রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা

রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ‘ব্ল্যাকপিংকের’ সদস্য লিসা অভিনয় করছেন নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমায়। দ্য কোরিয়া টাইমস লিখেছে, অভিনয়ের পাশাপাশি এই সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকছেন তিনি। মিডল চাইল্ড প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ডেভিড বার্নাড। তবে সিনেমাটির নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। তবে এটি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘নটিং হিল’ থেকে সিনেমা অনুপ্রাণিত হয়ে নির্মাতারা বানিয়েছেন। লিসা নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের আরও একটি সিনেমাতেও অভিনয় করেছেন। এই তারকা অভিনয়ে আলোচনায় আসেন ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে কাজ করে। গত বছর এইচবিওর সিরিজটি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় এই তরুণীর। ২৯ বছর বয়সী লিসার জন্ম থাইল্যান্ডের, তার আসল নাম লালিসা মনোবাল। ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে লিসার দক্ষিণ কোরিয়ায় আসে। মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি। কিছুদিন আগে নতুন অ্যালবামের টিজার ছেড়েছে ব্ল্যাকপিংক। অ্যালবামের নাম ‘ডেডলাইন’ নতুন কোনো চমক নয়। গেল বছর এই নামে বিশ্ব সফরের ঘোষণা দেয় দলটি। ব্ল্যাকপিংকের ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ও শেষ পর্যায়ে রয়েছে; বিভিন্ন দেশের ১৬টি শহরে ৩৩টি শো করেছে দলটি।
প্রাক্তন প্রেমিকের সঙ্গে হানিয়া আমিরের বিয়ে?

প্রাক্তন প্রেমিকের সঙ্গে হানিয়া আমিরের বিয়ে? পাকিস্তানি মডেল-অভিনেত্রী হানিয়া আমির। পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনই পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণেও আলোচিত হয়ে থাকেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে। ব্যক্তিগত জীবনে পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া আমির। বেশ আগে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। ফের অসীম আজহারের সঙ্গে হানিয়ার নাম জড়িয়েছে। গুঞ্জন উড়ছে, হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। কেবল তাই নয়, আগামী রমজানে বিয়ে করতে যাচ্ছেন এই যুগল। কয়েক দিন পরই শুরু হবে রমজান। এই রমজানে বিয়ে করবেন অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক অসীম আজহার। ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা। মূলত, হানিয়া আমির ও অসীম আজহারের বিয়ের খবরটি প্রথমে সামনে আনে পাকিস্তানভিত্তিক বিনোদন-লাইফস্টাইল বিষয়ক ইনস্টাগ্রাম পেজ ‘ইরফানিস্তান’। এ পেজের অনুসারীর সংখ্যা ১৬ লাখের বেশি। এ পোস্টে লেখা হয়, “ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, হানিয়া আমির ও আসীম আজহার রমজানে বিয়ে করতে যাচ্ছেন। প্রিয় এই জুটি তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন।” তবে বিয়ের বিষয়টি নিয়ে এখনো হানিয়া আমির বা অসীম আজহার কিংবা তাদের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। কয়েক মাস আগে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।” হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু গত বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত বছরের আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির। তারপরই শুরু হয় চর্চা। সবকিছু মিলিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী

যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী গত বছর পহেলা বৈশাখে জানা গিয়েছিল টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত প্রযোজনায় আসছেন। সেই সময় অভিনেতা সৌরভ দাসকে নিয়ে তিনি ‘হোয়াই সো সিরিয়াস’ প্রোডাকশন হাউস খোলেন। সেই সময় কিছু কাজ তারা শুরু করেন। এবার সিনেমার প্রযোজনায় হাত দিয়েছেন তারা। তাদের প্রযোজনা সংস্থায় একটি সিনেমা নির্মাণ করছেন। আর এ সিনেমায় বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সময়ের আলোচিত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে কাজ করতে যাচ্ছেন, এমনটিই জানা গেছে। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রসেনজিৎ ও শুভশ্রী গাঙ্গুলির কাছে সিনেমার প্রস্তাব গেছে। যিশু সেনগুপ্ত নিজেও থাকতে পারেন এ সিনেমায়। টালিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বিবেচনা করছেন এ ফিল্মের প্রস্তাব নিয়ে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে প্রথমবার তিনজনকে একসঙ্গে পাওয়া যাবে। কিছু দিন আগেই ‘পদ্মশ্রী’ সম্মান অর্জন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর বুম্বাদা, যিশু ও শুভশ্রী যদি একত্রে আসেন কলকাতার ইন্ডাস্ট্রির জন্য বড় খবর হতে চলেছে। এখন প্রশ্ন— সিনেমার পরিচালক কে? যিনি এই ত্রয়ীকে একত্রিত করতে চলেছেন। একটি সূত্র জানিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালকের আসনে বসতে যাচ্ছেন। যার পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ সিনেমায় শুভশ্রীর অভিনয় গত বছর দর্শক-সমালোচকদের দারুণ প্রশংসা পেয়েছে। যদিও এ প্রসঙ্গে নির্মাতার তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। সবকিছু পরিকল্পনামাফিক চললে চলতি বছর ইন্দ্রদীপ সিনেমায় হাত দেবেন। গত বছর জুন মাসে শুভশ্রীকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েও তার সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছিল। কিন্তু তখনো আন্দাজ করা যায়নি এমন কিছু ঘটতে চলেছে।
চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে

চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে গত বছর ঈদে মুক্তি পায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর সিনেমা ‘নীলচক্র’। সে ছবি নিয়ে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই তৈরি হয়েছে শোরগোল। মূলত ইউটিউবে ‘চক্রব্যূহ’ নামে ১ ঘণ্টা ৫১ মিনিটের একটি সিনেমা প্রকাশ পাওয়ার পর এই বিভ্রান্তির সৃষ্টি হয়।দর্শকরা এটিকে শুভ-মন্দিরা জুটির নতুন সিনেমা ভেবে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়লে পরে বুঝতে পারেন, এটি আসলে তাদের আগের সিনেমা ‘নীলচক্র’-এর একটি এডিটেড ভার্সন। তবে অবাক করা বিষয় হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার ভাষা বদলে পুরোপুরি কলকাতার ঢঙে ডাবিং করা হয়েছে। এমনকি কিছু কিছু দৃশ্যেও পরিবর্তন আনা হয়েছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে রীতিমতো হকচকিয়ে গেছে দর্শকমহল। নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি কপিরাইট বিক্রি করে সিনেমাটি নতুন নামে মুক্তি দেওয়া হলো?বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ‘নীলচক্র’ সিনেমার পরিচালক মিঠু খান কার্যত আকাশ থেকে পড়েন। ইউটিউবে এমন সংস্করণের কথা তিনি জানতেনই না।পরে ভিডিওটি দেখে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা কিভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে আমি জানি না। কোনো ইউটিউব চ্যানেলের কাছে আমরা এর কপিরাইট বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কে বা কারা এটি করেছে, তা আমরা খুঁজে বের করব এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেব। তিনি নিশ্চিত করেন, সিনেমাটির ডিজিটাল সংস্করণ পরিচালক বা প্রযোজনা সংস্থার বাইরে অন্য কারো কাছে থাকার কথা নয়। তবে একটি সূত্র ধরে পরিচালক জানান, সিনেমাটির পোস্ট-প্রডাকশনের কাজ হয়েছিল কলকাতায়। মিঠু খান বলেন, ‘সিনেমার কাজ আমি কলকাতায় করিয়েছি, তাই সেখানে একটি কপি ছিলো। আমার ধারণা, ল্যাবে কাজের সঙ্গে যুক্ত কেউ আমাদের অজান্তে এটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছে। এভাবে সিনেমাটি পাইরেটেড হওয়ার কারণে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লাম। আমরা দ্রুত এটি সরিয়ে ফেলার ব্যবস্থা নিচ্ছি।
অবশেষে ভারতে শাকিব খান

