বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল

বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আবেদন ক্রিকেটবিশ্বে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সেই লক্ষ্যে একাদশ আসরের আগে তারা নিত্য-নতুন অনেক উদ্যোগ নিচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোও টুর্নামেন্টের আমেজ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে নিজেদের মতো করে। নতুন করে পুরোনো মালিকানার অধীনে এবার বিপিএল খেলবে চিটাগাং কিংস। তারা শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে শুরুতে বড় চমক দিয়েছিল। এবার নিয়োগ দিলো এক কানাডিয়ান মডেলকে। শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএলই প্রথম নয়, এর আগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সঞ্চালনা করতে দেখা গেছে ইয়েশা সাগরকে। গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার উপস্থিতি ক্রিকেটভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়েশা ফিটনেস নিয়েও কাজ করেন। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ফলে তার সঙ্গে চুক্তি রয়েছে খাদ্য ও পুষ্টিজনিত বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে। কানাডার মডেল হিসেবে পরিচিতি পেলেও, ইয়েশা সাগর ভারতীয় বংশোদ্ভূত। ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। এ ছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার। এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে। বিপিএলের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন সাবেক এই পাকিস্তানি কিংবদন্তি। এ ছাড়া দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল চট্টগ্রামের। সাকিব আল হাসান, শরিফুল ইসলামরা ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে ভিড়িয়েছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের একাদশ আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর।
অবশেষে জামিন পেলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন

অবশেষে জামিন পেলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। আজ তেলেঙ্গানা হাই কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। আজ সকালে জুবলি হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। সেখান থেকে তাকে নেওয়া হয় চিকড়পল্লী থানায়। এরপর নামপল্লী আদালতে তোলা হলে আল্লু অর্জুনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর আল্লু অর্জুনের আইনজীবী হাই কোর্টের দ্বারস্থ হলে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। হাই কোর্ট জানান, অভিনেতা হলেও একজন নাগরিক হিসেবে আল্লু অর্জুনের অধিকার ও স্বাধীনতা রয়েছে। গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আল্লু অর্জুন উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে। ফলে উপচে পড়েন তার ভক্তরা। শত শত দর্শক ভিড় করলে ভেঙে পড়ে সিনেমা হলের প্রধান ফটক। এতে অনেক মানুষ পদদলিত হন; জ্ঞান হারান ৩৯ বছরের রেবতি ও তার কিশোর পুত্র। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে রেবতিকে মৃত ঘোষণা করেন। শিশুটি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হায়দরাবাদের চিকড়পল্লী থানায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী এবং সন্ধ্যা সিনেমা হলের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করে রেবতির পরিবার। রেবতির পরিবারের অভিযোগ, আল্লু অর্জুনের আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। রেবতির মৃত্যুর পর আল্লু অর্জুন তার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ‘পুষ্পা টু’ সিনেমার নায়িকা রাশমিকা মান্দানাও রেবতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। আল্লু অর্জুন রেবতির পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণাও দেন। কিন্তু রেবতির মৃত্যুর ৯ দিন দিনের মাথায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন।
এই শীতে আমার একটাও প্রেমিক নাই: শ্রীলেখা

এই শীতে আমার একটাও প্রেমিক নাই: শ্রীলেখা বরাবরই রাখঢাক ছাড়া কথা বলে থাকেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শীত মৌসুম শুরু হওয়ায় দ্বিধাহীনভাবে নিজের মনের কথা ব্যক্ত করলেন ‘কাঁটাতার’খ্যাত এই অভিনেত্রী। মজারছলে, প্রেমিক না থাকার আফসোসের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শ্রীলেখা মিত্র তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, “শীত চলে আসছে, আর আমার একটা প্রেমিক নাই; কতগুলো বছর হয়ে গেল। বলি, এই বেঞ্চমার্ক এত উঁচু কেন আমার? শীতের ভালো ভালো জামাকাপড় পরে বেরুতেই পারছি না।” শ্রীলেখা তার এই পোস্ট মূলত শীতের জামার জন্য দিয়েছেন। এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন। সেসবের উত্তরে শ্রীলেখা যা বলছেন, তাতে তাই প্রতীয়মান হয়েছে। যেমন শ্রীলেখা লিখেছেন, “জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে।” ব্যক্তিগত জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিন সংসার করার পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান শ্রীলেখা। সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করেছেন। আর দ্বিতীয়বার বিয়ে করেননি শ্রীলেখা।
বিয়ের আসরে কাঁদলেন কীর্তি

বিয়ের আসরে কাঁদলেন কীর্তি দেড় দশক প্রেম করার পর পরিণয় পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশের ভালোবাসা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টোনি থাটির সঙ্গে গাটছড়া বাঁধেন ‘সরকার’খ্যাত এই অভিনেত্রী। বিয়ের আসরে কাঁদতে দেখা যায় কীর্তি সুরেশকে। খবর পিঙ্কভিলার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, আজ (১২ ডিসেম্বর) ভারতের পর্যটন এরিয়া গোয়াতে বসে কীর্তি-অ্যান্টোনির বিয়ের আসর। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। দুই পরিবারের সদস্য ছাড়া বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত ছিলেন। আজ দুপুরে বিয়ের বেশ কিছু ছবি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন কীর্তি সুরেশ। তাতে দেখা যায়, ঐতিহ্য মেনে শাড়ি-গহনায় কনে সেজেছেন কীর্তি। প্রিয় মানুষের গলায় মালা পরানোর সময়ে চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। ওটিটি প্লে ডটকম এক প্রতিবেদনে জানায়, আজ হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কীর্তি-অ্যান্টোনি। আগামীকাল খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল। ২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো ৩টি সিনেমার কাজ রয়েছে।
অবান্তর পোস্টে ক্ষুব্ধ পূজা চেরির প্রতিবাদ

অবান্তর পোস্টে ক্ষুব্ধ পূজা চেরির প্রতিবাদ চিত্রনায়িকা পূজা চেরি চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি কার্ড ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যাডে পূজা চেরির নাম রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। একাধিক সূত্রে খবর নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ইসলামী ছাত্রশিবিরের প্যাড এবং প্যাডে প্রকাশিত তালিকা দুটিই ভুয়া। এমন কোনো তালিকা দল থেকে করা হয়নি। বিষয়টি নজরে এসেছে পূজা চেরির। এ প্রসঙ্গে পূজা চেরি ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের গুজব নিয়ে কথা বলা জরুরি।’ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ছয় মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরি। তিনি আরো লিখেছেন, ‘মানুষের কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যেই রিউমর জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’ সবশেষে এই নায়িকা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’
ডিভোর্স গুঞ্জন উড়িয়ে পার্টি মুডে ঐশ্বরিয়া-অভিষেক

ডিভোর্স গুঞ্জন উড়িয়ে পার্টি মুডে ঐশ্বরিয়া-অভিষেক ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে নানা আলোচনা চারিদিকে। ডিভোর্স গুঞ্জনের মাঝে সম্প্রতি একটি পার্টিতে একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। এই অনুষ্ঠানে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের দু’জনের এই ছবি বিবাহ বিচ্ছেদকে অনেকাংশে গুজবে পরিণত করেছে বলা চলে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এ তারকা দম্পতি আয়েশা ঝুলকা, অনুরঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে পোজ দিতেও দেখা গেছে। সেখানে ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও উপস্থিত ছিলেন। চলচ্চিত্র পরিচালক অনু রঞ্জন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে ঐশ্বরিয়াকে একটি সেলফি তুলতে দেখা গেছে এবং সঙ্গী অভিষেক এবং তার মা বৃন্দা। ছবির ক্যাপশনে লেখা, ‘অনেক ভালোবাসা।’ এই পার্টিতে সচিন তেন্ডুলকর, তুষার কাপুরসহ অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন। এদিকে কয়েক সপ্তাহ আগে ঐশ্বরিয়া এবং অভিষেকের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিনও একসঙ্গে উদযাপন করেন। প্রাথমিকভাবে নেটিজেনদের মনে হয়েছিল, অভিষেক তার মেয়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি। পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় তারা ওইদিন একসঙ্গেই ছিলেন। এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। সম্প্রতি, অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘আমি পরিবার নিয়ে খুব কম কথা বলি। কারণ এটি আমার ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করি।’ ‘তবে কোনও জল্পনাকে যাচাই না করে অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক না।’ ১৭ বছর আগে বিয়ে করেন বলিউডের এই তারকা জুটি। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।
প্রেমিকের সঙ্গেই কীর্তির বিয়ে

প্রেমিকের সঙ্গেই কীর্তির বিয়ে দেড় দশক প্রেম করার পর প্রেমিকের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টোনি থাটির সঙ্গে গাটছড়া বাঁধতে যাচ্ছেন ‘সরকার’খ্যাত এই অভিনেত্রী। খবর পিঙ্কভিলার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১২ ডিসেম্বর ভারতের পর্যটন এরিয়া গোয়াতে বসবে কীর্তি-অ্যান্টোনির বিয়ের আসর। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ছাড়া বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন। এরই মধ্যে চেন্নাই থেকে বিমানযুগে গোয়াতে পৌঁছে গেছেন কীর্তি-অ্যান্টোনি ও তাদের বন্ধুরা। কীর্তির এক বান্ধবী কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানে বিমান টিকিটের ছবিও রয়েছে। এ ছবিতে লেখা রয়েছে— “এবং শুরু।” হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “কেএ (কীর্তি-অ্যান্টোনি) এর বিয়ে।” পরে এ পোস্ট কীর্তি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। কয়েক দিন আগে কীর্তি সুরেশের বিয়ের নিমন্ত্রণপত্র ইন্টারনেটে ভাইরাল হয়। তাতে কীর্তির বাবা-মা, জি সুরেশ কুমার এবং মেনকা সুরেশের স্বাক্ষর রয়েছে। বিয়ের কার্ডে লেখা রয়েছে, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মেয়ে আগামী ১২ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছে। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হবে। আশা করছি, তাদেরকে আপনাদের প্রার্থনায় রাখবেন।” আগামী ১০ ডিসেম্বর শুরু হবে কীর্তি-অ্যান্টোনির প্রাক-বিয়ের অনুষ্ঠান। হিন্দু ও খ্রিষ্টান রীতিতে বিয়ে করবেন তারা। ১২ ডিসেম্বর সকালে হিন্দু রীতিতে বিয়ের অনুষ্ঠান হবে। ঐহিত্য মেনেই শাড়িতে কনে সাজবেন কীর্তি। এদিন, বিকালে চলে যাবেন চার্চে। সূর্যাস্তের সময়ে খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল। ২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো ৩টি সিনেমার কাজ রয়েছে।
তিশা বিয়ে করাটাই বড় ভুল

তিশা বিয়ে করাটাই বড় ভুল বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ব্যক্তিজীবনে ভালোবেসে বিয়ে করেছিরেন ফারজানুল হককে। সেই সংসারে ছিল তার এক কন্যা ও এক পুত্রসন্তান। তবে বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার। ২০১৮ সালেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। বেশ কিছু দিন একা ছিলেন তাসনুভা তিশা। এরপর ২০২২ সালে আজগর নামে এক যুবককে বিয়ে করেন অভিনেত্রী। দুজনের পরিচয়ের মধ্যে থেকেই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন তিনি। এর পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, তার জীবনে বিয়ে করাটাই হয়েছে সবচেয়ে বড় ভুল। তাসনুভা তিশা বলেন, আমার মনে হয়, বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদের বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না। যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহ হয়, সেখানে আটকাব না। তিনি বলেন, বিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। এটি একটি দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য। তাদের অন্য একটা পরিবারে যেতে হয়, অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানরা সেটি করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমি তাদের বিয়ের জন্য উৎসাহ দেব না। বাকিটা তাদের ইচ্ছা। উল্লেখ্য, বর্তমানে তিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে। যে কারণে তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, আরশের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই বিভিন্ন গুজব ছড়িয়েছে।
পপ তারকা রিতা সুপারম্যান হেনরির সঙ্গে নতুন ছবিতে

পপ তারকা রিতা সুপারম্যান হেনরির সঙ্গে নতুন ছবিতে পপ তারকা রিতা ওরা। অ্যাকশন ধাঁচের ‘ভোলট্রন’ ছবিতে তিনি সুপারম্যান তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে যুক্ত হয়েছেন। এতে জন কিম এবং ড্যানিয়েল কুইন-টয়েকেও অভিনয় করবেন। অ্যামাজন এমজিএম স্টুডিওস প্রযোজনা করছে এই সিনেমা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই অস্ট্রেলিয়ায় শুরু হবে ‘ভোলট্রন’ ছবির শুটিং। তবে এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। জনপ্রিয় জাপানি অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ভোলট্রনের ওপর ভিত্তি করে তৈরি হতে যাচ্ছে সিনেমাটি। সেখানে একটি দল মহাকাশের এক্সপ্লোরার একটি বিশাল রোবট ভোলট্রনকে নিয়ন্ত্রণ করে।
জয়া শাড়ি পরার নতুন ধরনে তাক লাগালেন

জয়া শাড়ি পরার নতুন ধরনে তাক লাগালেন অভিনেত্রী জয়া আহসান এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়। দক্ষ অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্যও বেশ আলোচিত তিনি। এছাড়া বিভিন্ন সময় সাজ ও ফ্যাশন দিয়েও মুগ্ধতা ছড়ান জয়া। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। সেখানেও ভিন্নধর্মী পোশাকে দেখা যায় জয়া আহসানকে। ওই অনুষ্ঠানে জামদানি শাড়িতে দেখা যায় জয়াকে। তবে চমকপ্রদ তথ্য হলো বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস। মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। ফেসবুকে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে ভিন্নতার ছাপে জামদানি শাড়িতে দেখা মেলে জয়ার। বিশেষ করে শাড়িটির নকশা ও পরার ধরন আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলো প্রকাশ করে জয়া লিখেছেন, “সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে। জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন।