নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন

নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন শোবিজের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘ ১৩ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। আজ (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন মেহজাবীন। বিশ্ব ভালোবাসা দিবস ও নিজেদের বিশেষ এই দিনটি উপলক্ষে মেহজাবীন সামাজিক মাধ্যমে আদনানের সঙ্গে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেন। ক্যাপশনে তাদের সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে লেখেন, আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়াই করেছি। ১৪ বছরের এই পথচলায় ১ বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।মেহজাবীনের শেয়ার করা পোস্টটিতে তার সহকর্মী এবং ভক্তরা শুভকামনা জানাচ্ছেন। আদনান আল রাজীবও সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থিরচিত্রগুলোতে তাদের আনন্দঘন মুহূর্তে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে আলোচনায়। মেহজাবীন ও আদনানের সম্পর্কের শুরুটা দীর্ঘ সময়ের। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে মেহজাবীনের পদযাত্রা শুরু হয়। সেই সময়েই নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তার পরিচয়। কয়েক মুহূর্তের সেই প্রথম দেখা থেকেই তাদের বন্ধুত্বের ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। দীর্ঘ ১৩ বছর পর গত বছরের ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।

‘বিয়ের ছবি-ভিডিও নিয়ে ব্যবসা নয়’, বিজয়-রাশমিকা!

‘বিয়ের ছবি-ভিডিও নিয়ে ব্যবসা নয়’, বিজয়-রাশমিকা! ভারতের দক্ষিণী সিনেদুনিয়ার অভিনেতা-অভিনেত্রী বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বহু বছর ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও তাতে কখনওই সায় দেননি তারা। এর মাঝেই বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, চর্চিত তারকা জুটির বিয়ের গুঞ্জন। এর মাঝেই প্রকাশ্যে এল তাদের বিয়ে নিয়ে নয়া তথ্য। যা রীতিমতো বিস্ফোরক বললেও ভুল হবে না। চলতি মাসে ২৬ তারিখ বিজয়-রাশমিকার চারহাত এক হবে বলে গুঞ্জন। বিয়ের দিন নিয়ে কোনও ঘোষণা করেননি তারা কেউই। এর মাঝেই তেলুগু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রথম সারির এক ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিজয়-রাশমিকার বিয়ের মুহূর্তের বিশেষ মুহূর্তের ‘এক্সক্লুসিভ’ স্বত্ব কেনার প্রস্তাব গিয়েছিল। মোটা অংকের চুক্তির বিনিময়ে সেই ছবিই নাকি তথ্যচিত্র আকারে প্রকাশ করার পরিকল্পনা ছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটির। কিন্তু মোটা টাকার সেই চুক্তিপ্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন রাশমিকা ও বিজয়। নিজেদের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে ভালোবাসেন বিজয় ও রাশমিকা। তাই বিয়ের অনুষ্ঠানের যাবতীয় যা কিছু সবটাই আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠদের নিয়েই আয়োজন করতে চান। নিজেদের বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানকে ব্যবসার রূপ দিতে নারাজ তারকা জুটি।

