ্য হন। একটা কৌতূহল তৈরি হয়। ফলে ওই তারকা তখন সকলের নজরে আসেন।’ সোনুর সঙ্গেও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা থাকেন। এই প্রসঙ্গে সোনু বলেন, ‘আমি তাদের কাউকে ধাক্কা দিতে নিষেধ করি। সাধারণ মানুষ কিন্তু এমনিতে খুবই শান্ত। তাদের থেকে কোনও ক্ষতির আশঙ্কা থাকে না।’ সোনুর মতে, কোনও তারকা চাইলে একান্তে খুব সহজেই বিমানবন্দরে চলাফেরা করতে পারেন। তবে তারকারা সকলের নজরে আসতে চান। তাই নিরাপত্তারক্ষীদের কোনও ধরনের সমস্যা তৈরি করতে বলেন। তখন সহজেই ওই তারকা আরও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। প্রসঙ্গত, চলতি মাসে মুক্তি পাবে সোনু পরিচালিত এবং অভিনীত নতুন ছবি ‘ফতেহ’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং বিজয় রাজ।

ইমরানের সুরে গাইলেন আসিফ আকবর

ইমরানের সুরে গাইলেন আসিফ আকবর বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন বছরের শুরুতে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী। বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে আসিফের গাওয়া ‘মন জানে’ শিরোনামের গান। এ গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আর সেই সুরেই গেয়েছেন আসিফ আকবর। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। আশাবাদ ব্যক্ত করে আসিফ আকবর বলেন, “ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী-পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামের গানে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।” ইমরান মাহমুদুলের কাছে আসিফ ‘নস্টালজিয়া’ ব্যাপার। এ বিষয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমার বিশ্বাস, আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে।” দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা আসিফ আকবর। অন্যদিকে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কটাও সুন্দর। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন তারা। এবার সংগীতের দুই প্রজন্মের দুই তারকা একসঙ্গে হাজির হতে যাচ্ছেন একটি গান নিয়ে। জানা যায়, ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে ৫ জানুয়ারি গানটি মুক্তি পাবে।

বছরের শুরুতেই আদর-দিঘীর চমক

বছরের শুরুতেই আদর-দিঘীর চমক রক্তাক্ত মরদেহ, নৃশংস প্রতিশোধ আর ভয়াল দৃশ্যের মধ্য দিয়ে বছরের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘টগর’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান, আর প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দিঘী। টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহের মধ্যে এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ পা টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে আক্রমণকারীর চরিত্রে থাকা পুরুষটি অস্ত্রধারীকেই কুপিয়ে মারে। এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে ‘টগর’র টিজার, যা দর্শকদের কৌতূহল চরমে নিয়ে গেছে। সিনেমার কনসেপ্ট তৈরি করেছে এআর টিম, আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম।   জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

কার প্রেমে মজেছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

কার প্রেমে মজেছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা করে দারুণ জনপ্রিয়তা পান ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।  কের পর এক সিনেমায় কাজ করে চলেছেন। ঢালিউডের পর টলিউডে পা দিয়েও সুপারহিট ইধিকা। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ সিনেমাও ব্লকবাস্টার এই নায়িকার। ছোট পর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল ইধিকার। এরপর শাকিবের ‘প্রিয়তমা’, সবশেষ দেবের ‘কিশোরী’। দুই পরিচয়েই জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও ভক্তমহলে তৈরি হয়েছে নানা কৌতূহল। শোনা যাচ্ছে, টলিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে একা নয়, তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু-বান্ধবও। তাদের দু’জনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা? এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। এবার নাম জড়ালো ইধিকার সঙ্গে। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

