অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কা

অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কা বলিউড থেকে হলিউডে সফল ক্যারিয়ার গড়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে বারবার প্রত্যাখ্যান ও নানা বাধার মুখে পড়তে হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি তার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছিল এবং কখনো কখনো তিনি মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন। প্রিয়াঙ্কা জানান, একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরও সহ-অভিনেতার আপত্তির কারণে তাকে সেই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়। শুটিং চলাকালেই সেটে এসে তাকে বিষয়টি জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি। স্বজনপোষণ প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে বিষয়টি বুঝতে পারেননি। তার ভাষায়, ‘আমি ভাবতাম সবাই নিজের সন্তানের ভালো চায়, পরে ইন্ডাস্ট্রির বাস্তব রাজনীতি বুঝতে পারি।’ ক্যারিয়ারের শুরুতেই একাধিকবার প্রত্যাখ্যাত হওয়ায় তিনি একসময় পেশা পরিবর্তনের কথাও ভেবেছিলেন বলে জানান এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত অভিনয়ের প্রতি আগ্রহই তাকে ধরে রেখেছে। তিনি আরও বলেন, এমন ঘটনাও ঘটেছে যেখানে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরও পরে জানানো হয়েছে, তাকে আর প্রয়োজন নেই।
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা জেনি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা জেনি প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন কে-পপ সেনসেশন ও ব্ল্যাকপিঙ্ক সদস্য জেনি। এ বছর এই মর্যাদাপূর্ণ তালিকায় একমাত্র কে-পপ শিল্পী এবং একমাত্র দক্ষিণ কোরীয় ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন তিনি। জেনির এই অর্জন বিশ্বজুড়ে কে-পপ সংস্কৃতির ক্রমবর্ধমান প্রভাব এবং একক শিল্পী হিসেবে তার অনন্য উচ্চতাকেই পুনর্নিশ্চিত করেছে। টাইম ম্যাগাজিনের ‘আর্টিস্ট’ ক্যাটাগরিতে লুক কম্বস এবং ডাকোটা জনসনের মতো বৈশ্বিক তারকাদের পাশাপাশি জেনির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জেনির এই সাফল্যের নেপথ্যে গত এক বছরে তার অভাবনীয় সব রেকর্ড ও সৃজনশীল কাজ বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে তার প্রথম একক অ্যালবাম ‘রুবি’ বিশ্বজুড়ে মিলিয়ন কপির বেশি বিক্রি হয়ে ব্যাপক সাড়া ফেলে। এই অ্যালবামের মাধ্যমে তিনি ব্রিটিশ অ্যালবাম চার্টে সর্বোচ্চ অবস্থানে থাকা কোরীয় একক শিল্পীর মর্যাদা পান। এ ছাড়া একই সময়ে বিলবোর্ড হট ১০০-তে তার তিনটি গান স্থান করে নেওয়া ছিল একটি বিরল ঘটনা। ডেম ইম্পালার সঙ্গে ‘ড্রাকুলা’ রিমিক্স সংস্করণে তাঁর উপস্থিতি তাকে প্রথম নারী কে-পপ একক শিল্পী হিসেবে বিলবোর্ড রক ও অল্টারনেটিভ এয়ারপ্লে চার্টের সেরা দশে জায়গা করে দেয়। টাইম ম্যাগাজিনের এই বিশেষ সংখ্যায় জেনির ওপর আলোকপাত করতে গিয়ে জনপ্রিয় গায়িকা গ্রাসি আব্রামস তাকে এক জাদুকরী ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন। আব্রামস লিখেছেন যে, লাখো ভক্তের সামনে মঞ্চে পারফর্ম করা হোক কিংবা ঘরোয়া আড্ডায় কথা বলা—জেনি তার চারিত্রিক উষ্ণতা ও মায়াবী আকর্ষণে যে কাউকে