ঠাকুমার রূপে চমক, রহস্য ভেদে আসছেন শ্রাবন্তী

ঠাকুমার রূপে চমক, রহস্য ভেদে আসছেন শ্রাবন্তী ২০২৬ জুড়ে একের পর এক নতুন কনটেন্ট আনার ঘোষণা আগেই দিয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। সেই ধারাবাহিকতায় নতুন ওয়েব সিরিজ ঠাকুরমার ঝুলি-র মুক্তির তারিখ সামনে এলো। সিরিজটিতে একেবারে ভিন্ন লুকে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই রহস্যঘেরা গোয়েন্দা গল্পে তিনি অভিনয় করছেন গিরিজাবালা সান্যাল নামের এক বৃদ্ধার চরিত্রে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ দিব্যানী মন্ডল। সিরিজটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। সম্প্রতি প্রকাশিত ফার্স্ট লুকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক শ্রাবন্তীকে। অফ-হোয়াইট শাড়ি, ফুলহাতা সোয়েটার, পাকা চুল আর চোখে মোটা ফ্রেমের চশমা। সামনে পানের ডিব্বা, আতশ কাঁচ ও চায়ের কাপ— সব মিলিয়ে চরিত্রের রহস্যময় আবহ ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। গল্পে বিষ্ণুপুরের বাসিন্দা গিরিজাবালা জীবনের বহু শোক-দুঃখের সাক্ষী। স্বামী ও সন্তান হারানোর বেদনাকে সঙ্গী করে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন তিনি। তবে তার জীবনে বড় মোড় আসে নাতনি যাজ্ঞসেনীর ফিরে আসায়। বন্ধুর বিয়েতে যোগ দিতে এসে হঠাৎ ঘটে যাওয়া এক রহস্যময় মৃত্যুর ঘটনায় সবকিছু বদলে যায়। সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নিজেই নেমে পড়েন গিরিজাবালা। শুরু হয় তার গোয়েন্দাগিরি— যা নতুন পথে এগিয়ে নিয়ে যায় গল্পকে। রহস্যের জাল ভেদে গিরিজাবালার এই যাত্রা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী ২০ মার্চ পর্যন্ত, যেদিন মুক্তি পাবে সিরিজটি।

২০ কোটি ক্ষতিপূরণ চেয়ে ধানুশকে আইনি নোটিশ

২০ কোটি ক্ষতিপূরণ চেয়ে ধানুশকে আইনি নোটিশ চুক্তিভঙ্গের জেরে দক্ষিণি অভিনেতা ধানুশকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনানডাল। এমনকী তার কাছে চাওয়া হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। দক্ষিণী সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থা থেনানডালের সঙ্গে ২০১৬ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ধানুশের। ওই ছবি পরিচালনার পাশাপাশি অভিনয় করারও কথা ছিল তার। কিন্তু দশ বছরেও শুরু হয়নি ছবির শুটিং। দীর্ঘদিন ধরে তা আটকে থাকার ফলেই সুপারস্টারের ওপর বিরক্ত হয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা। শুধু তাই নয়, অভিনেতার কাছে চাওয়া হয়েছে ২০ কোটি রুপির ক্ষতিপূরণ।  শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা ছবির চিত্রনাট্যে খানিক পরিবর্তন করতে চাইলে তা থেকে সরে দাঁড়ান ধানুশ। করেননি কোনো সহযোগিতা। যার ফলে আটকে যায় ছবির কাজ। ধানুশকে পাঠানো ওই আইনি নোটিশে নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ছবির কাজ আটকে থাকায় প্রভূত আর্থিক ক্ষতির মুখে পড়েছে ছবির টিম। আর তাই সেই ক্ষতিপূরণ দিতে হবে ধানুশকেই। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ক্ষতিপূরণ না দিলে ও প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে প্রযোজনা সংস্থার তরফে আরো বড়সড়ভাবে ধানুশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।  নির্মাতাদের তরফের আইনজীবীর মতে, ধানুশ ছবির চুক্তি সই করেও ছবির যাবতীয় কাজে অসহযোগিতা করেছেন। ফলে মাঝপথেই আটকে রয়েছে সংশ্লিষ্ট ছবির কাজ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ধানুশের কোনোরকম প্রতিক্রিয়া মেলেনি।

জেলেই থাকতে হচ্ছে রাজপালকে

জেলেই থাকতে হচ্ছে রাজপালকে হাসির রাজা হিসেবে পর্দায় পরিচিত বলিউড অভিনেতা রাজপাল যাদব। যদিও বর্তমানে তার সময়টা একদমই ভালো যাচ্ছে না। কেননা ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ভারতের দিল্লির উচ্চ আদালত। ফলে আপাতত দিল্লির তিহাড় জেলেই দিন কাটবে এই অভিনেতার।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দ্য ওয়ালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বলিউডের কয়েকজন অভিনেতা অর্থ সাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা গিয়েছে। জানা যায়, ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমাটি নির্মাণের জন্য ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ ও ‘সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া’ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। তবে বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লে তিনি ঋণের জালে জড়িয়ে পড়েন। সুদ-আসলে সেই বকেয়া বর্তমানে ৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই টাকা পরিশোধের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও তিনি সেটি রক্ষা করতে ব্যর্থ হন। এর আগে, ২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল রাজপালকে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। পরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তিনি পুনরায় আত্মসমর্পণ করেন। সম্প্রতি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন অভিনেতা। তবে আদালত তার আবেদন নাকচ করে দিয়ে কড়া ভাষায় ভর্ৎসনা করে। আপাতত আগামী সোমবার পরবর্তী শুনানির আগ পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। এর আগে, কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পেলেও বকেয়া টাকা পরিশোধ না করায় আবারও তিহাড় জেলে ঠাঁই হলো তার।