অবশেষে ভারতে শাকিব খান ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। ইতিমধ্যে শাকিবসহ সিনেমার অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রযোজনাসংশ্লিষ্ট একাধিক সূত্র।পরিকল্পনা অনুযায়ী গেল বছরের ডিসেম্বরে ভারতে শুটিং শুরুর কথা থাকলেও শিল্পী ও কলাকুশলীদের ভিসা না পাওয়ায় তা সম্ভব হয়নি। এতে করে রোজার ঈদে সিনেমাটি মুক্তি নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নির্মাতা আবু হায়াত মাহমুদ বাধ্য হয়ে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন। পরে ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় শুটিং হয় সিনেমার কিছু অংশের। তবে নির্মাতাদের মূল পরিকল্পনায় শুরু থেকেই ছিল ভারত। লোকেশন, সেট এবং প্রস্তুতি আগেই চূড়ান্ত করা থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার জন্য অপেক্ষা করছিলেন তারা। অবশেষে ভিসা পাওয়ায় সেই অপেক্ষার সফল পরিণতি হলো আর স্বস্তির নিশ্বাস ফেলেছে পুরো টিম। বর্তমানে ভারতে শুটিং চললেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি পরিচালক আবু হায়াত মাহমুদ কিংবা প্রযোজক শিরিন সুলতানা। প্রযোজনা সূত্র জানিয়েছে, ঈদ সামনে রেখে এখন তাদের একমাত্র লক্ষ্য দ্রুত শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজে হাত দেওয়া। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক ভয়ংকর গ্যাংস্টারের চরিত্রে, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী।
ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি

ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ব্রিটিশ র্যাপার এবং ‘স্প্রিন্টার’ খ্যাত তারকা সেন্ট্রাল সি। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে তিনি আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে শাহাদাহ গ্রহণ করেন। ইসলাম গ্রহণ হওয়ার পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’। ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর বয়সী এই শিল্পী একটি লাইভস্ট্রিমে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তার আগের নাম ছিল ওকলি নীল সিজার-সু। লন্ডনের শেফার্ডস বুশ থেকে উঠে আসা এই র্যাপার বর্তমানে বিশ্বসংগীতের অন্যতম পরিচিত মুখ। কনটেন্ট ক্রিয়েটর ‘PlaqueBoyMax’-এর সাথে একটি লাইভ চলাকালীন তিনি জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন থেকে তিনি ‘আখিল’ নামে পরিচিত হতে চান। এর আগে সেন্ট্রাল সি তার ধর্মীয় বিশ্বাস নিয়ে জনসমক্ষে খুব একটা কথা বলেননি।২০১৪ সালে যাত্রা শুরু করলেও ২০২১ সালের দিকে সেন্ট্রাল সি ইউকে র্যাপ জগতে এক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবে একটি একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ড রয়েছে তার। ড্রেক এবং জে. কোল- এর মতো বিশ্বসেরা তারকাদের সাথে কাজ করে তিনি গত কয়েক বছরে সাফল্যের তুঙ্গে রয়েছেন। নিজের দ্রুত উত্থান সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সবকিছু এতো দ্রুত ঘটছে যে মাঝে মাঝে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। আমি এতোদিন ধরে এতো দ্রুত দৌড়াচ্ছি যে এসব নিয়ে ভাবার সময়টুকুও পাইনি। পেশাদার জীবনের এই ব্যস্ততার মাঝে তার এই ব্যক্তিগত এবং আধ্যাত্মিক পরিবর্তন ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে তার অনুসারীরা তাকে শুভকামনা জানাচ্ছেন। মুসলিম কমিউনিটির পক্ষ থেকে তার এই সিদ্ধান্তকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
হাফপ্যান্ট পরেই গ্র্যামির মঞ্চে, আলোচনায় জাস্টিন বিবার

হাফপ্যান্ট পরেই গ্র্যামির মঞ্চে, আলোচনায় জাস্টিন বিবার গানের পাশাপাশি বৈচিত্র্যময় লাইফস্টাইল ও অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। এবার সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে পোশাক নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই তারকা। কারণ পারফর্মের সময় তার পরনে ছিল শুধু হাফপ্যান্ট আর মোজা; যা নিয়ে এখন আলোচনায় এই শিল্পী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ করে বিবারকে এমন অবস্থায় দেখে একরকম হকচকিয়ে যান আয়োজক ও বিচারকেরা। আর বিবারের এমন খামখেয়ালি পোশাকের বিষয়ে আগে থেকে কিছুই জানতেনও না তারা। গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, বিবার যে এমন পোশাকে পারফর্ম করবেন, তা তিনি আগে থেকে কাউকেই জানাননি। বলেন, আমার মনে হয় না মঞ্চে ওঠার আগ পর্যন্ত তিনি ঠিক করেছিলেন কী পরবেন। সৃজনশীল পরিকল্পনা নিয়ে আলোচনার সময়ও তিনি কোনো আভাস দেননি, শুধু বলেছিলেন- মঞ্চে উঠে গান গাইবেন। জানা গেছে, সেদিন জাস্টিন বিবার তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের তৈরি করা একটি সাটিন বক্সার শর্টস পরে পারফর্ম করতে মঞ্চে ওঠেন। আয়োজকরা জানান, এই বিশেষ পারফরম্যান্সের জন্য বিবার খুব একটা সময় নষ্ট করতে চাননি, তাই হয়তো বিবার এমন পোশাকেই চলে আসেন। এবারের অনুষ্ঠানে জাস্টিন বিবারের পোশাক ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিংবদন্তি গায়িকা চের-এর একটি ভুল। ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ক্যাটাগরির বিজয়ী ঘোষণা করতে গিয়ে তিনি ভুলবশত ২০০৫ সালে প্রয়াত সংগীতশিল্পী লুথার ভ্যানড্রসের নাম বলে ফেলেন। তবে দ্রুতই ভুল শুধরে নিয়ে আসল বিজয়ী কেনড্রিক ল্যামারের নাম ঘোষণা করেন তিনি।
‘কেন ওরা রাজনীতিতে গেল, ববিতার প্রশ্ন