মুগ্ধ করতে পারেন। তার মতে, জেনির এই অভ্যন্তরীণ শক্তিই তাকে একজন সত্যিকারের বৈশ্বিক তারকায় পরিণত করেছে। ভক্ত ও সমালোচকদের মতে, জেনির এই স্বীকৃতি কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ব পপ সংস্কৃতিতে দক্ষিণ কোরীয় শিল্পীদের দাপটের একটি বড় নিদর্শন। ব্ল্যাকপিঙ্কের সদস্য থেকে শুরু করে ফ্যাশন আইকন এবং এখন একক শক্তিতে বিশ্ব কাঁপানো প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে জেনির এই বিবর্তন বর্তমান প্রজন্মের সংগীতশিল্পীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। টাইম ১০০-র মতো তালিকায় তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে, সাংস্কৃতিক প্রভাব ও উদ্ভাবনের ক্ষেত্রে জেনি এখন এক অনস্বীকার্য নাম।
নতুন সিনেমা নিয়ে ফিরছে ‘সাইয়ারা’ টিম

নতুন সিনেমা নিয়ে ফিরছে ‘সাইয়ারা’ টিম রোমান্টিক-মিউজিক্যাল ছবিতে মোহিত সুরির সাফল্য ঈর্ষণীয়। গত বছর ‘সাইয়ারা’ বানিয়ে বাজিমাত করেছেন বক্স অফিসে। ছবিটিতে অভিষেক হয় আহান পাণ্ডে ও অনীত পড্ডার। রাতারাতি তারা বনে যান তারকা। বছর না ঘুরতেই ফের মোহিতের ছবিতে আহান ও অনীত। এবারও প্রেমের গল্পই তুলে আনবেন তারা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি জানিয়েছে বলিউড হাঙ্গামা। সূত্রের মতে, প্রেমের গল্প হলেও এটি ‘সাইয়ারা’ থেকে একদমই আলাদা। ফের মোহিতের ছবিতে অভিনয়ের ব্যাপারে আহান ও অনীত দুজনেই ভীষণ আগ্রহী। প্রযোজনায় আছে যশরাজ ফিল্মস। নতুন ছবিটি নির্মাতা মোহিত সূরি বলেন, আমি সবসময় প্রেমের গল্প বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। এমন গল্প, যেখানে আবেগ এতটাই তীব্র যে তা উপেক্ষা করা যায় না। এই ছবিতেও সেই গভীর অনুভূতির গল্পই তুলে ধরার চেষ্টা করছি। একই টিম নিয়ে আবার কাজ করতে পারা আমার জন্য বিশেষ কিছু। প্রযোজক অক্ষয় বিধানি বলেন, মোহিতের সঙ্গে আমাদের কাজের সম্পর্ক শুধু সিনেমা বানানো নয়, বরং এমন অনুভূতির খোঁজ করা যা দর্শকের মনে দীর্ঘদিন থেকে যায়। সাইয়ারা আমাদের জন্য তেমনই একটি অভিজ্ঞতা ছিল। এবার আমরা আরও গভীর, আরও সুন্দর একটি গল্প তুলে ধরতে চাই। বর্তমানে আহান কাজ করছেন আলী আব্বাস জাফরের একটি ছবিতে, যেখানে তাঁকে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। এর শুটিং শেষে আগস্ট নাগাদ মোহিতের নাম চূড়ান্ত না হওয়া ছবিটি শুরু হবে।
সাবানের মোড়কে তামান্নার ছবি, কোটি টাকার ক্ষতিপূরণ দাবি আদালতে খারিজ

সাবানের মোড়কে তামান্নার ছবি, কোটি টাকার ক্ষতিপূরণ দাবি আদালতে খারিজ বিজ্ঞাপন এবং ব্যক্তিগত স্বত্ব লঙ্ঘনের অভিযোগে আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা ১ কোটি রুপির ক্ষতিপূরণ মামলাটি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। পাওয়ার সোপস লিমিটেড নামক একটি কোম্পানি তামান্নার ছবি অনুমতি ছাড়াই তাদের পণ্যের প্রচারণায় ব্যবহার করেছে—এমন অভিযোগ তুলেই এই আইনি লড়াই শুরু করেছিলেন অভিনেত্রী। মামলার বিবরণ অনুযায়ী, তামান্না প্রথমে নিম্ন আদালতে দাবি করেছিলেন যে, সংস্থাটি তার ছবি ব্যবহারের কোনো বৈধ অনুমতি না নিয়েই বিজ্ঞাপন প্রচার করেছে, যা তার ব্যক্তিগত প্রচারণার অধিকার বা ‘পারসোনালিটি রাইটস’ লঙ্ঘন করেছে। কিন্তু সেখানে তার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট তার সেই