হলিউডে কিংবদন্তি চরিত্রে ফারহান আখতার

হলিউডে কিংবদন্তি চরিত্রে ফারহান আখতার ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার এবার পাড়ি জমাচ্ছেন হলিউডের অভিজাত আঙিনায়। তবে কোনো সাধারণ চরিত্রে নয়, আন্তর্জাতিক পর্দায় তিনি হাজির হতে যাচ্ছেন এক কিংবদন্তির বেশে। বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘দ্য বিটলস’-এর বায়োপিক প্রজেক্টে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মহীরুহ পন্ডিত রবিশঙ্করের ভূমিকায় দেখা যাবে তাকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেসের মেগা প্রজেক্টে যুক্ত হয়েছেন ফারহান। সোনি পিকচার্সের ব্যানারে নির্মিত এই প্রজেক্টটির নাম রাখা হয়েছে ‘দ্য বিটলস আ ফোর ফিল্ম সিনেম্যাটিক ইভেন্ট’। এটি কোনো একক চলচ্চিত্র নয়, বরং ব্যান্ডটির চার সদস্যের জীবন ও সঙ্গীত নিয়ে নির্মিত চারটি ভিন্ন চলচ্চিত্রের এক বিশাল আয়োজন। বিটলসের ইতিহাসে পন্ডিত রবিশঙ্করের প্রভাব অনস্বীকার্য। বিশেষ করে ব্যান্ডের সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে তার গুরু-শিষ্যের সম্পর্ক এবং গভীর বন্ধুত্ব ষাটের দশকের বিশ্ব সঙ্গীতে এক নতুন মাত্রা যোগ করেছিল। রবিশঙ্করের কাছে সেতার শেখার পর হ্যারিসন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অনুরক্ত হন, যার প্রভাব বিটলসের একাধিক কালজয়ী গানে ফুটে উঠেছে। সেই ঐতিহাসিক সাংস্কৃতিক মেলবন্ধনের গল্পই ফারহানের মাধ্যমে পর্দায় জীবন্ত হয়ে উঠবে। পন্ডিত রবিশঙ্কর ছিলেন ভারতীয় সংস্কৃতির বিশ্বদূত। তার মার্জিত ব্যক্তিত্ব, তপোবনসম সঙ্গীতের গভীরতা এবং বিশ্বমঞ্চে তার প্রভাবকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যেকোনো অভিনেতার জন্যই বড় চ্যালেঞ্জ। তবে ফারহান আখতারের মতো একজন সুনিপুণ শিল্পী এই চরিত্রের প্রতি পূর্ণ বিচার করবেন বলে আশাবাদী চলচ্চিত্রবোদ্ধারা।

ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতে অভিনয় করতে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনয়ের বাইরেও তার এক প্রতিভার কথা জানালেন। শুধু অভিনয় নয়, গানের জগতেও রয়েছে তার গভীর সম্পর্ক। সঠিক সময়ের অভাবে নিজের মৌলিক গান প্রকাশ করতে না পারলেও এবার সেই পরিকল্পনা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন বলে জানান তানিয়া বৃষ্টি। অভিনেত্রী নিজের নাটকে কণ্ঠ দেওয়া ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর থেকেই দর্শক মহলে সাড়া ফেলেন। তানিয়া বলেন, যখন নিজের নাটকে একটি মৌলিক গান গাইলাম এবং ইত্যাদিতে গাইলাম, তখন অল্প-স্বল্প মানুষ জেনেছে যে আমি টুকটাক গান গাইতে পারি। অভিনেত্রী বলেন, ‘গান নিয়ে সবসময়ই এ রকম মনে হতো যে, একটু সময় পেলে বা নাটকের ব্যস্ততা কমলে গান নিয়ে কিছু একটা করব। নিজের অরিজিনাল গান বের করার জন্য একটা উদ্যোগ নেব এমনটি ভেবেই অনেক বছর কেটে গেছে। কিন্তু কখনোই সেভাবে সময় হয়ে ওঠেনি। গানের প্রতি এই অনুরাগ কোনো আকস্মিক শখ নয়, বরং ছোটবেলা থেকেই প্রথাগত শিক্ষার ফল বলে জানান তানিয়া বৃষ্টি। তিনি বলেন, আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি ছায়ানট এবং কচিকাঁচার মেলায়। সেখান থেকেই আমার গানের উৎপত্তি বলে জানান এ অভিনেত্রী।

হয়তো এটাই জীবনের একটা অংশ : বুবলী

হয়তো এটাই জীবনের একটা অংশ : বুবলী আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন। এই দিনেই চিত্রনায়িকা বুবলী তার জীবনের না বলা অনেক কথা বলবেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শো’তে। আবারো মা হওয়া নিয়ে জল্পনা কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি এই পডকাস্টে। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ আগামীকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচার হবে এই পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আজকের ‘ভ্যালেন্টাইন্স স্পেশাল’ পর্বে বুবলী জানিয়েছেন, তার জীবনের না বলা অনেক কথা, যে কথাগুলো এর আগে কখনো কোনো অনুষ্ঠানে বলেননি। বুবলী এই পডকাস্টে জানিয়েছেন, তার প্রথম প্রেমের কথা; মেগাস্টার শাকিব খানের সাথে তার সংসারের বর্তমান স্ট্যাটাস, অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা, কেন তিনি সংবাদ মাধ্যম থেকে পরিবারের বিরুদ্ধে গিয়ে চলচ্চিত্রের নায়িকা হতে সম্মত হয়েছিলেন-সব কিছু। বুবলী তার সন্তান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সেই সাথে পুরস্কার প্রসঙ্গে বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক পুরস্কার ঘোষনার আগে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে, আমিই পুরস্কার পাচ্ছি। পরবর্তীতে যদিও সেটি হয়নি। তখন মনকে এটা বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌসুমী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌসুমী অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হলেও গত বছর তার অভিনীত ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে সহশিল্পী হিসেবে ছিলেন হাসান জাহাঙ্গীর। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে-এই সহশিল্পীকেই নাকি বিয়ে করেছেন মৌসুমী। সম্প্রতি নিউইয়র্কের বাসা থেকে বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে বিয়ে সংক্রান্ত গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন মৌসুমী। বিয়ের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কিছু বললেও মানুষ মিথ্যা খবরকেই বেশি উপভোগ করে। এসব ভিত্তিহীন খবর তার কাছে বিরক্তিকর এবং মূল্যহীন। তিনি স্পষ্ট করেন, এ ধরনের কোনো প্রচারণার মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রচার চান না। মৌসুমীর ভাষ্য, কিছু মানুষ ভিউ ও মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করা হয়, যাতে রিচ ও ভিউ বাড়ে। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এ ধরনের গুজব ছড়ানো কমে যেত। তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে ভিউখোর কিছু মানুষ শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে- যা অত্যন্ত দুঃখজনক। এদিকে শোনা যাচ্ছে, মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির অপেক্ষায়। প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্মে নয়, সিনেমাটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও এ বিষয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আরেকটি নাটকের শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারিনি : প্রভা

ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারিনি : প্রভা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ভোটগ্রহণ চলছে। দেশের আগামী প্রতিনিধিকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজ জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে ভোট দেয় তিনি। ভোট দেওয়ার পর কথা বলতে গিয়ে প্রভা জানান, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে ঘুমই হয়নি তার। তিনি বলেন, ‌‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি। ব্যস্ত পেশাজীবন সত্ত্বেও ভোট দিতে গ্রামে যাওয়ার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই তিনি ছুটে গেছেন নিজের শিকড়ে। ‘অনেকে বলেছে, ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম। কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি’ যোগ করেন তিনি।