‘কেন ওরা রাজনীতিতে গেল, ববিতার প্রশ্ন শিল্পীদের রাজনীতিতে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। একুশে পদক প্রাপ্তির পর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি, শিল্পীদের একেবারেই রাজনীতিতে জড়ানো উচিত নয়। একজন শিল্পী যেভাবে কাজ করেছেন, পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, একটা সময় দেশের মানুষ তাদের অনেক ভালোবাসেন। কিন্তু যে মুহূর্তে শিল্পী রাজনীতিতে জড়ান, সব কিছু জিরো হয়ে যায়। এ সময় তিনি একুশে পদক প্রাপ্তির জন্য ভক্ত-দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘ভক্ত-দর্শকের ভালোবাসায় আমি ববিতা হয়েছি, একটা পর্যায়ে পৌঁছেছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সাক্ষাৎকারে শিল্পীদের রাজনীতিতে জড়ানোর নেতিবাচক দিক তুলে ধরে ববিতা বলেন, “শিল্পী সবসময় শিল্পী। সে রাজনীতি সচেতন হবে, কিন্তু কেন সে রাজনীতি করবে? এটা আমার খুব অপছন্দ। যে যা-ই বলুক, আমার একটাই কথা শিল্পীরা কখনোই রাজনীতিতে যাবে না। এ সময় তিনি অভিনেতা রিয়াজ ও ফেরদৌসের প্রসঙ্গ টেনে বলেন, “এই যে দেখেন রিয়াজ, ফেরদৌসসহ আরও কে কে তো শিল্পী হিসেবে ভালোই ছিল। কেন ওরা রাজনীতিতে গেল! রিয়াজ এখন পালিয়ে বেড়াচ্ছে কেন? রাজনীতি এমন একটা জায়গা, এখানে কাল কী হবে কেউ বলতে পারে না। এসব কারণে শিল্পী হিসেবে মানুষ তার নাম ভুলে যাচ্ছে। ববিতা মনে করেন একজন শিল্পীর গ্রহণযোগ্যতা রাজনীতিবিদের চেয়েও বেশি। তিনি বলেন, “যত দিন দল ক্ষমতায়, রাজনীতিবিদ তত দিন শক্তিশালী। যে মুহূর্তে দল ক্ষমতায় নাই, রাজনীতিবিদের সবকিছু তখনই শেষ। কিন্তু একজন শিল্পীর ক্ষমতা সবসময় থেকে যাবে, যত দিন যাবে বাড়বে। উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছর একুশে পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ববিতা একুশে পদক চলচ্চিত্রকার, সাহিত্যিক জহির রায়হানকে উৎসর্গ করেছেন।
ভয়, সন্দেহ ও অনিশ্চয়তায় ‘পাশে থাকার গল্প’

ভয়, সন্দেহ ও অনিশ্চয়তায় ‘পাশে থাকার গল্প’ ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার এক গল্পে নির্মিত হলো নাটক ‘পাশে থাকার গল্প’। শুক্রবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রচারে আসে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান ও অভিনেত্রী তটিনী। এছাড়া আরও আছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান ও অভিনেত্রী সাবেরী আলমকে। জামাল হোসেনর প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকটি প্রসঙ্গে প্রযোজক জামাল হোসেন বলেন, ‘পারিবারিক আবহের একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এ সময়ে আমাদের অনেকেই পাশে থাকার দায়িত্ব নিতে ভয় পাই। আমাদের মধ্যে থেকে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। এ নাটকে দর্শক তেমন সুন্দর একটি নগল্প দেখতে পাবে।’ নির্মাতা রিংকু বলেন, ‘আমি বরাবরই গল্প নির্ভর নাটক নির্মাণ করতে পছন্দ করি। যারা আমার নাটক দেখেন তারা এটি ভালো বলতে পারবেন। এ নাটকেও প্রেম ভালোবাসার পাশাপাশি আমাদের চারপাশের পরিবারের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।
সালমানের বান্ধবীর সঙ্গে কাজ করছেন অরিজিৎ!

সালমানের বান্ধবীর সঙ্গে কাজ করছেন অরিজিৎ! বলিউডে আবারও আলোচনার শীর্ষে উঠে এলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। কিছুদিন আগেই অরিজিৎ জানান প্লে ব্যাক সিঙ্গার হিসাবে তাকে আর দেখা যাবে না। এরই মধ্যে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘Echoes of Us’ প্রজেক্টের টিজার, যেখানে রোমান্টিক গান ‘তেরে সঙ্গ’-এ অরিজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লুলিয়া ভান্টুর। আর সেই নিয়েই ভক্তদের মধ্যে গুঞ্জন। সালমানের বান্ধবীর সঙ্গে কাজ করছেন অরিজিৎ। এই নতুন মিউজিক ভিডিও সামনে আসতেই বহু পুরনো কিন্তু আলোচিত সালমান খান ও অরিজিৎ সিংয়ের বিতর্কিত সম্পর্কের ইতিহাসের গল্প উঠে আসছে, যার ফলে নেটদুনিয়ায় নতুন করে শুরু হয়েছে তর্ক-বিতর্ক ও ট্রোলিং। ২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শোতে সালমান খানকে নিয়ে অরিজিতের একটি মন্তব্য ঘিরে শুরু হয় দুই তারকার মধ্যে দূরত্ব। একটি অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে সালমান খান অরিজিৎকে বলেন, ‘সো গয়ে থে’ তখন অরিজিৎ সালমানকে উত্তর দিয়েছিলেন, ‘আপ লোগো নে সুলা দিয়া’। অরিজিতের এই মন্তব্যে সালমান বিরক্ত হয়েছিলেন। এরপর বহু বছর ধরে গুঞ্জন শোনা যায়, সালমান খান নাকি তাঁর প্রযোজিত একাধিক ছবিতে অরিজিতের গান ব্যবহার করতে চাননি। এমনকি কিছু বড় বাজেটের প্রজেক্ট থেকে অরিজিতকে বাদ দেওয়ার অভিযোগও সামনে এসেছিল। এই ঘটনা সেই সময় বলিউডে বড় আলোড়ন তুলেছিল এবং দুই তারকার সম্পর্ককে ঘিরে নানা বিতর্ক দেখা যায় সেই সময়। এমনকী অরিজিৎ প্লে ব্যাক গায়ক হিসাবে তাকে আর দেখা যাবে না বলার পর বার বার উঠে আসছিল সেই পুরেনো বিতর্কের কথা। বিবাদ সত্ত্বেও তাই সালমানের আলোচিত বান্ধবীর সঙ্গে অরিজিতের কাজের খবর একাধিক প্রশ্ন তৈরি করেছে নেটিজেনদের মনে। নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি হয়তো পুরোনো দ্বন্দ্ব ভুলে নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত, আবার কেউ প্রশ্ন তুলছেন এটা কি সালমানকে পাশ কাটিয়ে যাওয়ার কৌশল? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে ভক্তরা। কেউ বলছেন, শিল্পের ঊর্ধ্বে ব্যক্তিগত শত্রুতা থাকা উচিত নয়। আবার সমালোচকরা এও মনে করছেন এই জুটি ইচ্ছাকৃতভাবে কনট্রোভার্সি তৈরি করে গান ভাইরাল করতে চাইছেন। সালমান–লুলিয়া সম্পর্ক ঘিরে পুরোনো গসিপ নতুন করে ভাইরাল হয়েছে। একই সঙ্গে অরিজিতের সাম্প্রতিক রিটায়ারমেন্ট মন্তব্যের পর এমন বড় প্রজেক্টে যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। নাকি এটি শুধুই প্রচার ও ব্যবসার কৌশল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।