আপিলটিও গুরুত্ব সহকারে বিচার করার পর সম্প্রতি রায় দিয়েছেন যে, নিম্ন আদালতের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য পর্যাপ্ত কোনো যুক্তি বা তথ্যপ্রমাণ অভিনেত্রীর পক্ষ থেকে উপস্থাপন করা সম্ভব হয়নি। এর ফলে তামান্নার ১ কোটি রুপি ক্ষতিপূরণ পাওয়ার সব পথ আপাতত বন্ধ হয়ে গেল। তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রের প্রভাবশালী এই অভিনেত্রীর জন্য আদালতের এই রায় বড় এক নেতিবাচক ফল হিসেবে দেখা হচ্ছে। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, তারকাদের ছবি ও ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক কাজে ব্যবহারের ক্ষেত্রে চুক্তিপত্র কতটা স্বচ্ছ হওয়া প্রয়োজন, এই রায় তা আবারও মনে করিয়ে দিল। একইসঙ্গে এই মামলাটি প্রমাণ করেছে যে, কেবলমাত্র অভিযোগ নয়, বরং অননুমোদিত ব্যবহারের সুনির্দিষ্ট ও জোরালো প্রমাণ ছাড়া আদালতে এমন দাবি প্রতিষ্ঠা করা কঠিন। তবে আইনি জটিলতার এই ধাক্কা কাটিয়ে তামান্না বর্তমানে তার হাতে থাকা একাধিক নতুন প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই রায়ের ফলে ভারতের বিনোদনজগতে সেলিব্রিটি ইমেজ রাইটস বা তারকাদের ছবি ব্যবহারের স্বত্ব নিয়ে চলমান বিতর্ক নতুন মাত্রা পেল।
এক সিনেমায় থেকেও রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ

এক সিনেমায় থেকেও রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। নীতীশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যে রাম ও রাবণ হিসেবে পর্দায় রণবীর কাপুর এবং যশের রসায়ন দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে ভক্তদের সেই দীর্ঘ প্রতীক্ষায় কিছুটা জল ঢেলে দিলেন স্বয়ং ‘রাবণ’ অভিনেতা যশ। তিনি নিশ্চিত করেছেন যে, সিনেমার প্রথম পার্টে রাম অর্থাৎ রণবীর কাপুরের সঙ্গে তার কোনো দৃশ্য নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানান, সিনেমার গল্পকে এমনভাবে ভাগ করা হয়েছে যেখানে চরিত্রগুলোর ব্যক্তিগত যাত্রাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যশ বলেন, ‘মজার ব্যাপার হলো, এই সিনেমার প্রথম পর্বে আমাদের দুজনের একসঙ্গে কোনো দৃশ্য নেই। যেহেতু এটি দুই পার্টের চলচ্চিত্র, তাই প্রথম পার্টে রাবণ হিসেবে আমার নিজস্ব রাজ্য (লঙ্কা) রয়েছে এবং রামের রয়েছে তার নিজস্ব রাজ্য (অযোধ্যা)।’ পরিচালক নীতীশ তিওয়ারি ও প্রযোজক নামিত মালহোত্রার এই কৌশলী পরিকল্পনা এখন স্পষ্ট। তড়িঘড়ি করে দুই মহাতারকাকে মুখোমুখি না দাঁড় করিয়ে, প্রথম পর্বে চরিত্রগুলোর গভীরতা, তাদের প্রেক্ষাপট এবং ব্যক্তিগত লড়াইকে বড় পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে। মূলত দ্বিতীয় পর্বের বড় সংঘাতের ভিত্তি হিসেবেই সাজানো হয়েছে প্রথম অংশকে। একই ফ্রেমে দেখা না দিলেও রণবীর কাপুরের প্রতি মুগ্ধতা লুকাননি কন্নড় সুপারস্টার যশ। রণবীরের অভিনয়শৈলীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের কয়েকবার দেখা হয়েছে। ও একজন চমৎকার অভিনেতা। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। যখন আমরা ‘রামায়ণ’-এর মতো বিশাল ও উচ্চাভিলাষী প্রজেক্টে কাজ করি, তখন সবার একটাই লক্ষ্য থাকে নিজেদের সেরাটা দেওয়া।’ উল্লেখ্য, ‘রামায়ণ’ সিনেমাটিতে রাম চরিত্রে রণবীর কাপুর এবং রাবণ চরিত্রে যশ ছাড়াও সীতা হিসেবে থাকছেন সাই পল্লবী। এ ছাড়া সানি দেওল, রবি দুবে, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও শিবা চাড্ডার মতো একঝাঁক তারকা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বড় বাজেটের এই সিনেমার প্রথম পার্ট ২০২৬ সালে এবং দ্বিতীয় পার্ট ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের বাসায় বোমা হামলার হুমকি! ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের চেন্নাইয়ের বাসায় বোমা রাখার হুমকিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে সিটি কন্ট্রোল রুমে পাঠানো একটি ইমেইলে দাবি করা হয়, তেয়নামপেট এলাকায় অবস্থিত এই অভিনেত্রীর বাসভবনে বিস্ফোরক রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। তবে কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে পুলিশ নিশ্চিত করে, এটি ছিল একটি ভুয়া হুমকি।তদন্তে জানা গেছে, একই ইমেইল আইডি ব্যবহার করে এর আগে রজনীকান্ত ও ধানুশের বাসাতেও অনুরূপ হুমকি পাঠানো হয়েছিল। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ভিপিএনসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পরিচয় গোপন রেখে এমন ইমেইল পাঠানো হওয়ায় প্রেরককে শনাক্ত করা কঠিন হলেও চেষ্টা চলছে। উল্লেখ্য, এর আগেও একই ধরনের ভুয়া হুমকির মুখে পড়েছিলেন তৃষা। সাম্প্রতিক সময়ে তারকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এমন ভুয়া হুমকি বাড়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে কর্তৃপক্ষ।এদিকে কাজের ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন তৃষা কৃষ্ণন। সামনে তাকে দেখা যাবে ‘বিশ্বম্ভরা’ সিনেমায় চিরঞ্জীবী-র সঙ্গে এবং ‘কারুপু’ সিনেমায় সূর্য-র বিপরীতে।
মায়ের শাড়িতে বৈশাখের স্মৃতি, সন্তানদের ঘিরে আবেগঘন পরীমণি

মায়ের শাড়িতে বৈশাখের স্মৃতি, সন্তানদের ঘিরে আবেগঘন পরীমণি প্রতি বছরই পহেলা বৈশাখকে নিজের মতো উদযাপন করেন ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমণির। তবে এবারের নববর্ষ তার কাছে একটু ভিন্ন, কারণ নিজেকে নয় বরং সন্তানদের ঘিরে সাজিয়েছেন বিশেষ দিনটি। সামাজিকমাধ্যমে এক পোস্টে শৈশবের স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী। তুলে ধরেছেন তার সাদামাটা বেড়ে ওঠার কথা, আর মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা আবেগঘন স্মৃতি। ছোটবেলায় নিজের মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন বলে এক ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছেন। সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা জানান, ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ। একই ভাবনা থেকে এবার পরীমণি নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকের ওই পোস্টে লিখেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’ সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও লেখেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’
মাই ৬০০ এলবি লাইফ’ খ্যাত তারকা ডলি মার্টিনেজ আর নেই, বয়স ছিল ৩০

