আমিও রক্তমাংসের মানুষ বলেই কাঁদলেন নিশো

আমিও রক্তমাংসের মানুষ বলেই কাঁদলেন নিশো ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি দর্শকদের মাঝে যেমন সাড়া ফেলেছে, তেমনি হৃদয়ও ছুঁয়ে গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার পেছনের গল্প বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেতা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন, যা বেশ আলোচনা তৈরি করেছে নিশোর ভক্তমহলে। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী পূজা চেরি, প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে ছিলেন সিনেমার গল্পের সেই বাস্তব চরিত্র নূর যার ভূমিকায় অভিনয় করেছেন নিশো। সিনেমার প্রেক্ষাপট ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে নিশো আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘দেখুন, আমিও তো রক্তমাংসের মানুষ।’ এইটুকু বলেই তিনি স্তব্ধ হয়ে যান এবং পরক্ষণেই কান্নায় ভেঙে পড়েন। নিশো জানান, পর্দায় চরিত্রটিকে জীবন্ত করে তোলার জন্য তিনি সরাসরি নূরের গ্রামে গিয়েছিলেন। সেখানে নূরের বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলে তাদের যাপিত জীবনের কঠিন সংগ্রামের গল্প শুনেছেন। সেই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। পুনরায় আবেগাপ্লুত কণ্ঠে নিশো বলেন, ‘ওরা মানুষ, তাদের কষ্টগুলো একদম সত্যি। আমি শুধু সেই জীবনটা অনুভব করার চেষ্টা করেছি। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, সিনেমার এই শক্তিশালী গল্পই তাকে কাজটির প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার চেষ্টা করেছেন। দর্শকদের প্রতি নিশোর বিশেষ অনুরোধ, তারা যেন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখেন এবং নূরের বাস্তব জীবনের সংগ্রাম ও হাহাকার অনুভব করেন। সত্য ঘটনার ছোঁয়ায় নির্মিত ‘দম’ সিনেমাটি ইতোমধ্যেই আয়ের দিক থেকে শক্ত অবস্থান তৈরি করেছে। এটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই।
আভিজাত্যপূর্ণ সাদা গাউনে গ্ল্যামারাস মেহজাবীন

আভিজাত্যপূর্ণ সাদা গাউনে গ্ল্যামারাস মেহজাবীন পর্দায় সাবলীল অভিনয়, আর বাইরে গ্ল্যামারাস লুক- এসব নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সদ্য তার এক আভিজাত্যপূর্ণ উপস্থিতিতে ফের মুগ্ধ করেছে ভক্তদের। গত শুক্রবার আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখান থেকে কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন মেহজাবীন। সাদা রঙের স্টাইলিশ গাউনে তার এই নতুন লুক এখন ভক্তদের প্রশংসায় ভাসছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন মেহজাবীন। ছবিতে দেখা যাচ্ছে, অফ-শোল্ডার সাদা একটি লং গাউন পরেছেন তিনি, যাতে রয়েছে আকর্ষণীয় কাজ। হাতে রুপালি রঙের ছোট ব্যাগ এবং মানানসই গয়নায় তাকে অত্যন্ত গ্ল্যামারাস দেখাচ্ছিল। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, লাক্স গালার জন্য প্রস্তুত হওয়াটা মূল অনুষ্ঠানের মতোই রোমাঞ্চকর ছিল। সেই প্রতিক্ষা আর শক্তি- সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার। ছবিগুলোতে মেহজাবীনের মেকআপ ও হেয়ার স্টাইল ছিল মার্জিত, যা তার সাথে চমৎকারভাবে মানিয়ে গেছে। পোস্টের নিচে ভক্তরা তার এই সাজের প্রশংসা করছেন। আজ থেকে আরও ১৬ বছর আগে এই প্রতিযোগীতার মঞ্চে লড়াই করছিলেন মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে তার মাথায় ওঠে লাক্স সুপারস্টারের মুকুট। এবারের প্রতিযোগীদের বিচারক ছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর, গত শুক্রবার আয়োজিত লাক্স সুপারস্টারের এই আসরের গালা নাইটে উপস্থিত হয়ে তিনি নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণও করেন। এদিন তার বিশেষ পারফর্মেন্স ছিলো; বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কারও। বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বড় পর্দাসহ ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছেন। সদ্য মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’ এ দেখা গেছে তাকে। প্রীতম হাসানের বিপরীতে সেখানে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে বেশ। সব মিলিয়ে দেশের শোবিজ অঙ্গনে অনন্য উচ্চতায় অবস্থান করছেন এই অভিনেত্রী।
এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে মারা গেছেন

এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে মারা গেছেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান-এর বড় মেয়ে কস্তুরি আর নেই। শুক্রবার (৩ এপ্রিল) রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। নিজের ফেসবুক পোস্টে তিনি কস্তুরির মৃত্যুসংবাদ জানিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। মুক্তি তার পোস্টে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন কস্তুরি। দ্রুত অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক, একই সঙ্গে শোকাহত দেশের বিনোদন অঙ্গনও। উল্লেখ্য, ২০১৯ সালেও একবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কস্তুরি। এরপর কিছুটা সুস্থ থাকলেও হঠাৎ করেই এমন মর্মান্তিক পরিণতি সবাইকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে কিংবদন্তি অভিনেতা হিসেবে পরিচিত এ টি এম শামসুজ্জামান-এর পরিবারের এই শোকাবহ ঘটনায় সর্বস্তরের মানুষের মধ্যে গভীর বেদনা ও সহমর্মিতা তৈরি হয়েছে।
একাধিক তীব্র তাপপ্রবাহের আশঙ্কা এপ্রিলজুড়ে

একাধিক তীব্র তাপপ্রবাহের আশঙ্কা এপ্রিলজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গতকাল অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে, পাশাপাশি কয়েক দফা মৃদু ও মাঝারি তাপপ্রবাহও দেখা দিতে পারে। শনিবারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে শরীয়তপুরসহ কিছু এলাকায় ইতিমধ্যে বৃষ্টি হয়েছে এবং রাজধানী সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আবহাওয়াবিদরা বলছেন, রোববার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, যা সাময়িকভাবে তাপমাত্রা কমাতে পারে। গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ ঢাকাসহ মোট ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। তাপপ্রবাহে আক্রান্ত অন্য জেলাগুলোর মধ্যে রয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী। আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই ছিল রাজশাহী, যেখানে তাপমাত্রা ওঠে ৩৯ দশমিক ৫ ডিগ্রিতে। রাজধানী ঢাকাতেও তাপপ্রবাহ অনুভূত হয়েছে; সেখানে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় বেশি। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের পাশাপাশি দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরমের অনুভূতি বেশি থাকবে, বিশেষ করে উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ঢাকা, সিলেট ও বরিশালের কিছু এলাকায়। ২০২৪ সালে দেশের ইতিহাসে দীর্ঘতম টানা তাপপ্রবাহ দেখা গেলেও এবার তেমন পরিস্থিতির সম্ভাবনা কম। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, চলতি মাসে একাধিক বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাপপ্রবাহের তীব্রতা কমাতে ভূমিকা রাখতে পারে। এপ্রিল মাসে সাধারণত গড়ে ৯টি বজ্রঝড় হয়। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী হতে পারে। পাশাপাশি সাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এখন তাপপ্রবাহের সময়সীমা বেড়ে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ফলে তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকলেও গরমের তীব্রতা বেশি অনুভূত হতে পারে। জুন পর্যন্ত পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ের মধ্যে তিন থেকে চারটি তীব্র এবং ছয় থেকে আটটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে।
রাহুলের মৃত্যু : প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা

রাহুলের মৃত্যু : প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালিউডে। তবে শোকের আবহ ছাপিয়ে এখন সামনে এসেছে শুটিং নিরাপত্তা ও প্রযোজনা সংস্থার গাফিলতির গুরুতর অভিযোগ। ওড়িশার তালসারিতে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসের ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। জানা গেছে, স্বামীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত চেয়ে তিনি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে আর্টিস্ট ফোরামের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রিয়াঙ্কা ছাড়াও ফোরামের শীর্ষ পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসংগতি রয়েছে। এমনকি ড্রোন শটের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার দায় পুরোপুরি রাহুলের ওপর চাপানোর চেষ্টা করছেন লীনা গঙ্গোপাধ্যায়। এদিকে তালসারি মেরিন পুলিশের বক্তব্যে ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। পুলিশ জানিয়েছে, সমুদ্র সৈকতে শুটিংয়ের জন্য কোনো আগাম অনুমতি নেওয়া হয়নি এবং স্থানীয় থানাকেও অবহিত করা হয়নি। এতে প্রশ্ন উঠেছে—পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও লাইফগার্ড ছাড়াই কেন উত্তাল সমুদ্রে শুটিং করা হলো? কলকাতার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আর্টিস্ট ফোরাম শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ পাঠাতে যাচ্ছে। সন্তোষজনক জবাব না পেলে সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। সেক্ষেত্রে ফোরামের কোনো শিল্পী বা সদস্য ওই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না—এমন বয়কট সিদ্ধান্তও আসতে পারে।
ব্যবসায়ীর প্রেমে পড়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত!