অবশেষে বিচ্ছেদ হচ্ছে পিট ও জোলির

অবশেষে বিচ্ছেদ হচ্ছে পিট ও জোলির অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ সংবাদটি জানিয়েছেন জোলির আইনজীবী। তবে পিটের আইনজীবী এ প্রসঙ্গে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি।হলিউডে র আলোচিত তারকা জোলি ও পিট ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুবছর না যেতেই ২০১৬ সালে জোলি আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেন। ‘অমিমাংসিত মতবিরোধের’ ডিভোর্সের কারণ হিসেবে তিনি আদালতকে জানান। জোলি পিটের সংসারে ৬ সন্তান রয়েছে। একসময় তাদের অভিভাবকত্ব কে নেবেন, এই নিয়ে তিক্ত লড়াই শুরু হয় জোলি ও পিটের মধ্যে। ২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত জানায়। ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার মাধ্যমে ২০০৫ সালে জোলি ও পিটের পরিচয় হয়। এরপর তারা প্রেমে পড়েন ও বিয়ে করেন। জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন। অন্যদিকে এটি ছিল ব্র্যাড পিটের দ্বিতীয় বিয়ে। তিনি জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন। অ্যাঞ্জেলিনা জোলির অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জিয়া’, ‘অরিজিনাল সিন’, ‘সল্ট, ‘লারা ক্রফট’, ‘ টুম্ব রেইডার’, ‘ইন্টারাপটেড’, ‘চেঞ্জলিং’ও ‘গার্ল’। অন্যদিকের ব্র্যাড পিটের আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ওয়ানস আপঅন অ্যা টাইম ইন হলিউড’, ‘ফাইট ক্লাব’ এবং ‘টুয়েলভ মাংকিজ’।

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন ইধিকা

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন ইধিকা দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইধিকা অভিনীত ‘খাদান’ সিনেমা। এতে নায়ক হিসেবে পেয়েছেন ওপার বাংলার দেবকে। মুক্তির পর এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন ইধিকা। আপাতত এ সিনেমার সাফল্যে নিয়েই তার সময় কাটছে। ‘প্রিয়তমা’ মুক্তির পর গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে নাকি প্রেম করছেন ইধিকা। এ খবর ইধিকার কানেও পৌঁছেছিল। এ বিষয়ে ইধিকা পাল ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে!”খানিকটা ব্যাখ্যা করে ইধিকা পাল বলেন, “আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। কিন্তু এই ধরনের রটনায় কান দিয়ে মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দিলে কাজ করব কখন?” তা হলে এই মুহূর্তে ইধিকা পালের রিলেশনশিপ স্ট্যাটাস ঠিক কী? জবাবে ইধিকা পাল বলেন, “আমাকে সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।” ‘প্রিয়তমা’ সিনেমা সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় এ জুটিকে নিয়ে নির্মাণ করছেন ‘বরবাদ’ সিনেমা। গত অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।  

৫ বছর লিভ-ইনের পর অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে!

৫ বছর লিভ-ইনের পর অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে! টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ব্যক্তিগত জীবনে এই দুই তারকা ১৪ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। গত পাঁচ বছর ধরে লিভ-ইন করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। ফলে অঙ্কুশ আর ঐন্দ্রিলার বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়। গত কয়েক বছর ধরেই টলিপাড়ায় খবর উড়ছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা। এমনকি, এ তারকা জুটিও বিয়ে করতে যাওয়ার কথা বলেছেন। তবে সেসবই ‘গুঞ্জন’ আর ‘আলোচনার’ বেড়াজালে আবদ্ধ থেকেছে। এবার ঐন্দ্রিলা সেন বিয়ের ঘোষণা দিলেন। এ-ও জানালন, বিয়ের কেনাকাটাও শুরু করেছেন তারা।  ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা সেন লেখেন— “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ; সবথেকে লম্বা পথ।” ২০২৫ সালের কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা সঠিকভাবে জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ। তবে এ খবর জানানোর পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি।  ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গহনা বেছে নিতে দেখা গিয়েছে। সম্ভবত, বিয়ের দিন নায়ককে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে। তবে বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে অঙ্কুশ-ঐন্দ্রিলা-অভিষেকেরে মুঠোফোনে যোগাযোগ করে ভারতীয় একটি গণমাধ্যম। তবে তাদের কেউই ফোনে সাড়া দেননি।