‘মাই ৬০০ এলবি লাইফ’ খ্যাত তারকা ডলি মার্টিনেজ আর নেই, বয়স ছিল ৩০ মার্কিন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি সিরিজ ‘মাই ৬০০ এলবি লাইফ’র আলোচিত মুখ ডলি মার্টিনেজ আর নেই। মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। ডলির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বোন লিন্ডসে কুপার। মার্কিন সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় লিন্ডসে লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার সুন্দরী বোন আর নেই। ডলির ব্যক্তিত্ব ছিল অসাধারণ—তার হাসি, দয়া ও স্নেহময়তা যেকোনো পরিবেশকে আলোকিত করত। তার উষ্ণতা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’ তিনি আরও লেখেন, ‘ডলির চলে যাওয়ায় আমরা ভেঙে পড়েছি। তবে সান্ত্বনা পাই এই ভেবে যে, সে এখন স্বর্গে আমাদের বাবার সঙ্গে আছে। শান্তিতে ঘুমাও—তোমাকে সবসময় ভালোবাসা হবে, কখনো ভোলা যাবে না।’ এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর ভক্তদের কাছে বোনের জন্য দোয়া ও সহানুভূতি কামনা করেছিলেন লিন্ডসে। কয়েকদিনের মধ্যেই আসে এই দুঃসংবাদ। প্রসঙ্গত, টিএলসি’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাই ৬০০ এলবি লাইফ’র দশম সিজনে অংশ নিয়ে পরিচিতি পান ডলি মার্টিনেজ। এই শোতে ৬০০ পাউন্ডের বেশি ওজনের মানুষের ওজন কমানোর সংগ্রাম এবং সম্ভাব্য অস্ত্রোপচারের যাত্রা তুলে ধরা হয়। ২০২১ সালের পর্বে ডলির ওজন ছিল প্রায় ৫৯৩ পাউন্ড এবং তিনি সাপ্লিমেন্টাল অক্সিজেনের ওপর নির্ভরশীল ছিলেন। তাকে শোয়ের বিখ্যাত ব্যারিয়াট্রিক সার্জন ডা. নাউ’র তত্ত্বাবধানে দেখা যায়। চিকিৎসার জন্য তিনি হিউস্টনে স্থানান্তরিতও হন। তবে শেষ পর্যন্ত শোতে তিনি প্রায় ৪০ পাউন্ড ওজন কমাতে সক্ষম হলেও অস্ত্রোপচারের অনুমোদন পাননি।
‘ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’

‘ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’ অভিনেত্রী জয়া আহসান বরাবরই ফিটনেস ও রূপ ধরে রাখা নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন। মেকআপ রুম থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবখানেই তার খাবারের বহর দেখে অবাক হন সহকর্মীরা। সবাই যখন ওজন কমাতে ডায়েট চার্ট নিয়ে ব্যস্ত, জয়া তখন থালা ভর্তি খাবার খাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া আহসান তার খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন। তিনি নিজেকে একজন প্যাস্কিটেরিয়ান হিসেবে দাবি করার চেষ্টা করছেন গত তিন বছর ধরে। জয়া বলেন, ‘আমি খেতে ভালোবাসি এবং আমি খাই। আমার মনে হয় মাঝে মাঝে নিজের আত্মাকে তৃপ্ত করার জন্য খাওয়া প্রয়োজন। অনেকেই ডায়েট মেনে বিদেশি খাবার খায়, কিন্তু আমি তেমনটা করি না।’ তবে এই খাদ্যাভ্যাসের পেছনে রয়েছে এক গভীর মানসিক পরিবর্তন। জয়া জানান, বর্তমানে তিনি মাছ বা ডিম খেতেও দ্বিধাবোধ করছেন। তার কথায়, ‘ইদানিং তো ডিমও খেতে পারছি না, মাছও খেতে পারছি না। আমার মনে হয় আমি প্রাণী হত্যা করছি। এটি আমার একটি মানসিক সমস্যা।’
শাড়ি-রঙিন চুড়িতে বৈশাখী সাজে মিম

শাড়ি-রঙিন চুড়িতে বৈশাখী সাজে মিম ঢাকায় সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শাড়িতে ঐতিহ্যবাহী বৈশাখী সাজে করা ফটোশুট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে। শেয়ার করা ছবিতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ধরা দিয়েছেন মিম। ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।