ব্যবসায়ীর প্রেমে পড়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত! চলচ্চিত্র অঙ্গনের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত আবারো ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় উঠে এসেছেন। শোবিজ পাড়ায় জোর গুঞ্জন উঠেছে নতুন করে প্রেমে পড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। জানা গেছে, এক ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, যা এখন প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরেই রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদন কেন্দ্রগুলোতে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। শুধু তাই নয়, দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনাতেও তাদের একসঙ্গে থাকার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদিও বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিষ্টি জান্নাত কিংবা সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী। ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। দুজনের মধ্যে বোঝাপড়া বেশ ভালো এবং তারা একে অপরের সান্নিধ্যে স্বচ্ছন্দ। ফলে তাদের সম্পর্কটি বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নায়িকার সাম্প্রতিক কিছু পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তার পোস্টগুলোর মাধ্যমে হয়তো এই সম্পর্কের ইঙ্গিতই দিচ্ছেন তিনি। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না থাকায় বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। শোবিজ অঙ্গনের অনেকেই এটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন, সময় হলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে। উল্লেখ্য, মিষ্টি জান্নাত তার অভিনয় ও ব্যক্তিত্বের জন্য বরাবরই আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। নতুন এই সম্পর্কের গুঞ্জন তার ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই সম্পর্ক নিয়ে তিনি কবে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেন।
আবারো কারাগারে গায়ক নোবেল

আবারো কারাগারে গায়ক নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স)। তিনি জানান, জামিনের শর্ত অনুযায়ী আপোষের কথা থাকলেও আসামি তা ভঙ্গ করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিলেও জামিনে মুক্তি পাওয়ার পর তা বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। এ কারণে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে, ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে নোবেলকে অস্থায়ী জামিন দেন, যার মেয়াদ ছিল আজ বৃহস্পতিবার পর্যন্ত। মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান নোবেল। অভিযোগ রয়েছে, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরবর্তীতে সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। ২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এর ভিত্তিতে গেল ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শাহরুখের পর সালমান খানের নায়িকা নয়নতারা

শাহরুখের পর সালমান খানের নায়িকা নয়নতারা ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের পর এবার সালমান খানের বিপরীতে নতুন প্যান-ইন্ডিয়া সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। এই জুটির খবরটি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিচালক বংশী পাইদিপল্লির এই অ্যাকশন-থ্রিলার সিনেমার শুটিং এপ্রিলের পরে শুরু হতে পারে বলে জানা গেছে। যেখানে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন দুই ইন্ডাস্ট্রির এই দুই জনপ্রিয় তারকা। সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু, তার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে। জানা গেছে, পরিচালক বংশী পাইদিপল্লি এর আগে ‘মহর্ষি’ ও ‘বারিসু’-এর মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। সিনেমা-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই অ্যাকশন ড্রামায় থাকবে টানটান উত্তেজনা ও আবেগের মিশেল। বংশীর চিরচেনা নির্মাণশৈলী, অভিজ্ঞ প্রযোজনা এবং সালমান খান-নয়নতারা জুটির কারণে এটি একটি বড় মাপের তারকানির্ভর প্রজেক্ট হয়ে উঠেছে। উল্লেখ্য, এর আগে নয়নতারা ও শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা ব্যাপক সাড়া ফেলেছিল। সব কিছু ঠিক থাকলে, ২০২৭ সালের ঈদে মুক্তি পেতে পারে সালমান-নয়নতারা সিনেমাটি।
গাইতে পারছেন না, বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

গাইতে পারছেন না, বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক ভারতের বরেণ্য প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। দীর্ঘ দিন ধরে শ্রবণজনিত সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে জনসম্মুখেও কম আসেন। অনেকটা বিরতির পর নিজের স্বাস্থ্যের আপডেট তথ্য জানালেন এই সংগীতশিল্পী। চলতি বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন অলকা। এ খবর প্রকাশ্যে আসার পর তার অসুস্থতার প্রসঙ্গ নতুন করে সামনে আসে। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক বলেন, আমি এখনো এ রোগে ভুগছি। অলকা তার শারীরিক অসুস্থতা নিয়ে আর কিছু বলেননি। তবে পুরস্কারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এই শিল্পী। অলকা ইয়াগনিকের শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। ২০২৪ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে বিরল এই রোগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এই শিল্পী। ইনস্টাগ্রামে পোস্টে তিনি জানান, বিরল ভাইরাস আক্রমণ করেছে গায়িকাকে। যার কারণে তার বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। ইনস্টাগ্রামে অলকা লিখেছিলেন, আমার সব ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম- আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চান কেন আমি অনুপস্থিত। বিরল রোগের বিষয়ে অলকা ইয়াগনিক লিখেছিলেন, ভাইরাস আক্রমণের কারণে এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।
বিয়ে করেছেন সেই লুবাবা

বিয়ে করেছেন সেই লুবাবা শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। সেই খবরটি হচ্ছে- বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লুবাবা নিজেই। দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি সামাজিকমাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন। এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে একটি ছবি শেয়ার করেন লুবাবা। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ লুবাবার এই পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’ বলে রাখা যায়, সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিল অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছে বেশকিছু নাটকে। বিজ্ঞাপন ও সিনেমায়ও দেখা গেছে তাকে। গত বছর হঠাৎ করেই জানা যায়, ধর্মের পথে চলতে মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। ওই সময় তার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’