আবারো মা হলেন ইলিয়ানা

আবারো মা হলেন ইলিয়ানা দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ‘বারফি’ খ্যাত বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তার কোলজুড়ে এসেছে একটি ছেলে সন্তান। খবরটি সামাজিক যোগাযোমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তার ছোট্ট সন্তানের একটি মিষ্টি ছবি দিয়ে খুশির খবরটি শেয়ার করেছেন। ইলিয়ানা ডি’ ক্রুজ এবং মাইকেল ডোলান দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান। ছবিতে একটি একরঙা পোস্টকার্ড রয়েছে যেখানে কিয়ানু রাফে ডোলান আরামে ঘুমাচ্ছেন, একটি তোয়ালে জড়িয়ে। তিনি একটি সুন্দর টুপিও পরেছেন। ছবির টেক্সট লেআউটে লেখা আছে, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে  দিচ্ছি। জন্ম ১৯ জুন, ২০২৫। ’ইলিয়ানা পোস্টটি স্বামী মাইকেল ডোলানকেও ট্যাগ করেছেন। তার সাইড নোটে লেখা, ‘আমাদের হৃদয় এত পূর্ণ। ’এমন দারুণ খবরে ইলিয়ানাকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘অভিনন্দন সুন্দরী!’ বিদ্যা বালান লেখেন, ‘অভিনন্দন এবং ঈশ্বর তোমাদের মঙ্গল করুণ। ’ইলিয়ানা ডি’ ক্রুজ এবং মাইকেল ডোলান ২০২৩ সালে বিয়ে করেন। একই বছরের এই অভিনেত্রী প্রথম গর্ভাবস্থার ঘোষণা দেন। ২০২৩ সালের আগস্টে ইলিয়ানা তার প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডোলানের জন্মের খবর জানান। এদিকে ইলিয়ানা ডি’ক্রুজকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে ‘দো অর দো পেয়ার’ সিনেমায়। শীর্ষা গুহ ঠাকুরতা পরিচালিত এই রোমান্টিক কমেডি সিনেমাতে আরও অভিনয় করেছিলেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং সেন্ধিল রামমূর্তি।

গোপনে সিনেমার শুটিংও করেছিলেন সাকিব আল হাসান!

গোপনে সিনেমার শুটিংও করেছিলেন সাকিব আল হাসান! এক যুগ আগে ‘সব কিছু পেছন ফেলে’ নামের সিনেমা নির্মাণ শুরু করেন রাজিবুল হোসেন। শহরের পাঁচ তরুণ-তরুণীর গল্প নিয়ে নির্মিতব্য সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের। অভিনয়ে অংশও নিয়েছিলেন এই ক্রিকেটার। জানা যায়, পরবর্তী সময়ে সংবাদ প্রকাশ হলে অভিনয়ের বিষয়টি অস্বীকার করেন সাকিব। এতে বিপদে পড়েন পরিচালক, থেমে যায় শুটিং। শেষ পর্যন্ত সিনেমার কাজই বন্ধ করে দেন নির্মাতা। নির্মাতা জানান, সাকিবের মিথ্যাচারের কারণেই শেষ করা যায়নি সিনেমাটির কাজ। নির্মাতা রাজিবুল হোসেন বলেন, ‘সব কিছু পেছন ফেলে’ সিনেমার শুটিং শুরু হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে। সাকিব আল হাসান শুটিং করেছেন, ক্যামেরার সামনে অভিনয় করেছেন, ক্ল্যাপস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমরা দৃশ্য ধারণ সম্পন্ন করি। কিন্তু পরবর্তী সময়ে তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করলে পুরো প্রজেক্টটা অনিশ্চয়তার মুখে পড়ে। এই নির্মাতা আরও বলেন, সাকিব আল হাসানের মিথ্যাচার নির্মাতা হিসেবে আমাকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি এটা ছিল একটি শিল্পভিত্তিক কাজের প্রতি তার অসম্মান। আমি চাইলে তাকে ছাড়া সিনেমাটি শেষ করতে পারতাম, কিন্তু আমি বিশ্বাস করি একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না। পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন রাজিবুল হোসেন। স্পনসর করেছিল ফুজিফিল্ম বাংলাদেশ। তাদের মাধ্যমেই সাকিব এই সিনেমার সঙ্গে যুক্ত হন বলে জানান নির্মাতা। শুটিংয়ে অংশ নেওয়ার পরেও সাকিব আল হাসান কেন অস্বীকার করেন জানতে চাইলে নির্মাতা বলেন, প্রথম লটেই আমরা তাকে নিয়ে শুটিং করি। এরপর তার অভিনয় নিয়ে একটা সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তিনি বেঁকে বসেন। কী কারণে তিনি এমনটা করেছেন তা আমার জানা নেই।   এত দিন পর কেন এই অভিযোগ- এমন প্রশ্নের উত্তরে নির্মাতা রাজিবুল হোসেন বলেন, আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান কাজটি সে সময় ঠিক করেননি। এটা সবাইকে জানানোর জন্যই এ বিষয় নিয়ে কথা বলা। এ ছাড়া অনেকেই সিনেমা বন্ধ করে দেওয়া নিয়ে নানা কথা বলত। তাদের সত্যিটা জানানো দরকার।

না ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা

না ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা’ খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। জানা গেছে, হঠাৎ করে শেফালি অসুস্থতা বোধ করলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তার স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন শেফালি জারিওয়ালা। আহমেদাবাদেই প্রাথমিক শিক্ষা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে শোবিজে যাত্রা শুরু করেছিলেন- মডেল হয়েছিলেন ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওতে। এই গান তাঁকে এতটাই জনপ্রিয়তা দিয়েছিল যে, তিনি ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পেয়েছিলেন। রুপালি দুনিয়ায় যাঁরা কম বয়সেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেফালি। এক গানেই বদলে যায় তার ক্যারিয়ার। একাধিক টিভি শো-এ কাজ করেছেন। নাচের রিয়েলিটি শো ‘বুগি উগি’, ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ যোগ দিয়েছিলেন শেফালি। এর পাশাপাশি ‘বিগ বস ১৩’-এও অংশগ্রহণ করেছিলেন তিনি। ‘মুঝসে শাদি করোগি’ (২০০৪) এবং ‘হুডুগারু’ (২০১১) ছবিতেও অভিনয় করতে দেখা গেছে শেফালিকে। সম্প্রতি একাধিক ওয়েব সিরিজেও দেখা গেছে। ‘শয়তানি রাশমেন’ নামে একটি শোয়েও কাজ করেছেন। কাজের বাইরে শেফালির ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার কেন্দ্রে। ভালোবেসে সঙ্গীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। কিন্তু ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর তার জীবনে আসে অভিনেতা পরাগ ত্যাগী। ২০১৪ সালে সাত পাক ঘুরেন পরাগ এবং শেফালি। এরপর তারা মুম্বাইয়ে সংসার পাতেন।

কিংবদন্তি সৌরভের বাড়িতে নৈশভোজে সারা-আদিত্য

কিংবদন্তি সৌরভের বাড়িতে নৈশভোজে সারা-আদিত্য ভারতীয় ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনী দেখা যাবে বড়পর্দায়। দীর্ঘদিন আলোচনায় ছিল মহারাজার বায়োপিকের পরিকল্পনা। জানা গেছে, সৌরভের বায়োপিকে দেখা যাবে সারা আলি খান-আদিত্য রায় কাপুরকে। বৃহস্পতিবার (২৬ জুন) সারা-আদিত্য জুটির নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’র প্রোমোশনের জন্য কলকাতায় এসেছিলেন। ছবির প্রোমোশন শেষে রাতে সৌরভ গাঙ্গুলীর বাড়িতে জমে নৈশভোজ। মেনুতে ছিল মাছ, সঙ্গে আলুপোস্ত আর আমের বিশেষ আয়োজন। রাত সোয়া ৯টার দিকে, বেহালার বীরেন রায় রোডে সাংবাদিকদের ভিড়। বৃষ্টিও রুখতে পারেনি মিডিয়া কর্মীদের উৎসাহ। প্রথমে কালো গাড়িতে পৌঁছান সৌরভ। কিছুক্ষণ পরেই সাদা বিএমডব্লিউ চড়ে হাজির সারা-আদিত্য। গেটের সামনে নামার সঙ্গে সঙ্গে শুরু হয় ক্যামেরার ফ্ল্যাশ আর প্রশ্নের ঝড়। নৈশভোজ শেষে রাত ১১টার দিকে হাসিমুখে বেরিয়ে এলেন সারা আলি খান আর আদিত্য রায় কাপুর। সারা বললেন,দাদার বাড়ির রান্নার কথা তো আলাদা করে বলতেই হয়। আর পরিবারটাও ঠিক ততটাই অসাধারণ। দাদার কাছ থেকে শুনলাম আমার ঠাকুমা শর্মিলা ঠাকুর আর দাদু মনসুর আলি খানের স্মৃতির গল্প। বক্তব্যের ফাঁকে সৌরভের পাশে হাসিমুখে দাঁড়িয়ে আদিত্য। সৌরভের বাড়ির আড্ডায় কী কী গল্প হল? আদিত্য বললেন, “দাদা মানেই ক্রিকেট। তার মুখে ২২ গজের এত গল্প শুনলাম, শরীরে কাঁটা দিয়ে উঠছিল।” তার কথা শেষ হওয়ার আগেই সারা হেসে যোগ করলেন, “আমার তো ক্রিকেট রক্তে। ঠাকুরদা ছিলেন ক্রিকেটার। আজ ইডেনে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতা আমৃত্যু মনে থাকবে।” পরিচালক অনুরাগ বসুর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও দুই তারকার উচ্ছ্বাস। “অনুরাগদার মতো মাপের পরিচালক যখন আমাদের বেছে নিয়েছেন, সেটা বড় সম্মানের ব্যাপার,”—বললেন সারা আর আদিত্য। আড্ডার একপর্যায়ে উঠে এল সৌরভের আসন্ন বায়োপিক ‘মহারাজ’-এর প্রসঙ্গও। আদিত্য কি সুযোগ পেলে করবেন? হাসিমুখে সৌরভ জানালেন, “কাজ এগোচ্ছে। দেখা যাক, পরিচালক বিক্রম মোতওয়ানে কী বলেন।” আদিত্য জানালেন, “এই ছবির কথা আগেই শুনেছি। সুযোগ পেলে দারুণ লাগবে।” সারাও মিষ্টি হেসে জানালেন, “আমি তো আছিই!” গল্প শেষে রাতের শহরের বুকে দ্রুত ছুটল তাঁদের গাড়ি। সৌরভের বাড়ি থেকে বেরিয়ে তাঁরা রওনা দিলেন পরবর্তী গন্তব্যের দিকে।

ভয় দেখাতে আসছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা

ভয় দেখাতে আসছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা   ‘পুষ্পা’ সিনেমা দিয়ে রীতিমতো বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। বনে গেছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’। সেদিক থেকে এখন ক্যারিয়ারের বেশ সুসময় পার করছেন অভিনেত্রী। এরমধ্যেই এবার দিলেন নতুন খবর। হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে, তবে একদমই ভিন্ন রূপে। সিনেমাটির নাম ‘মাইশা’। শুক্রবার সোশ্যালে ছবিটির ফার্স্ট লুক পোস্টার উন্মোচিত হয়েছে। যেখানে তাকে দেখা গেছে, একজন তীব্র, রুক্ষ, আহত কিন্তু অদম্য নারীরূপে। পোস্টারে রাশমিকার রক্তমাখা মুখ, এলোমেলো চুল, হাতে তলোয়ার-আর চোখে জ্বলছে যুদ্ধের আগুন। যেন প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে গর্জে উঠছেন। প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, দৃঢ়তায় গড়া, অটল ইচ্ছাশক্তিতে ভরপুর, সে গর্জে ওঠে। এটা কেবল শোনার জন্য নয়, ভয় জাগানোর জন্য। রাশমিকা নিজেও ফার্স্ট লুক শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে—ভিন্ন কিছু, দারুণ কিছু। আর ‘মাইশা’ ঠিক তেমনই এক প্রজেক্ট। এমন একটি চরিত্র, যা আগে কখনও করিনি। এমন এক জগৎ, যেটা আমিও আগে দেখিনি। এই চরিত্রটা তীব্র, রুক্ষ। আমি একদিকে নার্ভাস, অন্যদিকে অসম্ভব রোমাঞ্চিত। এটা কেবল শুরু…।” ‘মাইশা’ পরিচালনা করছেন রাওয়িনদ্রা পুল্লে। নির্মাতার ভাষ্য মতে, এটি হবে রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী চরিত্রগুলোর একটি। আর এই প্রথমবার তিনি এককভাবে একটি ছবির প্রধান মুখ হিসেবে পর্দায় হাজির হচ্ছেন-যা তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’-এ। এ আর মুরুগাদোস পরিচালিত সেই ছবি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি।

এবার প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনা একসঙ্গে

এবার প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনা একসঙ্গে অফট্রাকের সিনেমাতে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী দুইজনই আগে কাজ করেছেন এবার যুক্ত হলো দর্শনা বণিকের নাম। এই ত্রয়ীকে দেখা যাবে ‘দেবী চৌধুরানি’ সিনেমাতে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘দেবী চৌধুরানি’ এর আগে ছোট পর্দা ও বড় পর্দা দুই মাধ্যমেই এসেছে। এবার নতুন করে বড় পর্দায় আনছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য, ২৬ জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তারই জন্মভিটায় সিনেমার প্রচারণা শুরু করে ‘দেবী চৌধুরানি’ টিম। ‘দেবী চৌধুরানি’ উপন্যাস অবলম্বনে প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনাদের নিয়ে এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই সিনেমাতে ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। উপন্যাসের দুই অন্যতম চরিত্র নিশি হয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় ও সাগরের চরিত্রে অভিনয় করবেন দর্শনা বণিক। প্রসেনজিৎ বলেন, ‘‘সিনেমাটি তৈরি হওয়ার পর থেকেই আমরা ভাবছিলোম এর প্রচার কবে থেকে শুরু করবো। আমার মনে হয়েছিল, এই দিনটা অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যেই তো শুধু নয়, বঙ্কিমবাবু তো পুরো দেশেরই সাহিত্য জগতে এক উজ্জ্বল নাম। আজকের দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা মানুষের কাছে সিনেমার প্রচার শুরু করলাম।” পরিচালক শুভ্রজিৎ বলেন, ‘‘এটি বাংলার ইতিহাস নিয়ে তৈরি সিনেমা। ঐতিহাসিক চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে সিনেমাতে।’’

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমীকে। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে বিয়ের হওয়ার প্রবণতা অনেক বেশি থাকলেও, বিয়ে টিকে থাকার প্রবণতা কম। সেক্ষেত্রে এই জুটি ব্যতিক্রম। তিন দশকের বেশি সময়ের সংসার এই তারকার জুটির। আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি শোতে উপস্থিত ছিলেন ওমর সানী।  উপস্থাপকের প্রশ্ন ছিলো, অনেকে বলেন আপনি মৌসুমীকে বিয়ে করে ভুল করেছেন? আসলেই কি তাই? উত্তরে ওমর সানী বলেন, ‘‘ওরা বোকা। দিন শেষে তিরিশ বছর পরে একটা পুরুষ আর একটা মেয়ের কাছে এর চেয়ে বড় প্রাপ্য তো আর কিছু থাকে না। তথাকথিত মানুষেরা বলে যে, আমাদের বিয়ে টেকে না। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ যারা আছে, টেলিভিশনের মানুষ যারা আছে এবং যারা শোবিজের সঙ্গে রিলেটেড তাদের বিয়ে একদমই টেকে না। কিন্তু সেদিক দিয়ে তো আমরা সফল। একটি কথাই শুধু বলবো আলহামদুলিল্লাহ।’’ ওমর সানী আরও বলেন,‘‘যখন আমার ছেলের দিকে তাকাই, মেয়ের দিকে তাকাই তখন আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ কাজটিই আমি করেছি।’’ উল্লেখ্য,  ঢালিউডে ওমর সানীর অভিষেক ঘটে ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে।

দেবের নায়িকা হওয়া হলো না ফারিণের!

দেবের নায়িকা হওয়া হলো না ফারিণের! ভারতীয় বাংলা সিনেমার নায়ক দেবের আলোচিত সিনেমা ‘প্রজাপতি’। অভিজিৎ সেন নির্মিত এ সিনেমা ২০২২ সালে মুক্তি পায়। বাবা-ছেলের চরিত্র রূপায়ন করে দর্শকদের মুগ্ধ করেন মিঠুন-দেব। এতে দেবের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক অভিজিৎ সেন ঘোষণা দেন ‘প্রজাপতি টু’ সিনেমা নির্মাণের। পাশাপাশি জানান, সিনেমাটিতে দেবের নায়িকা রূপে হাজির হবেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ। তারপর নানা সময়ে এ সিনেমাকে কেন্দ্র করে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের শুরুতেও ফারিণকে বাদ দিয়ে নতুন মুখ নেওয়ার গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো! ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘প্রজাপতি টু’ সিনেমায় তাসনিয়া ফারিণের পরিবর্তে কলকাতার জ্যোতির্ময় কুণ্ডুকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। সিনেমাটির শুটিং ভারত ও বিদেশে হবে। বিশ্ব অস্থির অবস্থায় যাচ্ছে। ফলে নির্মাতারা ঠিক করেছেন, প্রথমে কলকাতায় শুটিং করার। পরিস্থিতি স্বাভাবিক হলে বাইরের অংশের শুটিং হবে। ফারিণকে চূড়ান্ত করার পরও তাকে কেন বাদ দেওয়া হলো? স্বাভাবিকভাবে এ প্রশ্ন উঠেছে। গণমাধ্যমটি জানিয়েছে, গত বছর গণঅভ্যত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি বদলে যায়। ভিসা জটিলতার কারণে ভারতে আসতে পারেননি ফারিণ। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখন ফারিণ। দর্শকদের ভালোবাসার সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়ান। সিনেমাটিতে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসরে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন ফারিণ।

শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব, যা বলেছেন শ্রাবন্তী

শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব, যা বলেছেন শ্রাবন্তী টলিউডের অনেক ব্যবসাসফল বাণিজ্যিক সিনেমার পরিচালক রাজীব বিশ্বাস। তার পরিচালিত একাধিক সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের আসন পাকাপোক্ত করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। কাজ করতে করতেই দুইজনের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই তারকা দম্পতির সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে এবং শেষমেশ ২০১৬ সালে আইনি বিচ্ছেদে রূপ নেয়। এরপর শ্রাবন্তীর আরও দুইটি বিয়ে হয়েছে কিন্তু সেগুলোও টেকে নি। বর্তমানে রাজীব-শ্রাবন্তী দুইজনই সিঙ্গেল। শ্রাবন্তীকে নিয়ে অনেক পজেটিভ কথাবার্তা বলতে শোনা যায় রাজীবকে। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে রাজীবের কাছে জানতে চাওয়া হয়েছিলো, শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান কি না? রাজীব বলেন, ‘‘ চাই। দেব-শ্রাবন্তীকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-জিৎকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-অঙ্কুশকে নিয়ে ছবি করতে চাই। সেটা শ্রাবন্তীর সঙ্গে আগে ছবি করছি বলে বলছি না। আমার মনে হয় ও যে ধরণের অ্যাকট্রেস, তাতে ওরও কোনো সমস্যা হবে না। আমার মনে হয় না ও নার্ভাস অভিনেত্রী।’’ রাজীব আরও বলেন, ‘‘বাইরে থেকে একজন প্রোডিউসার এসেছিলেন। তিনি বলেছিলেন যে, শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে অসুবিধা আছে? আমি বলেছিলাম না। ওর সাথেও তারা কথা বলেছিলো। আমি যতদূর জানি যে, ও বলেছিলো যে আমার কোনো অসুবিধা নাই।’’ উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেছেন রাজীব যেগুলোর নায়িকা ছিলেন শ্রাবন্তী। যেমন ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’ প্রভৃতি।

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টির

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টির ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে যিনি বেশি আলোচনায় থাকেন। এবার মানহানির অভিযোগে ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন এই চিত্রতারকা।  বুধবার (২৫ জুন) অফিশিয়াল ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান এই অভিনেত্রী। সেখানে মিষ্টি জান্নাত লেখেন, কিছু পেজ, ‘সো-কলড’ জার্নালিস্ট নামক ভিউ ব‍্যাবসায়ীদের নাম, কিছু কনটেন্ট ক্রিয়েটরের নামসহ ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারীর স্ক্রিনশট, লিংক সব এন্টি করা হয়েছে। সাথে কিছু ‘সো-কলড’ ফেসবুকার, টিকটকারের নাম নিয়ে আমার ল ইয়ার এবং আমার ফ‍্যান-ফলোয়ার, পরিবার কাজ করছেন। অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন মিষ্টি জান্নাত। সেখানে সফরে যাওয়ার পর বেশ সমালোচনার মুখে পড়েছেন এই চিত্রনায়িকা। সামাজিকমাধ্যমে নেটিজেনরা বিভিন্নরকম বিদ্রুপমূলক, বাজে মন্তব্য করছেন; যা তার নজর এড়ায়নি। দুবাই থেকে মিষ্টি জান্নাত ফেসবুক স্ট্যাটাসে লেখেন, একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই। ধন‍্যবাদ। ভালো থাকবেন। বিস্ময়কর ব্যাপার হলো, মিষ্টির এই পোস্টেও নেটিজেনদের অনেকে নোংরা মন্তব্য করেছেন। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক।